Home
আবেদন

আবেদন

রবীন্দ্রনাথ ঠাকুর

আবেদন

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ভৃত্য । জয় হোক মহারানী । রাজরাজেশ্বরী ,

দীন ভৃত্যে করো দয়া ।

রানী । সভা ভঙ্গ করি

সকলেই গেল চলি যথাযোগ্য কাজে

আমার সেবকবৃন্দ বিশ্বরাজ্যমাঝে ,

মোর আজ্ঞা মোর মান লয়ে শীর্ষদেশে

জয়শঙ্খ সগর্বে বাজায়ে । সভাশেষে

তুমি এলে নিশান্তের শশাঙ্ক-সমান

ভক্ত ভৃত্য মোর । কী প্রার্থনা ?

ভৃত্য । মোর স্থান

সর্বশেষে , আমি তব সর্বাধম দাস

মহোত্তমে । একে একে পরিতৃপ্ত-আশ

সবাই আনন্দে যবে ঘরে ফিরে যায়

সেইক্ষণে আমি আসি নির্জন সভায় ,

একাকী আসীনা তব চরণতলের

প্রান্তে বসে ভিক্ষা মাগি শুধু সকলের

সর্ব-অবশেষটুকু ।

রানী । অবোধ ভিক্ষুক ,

অসময়ে কী তোরে মিলিবে ।

ভৃত্য । হাসিমুখ

দেখে চলে যাব । আছে দেবী , আরো আছে —

নানা কর্ম নানা পদ নিল তোর কাছে

নানা জনে ; এক কর্ম কেহ চাহে নাই ,

ভৃত্য- ' পরে দয়া করে দেহো মোরে তাই —

আমি তব মালঞ্চের হব মালাকর ।

রানী । মালাকর ?

ভৃত্য । ক্ষুদ্র মালাকর । অবসর

লব সব কাজে । যুদ্ধ-অস্ত্র ধনুঃশর

ফেলিনু ভূতলে , এ উষ্ণীষ রাজসাজ

রাখিনু চরণে তব — যত উচ্চকাজ

সব ফিরে লও দেবী । তব দূত করি

মোরে আর পাঠায়ো না , তব স্বর্ণতরী

দেশে দেশান্তরে লয়ে । জয়ধ্বজা তব

দিগ্‌দিগন্তে করিয়া প্রচার , নব নব

দিগ্বিজয়ে পাঠায়ো না মোরে । পরপারে

তব রাজ্য কর্মযশধনজনভারে

অসীমবিস্তৃত — কত নগরনগরী ,

কত লোকালয় , বন্দরেতে কত তরী ,

বিপণিতে কত পণ্য — ওই দেখো দূরে

মন্দিরশিখরে আর কত হর্ম্যচূড়ে

দিগন্তেরে করিছে দংশন , কলোচ্ছ্বাস

শ্বসিয়া উঠিছে শূন্যে করিবারে গ্রাস

নক্ষত্রের নিত্যনীরবতা । বহু ভৃত্য

আছে হোথা , বহু সৈন্য তব ; জাগে নিত্য

কতই প্রহরী । এ পারে নির্জন তীরে

একাকী উঠেছে ঊর্ধ্বে উচ্চ গিরিশিরে

রঞ্জিত মেঘের মাঝে তুষারধবল

তোমার প্রাসাদসৌধ , অনিন্দ্যনির্মল

চন্দ্রকান্তমণিময় । বিজনে বিরলে

হেথা তব দক্ষিণের বাতায়নতলে

মঞ্জরিত-ইন্দুমল্লী-বল্লরীবিতানে ,

ঘনচ্ছায়ে , নিভৃত কপোতকলগানে

একান্তে কাটিবে বেলা ; স্ফটিকপ্রাঙ্গণে

জলযন্ত্রে উৎসধারা কল্লোলক্রন্দনে

উচ্ছ্বসিবে দীর্ঘদিন ছলছলছল —

মধ্যাহ্নেরে করি দিবে বেদনাবিহ্বল

করুণাকাতর । অদূরে অলিন্দ- ' পরে

পুঞ্জ পুচ্ছ বিস্ফারিয়া স্ফীত গর্বভরে

নাচিবে ভবনশিখী , রাজহংসদল

চরিবে শৈবালবনে করি কোলাহল

বাঁকায়ে ধবল গ্রীবা , পাটলা হরিণী

ফিরিবে শ্যামল ছায়ে । অয়ি একাকিনী ,

আমি তব মালঞ্চের হব মালাকর ।

রানী । ওরে তুই কর্মভীরু অলস কিংকর ,

কী কাজে লাগিবি ?

ভৃত্য। অকাজের কাজ যত ,

আলস্যের সহস্র সঞ্চয় । শত শত

আনন্দের আয়োজন । যে অরণ্যপথে

কর তুমি সঞ্চরণ বসন্তে শরতে

প্রত্যুষে অরুণোদয়ে , শ্লথ অঙ্গ হতে

তপ্ত নিদ্রালসখানি স্নিগ্ধ বায়ুস্রোতে

করি দিয়া বিসর্জন , সে বনবীথিকা

রাখিব নবীন করি । পুষ্পাক্ষরে লিখা

তব চরণের স্তুতি প্রত্যহ উষায়

বিকশি উঠিবে তব পরশতৃষায়

পুলকিত তৃণপুঞ্জতলে । সন্ধ্যাকালে

যে মঞ্জু মালিকাখানি জড়াইবে ভালে

কবরী বেষ্টন করি , আমি নিজ করে

রচি সে বিচিত্র মালা সান্ধ্য যূথীস্তরে ,

সাজায়ে সুবর্ণ-পাত্রে তোমার সম্মুখে

নিঃশব্দে ধরিব আসি অবনতমুখে —

যেথায় নিভৃত কক্ষে ঘন কেশপাশ

তিমিরনির্ঝরসম উন্মুক্ত-উচ্ছ্বাস

তরঙ্গকুটিল এলাইয়া পৃষ্ঠ- ' পরে ,

কনকমুকুর অঙ্কে , শুভ্রপদ্মকরে

বিনাইবে বেণী । কুমুদসরসীকূলে

বসিবে যখন সপ্তপর্ণতরুমূলে

মালতী-দোলায় — পত্রচ্ছেদ-অবকাশে

পড়িবে ললাটে চক্ষে বক্ষে বেশবাসে

কৌতূহলী চন্দ্রমার সহস্র চুম্বন ,

আনন্দিত তনুখানি করিয়া বেষ্টন

উঠিবে বনের গন্ধ বাসনা-বিভোল

নিশ্বাসের প্রায় , মৃদু ছন্দে দিব দোল

মৃদুমন্দ সমীরের মতো । অনিমেষে

যে প্রদীপ জ্বলে তব শয্যাশিরোদেশে

সারা সুপ্তনিশি , সুরনরস্বপ্নাতীত

নিদ্রিত শ্রীঅঙ্গপানে স্থির অকম্পিত

নিদ্রাহীন আঁখি মেলি — সে প্রদীপখানি

আমি জ্বালাইয়া দিব গন্ধতৈল আনি ।

শেফালির বৃন্ত দিয়া রাঙাইব , রানী ,

বসন বাসন্তী রঙে । পাদপীঠখানি

নব ভাবে নব রূপে শুভ-আলিম্পনে

প্রত্যহ রাখিব অঙ্কি কুঙ্কুমে চন্দনে

কল্পনার লেখা । নিকুঞ্জের অনুচর ,

আমি তব মালঞ্চের হব মালাকর ।

রানী । কী লইবে পুরস্কার ।

ভৃত্য । প্রত্যহ প্রভাতে

ফুলের কঙ্কণ গড়ি কমলের পাতে

আনিব যখন , পদ্মের কলিকাসম

ক্ষুদ্র তব মুষ্টিখানি করে ধরি মম

আপনি পরায়ে দিব , এই পুরস্কার ।

আশোকের কিশলয়ে গাঁথি দিব হার

প্রতি সন্ধ্যাবেলা , অশোকের রক্তকান্তে

চিত্রি পদতল চরণ-অঙ্গুলিপ্রান্তে

লেশমাত্র রেণু চুম্বিয়া মুছিয়া লব ,

এই পুরস্কার ।

রানী । ভৃত্য , আবেদন তব

করিনু গ্রহণ । আছে মোর বহু মন্ত্রী ,

বহু সৈন্য , বহু সেনাপতি — বহু যন্ত্রী

কর্মযন্ত্রে রত — তুই থাক্‌ চিরদিন

স্বেচ্ছাবন্দী দাস , খ্যাতিহীন , কর্মহীন ।

রাজসভা-বহিঃপ্রান্তে রবে তোর ঘর —

তুই মোর মালঞ্চের হবি মালাকর ।


**********
No Review
Related Books
Loading books…