Home
কুয়ার ধারে

কুয়ার ধারে

রবীন্দ্রনাথ ঠাকুর

কুয়ার ধারে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তোমার কাছে চাই নি কিছু ,

জানাই নি মোর নাম—

তুমি যখন বিদায় নিলে

নীরব রহিলাম ।

একলা ছিলেম কুয়ার ধারে

নিমের ছায়াতলে ,

কলস নিয়ে সবাই তখন

পাড়ায় গেছে চলে ।

আমায় তারা ডেকে গেল ,

‘ আয় গো , বেলা যায় । '

কোন্‌ আলসে রইনু বসে

কিসের ভাবনায় ।

পদধ্বনি শুনি নাইকো

কখন তুমি এলে ।

কইলে কথা ক্লান্তকণ্ঠে

করুণ চক্ষু মেলে—

‘ তৃষাকাতর পান্থ আমি ' —

শুনে চমকে উঠে

জলের ধারা দিলেম ঢেলে

তোমার করপুটে ।

মর্মরিয়া কাঁপে পাতা ,

কোকিল কোথা ডাকে ,

বাবলা ফুলের গন্ধ ওঠে

পল্লীপথের বাঁকে ।

যখন তুমি শুধালে নাম

পেলেম বড়ো লাজ ,

তোমার মনে থাকার মতো

করেছি কোন্‌ কাজ ।

তোমায় দিতে পেরেছিলেম

একটু তৃষার জল ,

এই কথাটি আমার মনে

রহিল সম্বল ।

কুয়ার ধারে দুপুরবেলা

তেমনি ডাকে পাখি ,

তেমনি কাঁপে নিমের পাতা—

আমি বসেই থাকি ।


**********
No Review
Related Books
Loading books…