Home
তালভঙ্গ

তালভঙ্গ

সুনীল গঙ্গোপাধ্যায়

তালভঙ্গ

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Posted byশেষ পৃষ্ঠা26-Feb-2025

Change color

একদল ভক্ত পৌঁছে দিল হোটেলের দরজা পর্যন্ত। রাত প্রায় একটা, তবু তারা যেতে চায় না, এখনও তারা গল্প করতে চায়। হোটেলের দারোয়ানটি লবির একটি সোফায় শুয়েছিল, সে ধড়মড় করে উঠে অবাক ভাবে চেয়ে রইল।

সবার সঙ্গে হেসে-হেসে কথা বলতে-বলতে প্রায় চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে দিবাকরের। পাশে মণিকা, তারও ঠোঁটে হাসি আঁকা। মণিকা কোনও কথা বলে না। সবাই ধরে নিয়েছে সে খুব লাজুক। একজন কেউ বলল, বউদি রাগ করছেন না তো? দাদাকে এতক্ষণ ধরে রেখেছি।

এরও কিছু উত্তর না দিয়ে মণিকা হাসিমুখে চেয়ে রইল।

দিবাকর জনপ্রিয়তা রক্ষা করতে জানে। সে যে শুধু নাম করা গায়ক তাই-ই নয়, তার ব্যবহারও অতি মিষ্টি! সকলের প্রতি সে সমান মনোযোগ দেয়। তার লম্বা চেহারা ভিড়ের মধ্যে অন্যদের মাথা ছাড়িয়ে থাকে। তার গায়ে সিল্কের পাঞ্জাবি, গলায় একগাদা ফুলের মালা।

বেঙ্গলি ক্লাবের সেক্রেটারি বলল, ঠিক আছে, এবারে দাদাকে বিশ্রাম নিতে দাও। কাল সকালে তো দেখা হচ্ছেই।

একজন বলল, আহা, কাল সকালেই তো ওঁরা চলে যাচ্ছেন!

সেক্রেটারি বললেন, নটা চল্লিশে ট্রেন, তার আগে অন্তত দু-তিন ঘণ্টা সময় পাওয়া যাবে। কাল ছুটির দিন আছে—

একজন সুন্দরী মহিলা আদুরে গলায় বললেন, আমি কাল টেপ রেকর্ডার নিয়ে আসব। আমার জন্য কিন্তু কয়েকখানা গান তুলে দিতে হবে। কোনও কথা শুনছি না–।

দিবাকর কারুকেই প্রত্যাখ্যান করে না। সে এক দৃষ্টে মহিলাটির দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, নিশ্চয়ই! নিশ্চয়ই! যে-কটা খুশি–।

সেক্রেটারিই উদ্যোগ নিয়ে খানিক বাদে সবাইকে বিদায় করলেন। দিবাকর হোটেলের গেট পর্যন্ত এসে আর-এক প্রস্ত অমায়িক হাসি উপহার দিল সবাইকে। মণিকা একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে।

একটু বাদে দিবাকর যখন ওপরে ওঠার সিঁড়িতে পা দিয়েছে, সেই সময় সেক্রেটারি আবার ফিরে এলেন প্রাইভেট কথা বলতে। কাছাকাছি আর কেউ নেই, তবু গলা ফিসফিস করে বললেন, আর একটা দিন থেকে যেতে পারবেন না? কানপুরের মিলনী ক্লাব আপনাকে খুব চাইছে। অবশ্য। ওদের রেটটা একটু কম করতে হবে। ওদের বাজেট কম। আমি মান্না দে-কে বলে দিয়েছিলুম, তিনিও ওদের কাছ থেকে কম নিয়েছিলেন। মান্নাদাকে আমি যা বলি–।

দিবাকর তাকাল মণিকার দিকে। মণিকা অন্য দিকে মুখ ফিরিয়ে আছে।

দিবাকর জিগ্যেস করলেন, কী, আর একটা দিন থাকা যাবে?

সেক্রেটারি বললেন, বউদি, আর কটা দিন থেকে যান না, অনেক সাইট সীয়িং করিয়ে আনব–।

মণিকা স্বামীর দিকে চোখ তুলে বলল, তোমার যা খুশি!

দিবাকর বলল, ঠিক আছে, রাত্তিরটা ভেবে দেখি। তারপর কাল সকালে যা হয় করা যাবে।

আমাদের আবার সামনের শনিবার একটা প্রোগ্রাম আছে দুর্গাপুরে।

—দিবাকরদা, আপনি লন্ডন যাচ্ছেন?

—কথা চলছে!

মণিকা সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে।

চারতলায় ওপরে সবচেয়ে ভালো ঘরটি দেওয়া হয়েছে ওদের। সারা হোটেল নিস্তব্ধ, শহরের রাস্তাতেও এত রাতে কোনও শব্দ নেই।

মণিকার কাছেই চাবি। দরজা খুলে ভেতরের আলো জ্বেলে সে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঘরটা যেন বড় বেশি ফাঁকা লাগছে। এরকম অনেক হোটেলেই রাত কাটাতে হয়েছে, কিন্তু আগে কখনও কোনও ঘর এত ফাঁকা লাগেনি।

মণিকা জানলার কাছে এসে দাঁড়ল। রাস্তার ওপরেই একটা মসজিদ। তার ওপরে জ্যোৎস্নার আলো পড়েছে, মনে হয় যেন অন্য কোনও দেশের দৃশ্য।

দিবাকর এই সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে আরামের নিশ্বাস ছাড়ল, আঃ!

গলা থেকে একটার-পর-একটা মালা খুলে ফেলতে লাগল বেডসাইড টেবিলের ওপরে। তারপর সিল্কের পাঞ্জাবিটা খুলল। পাঞ্জাবির পকেট থেকে মোটা সাদা খামটা নিয়ে বিছানার ওপরে ছুঁড়ে দিয়ে বলল, টাকাগুলো তুলে রাখো।

মণিকা ফিরে তাকাল না।

দিবাকর একটা সিগারেট ধরিয়ে বাথরুমে গেল। তার মন আজ বেশ প্রফুল্ল। ফাংশান বেশ ভালো হয়েছে। একেবারে প্যাকড হল। চারখানা গান গাইবার কথা ছিল। শেষপর্যন্ত দর্শকদের অনুরোধে গাইতে হল এগারোটা।

বাথরুমে পাজামা ঝোলান ছিল। ধুতি খুলে পাজামা পরে দড়ি বাঁধতে-বাঁধতে বেরিয়ে এল দিবাকর। মণিকা তখনও বাইরে চেয়ে আছে জানলা দিয়ে।

দিবাকর তার পাশে এসে বলল, একটু হুইশকি খাই? নইলে রাত্রে ঘুম আসবে না।

দিবাকরের ইংরিজি উচ্চারণে কিছুটা বৈশিষ্ট্য আছে। স-এর জায়গায় প্রায়ই সে শব্যবহার করে। বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে ছোট হুইশকির বোতল বের করে সে খানিকটা কাঁচাই গলায় ঢালল। তারপর বলল, এখানকার অডিয়েন্স বেশ ভালো ছিল। কি বলো মণি?

মণিকা এবারেও কোনও জবাব দিল না।

এতক্ষণ বাদে মণিকার ওদাসীন্য লক্ষ্য করল দিবাকর। সে ঘরে ঢোকার পর মণিকা একটাও কথা বলেনি!

—কী ব্যাপার, তোমার কী হয়েছে?

—কিছু না তো!

—আমি হুইশকি খাচ্ছি বলে রাগ করছ? আজ যা একশাইটমেন্ট গেল।

—তবু এত রাত্রে ওসব না খেলেও পারতে! তোমার প্রেসার বেড়েছে!

—বেশি না। এই দু-ঢোক খাব। তুমি শাড়ি-টাড়ি ছাড়বে না?

–হুঁ।

কথা বলার সময় মণিকা একবারও মুখ ফেরায়নি। এখন তাকাল। চাঁদের ওপর দিয়ে দিব্যাঙ্গনাদের ওড়নার মতন পাতলা-পাতলা মেঘ ভেসে যাচ্ছে। দিবাকর চঞ্চল হয়ে আছে। যে মণিকার মুখ দেখছে না।

—মণি, তুমি আর-কটা দিন এখানে থেকে যেতে চাও?

—তোমার যা ইচ্ছে?

—এখানে অনেক কিছু দেখবার আছে? কানপুরে আর-একটা ফাংশান যদি হয়…তবে আমি রেট কমাব না। এই ব্যাটাদের সঙ্গে একটু হেসে কথা বললেই পয়সা কমাতে চাইবে। আমি ওদের কি বলব জানোনা? বলব, রেট-এর ব্যাপারে আমি কিছু জানি না ভাই, বউদির সঙ্গে কথা বলো। তুমি। ম্যানেজ করতে পারবে না?

—আমার সঙ্গে কথা বলার দরকার নেই।

এবারে দিবাকর সত্যিই অবাক হল। মণিকার এরকম ব্যবহার তো সে কখনও দেখেনি। টাকাপয়সা সম্পর্কেও আগ্রহ দেখালে না? সাদা খামটা এখনও খাটের ওপরে পড়ে আছে।

কাছে গিয়ে মণিকার পিঠে হাত রেখে দিবাকর রীতিমতো ব্যাকুল ভাবে জিজ্ঞাসা করল, তোমার কী হয়েছে বলো তো মণি।

মণিকা এবারে মুখ ঘোরালো। তার দু-চোখে জল।

—কী হয়েছে, মণি? কী হ

**********
No Review
Related Books
Loading books…