Home
তুতানখামেনের গুপ্তধন

তুতানখামেনের গুপ্তধন

সৈয়দ মুস্তাফা সিরাজ

তুতানখামেনের গুপ্তধন

সৈয়দ মুস্তাফা সিরাজ
science fiction

Change color


প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর। ১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল। লন্ডন শহর থেকে প্রায় ষাট মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন। ইংলন্ডের হাউস অব লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তাঁর গ্রামের এই বাড়িটির নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ, লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তাঁর কৌতূহলের শেষ নেই।


ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন।


সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে। ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন।


ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। প্রায়ই তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে-ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাৎ কুড়িয়ে পেয়েছিলেন।



মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফ্যারাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অব দি কিংস অর্থাৎ রাজরাজড়ার উপত্যকা।


এই উপত্যকায় ঘুরতে-ঘুরতে ডেভিস হঠাৎ একটা ধ্বসেপড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়ামাটির। গায়ে চমৎকার কারুকার্য আছে। মুখের ঢাকনা সিল করা। সিলমোহরে যাঁদের নাম আছে, তারা কিন্তু ফ্যারাও নন, পুরুতঠাকুর।


প্রাচীন মিশরে দেবদেবীদের পূজারি পুরুতঠাকুররা খুব প্রতাপশালী ছিলেন। ফ্যারাও তাদের পরামর্শেই চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাঁদের সিলমোহর আছে, তাঁরা তুতানখামেন নামে এক রাজার পুরুত।


এই তুতানখামেন নামটা থাকায় লন্ডনের পণ্ডিতমহলে হইচই পড়ে গেছে। তুতানখামেন ছিলেন বয়সে কিশোর এক ফ্যারাও সিংহাসনে বসার পর মাত্র কিছু দিনের মধ্যেই তিনি মারা যান।


পুরোনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া ওই রাজরাজড়ার উপত্যকায় প্রাচীন ফ্যারাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল, তাতে তাঁর উল্লেখ ছিল।



কিন্তু ওই উপত্যকা তন্নতন্ন করে খুঁজে তার কবর বা মমি পাওয়া যায়নি। অমন তন্নতন্ন করে খোঁজার একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই পুরোনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল, তুতানখামেনের মৃত্যুর পর তার মৃতদেহ সে-আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণিমুক্তা-হীরাজহরতও রাখা হয়। বলা বাহুল্য, এই গুপ্তধনের লোভেই অত খোঁজাখুঁজি।


শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকী, চোর-অকাতরাও রাজরাজড়ার উপত্যকা চষে ফেলেছে। কিন্তু তুতানখামেনের কবরের কোনও হদিশ পায়নি কেউ।


শেষে সবাই ধরে নিয়েছিল, তুতানখামেন নামে কোনও ফ্যারাও ছিলেনই না। ওটা স্রেফ বানানো গল্প।


কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতানখামেনের পুরুতদের সিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝা যাচ্ছে, সত্যি ওই নামে একজন ফ্যারাও ছিলেন।


তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলোর সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছেন। ইংলণ্ডের আইনের এই রীতি। পৃথিবীর যেখানেই হোক, কোনও ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনও জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা জাদুঘরে জমা দিতেই হবে। নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই ওগুলো জমা দিতে বাধ্য হয়েছেন।



এখন দেখা যাচ্ছে, হাঁড়ির ভেতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার শবযাত্রার সময় পরতেন।


তার মানে, তুতানখামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথামত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন। মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয় তুতানখামেনের কবরও কোথাও আছে।


ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন, তারই কাছাকাছি কোথাও আছে। অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়েই মিশর থেকে চলে এসেছেন।


কেন চলে এসেছেন?


লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাতদুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠাল, তখন আমি ওর চেহারা দেখে অবাক হলাম। কী যেন আতঙ্কে ঠকঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখে বেশিকিছু জানতে পারলাম না। শুধু কোনওরকমে বলল, এগুলো ভুতুড়ে জিনিস। এর মধ্যে ভূতপ্রেত আছে।


মিশর থেকে লন্ডন অবধি আনতে তার নার্ভের চূড়ান্ত হয়েছে তাই এ আপদ বিদায় করে বাঁচতে চায়। এই বলে ডেভিস তক্ষুনি চলে গেল। আমি হাঁড়িগুলো সাবধানে একটা ঘরে তালাবন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি, ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা মৃত্যুর তেমন কোনও কারণ খুঁজে না পেয়ে বলেছেন, হার্টফেল। আমার অবাক লাগে, দৈত্যের মতো বলশালী এবং দুঃসাহসী মানুষ ডেভিস। তার বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানেন! অথচ সে হঠাৎ হার্টফেল করে রাতারাতি মারা পড়ল। এবং আমার কাছ থেকে যাওয়ার পরেই! এর কোনও মাথামুণ্ড খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা রহস্যময়। পুলিশের গোয়েন্দা দফতর স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা অবশ্য তদন্ত করে দেখছে।



সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনও অদ্ভুত কিছু ঘটেছে কি?


অধ্যক্ষ বলেন,–না। ওগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে গিয়ে রেখেছি। কিন্তু সেখানেও কোনও ভুতুড়ে ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুতদের পোশাক-আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা এখন এ কাজে ব্যস্ত।…


লর্ড কার্নারভন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন।


তুতানখামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেকদিনের। প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন। ইউরোপ ও আমেরিকার জাদুঘরে বা পুরাদ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরোনো পুঁথিশালায় পাঁচ বছর ধরে পুঁথি পড়ে এসেছেন–যদি তুতানখামেনের কবরের কোনও খোঁজখবর পান!


কিন্তু পাননি। এতদিন ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে, তার মুখেই জানা যেত। কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল।



লর্ড কার্নারভন তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকল তাঁর গাড়ি।


মাইল দশেক চলার পর হঠাৎ গাড়ির কলকবজা বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতে একটা গ্যারাজ ছিল। গ্যারাজের লোকেরা ঠেলতে-ঠেলতে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে ঘণ্টা তিনেক লেগে গেল।


গ্যারাজের মালিক একটু হেসে বলল, আজ দিনটা শুভ নয়। মশাই, বেরোবার আগে কি তারিখটা লক্ষ করেননি? আজ অপয়া তেরো। আনলাকি থার্টিন।


লর্ড কার্নারভন রেগে বললেন, ওসব আমি মানি নে হে, বুঝলে?


লোকটা মুচকি হেসে বলল, ঠিক আছে। ভালোয়-ভালোয় পৌঁছন, এই ইচ্ছে করতে আপত্তি নেই। তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন শাপ দেবেন না।


লর্ড কার্নারভন আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির।



লন্ডনের আধাআধি পথ এসেছেন, আবার হঠাৎ ঘড়ঘড় করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারাজ খুঁজতে বেরোতে হল। সঙ্গে চাকর না নিয়ে এসে ভুল করেছেন। এখন আর পস্তানো বৃথা।


যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তার।


সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে। বাতি জ্বলেছে সদ্য। কিন্তু রাস্তাঘাট, ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না। কখন বন্ধ হয়ে গেছে। বিরক্তমুখে লর্ড কার্নারভন গাড়ি চালাচ্ছেন।


একসময় হঠাৎ দেখতে পেলেন, সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে-দেখতে গাড়িটা এসে পড়ল।


কিন্তু আতঙ্কে লর্ড কার্নারভন দেখলেন, ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন। কিন্তু না–এই এসে পড়ল। লর্ড কার্নারভন ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়েই ব্রেক চাপলেন।


সঙ্গে-সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচণ্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি।



লোকজন দৌড়ে এল চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নারভনকে হাসপাতালে পৌঁছে দিল।


লর্ড কার্নারভনের জ্ঞান ফিরল তিন দিন পরে।


কিন্তু তারপর তিনি যা বললেন, শুনে তো ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন– এই রে! দুর্ঘটনার ধাক্কায় লর্ডসায়েবের মাথার গোলমাল হয়ে গেছে!


লর্ড বললেন,–ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের। কোচোয়ানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক। আরোহীকে অস্পষ্টভাবে দেখেছি। মনে হয়েছে, তার মাথায় ফ্যারাওয়ের মুকুট ছিল।


হাউস অব লর্ডসের সদস্য বলে কথা। তার চিকিৎসার কোনও ত্রুটি হবে বা। তাকে নিয়ে যাওয়া হল মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, নাঃ। লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন, তাতে বোঝা যায় উনি তখন হ্যাঁলুসিনেশন-এ আচ্ছন্ন ছিলেন অর্থাৎ চোখের ভুল। মিশরসংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে ফিরে আসছিলেন এবং সারাপথ মাথায় ওই চিন্তা ছিল। তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই উনি সাত তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। এমনও হতে পারে, হ্যাঁলুসিনেশন-এর ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে।



লর্ড কার্নারভন সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন। কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখে বললেন,–সামনের শীতকালটা আপনার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে। তাই ওই সময় আপনার কোনও গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত।


বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে। কিন্তু লর্ড কার্নারভন আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ। তিনি মিশরেই যাবেন।


নিছক বেড়াতে যাবেন না। রথ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানে নামবেন। সেই রাজরাজড়ার উপত্যকায় তন্নতন্ন অনুসন্ধান চালাবেন। কোথায় ডেভিস হাঁড়িগুলো পেয়েছিল, খুঁজে বের করবেন। মাটি খুঁড়তে তো হবেই। এজন্য লোকজন দরকার। অভিজ্ঞ তদারককারীও চাই।


এজন্য প্রচুর টাকা দরকার। ইংলন্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নারভনের দুটোরই কোনও অসুবিধা ছিল না।


তিনি সদলবলে মিশরের ভ্যালি অফ দি কিংস-এ গিয়ে তাঁবু পাতলেন।…



এদিকে যেদিন লর্ড কার্নারভন দুর্ঘটনায় আহত হন, সেদিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল।


হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে। কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে। বিশেষ করে ড্রইংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রইং জানা লোকের দরকার হতো, এখনও হয়। কিন্তু নিছক ড্রইংয়ে হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা চাই। কার্টারের সেসব কিছু ছিল না।


১৯১৩ সালের ১৩ই এপ্রিল কার্টা

**********
No Review
Related Books
Loading books…