
আতঙ্কের অবসান
মনোজ সেন
চিত্তপ্রসাদবাবু ঘরে ঢুকেই অসন্তুষ্ট গলায় প্রশ্ন করলেন, ‘একী, বাকি সবাই কোথায়? একটু ঠান্ডা পড়েছে কি না-পড়েছে, অমনি লেপের গর্তে গিয়ে সেঁধিয়েছে বুঝি?’
সোমেশ বলল, ‘কেন রায়সাহেব, আমাদের কি আপনার যথেষ্ট বলে মনে হচ্ছে না?’
‘একেবারেই না। এসেছিলুম দাবা খেলব বলে অথচ…’
আমি বললুম, ‘একদিন দাবা না-খেললে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আপনি বসুন, চা খান আর আমাদের একটা গল্প বলুন।’
চিত্তপ্রসাদ একটা ইজিচেয়ারের ওপর বসতে বসতে বললেন, ‘জানতুম, আমি জানতুম।’
‘জানবেনই তো। আপনার মতো এমন রোমাঞ্চকর জীবন তো সকলের হয় না। তা, সেসব অভিজ্ঞতার কথা শুনতে চাইব, এতে অন্যায়টা কী?’
‘চিত্তপ্রসাদ মাথা নেড়ে মৃদু হেসে বললেন, ‘না, অন্যায় নয়। তবে কিনা, বুড়ো হয়ে পড়েছি— সবকথা সবসময় মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে, বলব গল্প। বলুন, কীসের গল্প শুনতে চান।’
সোমেশ বলল, ‘আচ্ছা রায়সাহেব, আমরা শুনেছি আপনার দুর্দান্ত সাহস, কোনো কিছুতেই আপনি ভয় পান না….’
চিত্তপ্রসাদ বাধা দিলেন। বললেন, ‘ভুল শুনেছেন। ভয় আমি বহুবার পেয়েছি, প্রচণ্ড ভয়ও পেয়েছি। বুদ্ধিমান লোক মাত্রেই ভয় পেয়ে থাকেন, যখন তিনি বিপদের গুরুত্বটা উপলব্ধি করতে পারেন। সেই ভয়কে জয় করে বিপদের মুখে এগিয়ে যাওয়ারই নাম সাহস। কোনো কিছু না-বুঝে দুম করে এগিয়ে যাওয়ার নাম গোয়ার্তুমি বা বোকামি।’
সোমেশ বলল, ‘হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। তবে আমি বলছিলুম কী, এমন কোনো ঘটনা কি আপনার জীবনে ঘটেছে, যখন বিপদ কেটে গেছে, ভয়ের কোনো কারণ নেই, তখনই আপনি প্রচণ্ড ভয় পেয়েছেন?’
চিত্তপ্রসাদ তাঁর চশমার মোটা লেন্সের ভেতর দিয়ে ঘোলাটে চোখে কিছুক্ষণ স্থিরদৃষ্টিতে সোমেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ‘আপনি কী বলতে চাইছেন আমি যে সঠিক বুঝেছি তা বলতে পারি না। তবে একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, যেটা হয়তো আপনি যেরকম বলছেন, অনেকটা সেরকমই হবে। সেই কাহিনিই আপনাদের বলি শুনুন—
আজ থেকে বছর চল্লিশ আগেকার কথা। সালটা উনিশ-শো তেতাল্লিশ কী চুয়াল্লিশ হবে, আমার সঠিক মনে নেই। সেইসময় আমাকে একবার যেতে হয়েছিল মুর্শিদাবাদ আর বীরভূমের বর্ডারে আমলকী বলে একটা গ্রামে। আমার দুটো উদ্দেশ্য ছিল সেখানে যাওয়ার— একটা প্রকাশ্য অন্যটা অপ্রকাশ্য। প্রকাশ্য কারণ ছিল, আমার সিনিয়ার মৃগাঙ্কবাবুর এক মক্কেলের সঙ্গে দেখা করা আর অপ্রকাশ্য কারণটা ছিল একটা রাজনৈতিক কর্তব্য গোপনে সম্পন্ন করা। দ্বিতীয় কারণটা সম্পর্কে আরও একটু বিশদভাবে বলা দরকার।
মৃগাঙ্কবাবুর যে মক্কেলের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছিলুম, তিনি আমলকী গ্রামের একজন বর্ধিষ্ণু বাসিন্দা ছিলেন। তাঁর জমিজমা তো ছিলই, তা ছাড়া নানারকম ব্যাবসাপাতিও ছিল। কিন্তু ভদ্রলোক প্রায় নিরক্ষর ছিলেন। ফলে, তাঁর মধ্যে আরও একটা জিনিস জন্মেছিল, যাকে বলতে পারেন, শিক্ষার প্রতি প্রচণ্ড অনুরাগ। তাঁর বাড়ি ভরতি অজস্র বই, পত্র-পত্রিকা ইত্যাদি থাকত, আর তাঁর দুই পুত্রবধূর নিয়মিত কর্তব্য ছিল, দু-বেলা সেইসব বই পড়ে শোনানো এবং তাদের গুণাগুণ নিয়ে আলোচনা করা। বুঝতেই পারছেন, তিনি তাঁর দুই ছেলেকেই উচ্চশিক্ষিত করেছিলেন আর পুত্রবধূদেরও এনেছিলেন লেখাপড়া জানা দেখেই। সেই ভদ্রলোকের নামও হয়তো আপনারা শুনে থাকতে পারেন। কলকাতার প্রভাময়ী গার্লস হাই স্কুল আর বহরমপুরের দিগ্বজয় বয়েস স্কুল এঁরই প্রতিষ্ঠিত। ভদ্রলোকের নাম দিগ্বজয় রায়।
আগেই বলেছি, ভদ্রলোকের দু-টি ছেলে। বড়োটি, অজয় রায়, কলকাতার বঙ্গবাসী কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন আর ছোটোজন, কাশীনাথ, ছিলেন পাটনার জনসন কলেজের অধ্যাপক। দু-জনেই প্রচণ্ড পণ্ডিত আর ভেতরে ভেতরে তেমনই দেশপ্রেমী। তাঁদের দেশপ্রেম মিটিংয়ে যাওযা, বক্তৃতা শোনা আর শ্লোগান দেওয়ার মধ্যে ছিল না। কাশীনাথ নানারকম বইটই পড়ে নিজের হাতেই পাটনার একটা ছাপাখানা বানিয়ে নিয়েছিলেন। অজয় অগ্নিবর্ষী সব প্রবন্ধ লিখতেন, কাশীনাথ ছাপতেন আর আমাদের পার্টির অফিসে দফায় দফায় সেইসব কাগজ নানা পোস্ট অফিস থেকে ডাকে পাঠাতেন। আমরা প্রথমটা তাঁদের চিনতুমই না, নামও জানা ছিল না। কিন্তু সেসব লেখা পড়ে বাঘা-বাঘা বিপ্লবীরও পিলে চমকে উঠত আর দেখতে-না-দেখতে সব বিলি হয়ে যেত, অফিসে পড়তে পেত না। সেসব লেখার কোনোটা যদি কোনো স্বদেশি কাগজ সাহস করে ছাপত তো তৎক্ষণাৎ পুলিশ এসে মহাহাঙ্গামা বাধিয়ে সম্পাদককে বগলদাবা করে নিয়ে যেত। কাজেই এসব প্রবন্ধের লেখকের সম্বন্ধে আমাদের যে একটা প্রবল কৌতূহল ছিল, তা তো বুঝতেই পারছেন।
এ লেখাগুলো যে মাঝে-মাঝে আমলকী থেকে আসে, সে খবরটা যে কী করে আমরা পেয়েছিলুম সেকথা আজ আর মনে নেই। তবে খবরটা পেতেই আমাদের পার্টির কর্তাব্যক্তিরা আমাকে ডেকে বললেন, ‘তুমি পত্রপাঠ ওখানে চলে যাও। খোঁজখবর নিয়ে দ্যাখো যে লেখককে খুঁজে পাও কি না।’
এখন প্রশ্ন উঠল, আমার একা যাওয়া সংগত কি না। যেমন আগুনের মতো লেখা, লেখকের স্বভাবও যদি তেমনই হয় তাহলে তাকে একা মোকাবিলা করতে যাওয়াটা উচিত হবে না বলেই সকলের মনে হল। যদি কোনোরকম ভুল বোঝাবুঝি হয় বা আমার সদুদ্দেশ্য সম্পর্কে তাঁর মনে যদি কোনোরকম সন্দেহ জাগে, তাহলে কি সেই ভ্রম বা সন্দেহ নিরসন করার সুযোগ পাওয়া যাবে? তার চেয়ে সঙ্গে আর-একজনকে নিয়ে যাওয়াই ভালো।
কিন্তু, যাবে কে? আর কী হিসেবেই বা যাবে? আমি তো জুনিয়ার উকিল, যাচ্ছি মক্কেল দিগ্বজয়বাবুর কাছে। এমন কে বেকার বসে আছে যে তস্য জুনিয়ার হয়ে ঘুরে বেড়াতে রাজি হবে?
তা, তেমন একজন লোকও পাওয়া গেল। তার নাম চন্দ্রনাথ গাঙ্গুলি। শোভাবাজার বোমার মামলার একজন আসামি, জেল ভেঙে পালিয়ে আমাদের পার্টি অফিসে গা ঢাকা দিয়ে বসেছিল। কোনো কাজকর্ম নেই, দিনরাত মুড়ি খায় আর হারমোনিয়াম বাজিয়ে হিজিবিজি গান গায়। সবাই তিতিবিরক্ত। কর্তারা বললেন, তুমি চাঁদুকে নিয়ে যাও।
কিন্তু যাও বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। চাঁদুর চেহারাটা এমন যে, দিনের বেলা রাস্তায় বেরোলেই পুলিশ ক্যাঁক করে ধরে ফেলবে। ছ-ফুটের ওপর লম্বা, টকটক করছে ফর্সা গায়ের রং, প্রকাণ্ড চওড়া কাঁধ, আর হাতদুটো যেন দুটো থাবা। একে পশ্চিমবঙ্গের একটা গণ্ডগ্রামে কোন ছদ্মবেশে নিয়ে যাই? চাকর সাজিয়ে নিয়ে যাওয়া চলবে না, আমার ভাই হিসেবে নিয়ে গেলে কেউ বিশ্বাসই করবে না, মেয়ে সাজাব তার উপায় নেই। শেষপর্যন্ত ঠিক হল, ওকে আমার এক আর্টিস্ট বন্ধু সাজিয়ে নিয়ে যাওয়া হবে। নাম ঠিক হল, অমরেন্দ্রনাথ ঠাকুর, এতদিন শহরে বসে বসে ছবি আঁকতেন, এখন গ্রাম বাংলার ছবি আঁকতে চান। অতএব চাঁদুর ওপর আদেশ হল, ছবি আঁকা সম্পর্কে যথাসাধ্য জ্ঞান অর্জন করো আর দাড়ি গজাও।
শুনে চাঁদু কেঁদে অস্থির। বলে, জীবনে কখনো কোনো ছবি আঁকিনি, দাড়ি গজালে গলা কুটকুট করে। কিন্তু কোনো ওজর আপত্তিই শোনা হল না। শেষপর্যন্ত অমরেন্দ্রনাথ ঠাকুর ফ্রেঞ্চকাট দাড়ি, ঢলঢলে আলখাল্লা, কাঁধে ঝোলার ভেতর ছবি আঁকার সরঞ্জাম, একটা ফ্লিপ ড্যাগার আর একটা ছোটো ছ-ঘরার রিভলভার নিয়ে আমার সঙ্গে আমলকী রওনা হলেন।
দিগ্বজয় রায়মশাইয়ের বাইরের ঘরে দুটো তক্তপোশ পেতে আমাদের রাত্রে শোওয়ার ব্যবস্থা হল। আমাদের ভাগ্যক্রমে তাঁর দুই ছেলেই তখন বাড়িতে। সকলে মিলে আমাদের যথেষ্ট যত্নআত্তি করলেন। কাশীনাথ ছিলেন আমার সমবয়সি আর অজয় সামান্য বড়ো, কাজেই প্রথম আলাপে ঘনিষ্ঠ হতে বেশি দেরি হল না।
তাতে লাভই হয়েছিল। প্রথমত, দেখা গেল যে অজয় আর কাশীনাথ, দু-জনেই ভারতীয় আর ইউরোপীয় শিল্পের ওপর যথেষ্ট জ্ঞান অর্জন করে বসে আছেন আর চাঁদু যে আবার সে বিষয়ে সবিশেষ অজ্ঞান তা-ও তাঁরা সম্যক উপলব্ধি করে ফেলেছেন। তবু চাঁদু সামলে নিয়েছিল। আর্টের থিয়োরিটিক্যাল দিকটা যে ওর বিশেষ সড়গড় নয়, সেটা প্রায় বুঝিয়ে এনেছিলেন। কিন্তু সব ভেস্তে গেল রাত্রি বেলা খাওয়া-দাওয়ার পর।
দিগ্বজয়বাবু তখন শুয়ে পড়েছেন। আমরাও শোওয়ার ব্যবস্থা করছি। এমন সময় দুই ভাই পান নিয়ে ঘরে এসে উপস্থিত। তখন আবার গল্প শুরু হল। একটু বাদেই কাশীনাথ বললেন, ‘দেখুন অমরেন্দ্রবাবু, আমরা যদি আপনাকে চন্দ্রনাথবাবু বা গাঙ্গুলীমশাই বলে সম্বোধন করি, তাতে কি আপনার বিশেষ আপত্তি হবে?’
বলাই বাহুল্য, আমরা দু-জনেই ভয়ানক চমকে উঠলুম।
কাশীনাথ হাত নেড়ে হাসতে হাসতে বললেন, ‘না, না, ভয় নেই। এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ। তবে বড্ড রিস্ক নিয়েছেন, যেকোনো সময় ধরা পড়ে যেতে পারতেন।’
আমি বললুম, ‘সম্পূর্ণ নিরাপদ কি না এখনও তো ঠিক বুঝতে পারছি না। তবে, সম্প্রতি একটা লেখা নজরে পড়েছিল, তার নাম— হু আর ক্রিমিনালস, ইন্ডিয়ান রেভেলিউশনারিস অর ব্রিটিশ পাইরেটস? তার লেখকের নাম ছিল স্কন্দগুপ্ত। আপনাদের দুই ভাইয়ের মধ্যে কাকে সেই নামে সম্বোধন করব, সেটা জানতে পারলে তবেই আমরা কতদূর নিরাপদ সেটা বুঝতে পারব।’
আমার কথা শুনে দুই ভাই একসঙ্গে হেসে উঠলেন। অজয় বললেন, ‘আপনারা স্কন্দগুপ্তকে খুঁজতেই এখানে এসেছেন, তাই না?’
আমি মৃদু হেসে বললুম, ‘সে-কথাটা খানিকটা ঠিক, পুরোটা নয়। আসলে আমরা তো সবসময়েই স্কন্দগুপ্তকে খুঁজছি। ইলিসিয়ম রোর কর্তারাও খুঁজছেন, তবে সে সম্পূর্ণ ভিন্ন কারণে। তবে আপনারা যদি বলেন, আপনাদের দু-জনের একজনও স্কন্দগুপ্ত নন, আমি সেকথা সানন্দে স্বচ্ছন্দে মেনে নেব। কারণ আমি জানি, হয়তো স্কন্দগুপ্ত আমাদের সকলের বিবেক, সমস্ত পরাধীন জাতির অন্তরাত্মা। সে কার মধ্যে দিয়ে কথা বলছে, সেটা কখনোই বড়ো কথা নয়। তবু আমরা তাকে খুঁজছি, এবং খুঁজব—’
কাশীনাথ সহাস্যে বললেন, ‘ আপনার কথা বুঝতে পারছি।’ বলে স্কন্দগুপ্ত সম্পর্কে সমস্ত কথা আমাদের বললেন।
আমি বললুম, ‘আমাদের যে সবকথা খুলে বললেন, ভালো করলেন না।’
কাশীনাথ আগের মতোই হাসতে হাসতে বললেন, ‘আমরা আপনাদের সম্পর্কে সবকথাই জানি চিত্তবাবু। এমনি-এমনি বিশ্বাস করে বসিনি। সে ব্যাপারে আমাদের কোনোরকম ভুল হয়নি। কিন্তু আপনারা এখানে এসে ভয়ানক ভুল করেছেন। আপনারা জানেন না যে আপনাদের কতখানি বিপদ।’
আমি উদবিগ্ন মুখে প্রশ্ন করলুম, ‘তার মানে?’
‘তার মানে খুবই সরল। আপনাদের পার্টি যখন খোঁজ পেয়েছে যে আমলকী গ্রাম থেকে স্কন্দগুপ্তের লেখা মাঝে মাঝে ডাকে দেওয়া হয়, তখন সে খবরটি যে এখনও পুলিশের কানে যায়নি, এরকম অনুমান করাটা আপনাদের উচিত হয়নি। কাজেই এ গ্রামের ওপর যে পুলিশের নজর পড়বে, এটা ধরে নেওয়াই আপনাদের স্বাভাবিক ছিল। এ-গ্রামে দু-তিনজন বিপ্লবী ছেলে আছে সন্দেহ নেই, কিন্তু পুলিশের নজর আমাদের দুই ভাইয়ের ওপরেও যে পড়বেই এটা আপনারা ধরে নেবেন আশা করেছিলুম। কিন্তু তা না-করে, আপনি চন্দ্রনাথবাবুকে নিয়ে একেবারে আমাদের বাড়িতেই উঠলেন— এটা ঠিক হয়নি। আমাদের জন্যে চিন্তা করি না, কারণ আমরা ঠিক বেরিয়ে যাব। কিন্তু চন্দ্রনাথবাবু? তাঁর নিরাপত্তার কথাটা একবার ভেবে দেখেছেন?’
আমি মাথা নীচু করে বললুম, ‘আমার অন্যায় হয়ে গেছে।’
অজয় বললেন, ‘অন্যায় আপনাদের কিছু হয়েছে, তাতে সন্দেহ নেই। এখন এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। আপনাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কলকাতায় ফিরে যাওয়া চলবে না, কারণ মাঝপথেই ধরা পড়ে যাবেন