Home
উৎসার

উৎসার

বুদ্ধদেব গুহ

উৎসার

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

সামাজিক অথবা সাংসারিক হিসেবে নন্দা কখনো আমার কেউই ছিল না।

তখন আমি পড়াশুনো শেষ করে সবে চাকরিতে ঢুকেছি। হাতে অবকাশ ছিল, মনে নানারকম রঙিন কল্পনা, আশা। এবং লেখক হওয়ার স্বপ্ন।

সামনের বাড়ির নন্দা তখন সবে কলেজে যাচ্ছে।

ওরা প্রথম যেদিন আমাদের পাড়ায় এল বাক্স, প্যাঁটরা, লটবহর সব লরিতে চাপিয়ে, পোর্ট কমিশনার্সের অফিসের ব্রজেনবাবুর পরিবারের সকলের মধ্যে সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে ভালো লাগল আমার ওকে।


আমাকে সকলেই নাক-উঁচু বলত। যাকে তাকে আমার ভালো লাগত না। কিন্তু ওর গলার স্বর, ওর ব্যক্তিত্ব, ওর বুদ্ধিমতী স্বভাব সব মিলিয়ে-মিশিয়ে ওকে হঠাৎই ভীষণ ভালো লেগে গেল। ও আমার জীবনে দারুণ দুঃখ ও সুখে ভরা ভালোবাসার অনুভূতি প্রথম বয়ে আনল।



আমাদের ডোভার রোডের বাড়ির একতলায় একটা বসবার ঘর ছিল। কিন্তু সেটা ছাত্রাবস্থায় আমার পড়ার ঘর এবং তার পরে একা বসে ভাবার, সাহিত্যচর্চার, গান-বাজনার এবং ক্বচিৎ আড্ডা দেওয়ার জন্যে আমারই সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাতে বাবা ছেড়ে দিয়েছিলেন। বাবার, মায়ের এবং পরিবারের সকলের অতিথিরা দোতলার বসবার ঘরে গিয়েই বসতেন।


সেই একতলার ঘরের কাচের জানলার দিকে পেছন ফিরে বসতাম আমি টেবিলের সামনে, শখের লেখাপড়া করতে। জানলার কাচে গলি দিয়ে যাওয়া-আসা করা প্রত্যেকটি মানুষের প্রতিফলন পড়ত। নন্দা যখনই যেত-আসত তার প্রতিফলিত ছায়া আমার জানালার কাচ থেকে উঠে এসে আমার চোখের আয়নার মধ্যে দিয়ে সটান আমার মস্তিষ্কের কোষে কোষে পৌঁছোত।


সব মানুষের জীবনেই একটা বোকা-বোকা রোমান্টিক প্রেমের বয়েস থাকে। আমার সঙ্গে তাদের তফাত এই-ই যে, আমার বয়েসটা বেড়ে গেলেও এই অয়ন রায় নামক ব্যক্তিটি সেই গো-সুলভ মানসিকতাটা কখনোই কাটিয়ে উঠতে পারল না। নন্দাদের বাড়ি যখনই যেতাম, নন্দা দৌড়ে আসত, বসতে বলত, চা করে আনত নিজের হাতে। যতক্ষণ থাকতাম, আমার সামনে বসে থাকত, দ্বিধাহীন ঝকঝকে সরল ব্যক্তিত্ব ঝরিয়ে কথা বলত। বুদ্ধিদীপ্ত চোখ তুলে চাইত আমার চোখে। সাহিত্য-আলোচনা করত। নন্দার মধ্যে সবচেয়ে যা ভালো লাগত তা এই-ই যে, ওই সময়ের ওই বয়েসি মধ্যবিত্ত মেয়েদের মধ্যে যে ন্যাকামি স্বাভাবিক ছিল, ওর মধ্যে সেসব একেবারেই অনুপস্থিত দেখতাম।



আমাদের পরিবার উত্তরবঙ্গের গোঁড়া বারেন্দ্র ব্রাহ্মণের পরিবার। ঠাকুরদা, বাবা, কাকারা সকলেই প্রবল-প্রতাপান্বিত, গর্বিত এবং কিঞ্চিৎ দাম্ভিক তীক্ষ্ণনাসা কেউকেটা ছিলেন। সেই পটভূমিতে অ-বারেন্দ্রর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন ও ভ্রূণহত্যা একইরকম অপরাধ বলে গণ্য হত।


আমি ওই বয়েসে ভীরু ছিলাম; এখনও অবশ্য তাই। সামাজিক, পারিবারিক কোনোরকম নিয়ম ভাঙার মতো মনের জোর বা ব্যক্তিত্ব আমার ছিল না। এখনও নেই। স্বীকার করি।


দেখতে দেখতে পড়াশুনো শেষ করলাম, চাকরিতে ঢুকলাম। চাকরিতে উন্নতিও হল, খুব তাড়াতাড়িই আমার নিজের ইচ্ছা বা চেষ্টা ব্যতিরেকেই।


চাকরির চকচকে মইয়ে আমার ওপরে যাঁরা জাঁকিয়ে বসেছিলেন, তাঁদের দুজন পটাপট দৈব-দুর্বিপাকে পটল তুললেন। একজন চুরির অপরাধে জেলে গেলেন। অন্যজন সেরিব্রাল অ্যাটাকে শয্যাশায়ী হলেন। অতিকম সময়ে আমি ফাঁকা মই বেয়ে বেশ উঁচুতে চড়ে পড়লাম। তার পর সব বাঙালির ছেলের যা তাৎক্ষণিক কর্তব্য তা-ই করতে হল আমাকেও। অর্থাৎ বিয়ে।



আমরা পাবনার লোক। রাজশাহির এক নামজাদা উচ্চবিত্ত বারেন্দ্র পরিবারের ডানাকাটা পরি মেয়ে আমার জন্য গুরুজনেরা অনেক শিঙাড়া, রসগোল্লা খেয়ে নির্বাচন করলেন। মেয়ের নাম ছিল সিন্ধুভৈরবী। ভারতীয় রাগের নামে নাম। আমার ঠাকুমা, বিয়ের পরই তাঁর নিজের নামের সঙ্গে মিলিয়ে সিন্ধুর নাম রাখলেন হেমনলিনী। ঠাকুমার নাম ছিল প্রফুল্লনলিনী।


সিন্ধুভৈরবী বা হেমনলিনী অত্যন্ত বুদ্ধিমতী, স্বাধিকারে, স্বীয় সৌন্দর্যে, ক্ষমতাতে এবং শক্তিতে বিশ্বাসী ছিল। সে বিয়ের একমাস পরেই ফতোয়া জারি করল যে, নন্দাদের বাড়ি অত ঘনঘন আমার যাওয়া চলবে না। নন্দা কিন্তু ওকে খুবই পছন্দ করত। সবসময়ে দৌড়ে আসত বউদি-বউদি করে। সিনেমায় যেতে চাইত ওকে নিয়ে। কিন্তু মেয়েদের নাক সামুদ্রিক পাখির মতো। ভবিষ্যতের ঝড়ের গন্ধ সিন্ধুর নাকে পৌঁছেছিল।


দেখতে দেখতে বিয়ের তিন মাসের মধ্যেই সে নন্দার কারণে-অকারণে এবাড়ি আসাই বন্ধ করে দিল। তখন নন্দা থার্ড ইয়ারে পড়ে। কিন্তু বাড়ি আসা বন্ধ হলেও নন্দা প্রায়ই আমার অফিসে গিয়ে হাজির হত। ভীষণ পাগলামি করত। বলত, আত্মহত্যাকরবে। ওর জীবনে আমিই প্রথম প্রেমিক ছিলাম। আমাকে হারানোর কথা ও কিছুতেই মেনে নিতে পারত না। ওর জন্যে আর একটু অপেক্ষা করতে পারিনি বলে আমাকে অত্যন্ত হৃদয়-মন্থন-করা অভিমানের কথা বলত এবং শুনতে শুনতে অনেকই সময় আমার হৃদয় দ্রব হয়ে আসত।



ওকে অনেক বোঝাতাম; কানের লতিতে, গলায়, কপালে চুক করে আদর করে দিতাম। কিন্তু ও অবুঝের মতো করত। মধ্যবিত্ত মানসিকতার কারণে ঠোঁটে চুমু খেতে পারতাম না। সেটা গর্হিত অপরাধের মধ্যে গণ্য করা হত সেই সময়কার মরাল-কোড-এ। দেশ ভাগ হবার আগে আমরা উচ্চবিত্ত বলেই গণ্য হতাম, দেশ ভাগ হয়ে যাওয়ার পরে অবশ্যই মধ্যবিত্ত হয়ে পড়েছিলাম, পরিবারের সব পুরুষ (এক ঠাকুরদা ছাড়া) রোজগেরে হওয়া সত্ত্বেও।


ছেলেবেলা থেকেই জ্যামিতিক জীবনে এক কড়া রেজিমেন্টাশানের মধ্যে আমার ডাকসাইটে ঠাকুরদা আমাদের মানুষ করেছিলেন। চলন-বিলে নৌকোর ওপর গড়গড়া সাজিয়ে, চার্চিল, জেমস পার্ডি, ডাব্লু ডাব্লু গ্রিনার, বত্রিশ ইঞ্চি ব্যারেলের, টোয়েন্টি বোরের টলি ইত্যাদি বাঘা-বাঘা বন্দুক সমভিব্যাহারে তাকিয়া-ঠেসান দিয়ে বসে তিনি উড়ো-হাঁস মারতেন। কথা, মুখে বেশি বলতেন না, চোখে বলতেন। তবে মাঝে মাঝে কন্ঠনালির ঘড়ড়-ঘড় শব্দেও তেজি, বড়ো কুকুরেরা যেমন ভাষায় কথা বলে, বলতেন। গলার জুয়ারি বড়েগোলাম আলি সাহেবের চেয়েও অনেক জবরদস্ত ছিল।


পুজোর সময়ে আমাদের বাড়ি রেডিমেড জামা-প্যান্ট আসত। বাড়ির ছেলেরা, ভাইপো, ভাগ্নে এবং চাকর ঠাকুর জমাদার সকলেই সেই প্যান্ট-জামা এক এক বার করে গলিয়ে নিয়ে যার গায়ে যেটা হত সেটাই নিয়ে যেত। এ ব্যাপারে আদর্শ সমাজতন্ত্র চালু ছিল। ব্যক্তিগত রুচি ও ব্যক্তিস্বাধীনতা ব্যাপারটা আমার ঠাকুরদা এবং ঠাকুরদাচালিত একনায়কতন্ত্রে অত্যন্ত গর্হিত অপরাধ বলেই গণ্য হত। সে যুগের চীন ও অথবা সোভিয়েত রাশিয়ারও অনেক কিছু শেখার ছিল আমার ঠাকুরদার কাছ থেকে।



এইসব কারণে সমস্ত-কিছু রেডিমেড ও জোর করে চাপানো ব্যাপারের ওপর আমার ছোটোবেলা থেকেই এক প্রবল বিদ্বেষ ও ক্রোধ জমে উঠেছিল। সেই বিদ্বেষের বলি হল বেচারি সিন্ধুভৈরবী, ওরফে হেমনলিনী। সে নিজেও মহাবলী ছিল। তাই সংঘর্ষ অনিবার্য ও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াল। ও চাইত আমি ওর প্রজা হই। কখনো চাইত, যখন ভালো মুড-এ থাকত যে, আমি ওর মন্ত্রী হই। কিন্তু যে নিজে রাজা তার কখনো মন্ত্রী হওয়া সাজে? বা মন্ত্রী হওয়ার জন্যে নির্বাচনে দাঁড়ানো সাজে! রাজা-প্রজার সঙ্গে প্রজাপতির সম্পর্কটাও খুব নিকট নয়। সুতরাং…।


একদিন ঠাকুরদা গত হলেন। ঠাকুমা, বাবা, তার পর মা, সকলেই দেখতে দেখতে চলে গেলেন শোভাযাত্রা করে। কীসের অত তাড়া ছিল জানি না। ঊর্ধ্বগগনের কোন জ্যোতিবাবু তাঁদের একইসঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে পৌঁছোতে বলেছিলেন তাও জানা নেই। তবে ঠাকুরদা কমিউনিস্টদের দেখতে পারতেন না। বলতেন, বিশ্বাসঘাতক। ওগুলান মনুষ্য পদবাচ্যই না। থু:!


অতবড়ো বাড়িতে রয়ে গেলাম আমরা দুই ভাই, আমি আর দাদা। ঠিক করে বললে বলতে হয়, রয়ে গেলাম আমি আর সিন্ধু।


দেখা যায়, একনায়কত্ব বংশপরম্পরায় হস্তান্তরিত হয় কিন্তু আমাদের সংসারে ব্যতিক্রম ঘটল। এ সংসারে এখন সিন্ধুই একনায়ক হল। এক ছেলে নিয়ে সিন্ধু নিজেতেই-নিজের সম্পূর্ণতায় বিশ্বাসী হয়ে প্রবল দাপটে সংসার করতে লাগল। তার সংসারে আমি, এই অধম অয়ন রায়, সম্পূর্ণ নিষ্প্রয়োজনীয় ও বাড়তি ব্যাপার হয়ে গেলাম।



সিন্ধু সংসার চেয়েছিল। স্বামী চায়নি।


সিন্ধু আমার ঠাকুরদার মতোই অত্যন্ত সক্ষম ও সার্থক নায়ক ছিল। তার সংসারে কোনো নিয়মের ব্যতিক্রম কেউ কখনো দেখেনি। পান থেকে চুন খসবার জোটি ছিল না। আমার কিঞ্চিৎ অযত্ন হবারও উপায় ছিল না কোনো। সময়মতো খাবার, অফিসের জামাকাপড় সব হাতের কাছেই পেতাম। অসুখ হলে ডাক্তার আসত যথাসময়ে। বাড়িঘরে কোথাও এককণা ধুলো কেউ দেখতে পেত না। কিন্তু নিয়মানুবর্তিতার বাইরে, পরিচ্ছন্নতার বাইরে, এই ঝাঁপি-মাপা কর্তব্যবোধের বাইরেও কিছু একটা থাকে প্রত্যেক মানুষের জীবনে, যা সে বড়ো কাঙালের মতোই প্রার্থনা করে, যা হয়তো ধুলোর মধ্যে বেনিয়মের মধ্যেই অবহেলায় পড়ে থাকে। সেই সামান্যতার আহ্লাদ অসামান্য সিন্ধুর চোখে কখনো পড়ল না। খিদের সময়ে খাবার ও অফিস-যাওয়ার সময়ে জামাকাপড় এবং ঝকঝকে তকতকে ঘরদোর ছাড়াও আমার যে ওর কাছে নরম, স্নিগ্ধ, অতিসাধারণ অথচ অসাধারণ কিছু চাইবার ছিল তা সিন্ধু কখনো বুঝল না। ও দাবি করল যে, এই-ই তো যথেষ্ট। এই নিয়েই আমার সন্তুষ্ট থাকা উচিত। যা পাচ্ছি, যতটুকু পাই, তা আমার পুণ্যবান স্বর্গত ঠ্যাঙাড়ে ঠাকুরদারই আশীর্বাদে। নিজেকে কখনো কখনো অযত্ন ও অনিয়মানুবর্তিতার শিকার করে তোলার অধিকারও যে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক অধিকার বলেই গণ্য একথা সিন্ধুভৈরবী মানতে তৈরি ছিল না।



নন্দার বিয়ে হয়ে গেছিল দিল্লিতে। চাকরি-করা একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার বিয়ের তিন বছর পর। সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। গত ছ-বছর নন্দা আমার জীবন থেকে মুছে গেছে।


সেদিন হঠাৎ ফোন করল নন্দা অফিসে। বলল, অয়নদা, আমরা দিল্লি থেকে এসেছি গতসপ্তাহে। ফ্ল্যাট পেয়েছি কোম্পানির। আপনার বাড়ি ফেরার পথেই পড়ে একেবারে। একদিন আসুন না বাবা। কত্বদিন আপনাকে দেখিনি। আজকেই আসুন।


সেদিন অফিসফেরতা গেছিলাম। কিন্তু না গেলেই বোধ হয় ভালো করতাম। নন্দা কী সুন্দর যে হয়েছে! বিয়ের পর মেয়েরা যে কত বদলে যায়। কী যে রহস্যময়ী, আর গভীর হয়ে যায়; তা বলার নয়। অবাক হয়ে নন্দার চোখে চেয়ে রইলাম। মনে হল, কাউকে ভালোবেসে, না-পেয়ে থাকলে তার কাছে কখনো যেতে নেই। বড়ো কষ্ট পেতে হয়; বড়ো কষ্ট।


নন্দা বলল, কী দেখছেন অমন করে? আমাকে কি কখনো দেখেননি আগে?


এই নন্দাকে দেখিনি।


কেন?



বলেই, নন্দা মুখ নামিয়ে নিল।


দেখলাম, ও স্বভাবেও অনেক বদলে গেছে। সেই চপলতা নেই, ছটফটে ভাব নেই।


হঠাৎ বলল, আপনার চেহারা এরকম বুড়োর মতো হয়ে গেছে কেন? কী হয়েছে আপনার?


কী হবে? বুড়ো হয়ে গেছি বলেই বুড়োর মতো হয়েছে।


আহা! আপনি মোটেই বুড়ো নন।


তার পর বলল, কী খাবেন বলুন?


কিছু খাব না। আমি কি তোমার কাছে খাওয়ার জন্যেই এসেছি?


বা: তা: কী হয়! আমার বাড়ি প্রথমবার এলেন। দাঁড়ান, আমি চা করে আনছি!



একটি ছোটো ছেলে ছিল, ওর কাজ করার। তাকে চায়ের জল চাপাতে বলে নন্দা আমাকে বসিয়ে রেখে চলে গেল। একটু পরে ফিরে এল হাতে একপ্লেট সন্দেশ আর চা নিয়ে।


বলল, একচামচ চিনি তো?


আমি হাসলাম। বললাম, এত বছর পরেও মনে আছে?


সন্দেশের প্লেটটা তেপায়ায় নামিয়ে রেখে বলল, আছে। কিছু কিছু কথা মনে আছে। মনে থাকবে। মনে থাকার যা, তা মনে থাকেই।


তারপর বলল, সন্দেশ খান।


বললাম, প্লিজ; শুধুই চা খাব।


ও বলল, একটু নিন।



আমি একটুকরো সন্দেশ ভেঙে নিলাম।


নন্দা হাসল। বলল, এই-ই আপনার দোষ। খুঁটে-খাওয়া আপনার স্বভাব; কেড়ে খেতে জানেন না। গোটা খেতে জানেন না।


তার পর চা ও প্লেট তুলে নিয়ে বলল, বলুন, আপনার খবর বলুন। বউদি কেমন আছে

**********
No Review
Related Books
Loading books…