Home
ভালো হতে চাই

ভালো হতে চাই

সুনীল গঙ্গোপাধ্যায়

ভালো হতে চাই

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byশেষ নগরী20-May-2025

Change color

১ম পর্ব

ট্যাক্সি ধরার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল অভিজিৎ। সন্ধ্যের মুখটায় ধর্মতলায় ট্যাক্সি পাওয়া খুবই শক্ত। কিন্তু অভিজিতের বাড়ি ফেরার তাড়া আছে। ট্যাক্সির বদলে প্রথম থেকেই যদি সে বাসে ওঠার চেষ্টা করত, তাহলে এতক্ষণ বোধহয় বাড়ি পৌঁছে যেত! এখন আর উপায় নেই। এখন ট্যাক্সির আশা ছেড়ে বাস ধরতে গেলে তার সত্যিই অনেক দেরি হয়ে যাবে। সাড়ে সাতটার সময় সুমিত্রাকে কল্যাণদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা। সাড়ে সাতটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি।

তা ছাড়া, অভিজিতের নিয়তিই বোধ হয় তাকে ওইসময় ট্যাক্সির জন্যে দাঁড় করিয়ে রেখে দিল ধর্মতলায়। একটা ট্যাক্সি খুব কাছাকাছি এসে থামল। ভেতরের লোক নামছে। অভিজিৎ দৌড়ে গেল সেদিকে।


ট্যাক্সিতে তিন জন লোক বসে ছিল, তার মধ্যে থেকে নামল মাত্র এক জন। অর্থাৎ, ট্যাক্সিটা খালি হবে না। ভেতর থেকে একজন চেঁচিয়ে বলল, আরে অভিজিৎ না? কোথায় যাবি?


বাদল আর নিখিল। অভিজিতের পুরোনো বন্ধু। এর মধ্যে নিখিল থাকে বোম্বেতে, তিন চার বছর দেখা নেই।



অভিজিৎ জিজ্ঞেস করল, তোরা কোন দিকে যাচ্ছিস?


উঠে পড়, উঠে পড়।


কোন দিকে যাচ্ছিস, বল না?


উঠে পড় না।


আমার একটা জরুরি কাজ আছে।


উঠে পড় না, পৌঁছে দেবো আমরা।


একেবারে মোড়ের মাথায় ট্যাক্সি দাঁড় করিয়ে রাখার নিয়ম নেই। চালক ব্যস্ত হয়ে উঠেছে। অভিজিৎকে ট্যাক্সিতে উঠে পড়তেই হল।


তুই কবে এসেছিস নিখিল?



কাল রাত্তিরে। তোর খোঁজ করছিলাম। তুই বাড়ি বদলেছিস শুনলাম?


হ্যাঁ।


বিয়েও তো করেছিস?


অভিজিৎ ঠিক মনে করতে পারল না, নিখিলকে সে তার বিয়ের চিঠি পাঠিয়েছিল কিনা। বাদলকে অবশ্য নেমন্তন্ন করেছিল, কিন্তু সে কী জন্য যেন আসতে পারেনি।


ট্যাক্সি যাচ্ছে পার্ক স্ট্রিটের দিকে। অভিজিৎ বলল, তুই দু-একদিন থাকছিস তো নিখিল? পরে দেখা করব, আমাকে এখানে নামিয়ে দে, আমি আর একটা ট্যাক্সি ধরে নিই।


বেশ, তুই কোথায় যাবি?


আমাকে একবার মানিকতলায় যেতে হবে।



মানিকতলায় কেন?


সুমিত্রা মানে আমার স্ত্রী মানিকতলায় গেছে, কল্যাণদের বাড়িতে। ওখান থেকে ওকে সাড়ে সাতটার সময় আমার তুলে আনার কথা।


কল্যাণ কে?


কল্যাণ আমার এক পুরোনো বন্ধু, সম্পর্কে আবার সুমিত্রার একরকম ভাইও হয়। ওদের বাড়িতে আজ মেয়ে দেখার ব্যাপার আছে, সুমিত্রা সেইজন্য গেছে।


তোর স্ত্রী একা বাড়ি ফিরতে পারবেন না?


রাস্তাঘাট ঠিক ভালোমতন চেনে না।


তুই না গেলেও, কেউ-না-কেউ পৌঁছে দেবে নিশ্চয়ই।



না, না, আমি কথা দিয়েছি।


নিখিল হা-হা করে হেসে উঠল। তারপর বলল, আমরা তো ভাই বিয়ে করিনি, আমরা এ-রকম কথা দেওয়ার মানে বুঝি না। এত বড় একটা শহরে মেয়েরা নিজে যাতায়াত করতে পারে না মুম্বাইতে তো দেখেছি সকলে নিজেরাই ঘোরাফেরা করে।


অভিজিৎ একটু অস্বস্তি বোধ করল। কোনো উত্তর দিতে পারল না।


বাদল বলল, অভিকে তো আজকাল দেখাই যায় না। কোনো আড্ডাতেই দেখি না।


অফিসের বড্ড কাজ পড়ে গেছে। তারপর ক্লান্ত হয়ে পড়ি, বাড়ি চলে যাই।


নিখিল বলল, শোন, আমি পরশুই শিলং চলে যাচ্ছি। কাল সারাদিন স্টুডিয়োতে ব্যস্ত থাকব, তাহলে তোর সঙ্গে আর দেখাই হবে না অভিজিৎ।


বাদল বলল, এক কাজ কর না। আমরা রোলাণ্ড রোডের একটা ফ্ল্যাটে যাচ্ছি, সেখানে ফোন আছে। সেখান থেকে তোর স্ত্রীকে ফোন করে দে যে তোর যেতে একটু দেরি হবে।



অভিজিৎ বলল, না রে, আজ আমি চলেই যাই। কাল-পরশু ঠিক দেখা করে নেব তোদের সঙ্গে।


নিখিল বলল, কিন্তু তোর সঙ্গে যে আমার জরুরি দরকার আছে। ফোন করে দিবি তোর বউকে, তাতে অসুবিধে কী?


অভিজিৎ ক্ষীণ গলায় বলল, ঠিক আছে, চল।


বাদল বলল, ওখানে স্কচ আছে।


আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি।


নিখিল খানিকটা ঠাট্টার সুরে বলল, সে কী গুরু! এসব কী কথা শুনছি?


বাদল বলল, এই নিয়ে ক-বার ছাড়লি রে?


না, এবার সত্যি ছেড়ে দিয়েছি। বড্ড বেশি হয়ে যাচ্ছিল, প্রত্যেকদিনই একটা-না-একটা ঝামেলা!



অত বেশি না খেলেই হয়। আমিও ঝামেলা একদম পছন্দ করি না।


তোরা কার ফ্ল্যাটে যাচ্ছিস? সেখানে আর কে কে থাকবে?


চল না। তোর কোনো অসুবিধে হবে না।


ট্যাক্সি এসে থামল পুরোনো আমলের সাহেবি কায়দার একটি বাড়ির সামনে। এখানে এলে হঠাৎ বিশ্বাসই হয় না যে, কলকাতাটা এত ভিড়ের শহর। এখানকার রাস্তাঘাট নিরালা, বাড়িগুলো ফাঁকা ফাঁকা, প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে বাগান।


লোহার গেট ও বাগান পেরিয়ে একটি চওড়া গাড়িবারান্দা। সিঁড়িতে কার্পেট। তবু ঘরের দরজায় পেতলের নেমপ্লেট দেখে বোঝা যায় এটা ফ্ল্যাটবাড়ি। তিন তলার সিঁড়ির সামনে দরজায় লেখা–আর এল চাড্ডা। নিখিল সেই দরজারই বেল বাজাল।


দরজা খুলে দিল একজন প্রৌঢ় লোক, পাজামা ও সিল্কের পাঞ্জাবিপরা। পাঞ্জাবির বোতামগুলো লাগানো নেই, তাই ফাঁক দিয়ে দেখা যায় বুকে একরাশ চুল। লোকটার শরীরটা চ্যাপটা ধরনের। দেখলেই বোঝা যায়, গায়ে জোর আছে। লোকটি পরিষ্কার বাংলায় বলল, আপনারা অনেক দেরি করেছেন।



ঘরে ঢুকে কুশল বিনিময় ও আলাপ-পরিচয় হল। ওই লোকটিরই নাম রতনলাল চাড্ডা। উনি কাঠের ব্যবসা করেন। প্রধানত থাকেন জলপাইগুড়িতে, কলকাতায় ওঁর আলাদা নিজস্ব বাড়ি আছে। এখানে এই ফ্ল্যাটটি রেখেছেন শুধু বাইরের লোকজনের সঙ্গে দেখা করার জন্য কিংবা সন্ধ্যে বেলা আমোদপ্রমোদের জন্য। লোকটির সঙ্গে বাদল আর নিখিলের যে ঠিক কী সম্পর্ক তা অভিজিৎ ঠিক বুঝতে পারল না।


দরজা দিয়ে ঢুকেই একটা মস্তবড়ো বসবার ঘর। আগাগোড়া কার্পেটে মোড়া। দামি চামড়ায় মোড়া মোটা গদিওয়ালা সোফা ঘরের দু-জায়গায় সাজানো। রতনলাল চা খুব খাতির করে বলল, বসুন বসুন। আরাম করে বসুন। বেয়ারা–


বসবার ঘর থেকেই দেখা যায় একপাশে ছোটো একটা রান্নাঘর। সেখান থেকে একজন উর্দিপরা বেয়ারা বেরিয়ে এল।


গ্লাস আর সোডা লাও। আউর কুছ খানা


টেবিলের তলা থেকে স্কচের বোতল বার করল রতনলাল। তারপর নিখিলকে জিজ্ঞেস করল, বলুন, বাবুভায়ের খবর বলুন।


নিখিল পরে আছে একটা গাঢ় নীল রঙের স্যুট। সে বরাবরই ফিটফাট সেজে থাকতে ভালোবাসে। এখন বোম্বাইতে থাকার ফলে তার সাজপোশাকের চাকচিক্য আরও বেড়েছে। এক সময় অভিজিতের সঙ্গে কলেজে পড়ত নিখিল। ছাত্র হিসেবে খুব ভালো ছিল, এখন বোম্বাইতে একটা টুথপেস্ট কোম্পানিতে বড়ো কাজ করে। বাদল কাজকর্ম বিশেষ কিছু করে না। তবু অবস্থা বেশ সচ্ছল। ওদের কী যেন একটা পারিবারিক ব্যবসা আছে। তা নিয়ে বাদলকে কখনো মাথা ঘামাতে দেখা যায় না, কিন্তু ওর পকেটে বেশ টাকা থাকে।



নিখিল কোটের ভেতরের পকেট থেকে সাবধানে একটা খাম বার করে বলল, বাবুভাই আপনাকে কিছু কাগজপত্র পাঠিয়েছে।


রতনলাল খামটা পকেটে ভরে বলল, ঠিক আছে, এনিয়ে আপনার সঙ্গে পরে কথা বলব। বাবুভাই কি এখন মুম্বাইতেই থাকছেন না কোচিন চলে যাবেন?


নিখিল বলল, বাবুভাই এখন কিছুদিন একটা নার্সিংহোমে থাকবেন।


তারপর কিছুক্ষণ ধরে নিখিল আর রতনলালের মধ্যে বাবুভাই নামে কোনো একটা রহস্যময় লোক সম্পর্কে আলোচনা চলল।


অভিজিৎ উশখুশ করতে লাগল। সুমিত্রাকে টেলিফোন করা হচ্ছে না। ওরা ভুলে গেছে। এসব ঘরে কোনো টেলিফোন দেখা যাচ্ছে না।


সে বাদলকে ইঙ্গিত করল।


বাদল বলল, ও হ্যাঁ, এই যে রতনলালজি, আমার বন্ধু একটু আপনার টেলিফোনটা ব্যবহার করবেন।



রতনলাল বলল, চলে যান না, ওই ঘরের মধ্যে চলে যান


পর্দা সরিয়ে অভিজিৎ পাশের একটা ঘরে ঢুকল। ঘরটায় একটা খাট পাতা–তার ওপরে অনেকগুলো জামাকাপড়ের বাক্স। নতুন সুতো দিয়ে বাঁধা। হঠাৎ এতগুলো জামাকাপড় কেন এখানে কিনে রাখা হয়েছে কে জানে। হয়তো রতনলালের বাড়িতে কোনো বিয়ে আছে।


ঘরের কোণে ছোট্ট একটা শ্বেতপাথরের ওপর টেলিফোন। কল্যাণদের বাড়ির নম্বরটা অভিজিতের মুখস্থই আছে। কিন্তু লাইন পেল না। এনগেজড। একটুক্ষণ অপেক্ষা করতে হবে।


অভিজিৎ দাঁড়িয়ে রইল। ঘরটা বেশ ঠাণ্ডা। দুটো স্টিলের আলমারি তালাবন্ধ। দেয়ালে একটা অসমিয়া ভাষার ক্যালেণ্ডার। চাড্ডারা কোথাকার লোক? নাম শুনে তো মনে হয় মাড়োয়ারি।


লোকটা বেশিরভাগ সময়ই থাকে জলপাইগুড়ি। কলকাতায় এলে মাঝে মাঝে সন্ধ্যে বেলা কয়েক ঘণ্টার জন্যে এখানে আসে। তারজন্যেই এত বড়ো একটা ফ্ল্যাট রাখা আছে। আবার একজন আর্দালি। অথচ কলকাতার কত লোক থাকার জায়গা পায় না। এ-রকম একটা ফ্ল্যাট যদি অভিজিৎ পেত!-না, পোষাতে পারত না, নিশ্চয়ই প্রচুর ভাড়া!



অভিজিৎ আবার টেলিফোনে চেষ্টা করল। আবার লাইন এনগেজড। পর পর চার বার চেষ্টা করেও কল্যাণদের বাড়ির লাইন পাওয়া গেল না। ধুৎ! কতক্ষণ আর এ-রকম ফাঁকা ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা যায়। তার থেকে বরং এবার চলে যাওয়াই ভালো। আটটা বেজে গেছে। টেলিফোনের ওপর নির্ভর করাটাই তার ভুল হয়েছে।


বাইরে বেরিয়ে আসতেই নিখিল বলল, কী রে, এতক্ষণ ধরে বউয়ের সঙ্গে গল্প করছিলি?


লাইনই পাইনি!


এতক্ষণ ধরে লাইন এনগেজড!


রতনলাল ইতিমধ্যে চারটে গেলাসে হুইস্কি ঢেলেছে। একটা গেলাস অভিজিতের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, আপনার জন্যে শুরু করতে পারছি না।


অভিজিৎ সংকুচিতভাবে বলল, না, না, আপনারা শুরু করুন, আমার লাগবে না।



আপনি খাবেন না?


আমি মদ খাই না।


রতনলাল বিস্মিতভাবে নিখিলের দিকে তাকাল। তার ভাবখানা এই, যে মদ খায় না, তাকে এখানে আনার কী মানে হয়? এটা কি নিরামিষ জায়গা?


নিখিল অভিজিৎকে এক ধমক দিয়ে বলল, নে, কী ইয়ার্কি করছিস? জানেন রতনলালজি, আমার এই বন্ধু, এই অভিজিৎই আমাকে মদ খাওয়া শিখিয়েছে। তাও কোথায়! গ্র্যাণ্ড হোটেলে! আমি প্রথম মদ খাই গ্র্যাণ্ড হোটেলে।


তা আপনার বন্ধু আপনাকে শিখিয়ে এখন নিজেই সরে পড়ছেন।


ওসব ওর বাজেকথা। নিশ্চয়ই কাল বেশি খেয়েছে–তাই আজ একটু বৈরাগ্য এসেছে! নে অভিজিৎ!


না রে! তা ছাড়া আমাকে এখন যেতে হবে। টেলিফোনও করতে পারলাম না।


একটু বাদে আবার চেষ্টা করবি।


না। চলেই যাই।


অনেকেই বিয়ে করে–কিন্তু তোর মতন এমন বউ-বাতিকগ্রস্ত তো আর কারুকে দেখিনি! বউকে ভয় পাস বুঝি?


বাদল বলল, অভিজিৎ, তোর বউ বুঝি মদ খাওয়া একদম পছন্দ করে না? তুই বিয়ের আগে বলে নিসনি?


রতনলাল বেশ শব্দ করে হেসে উঠল।


বউয়ের প্রসঙ্গ তুলে খোঁচা মারলে পুরুষমানুষের আত্মাভিমানে লাগে। তা ছাড়া একটু যেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাত্র কিছুদিন আগেও অন্য কেউ এ-রকম আড্ডা ছেড়ে উঠে চলে যেতে চাইলে অভিজিৎই তাকে ঠাট্টা করত।


সে বসে পড়ে গেলাসটা তুলে নিয়ে এক চুমুক দিল।


সঙ্গে সঙ্গে যেন তার বুকটা জুড়িয়ে গেল। বুকটা যেন শুকিয়ে কাঠ হয়েছিল একেবারে। আট দিন হল, অভিজিৎ এক ফোঁটাও খায়নি। প্রতিজ্ঞা করে ছেড়ে দিয়েছিল।


অভিজিতের একটু একটু ভয় করতে লাগল। প্রতিজ্ঞা রাখতে পারল না। সুমিত্রাকে কী বলে বোঝাবে! যাক, খুব কম করে খেলেই হবে। এই এক গেলাস, ব্যস!

<
**********
No Review
Related Books
Loading books…