Home
নীড় ও আকাশ

নীড় ও আকাশ

রবীন্দ্রনাথ ঠাকুর

নীড় ও আকাশ

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


নীড়ে বসে গেয়েছিলেম

আলোছায়ার বিচিত্র গান ।

সেই গানেতে মিশেছিল

বনভূমির চঞ্চল প্রাণ ।

দুপুরবেলার গভীর ক্লান্তি ,

রাত্রিবেলার নিবিড় শান্তি ,

প্রভাত - কালের বিজয় - যাত্রা ,

মলিন মৌন সন্ধ্যাবেলার ,

পাতার কাঁপা , ফুলের ফোটা ,

শ্রাবণ - রাতে জলের ফোঁটা ,

উসুখুসু শব্দটুকুন

কোটর - মাঝে কীটের খেলার ,

কত আভাস আসা - যাওয়ার ,

ঝর্‌ঝরানি হঠাৎ - হাওয়ার ,

বেণুবনের ব্যাকুল বার্তা

নিশ্বসিত জ্যোৎস্নারাতে ,

ঘাসের পাতার মাটির গন্ধ ,

কত ঋতুর কত ছন্দ—

সুরে সুরে জড়িয়ে ছিল

নীড়ে - গাওয়া গানের সাথে ।

আজ কি আমায় গাইতে হবে

নীল আকাশের নির্জন গান ?

নীড়ের বাঁধন ভুলে গিয়ে

ছড়িয়ে দেব মুক্ত পরান ?

গন্ধবিহীন বায়ুস্তরে

শব্দবিহীন শূন্য ' পরে

ছায়াবিহীন জ্যোতির মাঝে

সঙ্গীবিহীন নির্মমতায়

মিশে যাব অবাধ সুখে ,

উড়ে যাব ঊর্ধ্বমুখে ,

গেয়ে যাব পূর্ণসুরে

অর্থবিহীন কলকথায় ?

আপন মনের পাই নে দিশা ,

ভুলি শঙ্কা , হারাই তৃষা ,

যখন করি বাঁধন - হারা

এই আনন্দ - অমৃত পান ।

তবু নীড়েই ফিরে আসি ,

এমনি কাঁদি এমনি হাসি ,

তবুও এই ভালোবাসি

আলোছায়ার বিচিত্র গান ।


**********
No Review
Related Books
Loading books…