Home
জোয়ার ভাটা  ৭

জোয়ার ভাটা ৭

সমরেশ বসু

জোয়ার ভাটা ৭

সমরেশ বসু
short story

Posted byশেষ পৃষ্ঠা12-Feb-2025

Change color

বাইরে


ভয় করে? না। আনন্দ হয়? না। রক্তের মধ্যে একটা ঘূর্ণি লাগে। মদের মতো, মদের নেশার মতো। রক্তের মধ্যে একটা ভয়ংকর দাপাদাপি শুরু হয়। যতক্ষণ হাসিটা বাজে, ততক্ষণ নয়। তারপরে। যখন হাসিটা থামে। গলগল করে হাঁড়িয়া গলায় ঢেলে দেবার পরে, একটু শ্বাসরুদ্ধ করে থাকা, একটু ঝিম মেরে থাকা, তিক্ত ঝাঁজ স্বাদটাকে একটু ধাতস্থ করে নেবার পরে যেমন হয়, সেইরকম।


তারপরে যেরকম পুবে ঝড়টা আসে ওই পুব-উত্তরের নীল গাই রং ভুটিয়া পাহাড়ের লাখ ভেরী বাজিয়ে। থালঝোরা অরণ্যের কোমরে একটা নিষ্ঠুর হ্যাঁচকা দিয়ে। আর এই গোটা আপার টুণ্ডু রেঞ্জের খয়ের-শিশু-শালের ঠোকাঠুকি দাপাদাপি গর্জন শুরু হয়, সেইরকম। সেই রকম, কিন্তু শব্দ নেই। সেই রকম, কিন্তু অবিচল স্থির।


হুঁ, আমার বুকটা জঙ্গল। বরহম ভাবে, আমার প্রাণটা, আমার মনটা জঙ্গল। আমি জঙ্গল। হুই উদলাঝোরা, হুই চাপরামারি, হুই নাগরাকাটা, হিলাঝোরা, টুণ্ডু আর পাংঝোরার উতরাইয়ের মাটি শিকড়ের থাবায় থাবায় জড়িয়ে-ধরা অন্ধকার জঙ্গলের মতো তার বুকটা। ঝড়ের তাণ্ডবে ক্ষ্যাপা জঙ্গলের মতো। বুকের মধ্যে গর্জায় দাপায় নিঃশব্দে।


হাসিটা জানে, ওর লহরে ঝড় আছে। দাপানি আছে, গর্ভানি আছে। যে হাসে, সে জানে। সে এখনও হাসছে। সারিবদ্ধ পাঁচটি হাতির দু’নম্বরের পিঠে সে দুলছে, আর হাসছে। অবহেলায় পা ছড়িয়ে, হাতির পিঠে, হাতের ভর দিয়ে বসে আছে। যেন বিছানার ওপর বসে আছে এলিয়ে। সিথিটা তার বাঁকা। একটু সিঁদুর ছোঁয়ানো আছে সেখানে। নীল ডোরা শাড়িতে গাছকোমর বাঁধা। খাটো লাল জামাটা কোমর অবধি আসেনি। কাঁধ থেকে নামতে গিয়েই বোধহয় ফেটে গেছে। না কি জামাটাই ছেঁড়া পুরনো। নিটোল শক্ত হাতে গোছ গোছ রঙিন কাচের চুড়ি। নাকে একটি ঝুটো পাথর-বসানো পিতলের নাকছাবি। বয়সে আষাঢ়। কূলে কূলে প্রথম-চল-খাওয়া নদীর মতো। হাট করে গা খুলে না রাখতে পারলেও, পাঁচ নুড়ি নিয়ে, পাঁচ ফুল খেলতে বসলে বেমানান হত না। কিন্তু বাণ খেয়েছে রাঙি। রাঙি ওর নাম। সবাই ডাকে রাঙ্গি। বিশ্বরহস্যের প্রথম বাণ খেয়ে, ওই অচেতন হাসিটি হাসতে শিখেছে। পুরুষের দিকে তাকিয়ে।


লুঙ্গিটাকেই টেনে কাছা করতে গিয়ে যার লোমশ উরত খোলা, হাফ শার্ট গায়ে, অঙ্কুশ নিয়ে রাঙির হাতির কাঁধে বসা লোকটি রাঙির বর। নাম দুলাল।


দুলালের গা ঘেঁষে বসে আছে রাঙি। দুলালও ফিরে ফিরে দেখছে বরহমকে। কী যেন বলছে রাঙিকে দুর্বোধ্য ভাষায়। আর রাঙি, বিশাল পশুটার দোলায়িত পিঠের ওপর পা ছড়িয়ে, পিছন ফিরে বসে হাসছে। দুটো হাতির পিছনে, একলা বরহ। সবচেয়ে উঁচু শালের মাথায় হানা বিদ্যুতের মতো রাঙির চোখ হানছে বরহমকে।


হুঁ, আমি চালসার জঙ্গল। বাজ কেন জঙ্গল পোড়ায়, আমি জানি না। ভয় করে না। সুখ হয় না। হুই গরুবাথানের বুক গড়িয়ে যেমন লাখ ভালু’র তেড়ে আসা ঝড় নামে, তেমনি একটা মাতন লাগে বরহমের বুকে। তার মরতে ইচ্ছে করে। বলি দেবার কালে ঢাকের শেষ মাতনের কাঠি বাজে তার হৃৎপিণ্ডে। এটা যদি ভয়, তবে ভয়। এটা যদি সুখ, তবে সুখ।


আই, আমি একটা হটাবাহার মানুষ হে। এই পাঁচটা হাতির মতো, পিলখানার ছাপ মারা আমার সারা গায়ে। পাগলা হাতির মতো। এ চা-বাগানের দেশে আমাকে কেউ ঠাঁই দেবে না। দুটো পয়সা মজুরি বাড়াবার জেদ আমি সবার আগে করেছিলাম। ওই উঁচুতে চালোনির বাগানে। পাথর ভাঙে, আমার পিঠ ভাঙে না। কাঠ পোড়ে, আমার শরীর পোড়ে না। হাতি খ্যাদার মতো করে ধরেছিল আমাকে। মেরে ফেলে দিয়েছিল জঙ্গলের খাদে। তবু বাঁচতে দেখে, বাগান থেকে বাগানে হটাবাহার ঘোষণা করে দিয়েছিল। কোনও বাগান আর কাজ দেবে না। বরহম মুণ্ডা হটাবাহার। ফরেস্টের বাবু বলে, তুই হটাবাহার?’ হ। তবে কাজ নাই, বাগানের ম্যানেজার গোসা করবে। জঙ্গলের কাঠ কাটা ঠিকাদার জিজ্ঞেস করে, তুই হটাবাহার?’ হঁ৷ তবে কাজ নাই, তুই লোক ভাল না।


জঙ্গলটা অজগর। তার পাকে পাকে আমার মরণ দেখলাম। ওঝার কাজ করলে হীরালাল। আমার ধর্মবাপ। এক কুপ ওভারশিয়ার। কাঠ কাটা ঠিকাদার তার হুকুমে চলে। এ গাছ কেটো না। এ গাছ কাটো। সরকারের হুকুম তার মুখে। সে জঙ্গল চেনে। আট মাস কাজ, চার মাস বসা। বেতন পঞ্চাশ। কাজে ওভারশিয়ার। জাতে কোচ। তিনপুরুষের জঙ্গলে বাস। এখন এই চালসায় আছে কিছু ক্ষেত জমি। আর কিছু নেই। বউ ছিল একটি। কোন এক ভাটিয়ার (চাকুরিজীবী ও ব্যবসায়ী মধ্যবিত্ত বাঙালিকেই বোধহয় বোঝায়) সঙ্গে নাকি পালিয়ে গেছে। সে নিজে কখনও বলে না। লোকে বলে।


এই হীরালাল, বরহমের ধর্মবাপ।


হু, আমার ধর্মবাপ। যে জন্ম দেয়, তার চেয়ে বেশি। লোকটা হাঁড়িয়া না হলে থাকতে পারে না। পচুই ছাড়া চলে না। একটা ফোলা ফোলা মুখ। লাল লাল। কয়েক গাছি গোঁফ। তাও পাকা। ছোট ছোট দুটি চোখ, জ্বলজ্বল করে। চিতা বাঘের মতো ঘুরে বেড়ায় বনে বনে। সেই প্রথম চোখ তুলে তাকিয়েছিল, বরহমের দিকে। বলেছিল, হেই, তুই হটাবাহার?


–হুঁ।


বাগান কাজ দেয় না?


না।


–ফরেস্ট কাজ দেয় না?


না।


–ঠিকাদার?


না।


–বউ বাচ্চা আছে নাকি?


না, কিছু নাই।


–তুই হটাবাহার?


–হু।


–তুই আমার কাছ থাক। আমার ভাত খা। আমার কাপড় পর। আমার জোতজমি দ্যাখ, বসত কর। পেটভাতা পাবি। কী রে হটাবাহার, রাজি?


কোনও জবাব দিতে পারেনি বরহম। বাইরের লোকের কাছে সারা রাত মার-খাওয়া মোষ যেমন নিজের প্রভুর কাছে এসে দাঁড়ায় তেমনি করে দাঁড়িয়েছিল। সেই দিন সেই সময়েই মনে মনে বলেছিল, আমার ধর্মবাপ তুমি। আই বাপ, তুমিও কি একটা হটাবাহার? সে কোন বাগানের দুনিয়ায়? কোন বনের সংসার থেকে? আমি দেখলাম, তুমি যেন কীসের শোধ নিচ্ছ আমাকে ঠাঁই দিয়ে। প্রতিশোধ। হুঁ, তুমি রাজা হটাবাহার। এইটা জীবন।


হে মা, তোর গান আমার মনে পড়ে। তোর কথা আমার মনে পড়ে। আমার জন্ম দিয়েছিলি তুই। বিন্নাগুড়ির বাগানে। আমার মাতৃভূমি জঙ্গলের রূপকথা তুই শোনাতিস বাগানের পাতা টিপতে টিপতে; সে এক দেশ! অনেক অনেক দূর। অনেক উঁচু দান্তাবুরু, তার চেয়ে উঁচু ছাগুতুবুরুর (বুরু-পাহাড়) দেশ। বুরুগুলো সব আসমান-ছোঁয়া শাল-পিয়াল কুসুম-ছাওয়া আঁধার জঙ্গল। (ছোটনাগপুরের অরণ্য পর্বতময় অঞ্চল) লোকে বলে সরকারি বন। ছাগুতুর নীচে ছিল এক গাড়া (পাহাড়ি সরু নদী)। নাম তার রায়ুন গাড়া। তার জল ছিল অমৃতের মতো। হাতি, বাঘ, হরিণ, ময়ূর, মানুষমানুষী, সবাই আমরা খেতাম সেই জল। সেখানে আমার জন্ম। সেইখানে আমি প্রথম স্বপ্ন দেখি তোকে। কারণ সেখানে আমি বড় হয়েছি। সেইখানে প্রথম জোয়ান শুকরমকে দেখে আমি মেয়ে হয়েছি। কিন্তু শুকরমকে পেলাম না। এক বন থেকে আর-এক বনে এলাম। চা বাগানের কাজে। স্বপ্ন আমার ফলল, তোকে পেলাম। কিন্তু আমার জীবন বদলাল না। হেই আমার সোনা মাণিক,


নে জীবোন গাতিড

নে জীবোন কাহী নামোগা ॥


জীবন আর ফিরে পাওয়া যাবে না। এ জীবোন আর বদল হবে না। কাক্সা পিতল ফোবঃ জান রে। কানসা পিতল বদল নামোগা। কাঁসা পিতল ভাঙলে, জানিস বদল করা যায়। নে জীবোন কাহী বদলাআে।


মায়ের মিঠে গলার গুনগুনানি বেজে উঠেছিল তার কানে। সে মনে মনে বলেছিল, হে মা, আমি তোমার পেট থেকে প্রথম হটাবাহার হয়েছি। আর এই আমার ধর্মবাপ। মন বলছে, যেন রাজা হটাবাহার। এর আর বুঝি কোনওদিন বদল হবে না।


আই, আমি একটা হটাবাহার মানুষ! আমার বুকে কেন দক্ষিণ বন হিলাঝোরার ঝড়? সকলের মাথা-ছাড়ানো শাল গাছটা কি আমি? হাতি পোষার বউয়ের চোখের চিকুর কেন হানে বরহমকে? জান বুঝি, তার হাসিতে ঝড় ওঠে একটা জঙ্গলে, তাই?


হুঁ, আমার বুকটা হুই পুবের ডাইনা জঙ্গল। কিন্তু দুলালের বিদ্রূপ-দর্পিত চোখের আড়ালে ওটা কী? একটা শাণিত অঙ্কুশের মতো? যেন বাগানের ম্যানেজারের বাংলোর বেয়নেট বন্দুকধারী পাহারাদারের মতো?


আইন হক খুন।


আইন হক খুন একেবারে প্রথম হাতিটার পিঠে বসে আছে, আরও গম্ভীর, আরও ভার নিয়ে। কাঁচপোকা দাড়িওয়ালা, মাথার চুল ছোট করে ছাটা, পেটা পেটা কালো শরীরে একটা ছেঁড়া ঝোলা জামা গায়ে হাতির দোলায় দুলছে মাহীর। রাঙির বাবা।


কিন্তু রাঙি এক হাত থেকে আর-একহাতে ভার বদলায়। কোমর নতুন নতুন বাঁকে বেঁকে ওঠে। চোখের নজর আড় করে, ঠোঁট কুঁচকে ভ্যাংচায়।


আর ঝড় ওঠে। ঝড় কি আইন মানে, না হক মানে, না খুন মানে? ঝড় কি অঙ্কুশ মানে, না ম্যানেজারের বাংলোর পাহারাদার মানে? বরহমের বিশাল কালো শক্ত শরীরটা খাড়া হয়ে ওঠে। বুকের ঝড় চকিত হয় চোখে। সে চোখ ফেরাতে পারে না রাঙির ওপর থেকে। একটা শব্দহীন আর্তনাদ বাজে তার কানে। আই বরহ, তোর বুক ফেটে যায়।


পরমুহূর্তেই তার বুকের মধ্যে ধর্মবাপের ডাক শুনতে পায়, অই, অই রে হটাবাহার, ফিরে যাবার। মতলব তোর। এইবার মরবি। মরণ ঘনিয়েছে তোর।


হ, এইটা মরণ। বহরমের যেন মরতে ইচ্ছা করে। কারণ জীবনটা আর ফিরবে না।


সেই উঁচু জায়গাটায় এসে হাতিগুলো দাঁড়াল। মূর্তি নদীর পারে। যেখানে হাতিগুলিকে প্রায়ই চরতে নিয়ে আসা হয়।


কার্তিক মাস। আকাশ নীল। ঘর-ছাড়া উদাস মন সাদা মেঘ দু-এক টুকরো এখানে ওখানে। পশ্চিম-উত্তরের আকাশে গেছে সূর্য। দার্জিলিং-এর ধূসর অবয়ব দেখা যায়।


ডান দিকে নদী বাঁয়ে বাঁক নিয়ে নেমে গেছে। কাঁচা রাস্তাটার বাঁয়ে ঘন শাল বন। গভীর, অন্ধকার নীরন্ধ্র যেন। নদী-সঙ্গী হয়ে নেমে গেছে। দার্জিলিং-এর রোদ বর্শার মতো খোঁচা খোঁচা হয়ে ঢুকছে, বনের খানে খানে।

**********
No Review
Related Books
Loading books…