Home
আহত ফণা

আহত ফণা

আশাপূর্ণা দেবী

আহত ফণা

আশাপূর্ণা দেবী
short story

Posted byশেষ নগরী17-May-2025

Change color

দেশটা বাংলা ছাড়িয়ে অনেক দূরে।

এখানে নতুন রাস্তা বানাতে, পাহাড়ের গা কাটতে হচ্ছে। আর গরমের দুপুরে প্রায়ই দু’একটা হতভাগ্যকে ‘লু’ লেগে মরতে শোনা যাচ্ছে। খবরটা নতুন নয়। যেমন নতুন নয়, শীতকালে ওই হতভাগ্যদের ঘরেই দু দশটা বাচ্চার শীতে জমে নিথর হয়ে যাওয়ার খবর।

এককথায় এখানকার আবহাওয়াটাই বেমাত্রা, বাংলা দেশের ধারে কাছে লাগে না।


তবু ‘সুজলা সুফলা শস্যশ্যামলা’ নাকি যেন বাংলা দেশের লোক পেটের ভাতের ধান্ধায় এখানেও ঠেলে এসে উঠেছে। এক আধজন নয়, বেশ কয়েকজন। তবে যার যেমন সার্কেল সে তেমন দলে ঘোরে, ‘বাঙালী’ খুঁজে বেড়াতে যায় না।


শুধু যাদের পদমর্যাদার কোনো বালাই নেই, তেমনি ক’জন খুদে খুদে বাঙালী জোগাড় করে একটা ছোট-খাটো দল গড়ে নিয়েছে। জরিপ আফিসের পিছনের বারান্দায় নিত্য সন্ধ্যাবেলা তারা একসঙ্গে বসে গুলতানি করে।



অবশ্য এদের দলে দু’জন অবাঙালীও আছে, সুখলাল আর গিরিধারী। ওদের মাতৃভাষা নাকি হিন্দী, কিন্তু বাংলাভাষায় দখল ওদের খাঁটি বাঙালী যতীন রাসবেহারী নন্দ অমূল্য প্রভাপদ আর জীবনের চাইতে কিছু কম নয়।


সামান্য যে দেহাতী ‘টান’টা বাঙালী নয় বলে ধরিয়ে দিতে পারতো, সেটাও আর পারে না, কারণ তেমন একটা ‘টান’ এদের কথার মধ্যেও এসে গেছে, অনেকদিন বাংলার বাইরে থেকে থেকে।


সুখলাল আর গিরিধারী তেরো চৌদ্দ বছর বর্ধমানে কাটিয়ে প্রায় বাঙালী বনে গেছে। তাই ছিটকে এখানে এসে পড়ে বাঙালীর আড্ডাটাই বেছে নিয়েছে। ওরা মাঝে মাঝে নিজের জাতভাইয়ের সম্পর্কে সব্যঙ্গে বলে, ‘শালা ছাতুখোর ভূত!’


‘তোরা তো ভাই একদম বাঙালী বনে গেছিস।’ বলে নন্দ।


ওরা হাসে, বলে ‘যে চিংড়িমাছ খেয়েছে, সে স্রেফ বাঙালী বনেছে। নইলে আর রোজ তোদের আড্ডায় ধর্না দিতে আসি?’


ওরা, মানে যতীন রাসবেহারী অমূল্যেরা অবশ্য অন্য কথা বলে। বলে, ‘প্রাণের টানটা বাঙালীর জন্যে নয়, পাখির জন্যে।…একা পাখির টানেই এতোগুলো নানান বয়সের পুরুষ এক জায়গায় এসে হাজির হয়।’



পাখির বয়েস ঠিক ধরা যায় না।


পাখির পাথরে কোঁদা স্বাস্থ্য, বয়েসকে যেন কোথায় একখানে বেঁধে রেখেছে। সেই উগ্র শরীরটা নিয়ে পাখি হেসে গড়িয়ে পড়ে ওদের কথা শুনে। বলে ‘মরণ আর কি! তোদের এই এতবড় গাঁ-খানায় বুঝি আর মেয়েছেলে নেই?’


ওরাও হাসে।


বলে ‘নেই! সত্যিই নেই। ‘মেয়ে’ আছে, ‘ছেলে’ আছে, মেয়েছেলে নেই! …শুনিস নি সেদিন অমূল্যর দুর্দশা? ঠক্কন মালির পরিবার যখন ইঁদারা থেকে জল আনছিল অমূল্য বুঝি তাকিয়ে একটু হেসেছিল। ব্যস, জলভরা মেটে কলসীটা অমূল্যর পিঠে চৌচির হল!…গায়ের ব্যথা মরতে অমূল্যর—’


পাখি আবার গড়ায়, ‘অমূল্য ওস্তাদের সখকেও বলিহারি! ঠক্কনের বৌ আবার মেয়েমানুষ নাকি? ওতো একটা সেপাই। ওর একখানা হাতের ওজন যে তোর চাইতে বেশী রে অমূল্য!’


‘কিন্তু চোখ দুটোয় মেরেছে—’



‘তা আর একটু মরলি না কেন অমূল্য? ওই চোখের তীর খেয়ে?’ বাচাল হাসি হাসে পাখি, ‘আমরা সবাই ‘হরিবোল’ দিয়ে তোকে সগগে পাঠিয়ে দিতাম।’


এই ওদের আড্ডা। এই কথা।


তবে এটা বেশীক্ষণ চলে না। দু’চার কথার পরই আসল আড্ডা শুরু হয়। পাখি তার তেলচিটে ছিটের থলি থেকে তাস বার করে।


তাস খেলারই আড্ডা চলে অনেক রাত্তির অবধি। সুখলাল ওদের ‘তিন তাসে’র খেলা শিখিয়েছে। এ খেলার নেশা মদের নেশার চাইতে কিছু কম নয়।


রাসবেহারী জরিপ অফিসের একটু মান্য গণ্য কর্মচারী, এদের মতো রাস্তা মাপা ‘খোঁটা পোঁতা’ কুলি নয়। অফিসের ফাইল-টাইল খাতা-পত্তর সব রাসবেহারীর তত্বাবধানে থাকে।


এই অফিস বাড়িতে আড্ডা বসাবার অধিকার রাসবেহারীরই দৌলতে, কারণ সে এখানে রাত্রে থাকে, অফিস ঘরের চাবি তার হাতে। তা প্রকৃতপক্ষে এ অফিসের ‘অফিসার’ রাসবেহারীই, কারণ আসল ‘সাহেব’ দৈনিক এক আধ ঘণ্টা মূর্তিটা দেখিয়ে যান!



বাকী সারা সময় রাসবেহারী।


পাখি রাসবেহারীর রান্নাটা করে দিয়ে যায়। বলাবাহুল্য পাখির খাওয়া-দাওয়া এখান থেকেই চলে। রাতের দিকে মাঝে মাঝেই রান্নার মাপ দশগুণ হয়।…ওরা সকলে চাঁদা দিয়ে ‘ফিস্টি’ লাগাতে আসে। দু’একটা বুনো মুরগী যোগাড় হলেই ‘ভোজ’!


এখানে কারুরই স্ত্রী কন্যা মা বোন নেই, তাই একটা মেয়ের হাতের রান্না পরিবেশন, হাসি কৌতুক কৃত কৃতার্থ করে তোলে এদের।


হোক সে খারাপ মেয়েমানুষ, হোক বাচাল বেহায়া জুয়ার নেশায় এবং আরো অন্য নেশায় আসক্ত, তবু তো মেয়ে! মরুভূমির শুকনো বালুর চড়ায় এক টুকরো ওয়েশিস!


পাখি এদিকে যতই বাচাল বেহায়া হোক, হাতের রান্নাটা তার খুব ভালো, তার খাওয়া দাওয়ার যত্নটা আন্তরিক। কাউকে আর পর করে না সে। রাসবেহারীকেও যেমন যত্নে পরিবেশন করে, নন্দকে যতীনকেও তেমনি যত্নে পরিবেশন করে। নেহাতই যারা খিদমদগার!



শ্রেণীর তারতম্য আছে, কিন্তু তাস ওদের ‘এক’ করেছে। তিন তাস। আর সেই একতার বাঁধন দিয়েছে পাখি।


শুধু মানি ঠক্কন ওদের এই হাসি হুল্লোড় খাওয়া মাখা দেখে রাগে জ্বলতে থাকে। এমন কি ওপরওলার কাছে রিপোর্ট করতেও চেষ্টা করেছিল, পাখির কথা তুলে দুর্নীতির প্রশ্ন আমদানী করেছিল। ঠিকেদার দাসবাবু, আর জরিপবাবু হেসে উঠে বলেছিলেন, ‘তোকে ভাগ দেয় না বুঝি? না জুয়ায় হেরে মরিস?’


কাজেই সে আর তার বাঘিনী বৌ এখানে এক ঘরে।


আজ আবার নাকি ঠক্কন প্রভাপদকে শাসিয়েছে, সাহেবকে বলে দেবে বলে, সেই কথা নিয়ে হাসাহাসি করতে করতে পাখি হঠাৎ বলে উঠলো, ‘নতুন সাহেব তো এসে গেল।’


‘ইঞ্জিনীয়ার’ শব্দটা যে পাখি উচ্চারণ করতে পারে না তা নয়, ওসব ওর ইয়ার্কি।


রাসবেহারী বললো, ‘হ্যাঁ। দাসবাবু, জরিপবাবু, অনঙ্গবাবু সবাই মিলে হন্তদন্ত হয়ে এস্টেশনে ছুটল যে সকালে!’



‘খুব নাকি বড় সাহেব?’


‘হ্যাঁ, বিলেত-ফের্তা। দু’তিন হাজার টাকা মাইনে। আসলে ওই ধলা পাহাড়টা ফাটিয়ে সোজা নতুন রাস্তা বার করা যায় কিনা তার নক্সা করতে এসেছে।’


আবার কি ঝামেলা বাধায় দেখ! ওসব কেষ্ট-বিষ্টু যত না আসে ততই মঙ্গল, যতীন বলে।


পাখি হেসে হেসে বলে, ‘তোর মঙ্গল’ করবার তালেই তো ঘুরছে ভগবান?…নে বোস। খালি কথা!’


তাস বিলি করতে করতে কিন্তু নিজেই আবার কথা ফাঁদে পাখি। বলে, ‘সাহেবের মেমও তো এসেছে!’


‘তা’ আর আসবে না কেন?’ প্রভাপদ নিশ্বাস ফেলে বলে, ‘তিন হাজার টাকার সাহেব মেম আনবে না? ওরা তাঁবুতেও মেম আনে। এ কী আমরা?’


ওর কথায় হেসে ওঠে সবাই।



সে হাসিতে কিন্তু কৌতুকের চাইতে ক্ষোভই প্রধান। ওরা তো দেখে আসছে চিরকাল, জগতের সমস্ত সুখ সৌভাগ্য আমোদ আহ্লাদ, ভগবান এক দিকেই ঢালে। যারা হতভাগা, তারা সব দিকেই হতভাগা।


‘ভগবানের পুষ্যিপুত্তুর ওরা—’ বলে নন্দ, ‘দুধের সর সব ওদের ভাগে।’


পাখি স্পষ্টবাদী। পাখি ন্যায্য অন্যায্য বোঝে। তাই পাখি তীক্ষ্ণ স্বরে বলে, ‘থাম নন্দ, মুখ্যুর মতন কথা বলিস নে। দুধের সর ওদের পাতে পড়বে না তো কি তোর পাতে পড়বে?…তুই দিয়েছিস ওদের মতন দশটা পাশ? বিলেত জার্মানী ঘুরে এসেছিস তুই? ওদের মতন মাখন মিছরীর ঘরে জন্মেছিস?…পূর্ব জন্মের সুকৃতি চাই বুঝলি? তার সঙ্গে ইহজন্মের চেষ্টা চাই। শুধু ওদের হিংসে করলেই হয় না। যে যেমন গাছ পুঁতবে সে তেমন ফল খাবে।’


‘পাখির কেবল সাহেবদের দিকে ঝোল টেনে কথা—’ অসন্তুষ্ট নন্দ বলে, ‘দে এক তাস।’


কিন্তু নন্দকে যতই হক কথা শোনাক, পাখির শরীরেই কি ঈর্ষা একেবারে নেই? না থাকলে সাহেবের মেমের প্রসঙ্গই তোলে কেন ঘুরে ফিরে?



‘সাহেবের মেম, বুঝলি অমূল্য, একেবারে পাকাটির গোছা শুধু হাড় আছে, আর কিছু নেই।’


অমূল্য একটা কুৎসিত ইঙ্গিতের মুখভঙ্গী করে বলে, ‘তবে আর কি, তোর তো পোয়া বারো।’


‘থাম অমূল্য, ছোটলোকমী করিসনা।…খেলবি তো খেল।’


‘আমার তো সবই ছোটলোকমী। বলি সরকার সাহেবের ব্যাপারটা তো এক্ষুনি তুলি নি রে?’


‘সে কথা বাদ দে! সেটাও একটা ছোটলোক! যাবার সময় আমার পাওনা টাকা বাকী রেখে চলে গেল।’


‘তুইও তাকে তেমনি কম অপমান করিস নি? এস্টেশনে গিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলি। নেহাৎ ট্রেন ছেড়ে দিল, তাই বাছাধন মুখ নিয়ে পালিয়ে বাঁচল।’


‘এ সাহেব অন্য রকম।’


বললো পাখি।



‘এতো সব এক্ষুণি দেখলি কখন তুই?’ রাসবেহারী বলে, ‘সেই তো একবার মাত্তর সাহেবের কোয়ার্টার ঝাড়ামোছা করে দিয়ে আসতে গেলি।’


‘ওই একবারেই হয়—’ পাখি মুচকি হেসে বলে, ‘হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা!’


রাসবেহারী মুচকি হেসে বলে, ‘তোর আগুনে সবাই সেদ্ধ হয়ে যায় শেষ অবধি।’


পাখি একটু মদগর্বের হাসি হাসে।…


এই ভাবেই কথা কয় ওরা।


উঁচু বলে যাদের মানতেই হয়, ‘বড়’ বলে স্বীকার না করে উপায় নেই যাদের, তাদের প্রতি আক্রোশটা এরা এইভাবেই মেটায়। নিজের এলাকায় বসে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে।


শুধু এরা বলেই নয়, সব ছোটরাই এ কাজ করে আসছে আদি অন্তকাল। আড়ালে রাজার মাকে ‘ডান’ বলার প্রথা তো এ যুগে সৃষ্টি হয়নি!



পরদিন কথাটা রাসবেহারীই তুললো।


বললো, ‘মুখুজ্যে সাহেবের বাংলোয় লোক চাই। মেয়েছেলে। মেমসাহেবের শরীর ভালো নয়, সর্বদা কাছে কাছে একটা মানুষ দরকার।…তোকে কাল এক নজর দেখেই মেমসাহেবের খুব মনে ধরে গেছে রে পাখি, ডেকে পাঠিয়েছে!’


বলে ভুরু নাচায় রাসবেহারী।


প্রভাপদ কুটিল দৃষ্টি হেনে বলে, ‘মনেটা ধরেছে কার গো রাসুদা? মেমসাহেবের, না খোদ সাহেবের?’


‘তা দু’জনারই। সাহেবই তো আমায় ডেকে বললো, ‘কাল যে মেয়েটি কাজ করে গেল, তাকে পাওয়া যাবে না?’…তা আমিও তোর দর বাড়ালাম বুঝলি পাখি, বললাম, ‘ও হুজুর একটু খামখেয়ালি। বাঁধাধরা কাজ বড় করে না। করলেও মাইনের খাঁই বেশী!’


‘তা কী বললো?’



‘বললো, মাইনের জন্যে কিছু এসে যাবে না। যা চাইবে পাবে।’


‘তাহলেই বোঝা গেছে’ বলে অভব্য হাসি হাসতে থাকে সবাই মিলে।


তাহলে কালই তোর ‘জয়েনিং ডেট’—হেসে ওঠে রাসবেহারী। তারপর বলে, ‘দেখিস ভাই, আমাদের যেন একেবারে বিস্মরণ হোস নি। তোর হাতের দুটো ভালো মন্দ খেয়েই তবু দেহটাকে টিকিয়ে রেখেছি।’


পাখি মৃদু হেসে বলে, ‘রান্না হবে।’


‘হবে? কখন আর হবে? বড় মানুষের বাড়ির মোটা মাইনের ঝি হবি এখন, চব্বিশ ঘণ্টার বাঁদী—’


‘ইস রে! চব্বিশ ঘণ্টার বাঁদী! এমন কাজ পাখি করে না। বলবো সন্ধের পর ছুটি দিয়ে দিতে হবে আমায়। নইলে কাজ করা চলবে না।’


‘শুনবে? মাইনের ডাঁট দেখাবে না?’


‘দেখালে করবো না। …দেখি মেমসাহেব এই পাখির মতন আয়া আর একটা কোথায় পায়।’


এ অহঙ্কার অবিশ্যি পাখির সাজে। এখানে যখন যে হোমরা-চোমরা আসেন, তাঁর বাড়ির কাজের জন্য ঠিক পাখির কাছে অনুরোধ আসে। আসল কথা বাঙালী ঝি দেখলেই মেমসাহেবদের মুখ দিয়ে নাল ঝরে।


অবাঙালী মেমসাহেবদেরও ঝরে।


বাঙালী ঝিয়ের পরিচ্ছন্নতা বোধ, পরিপাটি কাজ, অনেকেরই আকর্ষণীয়।


‘তাহলে তাসের আড্ডাটা জলাঞ্জলি যাচ্ছে না, কি বলিস?’


সুখলাল হৃষ্টচিত্তে বিড়ির বাণ্ডিল বার করে।


‘আমার রান্নাঘরটাই জাহান্নমে যাবে’, বলে রাসবেহারী। ‘সন্ধেবেলা চলে আসবো, আবার রাঁধতে আসবো, এতো আবদার খাটে না।’

**********
No Review
Related Books
Loading books…