Home
সুখ

সুখ

রবীন্দ্রনাথ ঠাকুর

সুখ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


আজি মেঘমুক্ত দিন ; প্রসন্ন আকাশ

হাসিছে বন্ধুর মতো ; সুমন্দ বাতাস

মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর —

অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্‌বধূর

উড়িয়া পড়িছে গায়ে । ভেসে যায় তরী

প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি

তরল কল্লোলে । অর্ধমগ্ন বালুচর

দূরে আছে পড়ি , যেন দীর্ঘ জলচর

রৌদ্র পোহাইছে শুয়ে । ভাঙা উচ্চতীর ;

ঘনচ্ছায়াপূর্ণ তরু ; প্রচ্ছন্ন কুটির ;

বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে

শস্যক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতে

তৃষার্ত জিহ্বার মতো । গ্রামবধূগণ

অঞ্চল ভাসায়ে জলে আকণ্ঠমগন

করিছে কৌতুকালাপ । উচ্চ মিষ্ট হাসি

জলকলস্বরে মিশি পশিতেছে আসি

কর্ণে মোর । বসি এক বাঁকা নৌকা- ' পরি

বৃদ্ধ জেলে গাঁথে জাল নতশির করি

রৌদ্রে পিঠ দিয়া । উলঙ্গ বালক তার

আনন্দে ঝাঁপায়ে জলে পড়ে বারম্বার

কলহাস্যে ; ধৈর্যময়ী মাতার মতন

পদ্মা সহিতেছে তার স্নেহ-জ্বালাতন ।

তরী হতে সম্মুখেতে দেখি দুই পার —

স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার ;

মধ্যাহ্ন-আলোকপ্লাবে জলে স্থলে বনে

বিচিত্র বর্ণের রেখা ; আতপ্ত পবনে

তীর উপবন হতে কভু আসে বহি

আম্রমুকুলের গন্ধ , কভু রহি রহি

বিহঙ্গের শ্রান্ত স্বর ।


আজি বহিতেছে

প্রাণে মোর শান্তিধারা — মনে হইতেছে

সুখ অতি সহজ সরল , কাননের

প্রস্ফুট ফুলের মতো , শিশু-আননের

হাসির মতন , পরিব্যাপ্ত বিকশিত —

উন্মুখ অধরে ধরি চুম্বন-অমৃত

চেয়ে আছে সকলের পানে বাক্যহীন

শৈশববিশ্বাসে চিররাত্রি চিরদিন ।

বিশ্ববীণা হতে উঠি গানের মতন

রেখেছে নিমগ্ন করি নিথর গগন ।

সে সংগীত কী ছন্দে গাঁথিব , কী করিয়া

শুনাইব , কী সহজ ভাষায় ধরিয়া

দিব তারে উপহার ভালোবাসি যারে ,

রেখে দিব ফুটাইয়া কী হাসি আকারে

নয়নে অধরে , কী প্রেমে জীবনে তারে

করিব বিকাশ । সহজ আনন্দখানি

কেমনে সহজে তারে তুলে ঘরে আনি

প্রফুল্ল সরস । কঠিন আগ্রহভরে

ধরি তারে প্রাণপণে — মুঠির ভিতরে

টুটি যায় । হেরি তারে তীব্রগতি ধাই —

অন্ধবেগে বহুদূরে লঙ্ঘি চলি যাই ,

আর তার না পাই উদ্দেশ ।

চারি দিকে

দেখে আজি পূর্ণপ্রাণে মুগ্ধ অনিমিখে

এই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল ,

মনে হল সুখ অতি সহজ সরল ।


**********
No Review
Related Books
Loading books…