
কম্পাস
বুদ্ধদেব গুহ
কুকু-র সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল সেদিন আমার এক সাহিত্যিক বন্ধুর বাড়িতে। কুকু এসেছিল, পরিচালক এবং প্রযোজকের সঙ্গে একটি উপন্যাস নিয়ে ছবি করার বিষয়ে আলোচনা করতে।
কুকুকে শেষ দেখেছিলাম আজ থেকে তিরিশ বছর আগে। তখন আমি সবে স্কুল ফাইনাল পাশ করে কলেজে ঢুকেছি। আর কুকু তখন বোধ হয় সিক্স-সেভেনে পড়ে। খুব ফর্সা, একটু মেয়েলি। এবং খুবই সুন্দর দেখতে। অবস্থাপন্ন বাবা-মায়ের চোখের মণি। আদরে, যত্নে, স্বাস্থ্যোজ্জ্বল, চোখ-কাড়া। একমাত্র সন্তান।
কুকুরা পুজোর ছুটিতে এসেছিল উত্তরপ্রদেশের বিন্ধ্যাচলের কাছে শিউপুরা নামে একটি ছোট্ট গ্রামে। আমি গেছিলাম আমার বাবা-মা-ভাই-বোনদের সঙ্গে। সকলে একত্রিত হয়ে মাছিন্দার পথে চড়ুইভাতি, গঙ্গার ঘাটে ড্যাম চিপ নানারকম মাছ কেনা এবং পরিশেষে বিজয়া সম্মিলনীও।
পথের এবং প্রবাসের আলাপ সাধারণত পথে প্রবাসেই হারিয়ে যায়। যাঁরা ব্যস্ত মানুষ, তাঁদের কারো পক্ষেই কলকাতার কর্মব্যস্ততার ঘূর্ণির মধ্যে ফিরে এসে আর সেই অবসরের সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্ভব হয় না।
কুকু-র বাবা-মা, কাকা-কাকি আমার মা-বাবাকে বলতেন, কলকাতা ফিরে যেন এই সম্পর্ক বজায় থাকে।
বাবা বলতেন, দেখা যাবে। কলকাতায় ফিরে প্রমাণ হবে হৃদয়ের টান খাঁটি নাঠুনকো।
কুকু-র বাবা ছিলেন কলকাতা হাই কোর্টের ব্যস্ত উকিল। কাকা সলিসিটর। ওঁদের নিবাস ছিল উত্তর কলকাতায়, শ্যামবাজারে।
আশ্চর্য, সেবার ছুটির পর কলকাতায় ফিরে প্রবাসের সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠেছিল মুখ্যত কুকুদের পরিবারের আন্তরিকতাতেই। এমন একটি শিক্ষিত রুচিসম্পন্ন পরিবার আমি খুব কমই দেখেছি। বাড়ির প্রত্যেক মহিলাই সুন্দরী। বিভিন্নরঙা তাঁতের ডুরেশাড়ি পরা তাঁদের সুন্দর চেহারা এখনও আমার চোখে ভাসে। রান্না-বান্না, সেলাই ফোঁড়াই, গান-বাজনা সব কিছুতেই সমান উৎসাহ ছিল দত্ত পরিবারের। সেই পুজোর পরও অনেক বছর কুকুদের ও আমাদের পরিবারের মধ্যে যোগাযোগ আশ্চর্যজনকভাবে বজায় ছিল।
কুকু বড়ো হবে, এই নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল তখন থেকেই ওর অভিভাবকদের। কারো ইচ্ছা ছিল কুকু ডাক্তার হোক। কেউ চাইতেন, কুকু বড়ো হয়ে তার বাবার ওকালতির পসারকে আরও বাড়িয়ে তুলুক। মেসোমশাই-এর চেম্বার খুবই ভালো জায়গায়। অনেক মক্কেল ওঁদের। কারোই সন্দেহ ছিল না যে, পড়াশোনাতে ভালো ছাত্র কুকু তার সুন্দর সপ্রতিভ ব্যবহার এবং চোখ-কাড়া চেহারাতে একদিন তার বাবার চেয়েও বেশি সুনাম অর্জন করবে হাই কোর্টে। সচ্ছল পরিবারের সাচ্ছল্য আরও বাড়াবে। বনেদি, কোনো পড়তি-অবস্থার পরিবার থেকে কুকুর জন্যে সুন্দরী শান্তস্বভাবা বিনয়ী পাত্রী পছন্দ করে আনবেন তাঁরা, যাতে তাঁদের পারিবারিক সুখ এবং ঐতিহ্য সাচ্ছল্যর হাতে হাত রেখে আরও উজ্জ্বল হয়।
আমার ইচ্ছে ছিল সাহিত্যিক হবার। কিন্তু আমার প্র্যাকটিকাল, কৃতী বাবা বলতেন, বাঙালি সাহিত্যিকেরা না-খেয়েই থাকেন। যাঁরা সাহিত্যের সঙ্গে প্রকাশনের ব্যবসাতেও জড়িয়েছেন। সফলভাবে নিজেদের, সেই মুষ্টিমেয় দু-একজন ছাড়া, সচ্ছলতার মুখ কেউই দেখেননি। বাবার আদেশ ছিল যে, তাঁরই মতো ডাক্তার হতে হবে।
সাহিত্য নিয়ে পড়া পর্যন্ত হল না বলেই আমার যে বাল্যবন্ধু আর যশস্বী সাহিত্যিক, তাকে মনে মনে খুবই ঈর্ষা করতাম। সেই কারণেই আমার বন্ধুর মধ্যে আমি যা হতে চেয়েছিলাম, সেই না হওয়া সত্তার পরিপূর্ণ বিকাশকে প্রত্যক্ষ করে ছুটির দিনে চেম্বার এবং এমনকী কল-এ যাওয়াও যথাসাধ্য স্থগিত রেখে তার বাড়িতেই সাহিত্য আলোচনা করে কাটাতাম। তার মাধ্যমেইনামি দামি সব সাহিত্যিকদের সঙ্গে আলাপও হত। যাদের সম্বন্ধে অগণিত পাঠকমহলে অতীব কৌতূহল, তাঁদের খুব কাছ থেকে দেখতাম।
বাঙালি মানসিকতায় যাদের সফলতম বলে, আমি এখন সেই শ্রেণির লোক। বাবা ছিলেন শুধুই এম বি ডাক্তার। আমি এম বি বি এস করার পর এম এসও করেছিলাম। সপ্তাহে বারো থেকে। কুড়িটি পর্যন্ত অপারেশন করতাম বড়ো বড়ো নার্সিং হোমে। টাকার অভাব ছিল না আমার। নিউ আলিপুরে বাড়ি করেছি। শোফার-ড্রিভন গাড়ি আছে। কলকাতার একাধিক নামি ক্লাবের মেম্বার হয়েছি। এক কথায় অন্য মধ্যবিত্ত উচ্চবিত্ত যে কোনো বাঙালি যেসব সুখ-স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেন, ছোটোবেলা থেকে বাবার বাধ্য ও যোগ্য সন্তান হয়ে সেই সমস্ত প্রাপ্তিই ঘটেছে আমার।
কিন্তু তারই সঙ্গে বাঙালির জাতির সবচেয়ে বড়ো যে পাস্টাইম, সেই ঈর্ষা ও পরশ্রীকাতরতার নিত্য শিকার হয়েছি আজ আমি। কোন বাঙালি কত বড়ো, তা প্রমাণিত হয় তাঁর প্রতি ঈর্ষাকাতর বাঙালিদের সংখ্যা কত, তার উপর। এই পরীক্ষাতে আমি প্রথম শ্রেণিতে, প্রথম বিভাগে উত্তীর্ণ।
ছেলে-মেয়ে, নিউ আলিপুরের বাড়ি, স্ত্রী, সল্টলেকের শ্বশুরবাড়ি, আমার মধ্যমগ্রামের ছোট্ট সুন্দর বাগানবাড়ি ও আমার পেশার খ্যাতি নিয়ে আমি একজন আদর্শ বাঙালি। আত্মীয়স্বজনরা বলে থাকেন মানুষের মতন মানুষ হয়েছি আমি। এমন মানুষ নাকি আমাদের তিনকুলে কেউ কখনো। হয়নি। আমাকে এক নামে সকলে চেনে। পেটের অপারেশন? ডাঃ মুৎসুদ্দির কাছে যাও, ধন্বন্তরি! অপারেশন থিয়েটারে আমি গাউন পরে গ্লাভস হাতে নিলে নতুন অল্পবয়সি নার্সরা রীতিমতো নার্ভাস হয়ে পড়ে। পরম বিস্ময়ে এবং শ্রদ্ধাতে আমার দিকে তাকিয়ে থাকে।
কুকু সম্বন্ধে ওর অনেক আত্মীয়স্বজনের কাছেই শুনতাম যে, ছেলেটা মানুষ হল না। বয়েই গেল। একেবারে। কিছুই হল না। ফিল্ম লাইনে ভিড়ে গেছে। নেশা ভাং করে। ড্রাগ খায়। রোজগারপাতি নেই। বিয়ে করল না। করবেই বা কী করে? বউকে খাওয়াবে কী? মা-বাবাকেও দেখে না। দেখবে কী করে? মানি-শূন্য মানিব্যাগ পকেটে নিয়ে বাবা-মায়ের পায়ে হাত বুলোলেই কি ছেলের কর্তব্য করা হয়? টাকাই হচ্ছে সার কথা। কিছুই করল না জীবনে।
এতদিন পরে দেখে, কুকুকে আমি চিনতেই পারিনি। সাহেবের মতো ফর্সা রঙে একেবারে কালি ঢেলে দিয়েছে। কুচকুচে কালো হয়ে গেছে ও। কোঁকড়া নরম কালো চুলের জায়গায় মাথা ভরতি শার্ট পরনে।
ও-ই আমাকে বলল, নিশ্চয়ই আমাকে চিনতে পারছনা টুটুদাদা।
অবাক হয়ে বলেছিলাম, না তো!
আমি কুকু।
কুকু।
হ্যাঁ, মনে পড়ে না? শিউপুরার কুকু। বিন্ধ্যাচল, মাছিন্দা?
কুকু! বিস্ময়ে, হতাশায় আমি বলেছিলাম, মাই গুডনেস!
ওদের কাজ শেষ হতে বেলা হল অনেক। ফিল্ম লাইনের লোকেরা বড়ো বেশি কথা বলেন। যে কাজ পাঁচ মিনিটে হয়, সে কাজ ওঁরা তিন ঘন্টায় করতে ভালোবাসেন। এক কাপ চা-খাওয়া শেষ করতে যাঁদের দেড়ঘন্টা লেগে যায় তাঁদের অভ্যেসটাই বোধ হয় খারাপ হয়ে যায়।
কুকু বলল, উঠবে নাকি টুটুদাদা? বাড়ি যাবে না?
বাড়িতে না গেলেও হত। কারণ, আমার সম্বন্ধীদের সঙ্গে আমার স্ত্রী ও পুত্র বাগানবাড়িতে গেছে।
এ রবিবার সকালে একজন ধনী ব্যবসাদারের স্ত্রীর অপারেশন ছিল। প্রথমে না করে দিয়েছিলাম। কিন্তু এমন একটা টাকার অঙ্ক বলে বসল যে, লোভ আর সামলাতে পারলাম না। ভগবানেরও একটা দাম ধার্য করেছে ওরা। টাকা দিয়েও কেনা যায় না এমন মানুষ সংসারে বোধ হয় আর বেশি নেই।
ভাবলাম, যে ছোকরার কিছু হল না জীবনে, তাকে নিয়ে একটু ক্লাবে যাই। ওকে বোঝাই যে, এ ওর পরম দুর্ভাগ্য যে চোখের সামনে ওর চেয়ে সামান্যই কয়েক বছরের বড়ো আমি মানুষটা। জলজ্যান্ত থাকা সত্ত্বেও ও সে দৃষ্টান্তে অনুপ্রাণিত হতে পারল না। নিঃশেষে নষ্ট করল এমন করে নিজেকে। নিজের সব সম্ভাবনা।
বললাম, চলো ক্লাবে যাই। বিয়ার-টিয়ার খাও তো!
কুকু বলল, সবই খাই।
তাহলে চলল।
বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে ছিল। সাদা সিট-কভার লাগানো এয়ার কন্ডিশন্ড কালো ঝকঝকে গাড়ি। টুপি পরা ড্রাইভার।
আশ্চর্য! কুকু ইম্প্রেসড হল না। একটুও।
বোধহয় বম্বে-টম্বে যায় প্রায়ই। ফিল্ম আর্টিস্টদের দেখেছে নিশ্চয়ই। ও পিছনের সিটে আমার পাশে এসে বসল।
কে কে ইলেকটেড হবেন আর কে কে হবেন না তাই নিয়ে জোর ফিসফিসানি চলছে। আমাকে ক্লাবের অনেকেই চেনে। চেনে বলেই তো কুকুকে নিয়ে আসা! ও দেখুক, জানুক আমি কী হয়েছি। আর ও কী…কলকাতার সব গণ্যমান্য মানুষই এই ক্লাবের মেম্বার।
বিয়ারের অর্ডার দিলাম। ছুটির দিনে আমি এক বোতল করে বিয়ার খাই। জাস্ট এক বোতলই। কুকুকে সেকথা বললামও।
কুকু বলল, মেজার গ্লাসে করে ঢাকার সাধনা ঔষধালয়ের সারিবাদি-সালসা খেলেই পাবো। শরীর এবং চরিত্র দুইই ভালো থাকবে। মদ এবং জীবন যারা মেপে মপে খায় এবং খরচ করে, তারা মানুষ ভালো কখনোই হয় না।
আমি কিছু বললাম না।
ও বলল, মদ মানুষের ইনহিবিশান কাটিয়ে দেয়। কিছু মানুষ আছে, যাদের ইনহিবিশান কেটে গেলে সবই কাটাকুটি হয়ে যায়। বাকি থাকে না কিছুই। সেই মানুষগুলোই মদ খেয়ে মাতাল হতে ভয় পায়।
মাতাল হলে, এই ক্লাব থেকে বের করে দেবে। বিরক্তস্বরে আমি অন্য দিকে মুখ করে বললাম।
মাতাল হওয়া আর মত্ত হওয়াটা এক নয়। মত্ত হওয়ার কথা বলিনি আমি। যাকগে। বললেও হয়তো তুমি বুঝবে না। তার চেয়ে বল টুটুদাদা! লেখা-টেখাকি ছেড়েই দিলে একেবারে? কী সুন্দর লিখতে তুমি–
আমি চাপা গর্বের সঙ্গে বললাম, সময় পেলাম কোথায়? প্রফেশানেই তো…
কুকু বলল, খুবই ব্যস্ত থাক বুঝি?
তারপরই চারদিকে তাকিয়ে বলল, এই সব মানুষেরা কারা?
ক্লাবের মেম্বার, মেম্বারদের গেস্টস, আর কারা?
কী করেন এঁরা?
কেউ অ্যাকাউন্ট্যান্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কত প্রফেশান, ইন্টিরিয়র ডেকরেটর, ম্যানেজমেন্ট কন্সালট্যান্ট, আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস একজিকিউটিভস। আজেবাজে লোক তো ক্লাবের মেম্বার হতে পারে না।
কুকু বিয়ারে চুমুক দিয়ে চশমার আড়ালের গভীরে কালো চোখে প্রচ্ছন্ন হাসির ঝিলিক তুলে বলল, স্বাভাবিক। এখানে যাঁরা আসেন, তাঁরা সকলেই তোমারই মতো কৃতী পুরুষ জীবনে। তবে টুটুদা, ব্যাপারটা কী জান। এঁদের বেশিরভাগেরই কোনো গন্তব্য নেই মনে হয়। শ্যালো, মেগালোম্যানিয়াক মানুষ এঁরা। আমি একেবারেই স্ট্যান্ড করতে পারি না এই ধরনের মানুষদের।
কুকুর ধৃষ্টতা আমাকে মর্মাহত করল। আমার সঙ্গে না এলে এখানে কোনোদিন ও ঢুকতেই হয়তো পারত না। আনগ্রেটফুল সিলি চ্যাপ। এমনিতেই, ওই পোশাকের অদ্ভুত জীবটির দিকে সকলেই তাকাচ্ছে। আমারই পয়সায় বিয়ার খেতে খেতে আমাকেই ঘুরিয়ে যা-তা বলছে। একেবারেই অমানুষ হয়ে গেছে ছোকরা।
গন্তব্য নেই মানে কী? সকলকেই কি হরিদ্বারে গিয়ে সাধু হতে হবে নাকি?
আমি শ্লেষের সঙ্গে বললাম।
কুকু হাসল। বলল, তা নয়! আমি জিজ্ঞেস করছিলাম, এঁদের সাকসেস এবং টাকাকে বিযুক্ত করে ফেললে মানুষগুলির জীবনে বাঁচার মত কিছু কি বাকি থাকবে? লোকে কী কেবল বাড়ি, গাড়ি, টাকা নামি-ক্লাবের মেম্বার হওয়ার জন্যেই বেঁচে থাকে? ওঁরা নিজেরা যা করেন, তা কি এনজয় করেন? ওঁরা কি বেঁচে আছেন? ওঁদের মধ্যে ক-জন সত্যিই বেঁচে আছেন?
এত সব কথার উত্তর আমার কাছে নেই।
কুকু এবার হাসল। বলল, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু তুমি জবাব দিতে চাও না। নিজেকেও কখনো এসব প্রশ্ন ভুলেও করতে চাও না। কারণ তুমি ভালো করেই জান যে, আমি কী বলছি। যা করে মানুষ আনন্দ পায় না, তা মানুষ করবে কেন? তোমার জীবনের উদ্দেশ্যটা কী? কখনো ভেবেছ এ নিয়ে, টুটুদা?
শ্লেষের সঙ্গে আমি বললাম, তোমার জীবনের উদ্দেশ্যটাই বা কী?
আমার উদ্দেশ্য, আমি যা করে আনন্দ পাই, তাই-ই করা। শুনলেই তো! ফিল্মের স্ক্রিপ্ট লিখি। ছবি ডাইরেক্ট করারও ইচ্ছা আছে।
পড়াশোনাই তো শেষ করলে না। য়ুনিভার্সিটির ডিগ্রি থাকলে কত্ত সুবিধা