Home
১৪০০ সাল

১৪০০ সাল

রবীন্দ্রনাথ ঠাকুর

১৪০০ সাল

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আজি হতে শতবর্ষ পরে

কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি

কৌতূহলভরে —

আজি হতে শতবর্ষ পরে ।

আজি নববসন্তের প্রভাতের আনন্দের

লেশমাত্র ভাগ —

আজিকার কোনো ফুল , বিহঙ্গের কোনো গান ,

আজিকার কোনো রক্তরাগ

অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে

তোমাদের করে

আজি হতে শতবর্ষ পরে ।

তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার

বসি বাতায়নে

সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি

ভেবে দেখো মনে —

একদিন শতবর্ষ আগে

চঞ্চল পুলকরাশি কোন্‌ স্বর্গ হতে ভাসি

নিখিলের মর্মে আসি লাগে —

নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন

উন্মত্ত অধীর —

উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখা

দক্ষিণসমীর —

সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরা

যৌবনের রাগে

তোমাদের শতবর্ষ আগে ।

সেদিন উতলা প্রাণে , হৃদয় মগন গানে ,

কবি এক জাগে —

কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়

কত অনুরাগে

একদিন শতবর্ষ আগে ।

আজি হতে শতবর্ষ পরে

এখন করিছে গান সে কোন্‌ নূতন কবি

তোমাদের ঘরে ?

আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন

পাঠায়ে দিলাম তাঁর করে ।

আমার বসন্তগান তোমার বসন্তদিনে

ধ্বনিত হউক ক্ষণতরে

হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব

পল্লবমর্মরে

আজি হতে শতবর্ষ পরে ।


**********
No Review
Related Books
Loading books…