Home
অবিনয়

অবিনয়

রবীন্দ্রনাথ ঠাকুর


হে নিরুপমা ,

চপলতা আজ যদি কিছু ঘটে

করিয়ো ক্ষমা ।

এল আষাঢ়ের প্রথম দিবস ,

বনরাজি আজি ব্যাকুল বিবশ ,

বকুলবীথিকা মুকুলে মত্ত

কানন -' পরে—

নবকদম্ব মদিরগন্ধে

আকুল করে ।

হে নিরুপমা ,

আঁখি যদি আজ করে অপরাধ

করিয়ো ক্ষমা ।

হেরো আকাশের দূর কোণে কোণে

বিজুলি চমকি উঠে খনে খন ে ,

বাতায়নে তব দ্রুত কৌতুকে

মারিছে উঁকি—

বাতাস করিছে দুরন্তপনা

ঘরেতে ঢুকি ।

হে নিরুপমা ,

গানে যদি লাগে বিহ্বল তান

করিয়ো ক্ষমা ।

ঝরঝর ধারা আজি উতরোল ,

নদীকূলে - কূলে উঠে কল্লোল ,

বনে বনে গাহে মর্মরস্বরে

নবীন পাতা—

সজল পবন দিশে দিশে তুলে

বাদলগাথা ।

হে নিরুপমা ,

আজিকে আচারে ত্রুটি হতে পারে ,

করিয়ো ক্ষমা ।

দিবালোকহারা সংসারে আজ

কোনোখানে কার ও নাহি কোনো কাজ ,

জনহীন পথ ধেনুহীন মাঠ

যেন সে আঁকা—

বর্ষণঘন শীতল আঁধারে

জগৎ ঢাকা ।

হে নিরুপমা ,

চপলতা আজি যদি ঘটে তবে

করিয়ো ক্ষমা ।

তোমার দুখানি কালো আঁখি -' পরে

শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে ,

ঘন কালো তব কুঞ্চিত কেশে

যূথীর মালা ।

তোমারি ললাটে নববরষার

বরণডালা ।

**********
No Review
Related Books
Loading books…