Home
সংসারে এক সন্ন্যাসী

সংসারে এক সন্ন্যাসী

সুনীল গঙ্গোপাধ্যায়

সংসারে এক সন্ন্যাসী

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byশেষ নগরী20-May-2025

Change color

১-২. ঘুম ভাঙার পর

সকালবেলা ঘুম ভাঙার পরই মানবেন্দ্রর মনে পড়ল প্রজাপতিটার কথা। তিনি মাথা ঘুরিয়ে ডান পাশে তাকালেন। প্রজাপতিটা এখনও নিথর নিস্পন্দ হয়ে দেয়ালের গায়ে লেপটে আছে। গুণ্ডা টিকটিকিটা ধারেকাছে কোথাও নেই।

প্রজাপতি নয়, মথ। বেশ বড়, দুই ডানার বিস্তৃতি প্রায় তিন ইঞ্চি, গাঢ় বেগুনি ভেলভেটের মতো গা। প্রাণীটি বড়ই শান্ত এবং সুন্দর। প্রজাপতির চাঞ্চল্য মথের থাকে না। মথের কোনও প্রচলিত বাংলা নামও নেই। কাল রাতে মানবেন্দ্র কিছুক্ষণ শুয়ে চিন্তা করেছিলেন মথের বাংলা ডাকনাম কী হতে পারে। পছন্দমতো কিছু খুঁজে না পেয়ে এক সময় বিরক্ত হয়ে ভেবেছিলেন, আমাকে তো কেউ প্রতিশব্দ খোঁজার দায়িত্ব দেয়নি। আমার মাথা ঘামাবার দরকার কী! যদিও প্রজাপতির মতো মথেরও একটা সুন্দর নাম প্রাপ্য ছিল।


মানবেন্দ্র বিছানা থেকে উঠে এসে একটা জানলা খুলে দিলেন। কাল রাতে খুব শীত ছিল, সব জানলা বন্ধ রাখতে হয়েছিল। এখন টাটকা হাওয়া ঝলকে ঝলকে ঘরে আসে। এবং শরীরের মধ্যেও ঢুকে, মনে হয় যেন রক্ত, শিরা-উপশিরা ধুয়ে দিচ্ছে, পরিচ্ছন্ন করে তুলছে সকালবেলার মানুষকে। মানবেন্দ্র একটুক্ষণ তাকিয়ে রইলেন বাইরের দিকে। তার জানলার ঠিক নিচেই একটি চন্দ্রমল্লিকা ফুল গরবিনীর মতো ভুরু তুলে আছে। যেন সে মানবেন্দ্রর সঙ্গে কথা বলতে চায়।



মানবেন্দ্র চন্দ্রমল্লিকাকে জিজ্ঞেস করলেন, কী, ভাল আছ?


হাওয়ায় দুলছে ফুলটি।


মানবেন্দ্র আবার বললেন, রাত্রে কেউ অভিসারে এসেছিল? কাল খুব জ্যোত্সা ছিল আমি জানি।


দরজায় টকটক শব্দ হল। মানবেন্দ্র জানলা থেকে সরে গিয়ে দরজা খুললেন। সাদা উর্দি পরা টুরিস্ট লজের বেয়ারা। সে বিনীত ভাবে জিজ্ঞেস করল, স্যার, বেড টি?


মানবেন্দ্র বললেন, নেহি রামচন্দ্ৰন, এক পট কফি লে আও।


ব্রেকফার্স্ট কেয়া।


কুছ নেই, নো ব্রেকফার্স্ট।


বেয়ারাটি তবু দু’এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। খাওয়া-দাওয়ার প্রতি সাহেবদের এই অনিচ্ছা তার পছন্দ হয় না। মানবেন্দ্র প্রায়ই কিছু খেতে চান না। অনেক সময় সারাটা দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকেন।



নিজে থেকে সে আর কিছু বলতে সাহস পেল না। একটুক্ষণ দাঁড়িয়েও কোনও সাড়াশব্দ না পেয়ে সে বেরিয়ে গেল।


দরজা ভেজিয়ে দিয়ে মানবেন্দ্র আবার এলেন জানলার কাছে। এই জানালাটি তার খুব প্রিয়। জানলার বাইরে বহু দূর পর্যন্ত শুন্য প্রান্তর, একটা গাছ পর্যন্ত নেই। এদিকে চাষবাস বিশেষ হয় না, রুক্ষ পাথুরেমাটি। কিছুই দেখার নেই, তবু এই বিশাল ব্যাপ্ত শূন্যতা চক্ষুভরায়। দিগন্তের কাছে আবছা পাহাড়ের রেখা। আজ আকাশ মেঘলা। হালকা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে!


তিনি দেয়ালের দিকে মুখ ফিরিয়ে বেগুনি ভেলভেটের মতো মথটিকে বললেন, তুই কেন চুপচাপ বসে আছিস রে?


মথটি কোনও উত্তর দেয় না।


মানবেন্দ্রর ইচ্ছে হয় মথটির ডানায় একবার আঙুল ছোঁয়াতে। ও এমন ভয়হীন ভাবে বসে আছে যে, মনে হয় উড়ে পালাবেনা। কিন্তু প্রজাপতি বা মথকে মানুষ একবার ছুঁলে তারা নাকি আর বাঁচে না। সুতরাং মানবেন্দ্র নিবৃত্ত হলেন।


মানবেন্দ্র আবার জিজ্ঞেস করলেন, কী রে, তুই কি সারা দিন এখানে বসে থাকবি নাকি? তোর খিদে পায় না?



জানলার পাশ থেকে চন্দ্রমল্লিকা ফুলটি বলল, আমার সঙ্গে তোমার কথা কিন্তু শেষ হয়নি। তুমি চলে গেলে কেন?


মানবেন্দ্র সে-কথা শুনতে পেলেন না। মথটিকে নিয়ে এখন ব্যস্ত।


মানবেন্দ্র ঘাড় ঘুরিয়ে গুণ্ডা টিকটিকিটাকে খুঁজলেন। সেটাকে কোথাও দেখা যাচ্ছে না। কাল সেই টিকটিকিটা এই মথটিকে খাবার জন্য বহুক্ষণ তাক করে বসে ছিল।


এই ঘরে তিনটি টিকটিকি আছে। এই টুরিস্ট লজটি একটি ছোটখাটো টিলার ওপরে তৈরি। কাছাকাছি আর কোনও বাড়ি নেই। তবু এখানে টিকটিকি কী করে এল সে-সমস্যার সমাধান করা যবে না। মানবেন্দ্র যেহেতু বেশির ভাগ সময়েই ঘরের মধ্যে একা একা থাকেন এবং দেয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা তার পুরনো স্বভাব, তাই টিকটিকিদের জীবন সম্পর্কে তিনি একজন বিশেষজ্ঞ, একথা বলা যায়। তিনি জানেন, টিকটিকিদের মতো এমন যৌনকাতর প্রাণী আর আছে কি না। সন্দেহ। ওদের সমাজে স্নেহ-প্রেম-দয়া-মমতার কোনও অস্তিত্ব নেই, ওরা কেউ কারুর ভাই-বোন পিতা-মাতা, বন্ধু হয় না। দু’টি টিকটিকি কাছাকাছি এলেই পরস্পরকে আক্রমণ করে এবং পালায়। কখনও যে জয়ী হয় সে পরাজিতের টুঁটি কামড়ে ধরে দ্রুত যৌনমিলন সেরে নেয়।



এ ঘরের তিনটি টিকটিকির মধ্যে তিনি একটার নাম রেখেছেন তিনি মাফিয়া। সেটার চেহারা দুর্দান্ত গুণ্ডার মতো। পুরনো ঘিয়ের মতো রঙ, চওড়া বুক টেরাডাকটিলের মতো ঘাড় ঘুরিয়ে হিংস্র ভাবে তাকায়। সেই টিকটিকিটাকে মানবেন্দ্র বেশ ভয় পান। যারা আরশোলা, টিকটিকি বা মাকড়শা দেখলে আঁতকে লাফিয়ে ওঠে, মানবেন্দ্র সেই জাতের মানুষ নন, তিনি জানেন, টিকটিকির কোনও ক্ষতি করার ক্ষমতা নেই। তবুওই মাফিয়া শুধু তার চেহারাতেই ভয় দেখায়।


অপর একটি টিকটিকির ছিমছাপ পরিচ্ছন্ন চেহারা, একটু দুঃখী দুঃখী ভাব, মানবেন্দ্র একে বেহুলা বলে ডাকেন। কোনও যুক্তি নেই, এমনি মনে পড়েছে নামটা।


তৃতীয় টিকটিকিটা বেরোয় খুব কম, ঘুলঘুলির আশ্রয় ছেড়ে সে কদাচিৎ আত্মপ্রকাশ করে, রোগা লম্বা মতো, এর নাম শাইলক। সর্দার মাফিয়া, বেহুলা এবং শাইলক, এই তিনটি চরিত্র নিয়ে নতুন কোনও কাব্য সৃষ্টি করা যায় কি না, সে-সম্পর্কে মানবেন্দ্র চিন্তা করেন এদের দেখে।


কাল রাত্রে মথটি বড় অদ্ভুত ভাবে এসেছিল। মানবেন্দ্র এক মুহূর্ত আগেও দেখেছিলেন সাদা দেওয়াল, পরের মুহূর্তেই দেখলেন দেয়ালে ডানা মেলে মথটি স্থির হয়ে বসে আছে। ও কখন ঘরে ঢুকল কে জানে। ঠিক যেন ম্যাজিক। মাফিয়াটি ওকে খাওয়ার জন্য তাক করে বসল। মাফিয়ার হাত থেকে ওর নিস্তার পাবার কোনও প্রশ্নই ওঠেনা। মথটি কিন্তু একবারও আর নড়েনি, জায়গা পালটায়নি, মহারানির মতো অভিজাত ভঙ্গিতে আর সব কিছু অগ্রাহ্য করে বসেছিল। তৎক্ষণাৎ তিনি ওর নাম দিলেন মহারানি। নাটকের চতুর্থ চরিত্র।



মানবেন্দ্র একবার ভেবেছিলেন মাফিয়ার সামনে একটা লাঠি নিয়ে নাড়াচাড়া করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন কিংবা একটু খোঁচা দিয়ে উড়িয়ে দেবেন মথটাকে। এমন একটা সুন্দর জিনিসকে ওই গুণ্ডাটা শেষ করবে, এটা তার পছন্দ হয়নি। পরে আবার ভেবেছিলেন, প্রকৃতির মধ্যে তো প্রতিনিয়ত এই খেলাই চলছে। তিনি সে-খেলা বদলাবার কে? তার চেয়ে দূর থেকে এই খেলার দৃশ্য প্রত্যক্ষ করা অনেক ভাল। হয়তো টিকটিকির খাদ্য হবার জন্যই মথটা উড়ে এসেছে এখানে।


মথটা যে সকালবেলাতেও বেঁচে আছে, সেটাই খুব আশ্চর্যের ব্যাপার। কাল রাতে অনেকক্ষণ ধরে খেলাটা দেখতে দেখতে মানবেন্দ্র কখন একসময় ঘুমিয়ে পড়েছিলেন। মহারানির থেকে মাফিয়া ছিল প্রায় তিন হাত দূরে। অন্য দেয়ালে বেহুলা তখন চুপচাপ উদাসীন। মাফিয়া চুল চুল করে এগোচ্ছে, এই সময় ঘুলঘুলি থেকে বেরিয়ে এল শাইলক, সোজা ছুটে গেল বেহুলার দিকে। ঘাড় না ফিরিয়েও মাফিয়া তা দেখতে পায়। সঙ্গে সঙ্গে খাদ্যকে ছেড়ে সে-ও তাড়া করে গেল ওই দু’জনের দিকে। ওদের লড়াই মানে তো শুধু ছুটোছুটি, অঙ্গ স্পর্শ খুব কম হয়। অন্য দু’জনকে ঘরের দুই প্রান্তে তাড়িয়ে মাফিয়া আবার মনঃসংযোগ করেছিল মহারানির প্রতি।


বেয়ারা কফি এনেছে। বাইরে কয়েকটি শিশুর কলকণ্ঠ ও ছোটাছুটির আওয়াজ। মানবেন্দ্রর মনে পড়ল, কাল মাঝরাত্রে একটি গাড়ি এসেছে, বিভিন্ন কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল, বেশ বড় একটি পরিবার। ব্যাপারটা মানবেন্দ্রর পছন্দ হয়নি। এই টুরিস্ট লজটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এখনও জনপ্রিয় নয়, মানবেন্দ্র নির্জনতা আশা করেছিলেন।



বিল সই করতে করতে মানবেন্দ্র জিজ্ঞেস করলেন, রামচন্দ্ৰন, কাল কারা এসেছে?


রামচন্দ্রন উৎসাহ দেখিয়ে বলল, বাঙালি ফ্যামিলি, দো ঠো কামরা লিয়া।


বাঙালি শুনে মানবেন্দ্র আর একটু নিরাশ হলেন। জল যেমন জলকে টানে, তেমনি বাঙালি যায় বাঙালির কাছে। ওরা নিশ্চয় তার সঙ্গে আলাপ করতে আসবে।


ভুরু ও মুখ কুঁচকে একটুক্ষণ চুপ করে বসে রইলেন মানবেন্দ্র। তারপর ফস করে একটা চুরুট ধরালেন। আজ সকালে এইটি তাঁর প্রথম ভুল। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগেই চুরুট ধরালে সারা দিন মুখটা বিশ্বাদ হয়ে থাকে।


আড়াই কাপ কফি শেষ করার পর মানবেন্দ্র একটা বই (সোয়ানস ওয়ে, ২য় খণ্ড) নিয়ে আবার বিছানায় ফিরে গেলেন। তিনি নিজের কাছে প্রতিশ্রুতি দিলেন, আজ শুয়ে শুয়েই কাটাবেন সারাটা দিন। চুরুটের ছাই ফেলার অ্যাশট্রের জন্য একবার তাকালেন এ-দিক ও-দিক। অ্যাশট্রেটা রয়েছে একটু দূরে টেবিলের ওপর। আবার উঠে গিয়ে ওটা আনার কোনও মানে হয় না। তার চেয়ে মেঝেতে ছাই ফেলা ভাল। জমাদার আসবে এগারোটার সময়ে।



প্রুস্তের উপন্যাসটির বারো ভল্যুম তিনি কিনেছিলেন অনেক দিন আগে, যে-সময় তার যথেষ্ট টাকার টানাটানি ছিল, যে-সময় ট্রামে বাসে এক দিন টিকিট ফাঁকি দিলে আনন্দ হত। যে-সময় কোনও বন্ধুকে দু’টাকা ধার দিলেও সব সময় মনে থাকত সেই টাকাটার কথা। যাই হোক, অনেক কষ্টে টাকা সংগ্রহ করে বইগুলি কিনলেও পড়া হয়ে ওঠেনি। নিজের কেনা বই সম্পর্কে পড়ার আগ্রহ কম থাকে। অপরের কাছ থেকে চেয়ে আনা বই দ্রুত শেষ হয়ে যায়। প্রথম খণ্ডের বেশি এগোতে পারেননি। এবার ঠিক করেছেন শেষ করবেনই–বিক্রি করে দেবার আগে। আর দু’মাসের মধ্যে মানবেন্দ্র তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব বিক্রি করে দেবেন ঠিক করা আছে।


আর মাত্র দু’মাস সময় আছে তার জীবনটা নিয়ে পরীক্ষা করার। তারপর একটা কিছু হেস্তনেস্ত তো করতেই হবে।


পড়ায় মন বসছে না। বাইরে শিশু, নারী ও পুরুষের নানা রকম কণ্ঠস্বর। বাংলা। টুকরো টুকরো কথা কানে আসে। এক জন কেউ গুন গুন করে দু-এক লাইন গান গেয়ে উঠছে। কোনও নারী। মানবেন্দ্র গানের কথাগুলি শোনার জন্য উৎকর্ণ হলেন।


…আজ কোকিলে গেয়েছে কুহু মুহুর মুহু

আজ কাননে ওই বাঁশি বাজে।

মান করে থাকা আজ কি সাজে।

আজ মধুরে মিশাবি মধু, পরানবঁধু

চাঁদের আলোয় ওই বিরাজে….



বইটা মুড়ে সরিয়ে রাখলেন মানবেন্দ্র। তার ঠোঁটে একটা পাতলা হাসি ফুটে উঠল। অকস্মাৎ আনন্দ পেলে এরকম হয়। কোকিলে গেয়েছে কুহুর পরই মুহু মুহু শব্দটা তো খুব ভালই লাগিয়েছে বুড়ো। এর মধ্যে একটা স্নিগ্ধ বুদ্ধির পরিচয় আছে। অবশ্য এর পরেই ‘আজ কাননে ওই বাঁশি বাজে’ অতি বাজে লাইন। এবং পর পর চার লানে ‘আজ’! কত কবিতায় আর কত গানে যে উনি বাঁশি বাজিয়েছেন, তার আর ইয়ত্তা নেই। আসলে প্রণয় কাব্য লিখতে গিয়ে উনি রাধাকৃষ্ণর ইমেজটা মন থেকে সরাতে পারেননি কখনও। যত মিলন, যত অভিসার, যত বিরহ, সবই রাধাকৃষ্ণ টাইপের।


মেয়েটির গানের গলা ভাল। কীরকম দেখতে? বিছানা থেকে উঠে দরজা খুললেই দেখা যায়। কিন্তু সেটুকু আলস্য কাটাতেও রাজি নন মানবেন্দ্র।


কণ্ঠস্বর শুনে মনে হয়, ওরা লনে চেয়ার পেতে বসেছে। একটি গভীর পুরুষকণ্ঠ শোনা গেল, আর এক কাপ চা হবে নাকি?


আর একটি তরল পুরুষকণ্ঠ :নিশ্চয়ই। চমৎকার ওয়েদার! চলল, এবার বেরোই।


মেয়েটির গান হঠাৎ থেমে গেল। মেয়েটি কারুকে শোনাবার জন্য নয়, আপন মনেই গাইছিল, কিন্তু দু’টি শিশু ঝগড়া বাধিয়ে দিয়েছে। তার পরই কান্না।



মানবেন্দ্র আবার বিরক্তিতে ভুরু কোচকালেন। এই বাচ্চাগুলো খুব জ্বালাবে। যে-নির্জন বিশ্রামের সন্ধানে মানবেন্দ্র এখানে এসেছিলেন, আজ থেকে তা গেল। মানবেন্দ্র বাচ্চাদের পছন্দ করেন না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা শহরতলিতে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলা—- পরম সত্য এই অমর দুটি লাইন যে রচনা করেছে, সে মহাকবি।


বাইরে গোলমাল বেশি বাড়ছে। নারীকণ্ঠ

**********
No Review
Related Books
Loading books…