বিপদ এক একটা মানুষের জীবনে ঠিক এমনি করিয়াই আসে। কেন আসে কেহ কিছুই বলিতে পারে না, কখন আসে তাহারও কোনও স্থিরতা নাই। তবু আসে।
শুনিলাম আমাদের প্রকাশেরও ঠিক তাহাই হইয়াছে।
অনেকদিন চুপচাপ বসিয়া থাকিবার পর চল্লিশ টাকা মাহিনার একটি চাকরি পাইয়া কি খুশিই না সে হইয়াছিল! পথে সেদিন আমার সঙ্গে দেখা। বলিল, ‘যাক ভাই, এতদিন পরে বাঁচা গেছে। একটা চাকরি পেয়েছি।’