Home
ভোলা

ভোলা

রবীন্দ্রনাথ ঠাকুর

ভোলা

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 23-Apr-2025

Change color


হঠাৎ আমার হল মনে

শিবের জটার গঙ্গা যেন শুকিয়ে গেল অকারণে ;

থামল তাহার হাস্য-উছল বাণী ;

থামল তাহার নৃত্য-নূপুর ঝরঝরানি ;

সূর্য-আলোর সঙ্গে তাহার ফেনার কোলাকুলি ,

হাওয়ার সঙ্গে ঢেউয়ের দোলাদুলি

স্তব্ধ হল এক নিমেষে

বিজু যখন চলে গেল মরণপারের দেশে

বাপের বাহুর বাঁধন কেটে ।

মনে হল , আমার ঘরের সকাল যেন মরেছে বুক ফেটে ।

ভোরবেলা তার বিষম গন্ডগোলে

ঘুম-ভাঙনের সাগরমাঝে আর কি তুফান তোলে ।

ছুটোছুটির উপদ্রবে

ব্যস্ত হত সবে ,

হাঁ হাঁ করে ছুটে আসত “ আরে আরে করিস কী তুই ” বলে ;

ভূমিকম্পে গৃহস্থালি উঠত যেন টলে ।

আজ যত তার দস্যুপনা , যা-কিছু হাঁক ডাক

চাক-ভরা মৌমাছির মতো উড়ে গেছে শূন্য করে চাক ।

আমার এ সংসারে

অত্যাচারের সুধা-উৎস বন্ধ হয়ে গেল একেবারে ;

তাই এ ঘরের প্রাণ

লোটায় ম্রিয়মাণ

জল-পালানো দিঘির পদ্ম যেন ।

খাট-পালঙ্ক শূন্যে চেয়ে শুধায় শুধু , “ কেন , নাই সে কেন । ”

সবাই তারে দুষ্টু বলত , ধরত আমার দোষ ,

মনে করত , শাসন বিনা বড়ো হলে ঘটাবে আপসোস ।

সমুদ্র-ঢেউ যেমন বাঁধন টুটে

ফেনিয়ে গড়িয়ে গর্জে ছুটে

ফিরে ফিরে ফুলে ফুলে কূলে কূলে দুলে দুলে পড়ে লুটে লুটে

ধরার বক্ষতলে ,

দুরন্ত তার দুষ্টুমিটি তেমনি বিষম বলে

দিনের মধ্যে সহস্রবার করে

বাপের বক্ষ দিত অসীম চঞ্চলতায় ভরে ।

বয়সের এই পর্দা-ঘেরা শান্ত ঘরে

আমার মধ্যে একটি সে কোন্‌ চির-বালক লুকিয়ে খেলা করে ;

বিজুর হাতে পেলে নাড়া

সেই যে দিত সাড়া ।

সমান-বয়স ছিল আমার কোন্‌খানে তার সনে ,

সেইখানে তার সাথি ছিলেম সকল প্রাণে মনে ।

আমার বক্ষ সেইখানে এক-তালে ,

উঠত বেজে তার ই খেলার অশান্ত গোলমালে ।

বৃষ্টিধারা সাথে নিয়ে মোদের দ্বারে ঝড় দিত যেই হানা

কাটিয়ে দিয়ে বিজুর মায়ের মানা

অট্ট হেসে আমরা দোঁহে

মাঠের মধ্যে ছুটে গেছি উদ্দাম বিদ্রোহে ।

পাকা আমের কালে

তারে নিয়ে বসে গাছের ডালে

দুপুরবেলায় খেয়েছি আম করে কাড়াকাড়ি —

তাই দেখে সব পাড়ার লোকে বলে গেছে , “ বিষম বাড়াবাড়ি । ”

বারে বারে

আমার লেখার ব্যাঘাত হত , বিজুর মা তাই রেগে বলত তারে

“ দেখিস নে তোর বাবা আছেন কাজে ?”

বিজু তখন লাজে

বাইরে চলে যেত । আমার দ্বিগুণ ব্যাঘাত হত লেখাপড়ায় ;

মনে হত , “ টেবিলখানা কেউ কেন না নড়ায় । ”

ভোর না হতে রাতি

সেদিন যখন বিজু গেল ছেড়ে খেলা , ছেড়ে খেলার সাথি ,

মনে হল এতদিনে বুড়ো - বয়সখানা

পুরল ষোলো - আনা ।

কাজের ব্যাঘাত হবে না আর কোনোমতে ,

চলব এবার প্রবীণতার পাকা পথে

লক্ষ্য করে বৈতরণীর ঘাট ,

গম্ভীরতার স্তম্ভিত ভার বহন করে প্রাণটা হবে কাঠ ।

সময় নষ্ট হবে না আর দিনে রাতে ,

দৌড়ো বে মন লেখার খাতার শুকনো পাতে পাতে —

বৈঠকেতে চলবে না আলোচনা

কেব লই সৎপরামর্শ কেবল ই সদ্‌বিবেচনা ।

ঘরের সকল আকাশ ব্যেপে

দারুণ শূন্য রয়েছে মোর চৌকি-টেবিল চেপে ।

তাই সেখানে টিকতে নাহি পারি

বৈরাগ্যে মন ভারি ,

উঠোনেতে করছিনু পায়চারি ।

এমন সময় উঠল মাটি কেঁপে

হঠাৎ কে এক ঝড়ের মতো বুকের ' পরে পড়ল আমায় ঝেঁপে ।

চমক লাগল শিরে শিরে ,

হঠাৎ মনে হল বুঝি বিজুই আমার এল আবার ফিরে ।

আমি শুধাই , “ কে রে , কী রে । ”

“ আমি ভোলা ”, সে শুধু এই কয় ,

এই যেন তার সকল পরিচয় ,

আর কিছু নেই বাকি ।

আমি তখন অচেনারে দু-হাত দিয়ে বক্ষে চেপে রাখি ,

সে বললে “ ঐ বাইরে তেঁতুলগাছে

ঘুড়ি আমার আটকে আছে ,

ছাড়িয়ে দাও-না এসে । ”

এই বলে সে

হাত ধরে মোর চলল নিয়ে টেনে ।

ওরে ওরে এইমতো যার হাজার হুকুম মেনে

কেটেছিল নটা বছর , তারি হুকুম আজো মর্ত্যতলে

ঘুরে বেড়ায় তেমনি নানান ছলে ।

ওরে ওরে বুঝে নিলেম আজ

ফুরোয় নি মোর কাজ ।

আমার রাজা , আমার সখা , আমার বাছা , আজো

কত সাজেই সাজো ।

নতুন হয়ে আমার বুকে এলে ,

চিরদিনের সহজ পথটি আপনি খুঁজে পেলে ।

আবার আমার লেখার সময় টেবিল গেল নড়ে ,

আবার হঠাৎ উলটে পড়ে

দোয়াত হল খালি ,

খাতায় পাতায় ছড়িয়ে গেল কালি ।

আবার কুড়োই ঝিনুক শামুক নুড়ি

গোলা নিয়ে আবার ছোঁড়াছুঁড়ি ।

আবার আমার নষ্ট সময় ভ্রষ্ট কাজে

উলটপালট গন্ডগোলের মাঝে

ফেলাছড়া-ভাঙাচোরার ' পর

আমার প্রাণের চির - বালক নতুন করে বাঁধল খেলাঘর

বয়সের এই দুয়ার পেয়ে খোলা ।

আবার বক্ষে লাগিয়ে দোলা

এল তার দৌরাত্ম্য নিয়ে এই ভুবনের চিরকালের ভোলা ।


**********
No Review
Related Books
Loading books…