
স্টেশনের নাম ঘুমঘুমি
সৈয়দ মুস্তাফা সিরাজ
ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে চারদিক দেখতে থাকলাম। মানুষ নেই জন নেই,
গাছ নেই পালা নেই, এ কেমন জায়গা?
নাঃ, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাকপরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোনও যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্যও কেউ নেই মনে হল।
স্টেশনের পিছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে– আস্তে হেঁটে স্টেশনঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণমামা থাকেন, ভাবতেই পারিনি।
চারদিকে ধুধু রুক্ষ মাঠ। কদাচিৎ দূরে একটা গাছ। সেও একেবারে ন্যাড়া। আর এদিকে-ওদিকে ছোটখাট পাহাড় বা টিলা। রেললাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খাঁখাঁ করছে চারপাশে।
রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়ে ছিলেন। মুখে গোঁফদাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণমামাকে। বললাম, আচ্ছা, স্টেশনমাস্টার অরুণ রায় কি আছেন, না বদলি হয়ে গেছেন?
একথা জিগ্যেস করার কারণ, অরুণমামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর। আর এখন বোশেখ মাস। তারপর এতদিন আর কোনও চিঠি লেখালেখি নেই।
তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবেন মানে? তিনি বহাল তবিয়তেই আছেন। তুমি কোত্থেকে আসছ?
–কলকাতা থেকে! অরুণবাবু আমার মামা হন।
অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে-হাসতে বললেন,-সুকু, তুই? ওরে, তুই এত্তো বড়টি হয়েছিস রে! আঁ? তোকে যে আর চেনাই যাচ্ছে না রে!
আর আমিও দাড়িগোঁফের আড়ালে অনেকদিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি। বললাম,–ও মামা! আপনাকেও যে চেনা যাচ্ছে না। দাড়িগোঁফ রেখে একেবারে সাধুসন্নেসী হয়ে গেছেন যে।
অরুণমামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন-ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন,–ভজুয়া! এ কে এসেছে দেখছিস। আমার ভাগ্নে সুকুমার!
ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল।
অরুণমামা বললেন,–বাবা ভজুয়া! আমি একে কোয়ার্টারে নিয়ে যাই। তুই থাকিস। সন্ধে ছটার ডাউন আসার সময় হয়ে গেল। সিগন্যাল দিয়ে রাখা।
ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণমামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা চটান মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘোমটা টানল আমাদের দেখে। অরুণমামা বললেন, লছমীবউ, বল তো এ কে? বলতে পারলি নে তো? আমার ভাগ্নে রে, ভাগ্নে। কলকাতা থেকে আসছে। তুই জল তুলে একবারটি আসবি। বুঝলি?
একটা মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণমামা বললেন, আমার বন্ধু বল, দেখাশোনার লোক বল, এই ভজুয়া আর তার বউ লছমী। একজন খালাসি ছিল ঝাটুয়া নামে। সে ব্যাটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে। আর নতুন লোক আজ অবধি এল না। কেউ এই ঘুমঘুমি স্টেশনে আসতে চায় না। বুঝলি?
বললাম, কেন মামা?
অরুণমামা ঘরে ঢুকে বললেন,–কেন তা বুঝতে পারছিস নে সুকু? এই পাণ্ডববর্জিত নির্জন জায়গায় কি কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁফিয়ে উঠবে।
–আপনি আছেন যে? তাছাড়া ওই ভজুয়া আর তার বউও তো আছে?
অরুণমামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন,–এর কোনও স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন সুকু। শুধু এটুকু বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনও কোনও মানুষ হয়তো ভালোবাসে। যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল। তারপর খারাপ লাগতে শুরু করল। তখন পড়াশুনায় মন দিলাম। রাজ্যের বইপত্তর কিনে আনি জংশন শহর থেকে, আর পড়ি। তারপর সয়ে গেল সব। এখন বরং এ জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাব। যাক গে, তুই আটচল্লিশ ঘণ্টার জানিতে ক্লান্ত। বারান্দায় বালতিতে জল আছে। হাত-মুখ ধুয়ে নে। আমি চা জলখাবারের জোগাড় করি।
অরুণমামা চোখ নাচিয়ে ফের বললেন,–বুঝতেই তো পারছিস, স্বপাক খাই। কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর।
আজ রাতে কী রান্না করব জানিস? পাঁঠার মাংস।
অবাক হয়ে বললাম,–পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা?
–মাইল পাঁচেক দূরে চণ্ডিকাঁদেবীর মন্দির আছে। কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে। বলি পড়লেই প্রসাদি মাংস পাঠিয়ে দেন।
বলে অরুণমামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত-মুখ-পা রগড়ে ধুলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোণায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড়-বড় ফুল ফুটেছে। এই রুক্ষ নীরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কী যে ভালো লাগল।
ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাই কঠিন। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবাফুলে গোলাপের মতো মিঠে আঁজালো গন্ধ কেন?
কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি। কিন্তু না, আর কোনও ফুলগাছ নেই। শুধু ওই একটাই জবা গাছ–প্রকাণ্ড ঝাড়। তাজ্জব হয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে। জবাফুলে গোলাপের গন্ধ!
ঠিক সেই সময় পাচিলের ওপর একটা বছর দশ-বারো বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের ওপর ওঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে। ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসিমুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কেঁকড়ানো চুলগুলো ঈষৎ লালচে। চোখের তারা নীল। মেমসায়েবদের মতো। গায়ের রঙ ধবধবে ফরসা।
বললাম,–কোথায় থাকো খুকুমণি?
কপরা খুকুমণিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখাল।
কিন্তু বাইরে তো কোনও বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ–একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ওই ভজুয়ারা থাকে তাহলে ভজুয়ারই মেয়ে। মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল,–একটা ফুল দাও না!
যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণমামা বলে উঠলেন,–ও কী করছিস সুকু? ফুল তুলছিস নাকি? উঁহু কক্ষনো ওই কাজটি করবি নে বাবা। ওই ফুলগুলো মানসিক করা। প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায়।
অপ্রস্তুত হেসে বললাম, মামা, ওই মেয়েটা ফুল চাইছিল কিনা, তাই…
অরুণমামা আমার কাছে দৌড়ে এসে বললেন,–মেয়েটা? কোন মেয়েটা?
ওই যে।–বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে কিন্তু কাকেও দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারি লাফ দিয়ে নেমে পালিয়েছে অরুণমামার ভয়ে।
অরুণমামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন, হুঁ।
তারপর আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপাগলায় বললেন,-একটা কথা বলি, শোন সুকু। ঘুমঘুমি বড় অদ্ভুত জায়গা। এখানে অনেক কিছু দেখবি। কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি।
অবাক হয়ে বললাম, অনেক কিছু দেখব মানে?
অরুণমামা গম্ভীরমুখে বললেন,–ওই মেয়েটা কে ছিল জানিস? আগেকার অ্যাংলো-ইন্ডিয়ান স্টেশনমাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর দশেক আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইনের ওপর খেলা করছিল, ট্রেনের হুইসেল শুনতে পায়নি।
শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব। আমি প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয় মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপিচুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, ভূতটুতে আমার বিশ্বাস নেই, মামা!
অরুণমামা হাসলেন না একটুও। আরও গম্ভীর হয়ে বললেন, তুমি এখন সোমত্ত ছেলেটি হয়ে উঠেছ। ভূতপ্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে কলকাতায় থাকো তুমি। সেখানে আলোর দেশ। কিন্তু বাবা সুকু, এ হল অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই। সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সাত মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল পাঁচেক দূরে। কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে।
অরুণমামাকে অবিশ্বাস করাও তো যায় না। আমার মায়ের দূর সম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। দুবছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র। তারপর আর পাত্তা নেই! গত দুবছর এমনি বেমালুম নিপাত্ত থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন। আসার সময় পাইনি। হঠাৎ কদিন আগে মা একটা কী যেন দুঃস্বপ্ন দেখেন। খুলে বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি, কেমন আছেন। তাই এমনি করে আসা।
কিন্তু ওই অল্পস্বল্প পরিচয়েই অরুণমামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীরপ্রকৃতির এবং সাহসী মানুষ। যাকে বলে ডানপিটে। এখনও বিয়ে করেননি। কাছের আত্মীয়স্বজন কেউ কোথাও নেই। একা থাকেন বরাবর। ওঁর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এমন ভুতুড়ে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম।
ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা? খুব জ্বালায় বুঝি?
অরুণমামা মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ। মেয়েটা পাজির পাড়া। সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিল করে হাসতে-হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। ভজুয়াকে জিগ্যেস করে দেখিস না! ওকে কি কম জ্বালায়? ওর টিকি ধরে টানে। হাঁটুর পেছনে আচমকা সুড়সুড়ি দেয়, আর ভজুয়া আছাড় খায়। পাজি মেয়েটার জন্যে বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে-মাঝে। একবার তো ট্রেন আসছে, লাইন ক্লিয়ারের……
বলতে-বলতে হঠাৎ থেমে অরুণমামা জানালার দিকে তাকিয়ে ধমক দিলেন, অ্যাই মঞ্জু! যাব নাকি? তবে রে পাজি মেয়ে।
উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন। কেরোসিন-কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা-পাতা ফেলে বিড়বিড় করে কী যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণে আমি বিস্ময়ে ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কক্ষনও এমন জায়গায় আসতাম না। ওরে বাবা, এ যে সারাক্ষণ ভূত-প্রেত নিয়ে থাকা। ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয় ভিরমি খেতাম সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে দু-তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিছু নেই।
একটু পরে দুজনে বসে চা খাচ্ছি, অরুণমামা বললেন, তাঁ, আর যা বলছিলাম। এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে-যেতে দেখবে। কোনওটা থামবে, কোনও যাত্রীও নামবে। কিন্তু জেনে রাখো, কোনও-কোনও গাড়ি মিথ্যে গাড়ি। তার মানে রেলগাড়িই নয়। স্রেফ ভুতুড়ে ট্রেন কিংবা ভুতুড়ে মালগাড়ি। যার যাত্রী, চেকার, গার্ড, ড্রাইভার, ফায়ারম্যান–সবাই ভূত-প্রেত। যে যাত্রী নামবে, সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে-মনে তৈরি হচ্ছিলামভূত হলে অ্যায়সা থাপ্পড় কষব!…
শুনে আমি আঁতকে উঠে বললাম, ওরে বাবা!
অরুণমামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন,–পাগল! তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ। দেখলেই চেনা যায়।
এই প্রথম আমার মনে হল, অরুণমামা আমার পিঠে যে-হাতটা এইমাত্র রেখে তুলে নিলেন, সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসাড় হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণমামাকে দেখে নিলাম মাঝে মাঝে। তারপ