Home
জমাখরচ

জমাখরচ

শক্তিপদ রাজগুরু

জমাখরচ

শক্তিপদ রাজগুরু
short story

Posted byমৌ বর্মণ01-Sep-2025

Change color

হুঁম! এ যে দেখছি একেবারে চক্রব্যূহের মতো ঘিরে ধরেছে রে? মুক্তির পথ তো দেখছি না। মা! মাগো—হাতে ধরা করতলটা থেকে চোখ সরিয়ে ঊর্ধ্বাকাশের দিকে চেয়ে হুঙ্কার ছাড়ে ভরাটি গলায়, সবই তোর ইচ্ছা মা।


এখানে আকাশও ঠিকমতো দেখা যায় না। ঘন গাছগাছালিতে ঠাঁইটা ঢাকা। গাছ বলতে বড় বড় শ্যাওড়া, বিশাল আসশেওড়া, বুনো জাম, পিঠুলি গাছের ঘন জঙ্গল। তাদের বুক জড়িয়ে উঠেছে লতা—তেলাকচু, আঁটাড়ি লতার ঘন আবেষ্টনী। গাছের ফাঁক দিয়ে দূরে প্রবহমান নদীর কিছুটা দেখা যায়। দিনের বেলাতেও এখানে রোদ ঠিক ঢোকে না। স্যাঁতসেঁতে।


জায়গাটাকে লোকে বলে, মহাশ্মশান। তারই একদিকে একটা ঝুপড়ি চালাঘর, সামনে কিছুটা উঁচু মাটির ঢিবি মতো। এদিকে-ওদিকে মড়ার হাড়গোড়, ছেঁড়া কাঁথা, পোড়া কাঠ, আধপোড়া বাঁশও ছড়িয়ে রয়েছে।


সেই ঢিবির উপর সমাসীন কামড়বাবা ওরফে ভৈরববাবা। বলিষ্ঠ দেহ, চওড়া কপাল, বড় বড় দুটো চোখ দ্রব্যগুণে লালচে হয়েই থাকে। সামনে ধুনি জ্বলছে। এক মুখ দাড়ি-গোঁফ—চুলগুলো সিংহের কেশরের মতো এলোমেলো, রুক্ষ। গলায় স্ফটিকের মালা, লালনীল পাথর, তাবিজ কি নেই।


ওই সাবধান বাণীতেই কাজ হয়। লোকটা এসেছিল তীর্থদর্শনে। অনেক মানুষ দূর-দূরান্ত থেকেই এই তীর্থে আসে দেবী দর্শনে। ওদিকে বিশাল মন্দির, তোরণ। সারা উঠান বহু শত মানুষের নাম উৎকীর্ণ শ্বেতপাথরের ফলকে মোড়া। সহস্র যাত্রীর পদধূলি পড়ে ওই ফলকে মোড়া উঠানে।


গুপীনাথ সামন্তও তীর্থযাত্রায় এসেছিল এখানে। বাকসিদ্ধ কামড়বাবার মুখে সাবধানী বাণী শুনে গুপীনাথ বলে—বাঁচাও বাবা।


কামড়বাবা ধুনির পোড়া কাঠ তুলে গর্জায়, ভাগ শালা। দু’নম্বরী ধান্দা করবি, মেয়েদের সব্বোনাশ করবি। তখন মনে থাকে না?


গুপীনাথের ম্যানেজার উমানাথ দে এতক্ষণ ঘটনাস্থলে ছিল না। উমানাথ খুবই চালু লোক, কয়লাখাদান অঞ্চলের ঘুণ ব্যক্তি। সে এবার পুরো মাল টেনে একটা বোতল স্টক করে টলতে টলতে আর খুঁজতে খুঁজতে শ্মশানে এসে ওই দৃশ্য দেখে বলে জড়িত কণ্ঠে, কিছু একটা গতি করো বাবা। মায়ের ছেলে, তাকে বাঁচাতে হবে তো?


কামড়বাবা বুঝেছে পার্টি বেশ শাঁসালো। তার সহচর ভুতোও খবর এনেছে এখানের সেরা হোটেলে পার্টি, গাড়ি নিয়ে এসে উঠেছে। ভুতো এসব খবর জেনে এসেছে হোটেলের কেরানীর কাছ থেকে।


কামড়বাবা বলে, হোম করতে হবে, ধ্যান—ভৈরবের হোম। কত রকম ধ্যান আছে জানো? ব্রাহ্মী ধ্যান, নারায়ণী ধ্যান, মহেশ্বরী ধ্যান, চামুণ্ডা ধ্যান, কৌমারী ধ্যান, অপরাজিতা ধ্যান।


উমানাথ বলে, ওসব ধ্যানের হিসেব রাখো বাবা। কিসে উদ্ধার হবে গুপীবাবু তাই করো।


কামড়বাবা আকাশের দিকে চেয়ে বলে, হুম, তুই বলছিস মা! কে যেন শূন্য থেকে নির্দেশ দিচ্ছে। বাবা বলে গম্ভীর স্বরে, হোম করতে হবে, ভৈরব হোম, কতরকম ভৈরব আছে জানিস?


গুপীনাথ শুধু ব্যবসার গলিঘুঁজির হিসাবই জানে। তাই বলে, জানি না বাবা।


বাবা বলে, অষ্ট ভৈরব—অসিতাঙ্গ ভৈরব, রুদ্র ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কাপালি ভৈরব, ভীষণ ভৈরব আর সংহার ভৈরব। একেক জনের নামে হোম।


উমানাথ বলে, রাখো ওসব ভৈরব। আমিও বাবা উমানাথ ভৈরব, এটা রাখো। বিলেতী এসকচ। কি খরচা-টরচা লাগবে হেঁচে কেশে বলো। ব্যাটা চিফ ইনজিনিয়ারের পিছনে এক ব্যাটা ভৈরবকে ফিট করে দাও, শালাকে টাইট দিয়ে দিক।


বাবা ঊর্ধ্বনেত্র হয়ে হুঙ্কার ছাড়ে,—


ওঁ কালী, কালী মহাকালী, কালীকে পাপহারিণী


ধর্ম কামপ্রদে দেবি নারায়ণী নমোহস্তুতে।। ওঁ কালী—


তারপরই গুপীনাথকে বলে, মা তোর ব্যাকুল প্রার্থনা শুনছে রে! হবে, তোর কর্মসিদ্ধি হবে, মা বলেছে।


গুপীনাথ এবার দামী গরদের পাঞ্জাবি পরা নধর দেহটাই শ্মশানের মাটিতে লুটিয়ে পড়ে, হাতের আঙুলে গোটা নয়েক রত্নের আংটি ঝকমকিয়ে বাবার চরণ স্পর্শ করে কাতর স্বরে বলে, রক্ষা করো বাবা।


উমানাথের কাছেই ক্যাশ থাকে। জাতে মাতাল হলেও উমানাথ তালে ঠিক আছে। সে বলে, তা ওই হোম-যজ্ঞির খরচে একটু ডিসকাউন্ট লেস করে বলো বাবা। মানে কমসম করে বলো—


বাবা বলে, হাজার পাঁচেক না হলে অষ্ট ভৈরবের হোম, শ্মশান কালিকার পূজা-হোম এসব তো হবে না। তারপর রৌপ্য-কাঞ্চন-মণি-রত্ন—


গুপীনাথের কাছে ওসব কিছুই নয়। এক রাতে পাঁচ-সাত ট্রাক কয়লা দু’নম্বরী করতে পারলেই পাঁচ হাজারের কয়েকগুণই এসে যাবে। গুপীনাথ বলে, পুণ্যের কাজকর্মে দরাদরি করতে নেই উমানাথ, কর্মসিদ্ধি হয় না। বাবার কথামতোই কাজ হবে।


কামড়বাবা আজ একটা শাঁসালো পার্টি ধরেছে। এখন খেলিয়ে তুলতে যা দেরী। উমানাথ বলে, বাবা, হোটেলে তোমার চ্যালাকে পাটিয়ে দাও, ক্যাশ দিচ্ছি।


কামড়বাবা জানে এতগুলো টাকা ভুতোর হাতে দেওয়া নিরাপদ নয়। বলে সে, কোথায় উঠেছিস?


গুপীনাথ বলে, হোটেল অপ্সরায়—


বাবা বলে জিনিসপত্রের মধ্যে কিছু মূল, বল্কলের আয়োজন করতে হবে। আমিই যাচ্ছি, তোরা যা। তখনই বলে দেব অমাবস্যার রাতে কখন কোথায় হোম করবো।


এখন কালীপুরকে আর চেনা যায় না। ক’বছরেই তার জীবনে আমূল পরিবর্তন এসেছে। আগে ছিল বনের কিছুটা অংশ, ধানজমি আর জলা। কচুরিপানায় বুজে থাকতো। মানুষজন বিশেষ আসতো না।


এখন পাকা রাস্তাটা ব্রিজ পার হয়ে কালীপুরকে বেড় দিয়ে জেলা শহরের দিকে গেছে। বাস-মিনিবাস-মালবোঝাই ট্রাক হরদম ছুটে চলে এই রাস্তা দিয়ে। এখান থেকে প্রথমে সাইকেল রিকশা যেতো রেল স্টেশনে। কয়েক কিলোমিটার পথ। এখন জমেছে অটো রিকশার ভিড়। যন্ত্রযুগের দখলদারি। ওদিকে বিরাট এলাকা জুড়ে বাসস্ট্যান্ড, যাত্রীরা পিলপিল করে নামছে বাস, মিনিবাস, অটো থেকে।


আর আশপাশে নদীর দু’ধার ঘেঁষে এখন গড়ে উঠেছে বড় ছোট মাঝারি অনেক হোটেল। রকমারি রেট তাদের, ঠাটবাটও তেমনি। কেউ মার্বেল পাথরের মেঝে, কাচের বড় বাহারি জানলা—ব্যালকনি, দামী পর্দা ঝুলিয়ে কয়েকশো টাকা দৈনিক ভাড়া হাঁকে।


তবে গঞ্জ এলাকায় পুরোনো দিনের ধর্মশালাও আছে। সেখানে ওঠে কমপুঁজির যাত্রীরা। অবশ্য যোগেযাগে এখানের ধর্মশালা, হোটেলে ঠাঁই মেলা ভার। ওই সদ্য গড়ে ওঠা হোটেলের তিনশো টাকার ঘরের জন্য আটশো টাকা দেবার লোকের অভাব নেই। মাথা গোঁজার জন্য মাটির বাড়িতেই তখন এক-দেড়শো টাকা চায়। অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারাটাই তীর্থস্থানের রীতি, তার ব্যতিক্রম এখানেও নেই। কামড়বাবার চোখের সামনে ধীরে ধীরে এই কালীপুরের ভিতর, বাইরের চেহারাটা বদলেছে। সেই বদলের ধাক্কা কামড়বাবাকেও বদলে দিয়েছে অনেকখানি।


শশী ভট্টাচার্যের বাড়ি ছিল বর্ধমানের কোন গ্রামে। ওর বাবার টোল ছিল, আর ছিল কিছু যজমান। তাদের পুজো, বিয়ে এসব কাজকর্ম করতে হতো। ছেলেবেলা থেকেই শশীও তাই পুজো-আর্চা কিছু শিখেছিল আর তখন থেকেই নজর পড়েছিল ওই গাঁয়ের সৌরভীর উপর। কৈবর্ত্যঘরের মেয়ে সৌরভী। সবে কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিয়েছে। শশী তখন ওর প্রেমে মশগুল।


কাজের ফাঁকে, সন্ধ্যার অন্ধকারে এসে হাজির হয় সৌরভীদের ওখানে। জাল বুনছে সৌরভী, হাতের সুতোর লাচির ওঠানামার সঙ্গে সৌরভীর যৌবনও নাচছে, চোখের তারায় সন্ধ্যাতারার ঝিলিক।


ঠাকুর যি গো? ইখানে?


শশী ওর পাশেই মাটির দাওয়ায় বসে বলে, এলাম সৌরভী, তোকে না দেখলে মনে ঝড় বয় রে!


সৌরভী বলে, দেখলে তো, ইবার যাও।


শশী এদিক-ওদিক চেয়ে সৌরভীর হাতটা ধরে বলে ব্যাকুল কণ্ঠে, তোরে ছেড়ে থাকতে পারি না রে।


সৌরভী দেখছে শশীকে। বলে, ঘরকে যাও ঠাকুর, লোকে দেখলে বদনাম দিবেক। তুমি পূজারী বামুন, বড় জাত—


জাতের ক্যাঁথায় আগুন, তোর জন্যে আমি সব ছাড়তে পারি রে।


সৌরভীর দেহে-মনে ঝড় ওঠে। তবু মেয়ে সে, মনের হিসাব করে। বলে, শেষে পস্তাবা, ঘরে যাও।


শশীর বুকে ঝড়ের মাতন। সৌরভীকে ছেড়ে বাঁচা যাবে না। কাজকর্মেও মন বসে না। একদিন বিকালের পড়ন্ত আলোয় কাঁদরের ধারে নির্জন বনে সৌরভীকে দেখে এগিয়ে আসে। গাছের পাতায় হাওয়ার লুটোপুটি, দিগন্তে আকাশ উবু হয়ে নেমেছে, বাতাসে কাঁঠাল ফুলের তীব্র মদির সুবাস। সৌরভীকে বুকের কাছে টেনে নেয় শশী।


ই কি ঠাকুর!


শশী বলে, চল, তোকে নিয়ে কোথাও চলে যাই। সেখানে ঘর বাঁধবো।


সৌরভী তবু ভরসা করতে পারে না। জানে গ্রামসমাজে তাহলে ঝড় উঠবে। নিজেকে ওর আলিঙ্গন থেকে মুক্ত করে বলে, তুমি সত্যি পাগল গো ঠাকুর, ই হয় না।


সৌরভীদের জাতে ওর মতো মেয়ের বাজারদর অনেক। সৌরভীর বাবাও বসে নেই। কানাঘুষোয় সেও কিছু শুনেছে। এ নিয়ে বামুন পাড়াতেও অনেক গোলমাল হয়েছে। শশীর বাবা নোটন ভটচাযকে গ্রামের পাঁচজনে বলেছে, ছেলেকে সামলাও নোটন। পণ্ডিতের বংশ শেষে অজাত-কুজাতের মেয়ে নে মজবে?


নোটন ভটচায ছেলেকেও শাসায়, খড়মপেটা করে গাঁ থেকে তাড়াবো তোকে।


শশী বলে, কেনে? রামী চণ্ডীদাস তো ছিল। চণ্ডীদাস কত বড় সাধক।


মারবো এক ঘা। চণ্ডীদাস হবার সাধ ঘুচিয়ে দেব তোর জন্মের মতন। বাবা এবার তেরিয়া হয়ে উঠেছে।


শশী তখন মনে মনে তৈরি। সৌরভীকে নিয়ে পালাবে। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সৌরভীর বাবা মোটা টাকার লোভে সৌরভীর বিয়ের ব্যবস্থা করেছে কালীপুরের ওদিকে কোন গাঁয়ে। পাত্র লোকটার নাকি অনেক পয়সা, দ্বিতীয়পক্ষের গৃহিণী গত হবার পর সৌরভীকে দত্তপুরের কালীতলায় দেখে পছন্দ করেছে।


চলে গেল সৌরভী। শশীর বুকটা যেন ভেঙে যায়। শূন্য হয়ে যায় তার চারিদিক। মনে হয় জগৎটাই মিথ্যা হয়ে গেছে। কাজেও মন লাগে না, বের হয়ে পড়ে পথে।


ক্রমশ যাযাবর জীবনেই অভ্যস্ত হয়ে যায় শশী। শেষে একদিন এসে হাজির হয় গ্রাম থেকে দূরে এক বনঘেরা মন্দির অট্টহাসে। একটা জলভরা কাঁদর এই ঠাঁইটাকে হাঁসুলীর মতো ঘিরে রেখেছে, চারিদিকে বেশ কিছু অর্জুন-শেওড়া-বট-তমাল নানা গাছের জঙ্গল। শশী ওখানেই থেকে যায়।


বেশ কিছুদিন হলো কাপড়টা ও রাঙিয়ে নিয়েছে। অযত্নবর্ধিত দাড়ি-গোঁফ। জীবন সম্বন্ধে একটা বিবাগী ধারণাই হয়েছে। তাই নির্জনে পড়ে থাকে আর দু’মুঠো অন্নের জন্য যাত্রীদের সামনে সবজান্তা বাবার অভিনয় করে, তত্বকথার ফানুস ওড়ায়।


ক্রমশ শশী বুঝেছে এই পথে রোজগার ভালোই হতে পারে। নামডাকও হয়। তবে এই নির্জন অট্টহাসে যাত্রীও আসে কম। ওখানে বসেই শোনে কালীপুরের কথা।


তাই সেখানেই গিয়ে ওঠে শশী ভটচায। ততদিনে সে নাম বদলে হয়ে গেছে ভৈরববাবা।


কালীপুর তখন সবে জমছে, পাকারাস্তা নদীর ওপারে এসে থেমেছে, ব্রিজ হয়নি। ভৈরববাবা এসে শ্মশানে জোটে। অনেকেই আসে আবার চলে যায়। ভৈরববাবা কিন্তু রয়ে যায়। আর এখন সে কালীপুরে সুপরিচিত কামড়বাবা বলেই।


অপ্সরা হোটেলের সামনে পার্কিং লটে বেশ কিছু রকমারি গাড়ির ভিড়। টাটা সুমো, মারুতি এইট হান্ড্রেড, মারুতি থাউজেন্ড, অ্যামবাসাডার অনেক গাড়িওয়ালা পার্টি এসেছে। হোটেলের লাউঞ্জে কার্পেট পাতা, ঝকঝকে সোফা, ওদিকে একটা কালার টিভি। এখন এখানে ডিশ অ্যান্টেনা বসিয়ে ইংরাজী ছবিও দেখানো হয়।


গুপীনাথ সামন্ত, উমানাথ ঘরেই ছিল। সামনে মদের বোতল। বাবাকে ঢুকতে দেখে মদের বোতল রেখে বাবাকে প্রণাম করে উমানাথ ব্যাগ খুলে পাঁচ হাজারের একটা বান্ডিল বের করে। বাবা টাকা স্পর্শ করে না। বলে, রাখ ভুতো। ফর্দগুলো এনেছিস?


ভুতোও রেডি। টাকাটা প্রথমে হস্তগত করে কাঁধের থলিতে পুরে বলে, হ্যাঁ বাবা।


বাবা বলে, তাহলে গুপীনাথ, তোমরা রাত্রি এগারোটার পর এসো। মধ্যরাতেই তোমাদের ক্রিয়া শুরু করবো। চলি, জয় কালী—হুঙ্কার ছেড়ে উঠে পড়ে ভৈরববাবা।


উমানাথ এবার বাইরে এসে নির্জন সিঁড়িতে ধরে ভৈরববাবাকে, তাহলে আমার কর্ম কখন হবে? টাকা তো আগেই দিয়েছি।


ভৈরববাবা এদি

**********
No Review
Related Books
Loading books…