Home
কলকাতার আরব্যরজনী

কলকাতার আরব্যরজনী

প্রেমেন্দ্র মিত্র

কলকাতার আরব্যরজনী

প্রেমেন্দ্র মিত্র
short story

Posted byকাব্য রচিত01-Nov-2025

Change color

ঠিকানাটা বলে দিতে পারি।

একদিন সেখানে যেতে পারেন মনমর্জি হলে।

দল বেঁধে অবশ্যই নয়। একা। আর যখন তখনও নয়।

ইস্পাহানী গির্জের ঘড়িতে ঠিক যখন সাড়ে এগারটার ঘন্টা বাজছে, তখন।

ইপাহানী গির্জের ঘড়িটা একটু ক্লান্ত হয়ে পড়েছে একশো পোনেরো বছরের অবিরাম চলায়। সময়ের সঙ্গে আর ঠিক পাল্লা দিতে পারে না। একটু পিছিয়ে পড়ে।

তার সাড়ে এগারটার ঘন্টা মানে তাই এগারটা পঁইত্রিশ।

কিন্তু তখনই এসে ঢুকবেন ওই ছোট্ট তেকোণা পার্কটায়, পার্ক বললে যাকে ঠাট্টাই করা হয়, শহরের ঘূর্ণিবেগ নিজেকে সামলাতে কেন্দ্রবিন্দু হিসেবে যে নগণ্য দ্বীপাভাসটি সষ্টি করেছে নগরপালদের অনুগ্রহে।

রাত এগারটা পঁইত্রিশের সময়, শহরের ঘূর্ণিবেগের কোন চিহ্নই পাবেন না অবশ্য এখানে। সকাল ও বিকালের দুটি প্লাবনে তা নিঃশেষ হয়ে গেছে। বড় জোর একটা রিকসার ঠুং ঠাং কানে আসতে পারে কদাচিৎ। আর মাঝেমাঝে দ্রুত ধাবমান একটা-আধটা মোটরের শব্দ।

ছোট পার্কটির পূব দিকের কোণটাই বেছে নিতে হবে। সেখানে বেশ তরল একটু অন্ধকার। মুখোমুখি পাতা দুটি লোহার বেঞ্চির একটিতে গিয়ে বসতে পারেন।

আর একটিতে অবছায়া একটি মূর্তি আগে থাকতেই সেখানে বসে আছে দেখা যাবে।

আপনার আগে থাকতে মূর্তিটি যদি বেঞ্চির পিঠে হেলান দিয়ে দুদিকে দুহাত ছড়িয়ে বসে না থাকে, তাহলে সেখানে যাওয়া বৃথা। একলা প্রথম যেদিন সেখানে গিয়ে উপস্থিত হবেন, সেদিন সামনের বেঞ্চিতে কেউ আর বসতে আসবে না। তা যতই আপনি অপেক্ষা করুন।

ইস্পাহানী গির্জেয় বারোটার ঘন্টা বাজবে যেন হাঁফানি রোগীর শ্বাসকষ্টের মত টেনে টেনে।

তার কিছুক্ষণ বাদেই পশ্চিম দিকে বড় রাস্তা থেকে একটা কানা গলি যেখানে ছিটকে পালাতে গিয়ে বাধা পেয়েছে, তার কোণের পানের দোকানটির আলোও হঠাৎ নিভে গিয়ে একটা ছমছমে অস্বস্তি ছড়িয়ে দেবে আপনার চারিদিকে। দৈত্যপুরীর মত বিরাট অন্ধ বাড়িগুলো যেন গায়ের ওপর হেলে পড়ছে মনে হবে। রাস্তায় তখনও আলো জলছে, কিন্তু মনে হবে সে আলো যেন রহস্যকটাক্ষে কি অশুভ ইঙ্গিত জানাতে চাইছে।

তারপর বসে থাকা দায় হবে। কখন নিজের অগোচরেই উঠে পড়ে দ্রুতপদে পার্ক থেকে বেরিয়ে বড় রাস্তায় নিজের পদধ্বনিতেই সচকিত হয়ে দুরের একটি সঙ্কীর্ণ গলিপথে নগরের ঘিঞ্জি জনবহুল একটি অঞ্চলের নোংরা বাস্তবতার নাগাল পেয়ে হাঁফ ছেড়ে বাঁচবেন।

আমি যেমন বেঁচেছিলাম।

আগ্রহের আতিশয্যে নীলাম্বর অধিকারীর কথা ঠিক অক্ষরে অক্ষরে তা পালন না করে একটু সময় হাতে রেখে যাওয়ার মূর্খতার ওই শাস্তি।

এ কাহিনী তাই নীলাম্বরের কাছে আমার শোনা। স্থান কালের নির্দেশও তারই।র

নীলাম্বরকে অবিশবাস করবার কোন কারণ নেই। কারণ, সে কবি বা ভাবুক কিছুই নয়। নেহাত স্থির ধীর সুস্থমস্তিষ্ক কাগজের ব্যাপারী। বড়বাজারে তার কাগজের আড়ত। আড়তের সামনে তার ছোট্ট ঘুপচি দোকানঘরটিতে সারাদিন সে প্রায় টেলিফোন কানে নিয়ে রীম রীম টন টন কাগজের দর জানায়, অর্ডার নেয়, লরি ঠেলাগাড়ি রিকশাতে মাল পাঠাবার ব্যবস্থা করে। সে কাগজ কে কোথায় কি ভাবে রং লাগিয়ে কি কালির আঁচর কেটে নষ্ট করে তা নিয়ে তার মাথাব্যাথা নেই।

রাত আটটায় দোকান বন্ধ করে, রাত নটা-দশটা পর্যন্ত হিসেবপত্র দেখে, দোকানঘরের ইস্পাতের খড়খড়ি-ঝাঁপ টেনে দিয়ে জবরদস্ত দুটো তালা লাগিয়ে দুবার তা টেনে পরীক্ষা করে ছাতাটি বগলে নিয়ে সে বরাদ্দ করা রিকশাটিতে চড়ে ধীরে-সুস্থে পোল পার হয়ে স্টেশনে যাবার জন্যে রওনা হয়।

তার শেষ ট্রেন রাত এগারটা কুড়িতে। ট্রেন না পেলে তাকে নিরুপায় হয়ে ট্যাক্সি নিতে হয়। ট্যাক্সি খরচটা গায়ে বড় লাগে। জীবনে একবার কি দুবারের বেশী ট্যাক্সি নেয়নি। নীলাম্বর অধিকারী কৃপণ। মুখের সামনে তাকে সে কথা বলা যায়। বললে সে রাগ করে না, বরং সেটা তার গর্ব।

নীলাম্বর ট্রেন ফেল বড় একটা করে না।

একদিন করেছিল। শুধু ট্রেন ফেলই নয়, সেদিন ট্যাক্সি করেও মফস্বলের বাড়িতে যাওয়া তার হয় নি। স্টেশনের প্ল্যাটফর্মেই শুয়ে রাত কাটিয়েছিল।

সেদিন বিকেল থেকে রাত নটা-দশটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়েছে। শহর ভেসে গেছে জলে। যান-বাহন সব অচল। তার মাস-বরাদ্দ রিকশাও সেদিন আসেনি।

নীলাম্বর কোন রকমে একটা রিকশা ডাকিয়ে জলময় রাস্তায় যখন বেরুতে পেরেছিল, তখন এগারটা বেজে গেছে। বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা। শুক্লপক্ষের চাঁদ সেই মেঘলা অন্ধকারকে নেপথ্য থেকে আরো রহস্য-তরল করে তুলেছে।

শেষ ট্রেন যে ধরতে পারবে না, নীলাম্বর তা বুঝেই নিয়েছিল। কোন রকমে পোল পেরিয়ে স্টেশনে পৌঁছলে যদি একটা ট্যাক্সি পাওয়া যায় এই আশা।

কিন্তু স্টেশনে পৌঁছোনও হয় নি। জলে ভাসা রাস্তায় মদমন্দ গতিতে ছপ ছপ করে হেঁটে হেঁটে খানিকদূর যাবার পর রিকশাওয়ালা থেমে পড়েছিল। রিকশার একটা চাকা কি করে আলগা হয়ে নড়বড় করছে। ঠুকে ঠুকে মেরামত করে না নিলে আর এগুনো যাবে না। | নিলাম্বর রিকশা থেকে নেমেছিল।

ইস্পাহানী গির্জার ঘড়িতে তখন সাড়ে এগারটার ঘন্টা বাজছে। নীলাম্বর নিজের হাতঘড়িটা তখনই মিলিয়েছিল, আর নিজের নির্ভুল ঘড়ির হিসেবে বুঝেছিল ইস্পাহানী গির্জের ঘড়িটা পাঁচ মিনিট পিছিয়ে আছে।

নীলাম্বর টাকা-আনা-পাই-এর র নির্ভুল হিসেবের জগতের মানুষ। এমনিতে রসকষহীন। কিন্তু সেই চোরা জ্যোৎস্নার আবছা অন্ধকারে জলে ভাসা রাতের শহরের এক স্তব্ধ নির্জন আকাশ-ছোঁয়া সব ভ্রূকুটি-ভয়াল ইমারতের পাহারা দেওয়া ও পথিবীর মানুষের যেন ভুলে যাওয়া অঞ্চলটিতে দাঁড়িয়ে তার মনেও যেন কিসের একটা স্বপ্নগাঢ় আচ্ছন্নতা নেমেছিল।

ছোট পার্কটা চোখে পড়েছিল, আর রিকশা না মেরামত হলে কোথাও রওনা হবার আশা নেই বুঝে, কখন সেই পাকের কব্জা দেওয়া লোহার গেট ঘুরিয়ে ভেতরে ঢুকে পড়েছিল।

পায়ে পায়ে এক কোণের বেঞ্চি দুটোর কাছে পৌঁছে একটায় বসবার পরও সামনের বেঞ্চির লোকটিকে ভালো করে খেয়াল করেনি। লোকটা এদিকের গাঢ়তর অন্ধকার থেকেই যেন আচমকা অস্পষ্টভাবে ফুটে উঠেছিল বেঞ্চির গায়ে।

ফুটে উঠেছিল সশব্দেই।

বিড়ি-টিড়ি একটা ছাড়ুন না স্যার।

খাস আদি কলকাতার মার্কামারা উচ্চারণ।

নীলাম্বর চমকে উঠে সে দিকে চেয়েছিল। পোশাকটা অন্ধকারে তখনও বোঝা যায় নি। শুধু দেখা গেছল, রোগাটে একটা মানুষ বেঞ্চিতে হেলান দিয়ে বেঞ্চির পিঠের দিকে হাত দুটো ছড়িয়ে গা এলিয়ে দেবার ভঙ্গিতে বসে আছে।

বিড়ি-টিড়ি নেই। একটু অপ্রসন্ন স্বরেই বলেছিল নীলাম্বর। মনে হয়েছিল এই নির্জন পাররকটা ভেতর ও উপদ্রবটুকু না থাকলেই ভালো ছিল।

লোকটা অনেকক্ষণ তারপর কিন্তু আর বিরক্ত করে নি। নীলাম্বরের জবাবটুকু শুনেই একেবারে চুপ করে গিয়েছিল।

চারিদিক স্তব্ধ। রিকশাওয়ালার চাকা মেরামতের ঠুকঠাক শব্দ সে স্তব্ধতাকে আরো গাঢ় করে তুলছে।

দূরে হঠাৎ একটা একটানা শব্দের স্রোত ক্রমশঃ প্রখর হয়ে উঠেছিল। নদীর আর রাস্তার শব্দ যেন মেলানো। বেগবান একটা মোটর রাস্তার জল কেটে যতদূর সাধ্য দ্রুত এগিয়ে আসছে।

শব্দটা এগিয়ে এসে তীব্র আলোর হিংস্র রসনায় একবার স্তব্ধ অন্ধকারকে লেহন করে বড় রাস্তা থেকে পাশের একটা গলিতে মিলিয়ে গেছল।

বুঝতে পারলেন স্যার!–বেঞ্চির ছায়ামূর্তিটা আবার সরব হয়ে উঠেছিল –শিউপরসাদজির আজও কামাই নেই। জল ঝড় পেরলয় হোক, শিউপরসাদজির মোটর রাত বারোটার আগে এসে ওই গলিটায় ঢুকবেই। ওখানে গিয়ে ঘাপটি মেরে যদি দাঁড়ান দেখতে পাবেন শিউপরসাদজি মোটর থেকে নেমে চোদ্দ নম্বর বাড়িটার সেকেলে দরজায় চারবার টোকা দেবে। একটা আস্তে যেন ভয়ে ভয়ে, পরেরটা আরেকটু সাহস করে, আর শেষের দুটো যেন বেপরোয়া হয়ে দরজা ভাঙার মত করে। টোকা দিয়ে একটু পেছিয়ে সে দাঁড়াবে,

আর দোতালার খুপরি জানালার খড়খড়ি খোলর সঙ্গে ধমক আসবে, নিকাল যাও। ব্যস। শিউপরসাদজি এইটুকু শুনেই সুশীল সুবোধ ছেলেটি হয়ে আবার তার পেল্লয় মোটরে চেপে গলি থেকে যেন কুর্নিশ করতে করতে পিছু হেঁটে বেরিয়ে যাবে।

এই বকবকানিতে নীলাম্বরের বিরক্তির বদলে একটু মজাই লেগেছিল এবার।

কতকটা ভৎর্সনার ভঙ্গিতে বলেছিল,—তুমি সব জানো, না? একেবারে সব হাঁড়ির খবর!

চোখটা অন্ধকারে সয়ে আসায় লোকটার পোশাক-পরিচ্ছদ চেহারা আরেকটু পষ্ট দেখতে পেয়েই তুমি বলে সম্বোধন করতে পেরেছিল নীলাম্বর। চেহারা পোশাক আখ্‌খুটে ইতর গোছেরই। মুখটা ভালো দেখা না যাওয়ায় বয়সটা অবশ্য বোঝা যায় নি।

লোকটা নীলাম্বরের ভৎর্সনায় একটু শুধু হেসেছিল। সহিষ্ণুতার হাসি যেন। বলেছিল,-আমি জানব না তো জানবে কে স্যার! এই শহরের হাঁড়ির খবর নাড়ির খবর কি আমি না জানি!

নীলাম্বরের এবার স্থির বিশ্বাস হয়েছিল লোকটা পাগল-টাগল হবে। তবে ভয় করবার কিছু নেই। নীলাম্বর গায়ে দস্তুরমত ক্ষমতা রাখে, টেরাবাকা হলে অমন একটা ফড়িংকে টুসকি মেরে উড়িয়ে দিতে পারে। আপাতত রিকশা না মেরামত হওয়া পর্যন্ত অপেক্ষা করার সময়টা পাগলের সঙ্গে কাটাতে মন্দ লাগছিল না।

নীলাম্বর একটু, বিদ্রুপ করেই বলেছিল,—নাড়ির খবর হাঁড়ির খবর কি করে এত জানলে?

এই আপনি যেমন করে কাগজের বাজারের হাঁড়ির নাড়ির খবর জানেন স্যার! নীলাম্বরকে চমকে দিয়ে লোকটা নিজে থেকেই এবার বলে গেছল,– খবর কি একটা স্যার! আর, যেমন তেমনও নয়। সক্কালবেলা এই পার্কের দক্ষিণমুখো গিয়ে মশলাপটির মুখটায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন না স্যার। বাবুলালের পানের দোকান ওপরে আর তার নিচে ছাগলের খোঁয়াড়ের মত ঘুপচি একখানা গভর। বড়-সড় একটা সিন্দুক বললেই হয়। সেই সিন্দুক থেকে বেরিয়ে রাধু দাস তখন ছাতার বাঁট-শিক তেল-কাপড় ছুঁচ-সুতো সরঞ্জাম ঝোলায় পুরে টহলে বেরুবার জন্যে তৈরি হচ্ছে। শিউপরসাদজির মত অমন বাদশাই মোটর না হলেও ঝকঝকে তকতকে একটা নতুন গাড়ি ওখানে এসে থামবে। তা থেকে যে নামবে, তাকে দেখে আপনার চোখ যদি টেরা না হয়ে যায় তাহলে চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখ দেখাবেন। যেমন গয়নার ঝিলিক, তেমনি রূপের জৌলুসে রাস্তা ঝকমকিয়ে এক সুন্দরী এসে ওই রাধু দাসের সামনে দাঁড়াবে। আর, রাধু দাস করবে কি জানেন? ছেঁড়া কুর্তার পাকিট থেকে সওয়া পাঁচ আনা—ঠিক গোনাগুনতি সওয়া পাঁচ আনা বার করে দেবে সেই সুন্দরীর হাতে। বাবুলাল কোনদিন সকাল সকাল দোকান খুলতে এসে পড়ে থাকলে মুচকে মুচকে বাঁকা হাসি হাসবে। টিটকিরিও দেবে। কিন্তু সুন্দরী গোরহ্যিও না করে সেই সওয়া পাঁচ আনা চাঁদ মুখ করে নিয়ে আবার গাড়িতে গিয়ে উঠবে।

নীলাম্বরের মনে হয়েছিল, লোকটা পাগল হলেও যেমন তেমন নয়, বেশ সেয়ানা পাগল। একবার ইচ্ছে হয়েছিল, গুল ঝাড়বার আর জায়গা পাওনি বলে ধমক দেয়। কিন্তু মজাটা মাটি করতে ইচ্ছে হয় নি। তার বদলে আরো একটু উসকানি দেবার জন্য বলছিল,-হুঁ, তোমার তো সত্যি অনেক মজার খবর জানা দেখছি। এ সব কথা ক’জনই বা আর জানে!

জানবে কি করে স্যার।– লোকটা গালাগাল দিয়ে বলেছিল,-ইস্তিরীর ভাইরা সব আরবী-ফারসী খোয়াব-খেয়ালের নবেল-নাটক পড়ে। আরে এই কলকাতা শহরের কলকে ধরবার মুরোদ যে বোগদাদ-সোগদাদের নেই তা জানে কোন বেটা!

তা, শুনি না তোমার একটা বোগদাদী কলকাতার কিসসা। শিউপরসাদ কি রাধু দাসের হেঁয়ালিই শোনাও না হয়।–বলেছিল নীলাম্বর।

লোকটা খানিকক্ষণ চুপ করে গেছল, ইস্পাহানী গির্জার বারোটার ঘন্টাগুলো বাজতে দেবার জন্যেই বুঝি। হাঁপ-ধরা ঘড়-ঘড়ে গলায় আওয়াজের মত ঘন্টাধ্বনিগুলো দৈত্যাকার ইমারতগুলোর গায়ে ধাক্কা খেয়ে চোরা জোৎস্নার থমথমে আকাশকে ব্যঙ্গ করতে যেন উর্ধে ছড়িয়ে গেছল।

সে সব হেঁয়ালির গাঁট আজ খোলবার ফুরসত হবে না স্যার।—গির্জার ঘড়ি থামবার পর লোকটা নিজে থেকেই বলেছিল,আজ বরং শিউপরসাদের দামী হাত-ঘড়িটা এখনো যার কর্জিতে বাঁধা, আর বাবুলালের দোকানের বিড়ির যে সেরা জহরী, সেই বেচারামের ভগবান হওয়ার বিত্তান্তটা শুনুন।

বেচারাম আবার কে?–জিজ্ঞাসা করেছিল নীলাম্বর একটু হেসে।

আজ্ঞে, দাগী চোর স্যার। তবে চোরের মধ্যে বেজাত। যেমন ওস্তাদ তেমনি ওচা।–শুরু করেছিল লোকটা,-পাকা সিঁদেল বটে, কিন্তু ছিচকেমিতেও ঘেন্না নেই। কিছু না জুটলে পকেট পর্যন্ত কাটে। খানদানি চোরেদের মজলিশে তাই তার ঠাঁই নেই। নিজের স্বভাবের দোষে সে একঘরে। শুধু হাতের কসরত আর বুদ্ধির জোরে টিকে আছে। বেচারাম মুখ্য নয় স্যার। দুধে-দাঁত সব কটা পড়তে না পড়তে বিড়ি ফুঁকতে শিখে, আর গোঁফ

**********
No Review
Related Books
Loading books…