Home
নববর্ষে

নববর্ষে

রবীন্দ্রনাথ ঠাকুর

নববর্ষে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


নিশি অবসানপ্রায় , ওই পুরাতন

বর্ষ হয় গত!

আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন

করিলাম নত ।

বন্ধু হও , শত্রু হও , যেখানে যে কেহ রও ,

ক্ষমা করো আজিকার মতো

পুরাতন বরষের সাথে

পুরাতন অপরাধ যত ।

আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন

অন্তরে আমার ,

সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন

ভুলিব আবার ।

তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে

অধমের করিয়ো বিচার ।

আজি নব-বরষ-প্রভাতে

ভিক্ষা চাহি মার্জনা সবার ।

আজ চলে গেলে কাল কী হবে না-হবে

নাহি জানে কেহ ,

আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে

আজিকার স্নেহ ।

যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে ,

অন্ধকারে ঢেকে যায় গেহ —

আজ এসো নববর্ষদিনে

যতটুকু আছে তাই দেহ ।


বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই ,

কত দেশ আছে!

কোথা হতে কয় জনা হেথা এক ঠাঁই

কেন মিলিয়াছে ?

করো সুখী , থাকো সুখে প্রীতিভরে হাসিমুখে

পুষ্পগুচ্ছ যেন এক গাছে —

তা যদি না পার চিরদিন ,

একদিন এসো তবু কাছে ।

সময় ফুরায়ে গেলে কখন আবার

কে যাবে কোথায় ,

অনন্তের মাঝখানে পরস্পরে আর

দেখা নাহি যায় ।

বড়ো সুখ বড়ো ব্যথা চিহ্ন না রাখিবে কোথা ,

মিলাইবে জলবিম্ব প্রায় —

একদিন প্রিয়মুখ যত

ভালো করে দেখে লই আয়!

আপন সুখের লাগি সংসারের মাঝে

তুলি হাহাকার!

আত্ম-অভিমানে অন্ধ জীবনের কাজে

আনি অবিচার!

আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ

এ জীবনে যা আছে আমার ।

তোমরা যা দিবে তাই লব ,

তার বেশি চাহিব না আর ।

লইব আপন করি নিত্যধৈর্যতরে

দুঃখভার যত ,

চলিব কঠিন পথে অটল অন্তরে

সাধি মহাব্রত ।

যদি ভেঙে যায় পণ , দুর্বল এ শ্রান্ত মন

সবিনয়ে করি শির নত

তুলি লব আপনার ‘ পরে

আপনার অপরাধ যত!

যদি ব্যর্থ হয় প্রাণ , যদি দুঃখ ঘটে —

ক ' দিনের কথা!

একদা মুছিয়া যাবে সংসারের পটে

শূন্য নিষ্ফলতা ।

জগতে কি তুমি একা ? চতুর্দিকে যায় দেখা

সুদুর্ভর কত দুঃখব্যথা ।

তুমি শুধু ক্ষুদ্র একজন ,

এ সংসারে অনন্ত জনতা ।

যতক্ষণ আছ হেথা স্থিরদীপ্তি থাকো ,

তারার মতন ।

সুখ যদি নাহি পাও , শান্তি মনে রাখো

করিয়া যতন ।

যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পার যদি ,

পরাভব করে আক্রমণ ,

কেমনে মরিতে হয় তবে

শেখো তাই করি প্রাণপণ ।

জীবনের এই পথ , কে বলিতে পারে

বাকি আছে কত ?

মাঝে কত বিঘ্নশোক , কত ক্ষুরধারে

হৃদয়ের ক্ষত ?

পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে ,

ক্ষমা করো আজিকার মতো —

পুরাতন বরষের সাথে

পুরাতন অপরাধ যত ।

ওই যায় , চলে যায় কালপরপারে

মোর পুরাতন ।

এই বেলা , ওরে মন , বল্‌ অশ্রুধারে

কৃতজ্ঞ বচন ।

বল্‌ তারে — দুঃখসুখ দিয়েছ ভরিয়া বুক ,

চিরকাল রহিবে স্মরণ ,

যাহা-কিছু লয়ে গেলে সাথে

তোমারে করিনু সমর্পণ ।

ওই এল এ জীবনে নূতন প্রভাতে

নূতন বরষ —

মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে ,

না পাই সাহস ।

নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু —

এসো এসো নূতন দিবস!

ভরিলাম পুণ্য অশ্রুজলে

আজিকার মঙ্গলকলস ।


**********
No Review
Related Books
Loading books…