
উজান
সমরেশ বসু
শালাদের খালি গান, ফুর্তি, গল্প, ঝগড়া। নিকুচি করেছে তোর—
ফুঁসতে ফুঁসতে, ঘরের নিরালা কোণের অন্ধকার ছেড়ে প্রায় একটা খ্যাপা জানোয়ারের মতো এসে নারান বেমালুম দুই থাপ্পড় কষাল গাইয়ে বেচনের গালে।
বেচনের সঙ্গে সমস্ত আসরটাই হাঁ করে তাকিয়ে রইল খ্যাপা নারানের দিকে। একে শনিবারের সন্ধ্যা, তায় কাল কারখানায় রবিবারের ছুটি। আসরের আর দোষটা কি?
দোষ নারানেরও বা কোথায়। একে লোকজনই সহ্য হয় না, তায় আবার গান বাজনা, ঢলাঢলি, হাসাহাসি।
এই আধো অন্ধকারে নারানকে একটা সাংঘাতিক কিছু মনে হয় না। মনে হয় যেন একটা ভূতে পাওয়া মানুষ। চোখে তার ক্ষিপ্ততা নেই, আছে অসহ্য চাপা যন্ত্রণার ছাপ। গোঁফ জোড়া অনেক দিন কাটছাঁট না হওয়ায় অসমানভাবে ঝুলে পড়েছে। মুখের হাড় বেরিয়ে, বাঁকা চোরা অনেকগুলো রেখা সুস্পষ্ট হয়ে তাকে একেবারে বুড়ো করে ফেলেছে এ বয়সেই।
সে চাপা গলায় প্রায় টেনে টেনে আর্তনাদ করে উঠল, শালার জগতে লোকজন, গাড়ি-ঘোড়া, কলকারখানা, গান, সোহাগ আর কাঁহাতক সওয়া যায়? পঙ্গপালের জাত এ মানুষগুলোন শালা একদিনে সাবাড় হয় না কেন? অ্যা, কেন হয় না?
কিন্তু বেচন ছেড়ে দিলে না। সে প্রায় লাফ দিয়ে উঠে সজোরে এক ঘুষি মারলে নারানের মুখে। শালা, তবে যা না, সাধু হয়ে বনে বনে ঘোরগে। এখানে কেন?
সবাই ভাবলে এখুনি একটা মারামারি শুরু হয়ে যাবে এবং একটা শশারগোলও উঠল সেই রকমের। কিন্তু কিছুই হল না। কারণ নারান একেবারে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল মুখে হাত দিয়ে।
আসলে সে তো মারামারি করতে আসেনি, এসেছে আর চুপ করে থাকতে না পেরে। মানুষের কোনও কিছুই যে তার আর সহ্য হয় না। কোনও বন্ধুর দুটো কথা বললো, মেয়েমানুষের একটু হাসি মসকরা বলল, ছাপোনার একটু সোহাগ বলো, মায় কারখানা, কাজ, বস্তি কিছুই ভাল লাগে না। মানুষের সমাজ তার কাছে বিষের মতো লাগে। অথচ সে একটা কাজের মানুষ। বনস্পতি ঘিয়ের কারখানায় সে কাজ করে। হাঁকে, ডাকে, হাসিতে, গানে সেও কিছু কম ছিল না।
তবে হ্যাঁ, তখন তার বউ ছিল, তিনটে ছেলে-মেয়ে ছিল। আর বউটা ছিল যেমনি চেহারায় শক্ত, তেমনি এক মুখেই কত কথা, ঝগড়া, হাসি, সোহাগ। তিনটে ছেলে-মেয়ে কাছে কাছে ঘুরত, যেন ধাড়ি শুয়োরের পায়ে পায়ে ফেরা বাচ্চাগুলোর মতো।
সেগুলো বছর ভরে ভুগল, পাকিয়ে পাকিয়ে গেল। তারপর মরল একটা একটা করে। আগে। যেমন রাগলে নারান বলত, তোরা মলে আমার হাড় জুড়োয় ঠিক তেমনি করে মরল। কিন্তু একে ঠিক হাড় জুড়ানো বলে কিনা, সেটা ঠাউরে উঠতে পারল না।
সেই থেকে মানুষই যেন তার কাছে বিষ হয়ে উঠল। মানুষকে সে ঘৃণা করে। গান বাজনা তো দূরের কথা, কোনও বউ সোয়ামীকে এক রত্তি হাসতে দেখলে তার ঠ্যাঙাতে ইচ্ছে করে। আসলে, এ সবই তার কাছে মিথ্যে, ভাঁড়ামি, শয়তানি!
কে নারানের নাম ধরে ডাকতেই সে আসরের সকলের দিকে তাকিয়ে দেখল। এর মধ্যে অনেকেই তার প্রাণের বন্ধু, বেচনও তাই। আর সকলেই তার দিকে করুণাভরে তাকিয়ে আছে যেন সে কেমন অসহায় অস্বাভাবিক একটা জীব। ঝি বউরা এমনভাবে তাকিয়ে আছে, যেন মরদ নারানের সব শোক পারলে ওরা এখনি হরণ করে নিত।
এতগুলো চোখকে তাকিয়ে থাকতে দেখে ঘৃণায় যন্ত্রণায় রি-রি করে উঠল তার গায়ের মধ্যে। এখনি হয় তো সবাই তাকে সান্ত্বনা দিতে আসবে, যেন কতই ভালবাসে।
পিশাচতাড়িতের মতো সে সেখান থেকে ছুটে বেরিয়ে গেল। কিন্তু সর্বত্রই মানুষের ভিড়, হাসি, গান, কান্না, মার, ধোর, হল্লা, যেন প্রেতের তাণ্ডবলীলা, জানোয়ারের সংসার!
শেষটায় সে গেল বাবুসাহেব দীনদয়াল সাহুর কাছে তার ধাপার মাঠের কাজের জন্য। সে জানত বাবুসাহেব এক জোড়া লোক খুঁজছে, স্বামী আর স্ত্রী। নারান জোর দিয়ে বলল, সে একলাই সব কাজ করতে পারবে, তবু মাঠের কাজটা তার চাই-ই। যতই অল্প পয়সা হোক, একটা পেট তো! দুনিয়াতে সে কার ধার ধারে? দীনদয়াল ভারী অবাক হলেও কাজটা দিয়ে দিল।
পরদিন নারান তার খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে, ইয়ার বন্ধুদের হাজার অনুরোধ উপরোধ ঠেলে, অমন একটা ভাল কাজ ছেড়ে চলে গেল পুবের জনমানবহীন শূন্য মাঠে।
শহর ছাড়িয়ে রেল লাইন। এ-পারে ময়লা বিশুদ্ধীকরণের যন্ত্রঘর, ও-পারে চারটে বড় বড় পুকুর, তাতে চালান যায় যন্ত্রের ভেতরের সব নির্দোষ শেষাংশটুকু। তার পরেই মাঠ, লোকে বলে ধাপা।
তার পূর্ব সীমানায় একখানি মেটে ঘর। আরও খানিক পুবে মিউনিসিপ্যালিটির সীমান্ত ধরে সুদীর্ঘ গভীর খাদ কাটা। তার ধারে কতগুলো মরকুটে খেজুর আর কুল গাছের সারি, একটা ধান খেতের সীমানা। সেটাও পুবে আর উত্তর দক্ষিণে দিগন্তবিস্তৃত, তার ওপারে ধু-ধু করে একটা গাঁয়ের কালচে রেখা।
দীনদয়াল সাহু এবার মাঠের ডাক নিয়েছে, উদ্দেশ্য তরকারি ও পুকুরে মাছের চাষ। চাষ বলতে বেগুন, কপি ইত্যাদি।
এখানে এসে বিস্ময়ে ও আনন্দে নারান যেন মাতাল হয়ে উঠল। তার ছোট্ট ঘর, পাশে বিস্তৃত একটি মাত্র পিটুলি গাছ! তার পর যে দিকে চাও শুধু মাঠ আর মাঠ। লোক নেই, জন নেই, নিঃশব্দ, বিস্তৃত, উদার অসীম আকাশ। সেই শূন্যতাকে দু-হাতে সাপটে ধরে সে যেন শিশুর মতো বিচিত্রভাবে হেসে উঠল, অসীমের মাঝে সে একান্ত হয়ে গেল যেন নির্জনতার মধ্যে একটানা ঝিঁঝিঁর ডাকের মতো।
কোনও ভিড় নেই, কোলাহল নেই, মানুষের সামান্যতম চিহ্ন নেই, এখানে শুধুই সে। নিশ্বাসের পর নিশ্বাসে বুকটা তার খালি হয়ে গেল। ঝড়ের পর এক মহাপ্রশান্তির শব্দহীন নিস্তব্ধতা। সেই শৈশবের কল্পনায় মনে হল, আকাশের অশরীরীরা এখানে এই ঘরেরই আনাচে কানাচে চলাফেরা করেন। আহা! জীবনটাকে যেন ফিরে পাওয়া গেল।
হেমন্তকাল। নারানের কাজ শুরু হয়ে যায়। অনেকখানি জায়গা জুড়ে প্রথমে আরম্ভ হয় বেগুনের চারা বোনা, আর একদিকে ফুলকপির। আরও খানিক দীর্ঘ জায়গা তৈরি করে রাখল বাঁধাকপির জন্য। পশ্চিম ঘেঁসে দিল গাজরের বীজ ছড়িয়ে, ঘরের পাশে করল বিলিতি বেগুনের খেত।
কোনখান দিয়ে সময় কাটে, নারান যেন চোখের পলকে ঠাওর পায় না। সেই ভোর থেকে কাজ শুরু হয়। দেখতে দেখতে বেলা হয়। তখন সে রান্না করে। খেয়ে খানিকক্ষণ খাটিয়াতে শুয়ে মুখে গামছা চাপা দিয়ে থাকে। তার পরেই আবার কাজ। সন্ধ্যা নেমে আসে, তারই মাথার উপর দিয়ে নানান পাখির দল বাড়ি ফিরে যায়। সে রেললাইনের ও-পারের কল থেকে জল নিয়ে আসে, রান্না করে। তার পর কোনও কোনওদিন বসে থাকে তার ঝকঝকে উঠোনে খাটিয়া পেতে, নয় তো তালা-চাবিকারিগরি বা স্বাধীন ব্যবসা নামের বই, অথবা কৃষ্ণলীলা, রামায়ণ খুলে বসে। তার পর খেয়ে-দেয়ে ঘুমোয়। মাসখানেক পরে কাজ একটু কমে এল তার। যা চাষ হয়েছে এখন তাকে বাঁচানোই সবচেয়ে বড় কাজ। পোকা মারা, আগাছা বাছা, জল নিকাশের পথটা একটু পরিষ্কার করা। জায়গাটাই সারের জমি, তবুও সে নানা রকম সার নিজে তৈরি করে।
এই অখণ্ড নৈঃশব্দ্যের মধ্যে কোনও কোনও সময় সে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। হেমন্তের আকাশে থেকে থেকে সাদা মেঘ কেমন করে আকৃতি বদলে ধীরে ধীরে উড়ে যায়, তাই দেখে তার সময় কেটে যায়। কখনও শালিকের ঝগড়া ও ঝুটোপুটি খেলা দেখে হেসে ওঠে। পায়রার ঝাঁক উড়ে আসে, ধাপার মাঠের পোকার লোভে আসে বকের দল। কাঠবেড়ালি এলে তাড়া করে, ওরা কচি পাতা পেলেই সাবড়ে দেয়।
রোজ ভোরবেলা ওই পিটুলি গাছটায় অসংখ্য পাখির কলকাকলীতে আগে তার ভারী বেজার লাগত। ভেবেছিল, ওটার ডালপালাগুলো কেটে দেবে, যাতে আর পাখি বসতে না পায়। পরে সে পাখিদের এ দাবিটা মেনে নিয়েছে।
সকালবেলার দিকে পশ্চিমের ময়লা-বিশুদ্ধির যন্ত্রটার দিকে কিছু কথাবার্তা শোনা যায়, কোনও কোনও সময় পুবের মাঠ থেকে ভেসে আসে হাঁকডাকের শব্দ গোরু বাছুরের হাম্বা রব। তার ছোট ঘরটাকে কাঁপিয়ে এবেলা ওবেলা যায় অনেকগুলো রেলগাড়ি। তার এ জনহীন প্রান্তরে আগে এসব বিরক্তির কারণ হলেও এখন আর তার যেমন কোনও কৌতূহল নেই, এ-সব কানেও তেমনি যায় না।
এর মধ্যে বার দু-তিনেক দীনদয়াল এসেছিল। কিন্তু নারান এমন ভাবে কোনও কথার জবাব না দিয়ে চুপ করে থাকত যে, দীনদয়ালের বিস্ময়-বিরক্তির সীমা থাকত না। তবু কিছু বলত না, কারণ, সত্যি, একলা মানুষটা কী করে মাটির বুক এত সম্ভারে পরিপূর্ণ করে তুলেছে ভাবলেও অবাক লাগে। নারানের মাথাটা খারাপ বলে সে ধরে নেয়। কিন্তু লোকটার আগমনে নারানের বিরক্তি আরও বাড়ে।
প্রায় রোজই একটা হলদে কুকুর কোত্থেকে সকালবেলা এসে তার গা শুঁকতে আরম্ভ করে, খেলার ভঙ্গি করে, ছুটে দাওয়ায় ওঠে! রাগে তার সর্বাঙ্গ জ্বলে যায়। মারলে ধরলেও আবার ঠিক আসে।
গৃহস্থের কোনও পোষমানা প্রাণীও এখানে তার অসহ্য লাগে।
শুধু মনটা নয়, চেহারাটাও নারানের কেমন বদলে গেছে। মুখটা যেন ভাবলেশহীন বোবার মতো, সমস্ত নৈঃশব্দ্য যেন সেখানে এঁটে বসেছে। সে নিজে একটি কথাও বলে না, এমন কী একটু গুনগুনও করে না। তবু এ মাঠ ও আকাশের সঙ্গে যেন তার একটা নিয়ত বিচিত্র ধারার বিনিময় চলেছে, তার কোনও শব্দ নেই।
কেবল ভর দুপুরবেলা যখন মাঠ ও আকাশ কেমন ঝিম মেরে থাকে, তখন ওই আকাশের বুক থেকে চিলের তীক্ষ্ণ চি চি আর্তস্বরে তার বুকের মধ্যে কেমন ধ্বক করে ওঠে। মনে হয় যেন কোনও শিশু মৃত্যুযন্ত্রণায় চিৎকার করছে।
এমনি রাতেও যখন কোনও পাখি বিলম্বিত সুরে ডেকে ওঠে, তার বুকের মধ্যে যেন দম আটকে আসে। মনে হয়, বুঝি কোনও বউ কাঁদছে ক্ষুধা ও রোগের যন্ত্রণায়। তখন সে একটা নিশাচর প্রেতের মতো সারা মাঠে প্রায় দাপাদাপি করে ফেরে। মাঠটা যেন তাকে গিলতে আসে।
এই সঙ্গেই কতগুলো ছবি পর পর তার চোখের সামনে ভেসে ওঠে। তার ফেলে আসা জীবন, তার পরিবেশ, সে জীবনের ঝড়ো বেগ, তার কলকোলাহল, তার কাজের উদ্দামতা। এক কথায় একটা বন্যার পাগলামি।
কিন্তু আবার তার মনটা ঠাণ্ডা হয়ে আসে। সে নতুন করে শিম লাউয়ের মাচা বাঁধতে আরম্ভ করে, উত্তরের তে-কোণ জমিটাকে তৈরি করে মটরশুঁটির জন্য।
হেমন্ত গিয়ে শীত এসে পড়ে।
পাতাল থেকে কচি শিশুর মুখের মতো যেন একটু একটু করে ফুলকপি তার পাতার আড়াল মেলে দেয়। বড় বড় নধর বেগুন উঁকি দেয় বড় বড় পাতার আড়াল থেকে। অনুক্ষণ সতর্ক থাকতে হয় ইঁদুর আর বেজীর জন্য। সোনার মতো গাজরগুলোর জন্য ওদের নোলা ছোঁক ছোঁক করে।
তার পর কাজের শেষে সেই আকাশের মুখোমুখি বসে থাকা, এই প্রকৃতিরই এক জনের মতো মিশে যাওয়া। একি জীবনের গা মেলে দেওয়া, শূন্যের মাঝে হারিয়ে যাওয়া বোঝা যায় না।
আরও একটা মাস কেটে গেল।
এমনি একদিন সকালবেলা বাঁধাকপির গোড়াগুলোতে সে মাটি তুলে দিচ্ছে। এমন সময় দেখল, ধাপা ও ধানখেতের সীমানায়, যেখানটায় খাদ খুব সরু এবং ঝোপঝাড় শুন্য খানিকটা ফাঁকা, সেখান দিয়ে একটা মেয়েমানুষ কোলে একটা বছর দু-তিনেকের বাচ্চা ও মাথায় একটা শাকের চুবড়ি নিয়ে লাফ দিয়ে তার সীমানায় এসে পড়ল। নারানের মনে হল, লাফটা যেন তার বুকেই পড়েছে। অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ চোখে সে ব্যাপারটা দেখতে লাগল।
মেয়েমানুষটি নারানকে দেখতেই পায়নি। সে তার কালো শক্ত পুষ্ট শরীরে দৃঢ় পদক্ষেপে, ডাগর ডাগর চোখে কিছুটা বিস্ময় কিছুটা কৌতূহল ও সংকোচ নিয়ে সোজা নারানের উঠোনে গিয়ে প্রথমে ছেলেটাকে নামাল, তারপরে শাকের চুবড়িটা। সেয়ানা বয়স, কপালে সিঁদুর নেই। সে কয়েকবার উঁকি ঝুঁকি দিল, ভ্রূ টেনে আপন মনে বুঝি একটু হাসল, তারপর এই মাঠের সমস্ত নৈঃশব্দ্যকে যেন মুহূর্তে ঝংকৃত করে তার সরু মিষ্টি গলায় ডেকে উঠল, কই গো কেউ নেই নাকি?
সে শব্দে যেন মাঠটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল।
নারান তো খেপে বারুদ! দীনদয়ালই যেখানে পাত্তা পায় না সেখানে কিনা একটা মেয়েমানুষ, একেবারে বাচ্চা নিয়ে! সে রাগে খ্যাঁক খ্যাঁক করতে করতে একেবারে হামলে পড়ল এসে, কেন, কেন? কাউকে দিয়ে তোমার কী দরকার?