প্রফুল্ল গোড়া থেকেই বিষণ্ণ মেরে আছে। হ্যাঁ, ভারি তো কাজ! তার জন্যে আবার কল্কেকাশিকে তার ল্যাজে বেঁধে দেওয়া। হোন না গে তিনি একজন নামজাদা ডিটেকটিভ (প্রফুল্ল শুনেছিল কোরিয়া১ অঞ্চলে কল্কেকাশির মতো অতবড়ো গোয়েন্দা আর নেই নাকি!) তবু এই সামান্য একটা মশা মারার ব্যাপারে অত ভারী কামান কাঁধে বয়ে আনতে প্রফুল্লর আত্মসম্মানে ঘা লাগে বইকি। সত্যি বলতে, কামাস্কাটকা২ থেকে টাটকা উনি না এলেও কামটা কিছু আটক...