
আদ্যশ্রাদ্ধ
সমরেশ মজুমদার
প্রথম এসেছিল অমল।
দিল্লি থেকে প্লেনেই উড়ে আসবে ভেবেছিল, কিন্তু রত্না বলেছিল, খামোকা অত টাকা কেন নষ্ট করবে, ট্রেনেই যাও, কোম্পানির পয়সায় তো ট্যুরে যাচ্ছ না!
কথাগুলো মনে ধরেছিল। অবশ্য টেলিগ্রাম পাওয়ার পর থেকেই মন অন্যরকম হয়ে গিয়েছিল। যেন দশমনি একটা পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে মনের আংটায়। নড়তে-চড়তে বুকের মধ্যে। যন্ত্রণা। নিশ্বাস ভারী। সড়সড় করে সমস্ত ছেলেবেলা, কিশোর এমনকী যৌবনের প্রারম্ভকাল শেকড়-উপড়ানোর মতো চলে এল সামনে। তৎক্ষণাৎ অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করেছিল সে। মা মৃত্যুশয্যায়, ছুটি তো মঞ্জুর হবেই।
অফিসে বসেই প্লেনের জন্যে চেষ্টা করবে ভেবেছিল অমল। তার আগে বাড়িতে রত্নাকে খবরটা দিল। বৃন্দাবনদা টেলিগ্রাম করেছেন। সব শুনে রত্না ওই কথাগুলো বলেছিল। আর তারপরেই মনে হয়েছিল, খুব একটা দেরি হবে না। রাতের প্লেন ধরে কলকাতায় পৌঁছতে সাড়ে দশটা। মাঝে-মাঝে এত লেট হয় দুটো বাজলেও অবাক হওয়ার কিছু নেই। তার চেয়ে বিকেলের। রাজধানী ধরে সকালেই পৌঁছে যাওয়া যায়। চটপট কিছু টাকা ব্যাঙ্ক তুলে ও নতুন দিল্লি স্টেশনের সামনে থেকে টিকিটের ব্যবস্থা করে বাড়িতে এসে শুয়েছিল খানিক। তিন বছরের বাপ্পা কাছে ঘেঁষতেই রত্না নিষেধ করেছিল, বাপ্পা, বাপীর কাছে যেও না, ঠাকুমার শরীর ভালো নেই। সী ইস লিভিং আস।
ইংরেজি চারটে শব্দ কানে খট করে বাজলেও চুপ করে থাকল অমল। তার সত্যিই কান্না পাচ্ছিল। কেউ রইল না তার। বাবার সঙ্গে কোনওদিনই সম্পর্ক ভালো নয়। মা-ই তাকে সবসময় আড়াল দিয়েছে। এমনকী রত্নাকে বিয়ের ব্যাপারটায় বাবার আপত্তি মায়ের জেদে নরম। হয়েছিল। সেই মা চলে যাচ্ছে, হয়তো কলকাতায় গিয়ে দেখবে চলেই গিয়েছেন। বুকের আংটা ওজনের ভারে যেন খসে পড়েছিল।
প্রচণ্ড উদ্বেগ নিয়ে হাওড়া স্টেশনে নেমে সে আর ট্যাক্সির লাইনের জন্যে দাঁড়ায়নি। বাড়তি টাকা দিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে ছুটে এসেছিল সল্টলেকে। এখানেই সুইমিং পুলের কাছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শতদল দত্ত বাড়ি করেছেন। আধুনিক সেই বাড়িতে মোট পাঁচটি ঘর। দোতলায় দুটি, একতলায় তিনটি, বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমল নিশ্বাস বন্ধ করে ওপরের দিকে তাকিয়েছিল। কোনও সাড়াশব্দ নেই। ভাড়া মিটিয়ে ব্যাগটা বাঁ-হাতে নিয়ে গেটের দিকে পা বাড়াতেই দোতলার বারান্দা থেকে বৃন্দাবনের গলা পাওয়া গেল, ওই যে, ছোট দাদা এসে গিয়েছে। বলার ধরনে এক ধরনের আহ্লাদ ছিল; সিঁড়িতে পা দিতে-দিতে তেমনই মনে হল অমলের। কেউ মরে গেলে এমন গলায় কথা বলা যায় না। অন্তত বৃন্দাবনদার মতো মানুষ তো পারবেই না।
বৃন্দাবনদা দরজা খুলেই বলল, যাক, তুমি এসে গিয়েছ! খুব ভালো হল।
মা কেমন আছে? প্রশ্নটা যেন ছিটকে বের হল।
মাথা নাড়ল বৃন্দাবনদা, না, তারপরেই কেঁদে ফেলল, ডাক্তার জবাব দিয়ে গিয়েছে।
কোথায় আছে? কোন নার্সিংহোমে?
না, না, বাড়িতেই আছে।
বাড়িতে? বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে?
মাথা নেড়ে হ্যাঁ বলল বৃন্দাবনদা, বয়েস হয়েছে। পনের দিন ধরে ভুগছেন, একটু-একটু করে, শেষে বুকের ব্যথা বাড়ল। বাবু নার্স আনালেন, অক্সিজেন, অক্সিজেন, স্যালাইন–সব বাড়িতেই দেওয়া হচ্ছে, কোনও ত্রুটি হয়নি।
দাদাদের খবর দিয়েছ?
হ্যাঁ। একসঙ্গেই টেলিগ্রাম করেছি। চল।
বাবা কোথায়?
তিনি তো মায়ের সামনে দিনরাত বসে আছেন। ওখানেই খান, ওখানেই ঘুমোন। শুধু বাথরুমের সময় ওঠেন। আরও জড়ভরত হয়ে গেল মানুষটা।
এই সময় বাইরে একটা গাড়ি দাঁড়াল। বৃন্দবনদা বলল, ডাক্তারবাবু এসেছেন।
অমল দেখল একটি প্রৌঢ় ভদ্রলোক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছেন। তাঁর সঙ্গে বৃন্দাবন আলাপ করিয়ে দিতে ভদ্রলোক বললেন, ভালো করেছেন এসে। ইটস এ লস্ট কেস। শরীর আর রেসপন্স করছে না। আমরা ভেবেছিলাম রাত কাটবে না। এখন যতক্ষণ থাকেন ততক্ষণই লাভ।
আপনি ওঁকে নার্সিংহোমে ট্রান্সফার করছেন না কেন?
কোনও লাভ নেই। এটা বয়সের ব্যাধি। নিজের জায়গায় শেষ নিশ্বাস ফেললে উনি বেশি আরাম পবেন। তাছাড়া মিস্টার দত্ত চিকিৎসার ত্রুটি রাখেননি।
ডাক্তারের পেছন অমল ওপরে উঠে এল। ঘরে ঢুকেই অমল শতদল দত্তকে দেখতে পেল। জানলার ধারে একটা ইজিচেয়ারে বসেছিলেন বৃদ্ধ। পায়ের শব্দে মুখে ফেরাতেই অমলের সঙ্গে চোখাচোখি হল। অজান্তেই কেঁপে উঠল অমল। বৃদ্ধের চোখে কোনও অভিব্যক্তি নেই। এগিয়ে এসে প্রণাম করতে যেতেই শতদল বললেন, থাক। অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই।
অমল হকচকিয়ে গেল। শতদলও কি অসুস্থ? সে মুখ ফিরিয়ে দেখল ডাক্তার মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সে মাথা নিচু করে এগিয়ে গেল মায়ের কাছে।
চারুশীলা শুয়ে আছেন। প্রায় অস্থির চেহারা। না, স্যালাইন বা অক্সিজেনের কোনও চিহ্ন দেখল না অমল। ডাক্তার ওঁর নাড়ি দেখছেন। স্টেথোস্কোপটা বুকে চাপলেন। তারপর মৃদুস্বরে ডাকলেন, মিসেস দত্ত আপনার ছেলে এসেছেন, মিসেস দত্ত?
মায়ের মুখে কোনও অভিব্যক্তি এল না। তাঁর চৈতন্য এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে জাগতিক কোনও শব্দও পৌঁছয় না। ডাক্তার বৃন্দাবনদাকে জিজ্ঞাসা করলেন, নার্স কোথায়?
এই মাত্র বাথরুমে গিয়েছে। বৃন্দাবনদা জবাব দিল।
ডাক্তার চলে গেলেন শতদল দত্তের কাছে, আপনি কিন্তু সারাক্ষণ এখানে এভাবে বসে থেকে অন্যায় করছেন। আপনাকে তো ওঁর কথা বলেছি।
ও কখন যাবে ডাক্তার।
সেটা বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি চিকিৎসাশাস্ত্রে এক্ষেত্রে কোনও কিছু করণীয় নেই।
তাহলে আমার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিলেই ভালো হয়। শতদল দত্ত মুখ ফিরিয়ে নিলেন। আর সেই সময় নার্স ঢুকল। মায়ের বিছানার পাশেদাঁড়িয়ে বেশ অবাক হয়ে গেল অমল। ভদ্রমহিলা সাদা শাড়ি, মানে যাকে বলে নার্সের ইউনিফর্ম পরেছেন বটে কিন্তু এমন লাস্যময়ী নার্স সে কখনও দেখেনি। ডাক্তার ভদ্রমহিলার সঙ্গে ওষুধ নিয়ে কথা বললেন। অমল মায়ের দিকে তাকাল। তার বুক কেঁপে উঠল। পাথরের মতো মুখ। মাথায় হাত বোলাল সে। তারপর নিচু গলায় ডাকল, মা!
চারুশীলার মুখে সামান্য কুঞ্চনও এল না। অমল কপাল, গাল, চিবুকে আঙুল বোলাল। তারপর গাঢ় গলায় আবার ডাকল, মা! মাগো!
চারুশীলার কোনও পরিবর্তন হল না। নার্স এগিয়ে এলেন, এক্সকিউস মি, উনি রেসপন্স করতে পারবেন না। ডেকে কোনও লাভ নেই।
মেজাজ খুব বিগড়ে ছিল কমলের। সুজাতা টিভি সিরিয়ালের সুটিং করতে গিয়ে ভোররাতে বাড়ি ফিরেছে। সে পইপই করে বলেছিল, টিভিতে অভিনয় করছ করো কিন্তু বাড়ির শান্তি যেন বজায় থাকে। সুজাতা সুন্দরী। যদিও তেত্রিশ বছর বয়েস কিন্তু রাখতে পেরেছে বলে পচিশের বেশি। মনে হয় না। ফিল্মেও সুযোগ পেয়েছিল সুজাতা কিন্তু রাজি হয়নি কমল। টিভি যেন ঘরোয়া শিল্প, সুজাতারও খুব আগ্রহ ছিল, রাজি না হয়ে উপায় ছিল না। সুটিং-এর জন্যে বাইরে রাত কাটানো এর আগে কখনও হয়নি। ইতিমধ্যে সুজাতার একটা সিরিয়াল নেটওয়ার্কে দেখিয়েছে। অফিসে এই কারণে কমলেরও গ্ল্যামার বেড়েছে। সুজাতার সঙ্গে বাইরে বেরুলে কেউ না কেউ তাকাবেই। গর্ব যে হয় না তা নয়। তাই বলে রাত কাটিয়ে ফিরবে? মেজাজ তাই ভালো ছিল না। এমন সময় টেলিগ্রামটা এল। মা মৃত্যুশয্যায়, তাড়াতাড়ি চলে এসো। বৃন্দাবনদা।
খপ করে বুকের বাঁ দিকটায় যেন খিচ লাগল কমলের। মায়ের সঙ্গে দেখা হয়নি অন্তত পাঁচ বছর। পাঁচ বছর কলকাতায় যাওয়া হয় না। বাবা সল্টলেকে বাড়ি করেছেন তা পাঁচ বছর আগে দেখে এসেছে সে। জন অ্যান্ড মিল কোম্পানির পাবলিক অফিসার কমল দত্ত এখন এত ব্যস্ত। মানুষ যে ব্যক্তিগত যোগাযোগ আত্মীয়দের সঙ্গে রাখতে পারে না। কিন্তু মা অসুস্থ, মৃত্যুশয্যায়, জানতে পারা মাত্র ওর মনে হল এক্ষুনি কলকাতায় যাওয়া উচিত। ভোররাতে ফেরা সুজাতাকে ঘুম থেকে তুলে ঘটনাটা বলল সে। সুজাতা বলল, অসম্ভব। আমার আগামী চারদিন শুটিং আছে। যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও।
প্রচণ্ড রেগে গেল কমল, কি আশ্চর্য, আমার মা তোমার শাশুড়ি!
চোখ ছোট করে সুজাতা জিজ্ঞাসা করল, তুমি আজ হঠাৎ খেপে গেলে কেন?
মানে?
এতগুলো বছর একবারও বুঝতে পারিনি মায়ের ওপর তোমার এমন টান আছে। উনি চিঠি দিলেও তো উত্তর লেখার সময় পেতে না। তা ছাড়া ভদ্রমহিলা অসুস্থ, আমার কিছু বলার নেই, কিন্তু তুমি তো জানতে ওঁর বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে।
কমল জানে। জানে বলেই সেইসময় মায়ের ওপর বেশ রেগে গিয়েছিল। কলকাতায় গিয়ে দু দিন থাকতে-না-থাকতেই সুজাতা হয় দার্জিলিং নয় দীঘায় বেড়াতে যাওয়ার প্ল্যান করত। মা বলেছিলেন, তাহলে লোক দেখিয়ে এখানে ওঠা কেন বাপু, হোটেলে থেকে ওসব করলেই পারো। কথাগুলো না বললেই পারতেন মহিলা। জ্ঞান হাওয়া ইস্তক দেখে এসেছে কমল, উনি সোজা কথা মুখের ওপর বলে দেন। বাবার সঙ্গে যে কতবার ঝগড়া এবং কথা বন্ধ হল তার ইয়ত্তা নেই।
অতএব আর কথা বাড়াল কমল। যতই হোক মা ইজ মা, সে মনে-মনে বলল। অতএব বোম্বে থেকে সকালেই প্লেনে দমদমে পৌঁছে যাবে ভেবেছিল। কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবস্থা প্রায় ট্রেনের মতন। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি ধরতে বেলা বারোটা বাজল। সেখান থেকে সোজা সল্টলেক।
বাড়ির সামনে ট্যাক্সির ভাড়া মিটিয়ে সিগারেট ধরাল কমল। মা যদি চলে গিয়ে থাকে, হঠাৎ বুকের ভেতর মেঘ জমতে শুরু করল, ঠোঁট কামড়াল সে। পা ভারী হয়ে উঠল। সে ধীরে-ধীরে ভেতরে ঢুকে বেল বাজাল। মিনিটখানেকের অপেক্ষা। কমলের মনে হচ্ছিল সে অন্য কারও বাড়িতে এসেছে। বয়স এবং দূরত্ব কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। দরজা খুলল। কমল অবাক হল, অমল দাঁড়িয়ে, পরনে পাঞ্জাবি এবং পাজামা। অর্থাৎ কমল তার আগেই এসে গিয়েছে। অমল বলল, ওছ দাদা, এসো।
কমল ঘরে ঢুকল। অমলকে সে কত বছর পরে দেখছে তা মুহূর্তে মনে করতে পারল না। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে আরও অস্বস্তি বাড়ল। সে জিজ্ঞাসা করল, মা?
অবস্থা ভালো নয়। ডাক্তার এসেছিলেন একটু আগে। বললেন কোনও চান্স নেই।
ঠিক কী হয়েছে?
বললেন বয়স হলে যা হয়। কথাও বলতে পারছেন না, কোনও হুঁশ নেই।
কমল ঠোঁট কামড়াল। হঠাৎ তার কান্না পেল। মুখ চোখ দুমড়ে গেল। চোখ ঝাঁপসা। ব্যাপারটা অমলকেও আচমকা স্পর্শ করল, দাদা, শক্ত হও। শী ইজ স্টিল উইথ আস।
মেজ আসেনি?
না। আমাদের তিনজনকেই একসঙ্গে টেলিগ্রাম করেছিল বৃন্দাবনদা।
আমরা বোম্বে দিল্লি থেকে আসতে পারলাম, আর ও গৌহাটি থেকে–। যাক, বাবা কেমন আছে? শক্ত আছে তো?
মনে হয় না। মায়ের ঘর থেকে বের হচ্ছেন না।
সেকি! মা কি বাড়িতে আছে?
হ্যাঁ, ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন নার্সিংহোমে নিয়ে গিয়ে কোনও লাভ হবে না। মায়ের কাছে গিয়ে আমারও তাই মনে হল।
কমল সোফায় বসে পড়ল। দুহাতে মুখ ঢাকার চেষ্টা করে আঙুলের ডগায় চোখ মুছল। অমল উলটো দিকে বসল। মুখ গম্ভীর। সে দাদাকে একবার দেখল। বউদি টিভি সিরিয়ালে অভিনয় করছে অথচ দাদার চেহারায় বয়স এসে গিয়েছে বেশ। জুলপি পাকা, সামনের দিকের চুল অনেকটা উঠে গিয়েছে। ভারী হয়েছে শরীর। ছেলেবেলায় দাদাকে সবাই বলত গুডি বয়। লালুভুলু। দাদার চেহারায় সেই মোলায়েম ব্যাপারটা আর নেই। ভালো চাকরি করে, পয়সাও বানিয়েছে কিন্তু অমলের মনে হল সুখে নেই দাদা। রত্না তো বউদিকে সহ্য করতে পারে না। নেট ওয়ার্কের সিরিয়ালে অভিনয় দেখে প্রচুর খুঁত বের করেছিল। কিন্তু আজ অমলের মনে হল দাদার মধ্যে আগেকার ভালো মানুষ ব্যাপারটা এখনও রয়ে গেছে।
সে জিজ্ঞাসা করল,