Home
মালা

মালা

রবীন্দ্রনাথ ঠাকুর

মালা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


মালা

আমি যেদিন সভায় গেলেম প্রাতে ,

সিংহাসনে রানীর হাতে

ছিল সোনার থালা ,

তার ই ‘ পরে একটি শুধু ছিল মণির মালা ।

কাশী কাঞ্চী কানোজ কোশল অঙ্গ বঙ্গ মদ্র মগধ হতে

বহুমুখী জনধারার স্রোতে

দলে দলে যাত্রী আসে

ব্যগ্র কলোচ্ছ্বাসে ।

যারে শুধাই “ কোথায় যাবে ?” সে-ই তখনি বলে

“ রানীর সভাতলে । ”

যারে শুধাই “ কেন যাবে ?” কয় সে তেজে চক্ষে দীপ্ত জ্বালা

“ নেব বিজয়মালা । ”

কেউ বা ঘোড়ায় কেউ বা রথে

ছুটে চলে , বিরাম চায় না পথে ।

মনে যেন আগুন উঠল খেপে ,

চঞ্চলিত বীণার তারে যৌবন মোর উঠল কেঁপে কেঁপে ।

মনে মনে কইনু হর্ষে , “ ওগো জ্যোতির্ময়ী ,

তোমার সভায় হব আমি জয়ী ।

শূন্য করে থালা

নেব বিজয়মালা । ”

একটি ছিল তরুণ যাত্রী , করুণ তাহার মুখ ,

প্রভাত-তারার মতো যে তার নয়নদুটি কী লাগি উৎসুক ।

সবাই যখন ছুটে চলে

সে যে তরুর তলে

আপন মনে বসে থাকে ।

আকাশ যেন শুধায় তাকে —

যার কথা সে ভাবে কী তার নাম ।

আমি তারে যখন শুধালাম —

“ মালার আশায় যাও বুঝি ঐ হাতে নিয়ে শূন্য তোমার ডালা ?”

সে বলে , “ ভাই , চাই নে বিজয়মালা । ”

তারে দেখে সবাই হাসে ;

মনে ভাবে , “ এও কেন মোদের সাথে আসে

আশা করার ভরসাও যার নাইকো মনে ,

আগে হতেই হার মেনে যে চলে রণে । ”

সবার তরে জায়গা সে দেয় মেলে ,

আগেভাগে যাবার লাগি ছুটে যায় না আর-সবারে ঠেলে ।

কিন্তু নিত্য সজাগ থাকে ;

পথ চলেছে যেন রে কার বাঁশির অধীর ডাকে

হাতে নিয়ে রিক্ত আপন থালা ;

তবু বলে , চায় না বিজয়মালা ।

সিংহাসনে একলা বসে রানী

মূর্তিমতী বাণী ।

ঝংকারিয়া গুঞ্জরিয়া সভার মাঝে

আমার বীণা বাজে ।

কখনো বা দীপক রাগে

চমক লাগে ,

তারাবৃষ্টি করে ;

কখনো বা মল্লারে তার অশ্রুধারার পাগল-ঝোরা ঝরে ।

আর-সকলে গান শুনিয়ে নতশিরে

সন্ধ্যাবেলার অন্ধকারে ধীরে ধীরে

গেছে ঘরে ফিরে ।

তারা জানে , যেই ফুরাবে আমার পালা ,

আমি পাব রানীর বিজয়মালা ।

আমাদের সেই তরুণ সাথি বসে থাকে ধুলায় আসন - তলে ;

কথাটি না ব ' লে ।

দৈবে যদি একটি-আধটি চাঁপার কলি

পড়ে স্খলি

রানীর আঁচল হতে মাটির ‘ পরে ,

সবার অগোচরে

সেইটি যত্নে তুলে নিয়ে

পরে কর্ণমূলে ।

সভাভঙ্গ হবার বেলায় দিনের শেষে

যদি তারে বলি হেসে —

“ প্রদীপ জ্বালার সময় হল সাঁঝে

এখনো কি রইবে সভামাঝে । ”

সে হেসে কয় , “ সব সময়েই আমার পালা ,

আমি যে ভাই , চাই নে বিজয়মালা । ”

আষাঢ় শ্রাবণ অবশেষে

গেল ভেসে

ছিন্নমেঘের পালে ,

গুরু গুরু মৃদঙ্গ তার বাজিয়ে দিয়ে আমার গানের তালে ।

শরৎ এল , শরৎ গেল চলে ;

নীল আকাশের কোলে

রৌদ্রজলের কান্নাহাসি হল সারা ;

আমার সুরের থরে থরে ছড়িয়ে গেল শিউলিফুলের ঝারা ।

ফাগুন-চৈত্র আম-মউলের সৌরভে আতুর ,

দখিন হাওয়ায় আঁচল ভরে নিয়ে গেল আমার গানের সুর ।

কণ্ঠে আমার একে একে সকল ঋতুর গান

হল অবসান ।

তখন রানী আসন হতে উঠে ;

আমার করপুটে

তুলে দিলেন , শূন্য করে থালা ,

আপন বিজয়মালা ।



পথে যখন বাহির হলেম মালা মাথায় প ' রে

মনে হল বিশ্ব আমার চতুর্দিকে ঘোরে

ঘূর্ণি ধুলার মতো ।

মানুষ শত শত

ঘিরল আমায় দলে দলে —

কেউ বা কৌতূহলে ,

কেউ বা স্তুতিচ্ছলে ,

কেউ বা গ্লানির পঙ্ক দিতে গায় ।

হায় রে হায়

এক নিমেষে স্বচ্ছ আকাশ ধূসর হয়ে যায় ।

এই ধরণীর লাজুক যত সুখ ,

ছোটোখাটো আনন্দের ই সরল হাসিটুক ,

নদীচরের ভীরু হংসদলের মতো

কোথায় হল গত ।

আমি মনে মনে ভাবি , “ এ কি দহনজ্বালা

আমার বিজয়মালা । ”

ওগো রানী , তোমার হাতে আর-কিছু কি নেই ।

শুধু কেবল বিজয়মালা এই ?

জীবন আমার জুড়ায় না যে

বক্ষে বাজে

তোমার মালার ভার ;

এই যে পুরস্কার

এ তো কেবল বাইরে আমার গলায় মাথায় পরি ;

কী দিয়ে যে হৃদয় ভরি

সেই তো খুঁজে মরি ।

তৃষ্ণা আমার বাড়ে শুধু মালার তাপে ;

কিসের শাপে

ওগো রানী , শূন্য করে তোমার সোনার থালা

পেলেম বিজয়মালা ?

আমার কেমন মনে হল , আরো যেন অনেক আছে বাকি —

সে নইলে সব ফাঁকি ।

এ শুধু আধখানা ;

কোন্‌ মানিকের অভাব আছে এ মালা তাই কানা ।

হয় নি , পাওয়া সেই কথাটাই কেন মনের মাঝে

এমন করে বাজে ।

চল্‌ রে ফিরে বিড়ম্বিত , আবার ফিরে চল ,

দেখবি খুঁজে বিজন সভাতল —

যদি রে তোর ভাগ্যদোষে

ধুলায় কিছু পড়ে থাকে খসে ।

যদি সোনার থালা

লুকিয়ে রাখে আর-কোনো এক মালা ।

সন্ধ্যাকাশে শান্ত তখন হাওয়া ;

দেখি সভার দুয়ার বন্ধ , ক্ষান্ত তখন সকল চাওয়া-পাওয়া ।

নাই কোলাহল , নাইকো ঠেলাঠেলি

তরুশ্রেণী স্তব্ধ যেন শিবের মতন যোগের আসন মেলি ।

বিজন পথে আঁধার গগনতলে

আমার মালার রতনগুলি আর কি তেমন জ্বলে ।

আকাশের ঐ তারার কাছে

লজ্জা পেয়ে মুখ লুকিয়ে আছে ।

দিনের আলোয় ভুলিয়েছিল মুগ্ধ আঁখি

আঁধারে তার ধরা পড়ল ফাঁকি ।

এর ই লাগি এত বিবাদ , সারাদিনের এ ত দুখের পালা ?

লও ফিরে লও তোমার বিজয়মালা ।

ঘনিয়ে এল রাতি ।

হঠাৎ দেখি তারার আলোয় সেই যে আমার পথের তরুণ সাথি

আপন মনে

গান গেয়ে যায় রানীর কুঞ্জবনে ।

আমি তারে শুধাই ধীরে , “ কোথায় তুমি এই নিভৃতের মাঝে

রয়েছ কোন্‌ কাজে । ”

সে হেসে কয় , “ ফুরিয়ে গেলে সভার পালা ,

ফুরিয়ে গেলে জয়ের মালা ,

তখন রানীর আসন পড়ে বকুল - বীথিকাতে ,

আমি একা বীণা বাজাই রাতে । ”

শুধাই তারে , “ কী পেলে তাঁর কাছে । ”

সে কয় শুনে , “ এই যে আমার বুকের মাঝে আলো করে আছে ।

কেউ দেখে নি রানীর কোলে পদ্মপাতার ডালা ,

তারি মধ্যে গোপন ছিল , জয়মালা নয় , এ যে বরণমালা । ”


**********
No Review
Related Books
Loading books…