Home
বন্দি বন্দনা

বন্দি বন্দনা

কাজী নজরুল ইসলাম

বন্দি বন্দনা

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

আজি রক্ত-নিশি-ভোরে

একী এ শুনি ওরে,

মুক্তি-কোলাহল বন্দি-শৃঙ্খলে,

ওই কাহারা কারাবাসে

মুক্তি-হাসি হাসে,

টুটেছে ভয়-বাধা স্বাধীন হিয়া-তলে॥

ললাটে লাঞ্ছনা-রক্ত-চন্দন,

বক্ষে গুরু শিলা, হস্তে বন্ধন,

নয়নে ভাস্বর সত্য-জ্যোতি-শিখা,

স্বাধীন দেশ-বাণী কণ্ঠে ঘন বোলে,

সে ধ্বনি ওঠে রণি ত্রিংশ কোটি ওই

মানব-কল্লোলে॥

ওরা দু-পায়ে দলে গেল মরণ-শঙ্কারে,

সবারে ডেকে গেল শিকল-ঝংকারে,

বাজিল নভ-তলে স্বাধীন ডঙ্কারে,

বিজয়-সংগীত বন্দি গেয়ে চলে,

বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পশেছে রে

উতল কলরোলে॥

আজি কারার সারা দেহে মুক্তি-ক্রন্দন,

ধ্বনিছে হাহা স্বরে ছিঁড়িতে বন্ধন,

নিখিল গেহ যথা বন্দি-কারা, সেথা

কেন রে কারা-ত্রাসে মরিবে বীর-দলে।

‘জয় হে বন্ধন’ গাহিল তাই তারা

মুক্ত নভ-তলে॥

আজি ধ্বনিছে দিগ্‌বধূ শঙ্খ দিকে দিকে,

আজি গগনে কারা যেন চাহিয়া অনিমিখে,

ধু ধু ধু হোম-শিখা জ্বলিল ভারতে রে,

ললাটে জয়টিকা, প্রসূন-হার-গলে

চলে রে বীর চলে;

সে নহে নহে কারা, যেখানে ভৈরব-

রুদ্র-শিখা জ্বলে॥

কোরাস : জয় হে বন্ধন-মৃত্যু-ভয়-হর! মুক্তিকামী জয়।

স্বাধীন-চিত জয়। জয় হে

জয় হে! জয় হে! জয় হে!

**********
No Review
Related Books
Loading books…