Home
নিকট কথা

নিকট কথা

সমরেশ মজুমদার

নিকট কথা

সমরেশ মজুমদার
novel

Change color

পর্বঃ ০১

আজকাল এটা খুব হচ্ছে। আর কারও হচ্ছে কি না জানি না, আমার হচ্ছে। কারও সঙ্গে কথা বলতে গেলেই গা গুলিয়ে ওঠে, বমি পায়। নিজের পাছায় লাথি মারা যায় না বলে সেই বমিটা গিলে ফেলি। আমি তাই চেষ্টা করি কম কথা বলতে, একদম যদি না বলতে পারতাম তাহলে মন্দ হত না।

আমি যে বাড়িটায় থাকি সেটা তৈরি হয়েছিল আমার জন্মানোর বহুবছর আগে। একতলার কোণের ঘরটা আমার জন্যে বরাদ্দ। ঘরটায় সুবিধে হল রাস্তা দিয়ে ঢোকা যায় আবার ভেতরে যাওয়ার দরজাও আছে। ওই ঘরেই আমি থাকি আর আমি কথা বলতে ভালবাসি না। সেটা বাড়ির সবাই জেনে গেছে বলে আমায় কেউ বিরক্ত করে না। আমার বয়স এখন আঠাশ।

আমার বার্থ সার্টিফিকেটে যে জন্ম-তারিখ লেখা রয়েছে সেটা ধরলে আমার বয়স এখন সাতাশও হয়নি। স্কুলে ভর্তি করার সময় কর্পোরেশনকে ম্যানেজ করে বাবা একটা বার্থ সার্টিফিকেট জোগাড় করে ভেবেছিল, ছেলের আয়ু এক-দেড় বছর বাড়িয়ে দিলাম। এটা শুধু আমার ক্ষেত্রেই নয়, আমার সঙ্গে পড়ত এমন অনেক ছেলের দেখেছি দু’নম্বরি বয়স করে দিয়েছে বাপ মা। জিজ্ঞাসা করলে তেনারা বলবেন, যা চাকরির বাজার, হাতে দেড় এক বছর থাকলে খোঁজাখুজির সুবিধে হবে। অর্থাৎ ধরেই নেওয়া হয়েছিল আমরা চাকরি পাব না ঠিক সময়ে, দরজায় দরজায় খুব ঘুরতে হবে এবং সেই ফাঁকে সময়সীমা ফুরিয়ে যেতে পারে, তাই ওই বাড়তি সময়টুকু দিলে আমাদেরই উপকার হবে। বার্থ সার্টিফিকেটের কথা কিন্তু মা-বাবার মনে নেই। আমার পনেরো বছর বয়স পর্যন্ত এ বাড়িতে পায়েস হত ঠিকঠাক জন্মদিনে। পনেরো বছর বয়সে মা মারা যান।


আমার একটা এম. এ. ডিগ্রি আছে। বঙ্গসন্তান স্কুল থেকে বেরিয়ে কলেজে ভর্তি হয়। কলেজ থেকে ইউনিভার্সিটিতে। কেন ভর্তি হচ্ছে, যেটা পড়ছে সেটা পড়ে পরে কী উপকারে লাগবে। এ নিয়ে কেউ ভাবে না। তুমি এম.এ. পাশ করেছ, টাকাপয়সা খরচ করে পড়িয়েছি এতদিন, এবার চাকরি করে সংসারের উপকারে এসো। কিন্তু ইতিহাস, বাংলা অথবা ফিলজফি নিয়ে পঞ্চাশ বাহান্ন পেয়ে পাশ করে হাত পাতলে যে চাকরি পাওয়া যায় না, এ কথাটা ওঁরা যখন বিশ্বাস করবেন তখন ওঁদের কাছে আমরা ঘি শুকিয়ে যাওয়া ছাই-এর গাদা ছাড়া আর কিছু নই।


এই এক গ্যাঁড়াকল। পশ্চিমবাংলার প্রতিটি কলেজে প্রতিবছর হাজার হাজার ছেলেমেয়ে ভর্তি হচ্ছে। তাদের কাছ থেকে টাকা নিয়ে তিনবছর ধরে হিউমানিটিজ গ্রুপের বিষয়গুলো পড়ানোর অভিনয় করা হয়। ছেলেমেয়েগুলো সেই বৈতরণী পার হবার পর দ্যাখে অর্জিত বিদ্যা কোনো কাজে লাগছে না। স্কুলে মাস্টারি করতে গেলেও এম.এ. ক্লাশে ভর্তি হতে হবে। আবার দু’বছর। তারপর সমস্ত রাজ্যে ছড়িয়ে থাকা স্কুলগুলোর একজন বাংলা বা ফিলজফির মাস্টার মশাই কবে অবসর নেবে আর তার সেই চেয়ারটির দিকে শকুনের মতো তাকিয়ে থাকবে হাজার হাজার বাংলা অথবা ফিলজফির এম.এ. প্রতিবছর যাদের সংখ্যা বেড়েই চলেছে। দু-চারজনের কপালে শিকে ছিঁড়তে পারে, বাকিরা ঢুকে যায় কেরানির চাকরিতে তাও ভাগ্য সহায় থাকলে। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর অথবা ভাষার ইতিবৃত্ত পড়ে কী লাভ হল ছেলেটির? প্রশ্ন করলে উত্তর একটাই, জ্ঞানার্জনের জন্যে পড়াশুনা। নিজেকে শিক্ষিত করতে, ঐতিহ্য বহন করতে এই শিক্ষানবিশি। পেটে যার ভাত নেই তাকে দিনরাত রবীন্দ্রসংগীত গাইতে বলার মতো ব্যাপার। আসলে স্কুলের পর পাঁচবছর এত হাজার হাজার ছেলেকে ভুলিয়ে রাখা গেল, এটাকে যারা লাভ বলে মনে করেন তাঁদের কাছে মুরগি আর কুকুরের মাংসের কোনো পার্থক্য নেই। বিকেলবেলায় চমৎকার চপ কাটলেট ভেজে হাসিমুখে খদ্দেরের প্লেটে ধরে দিতে অসুবিধে হয় না।


দেখে শুনে মনে হয় আমরা শালা কুত্তার থেকেও অধম। রাস্তার ঘেয়ো কুত্তার কথা বলছি না। বাড়িতে বাড়িতে যেসব কুত্তা আদরে মানুষ হয় তারা আমাদের থেকে ঢের ভাল আছে। আমার এক মাসতুতো বোন তার কুকুরকে কাঁটামাছ খেতে দেয় না, গলায় কাঁটা ফুটে যাবে বলে। বমি বা পায়খানা করলে আদুরে গলায় ধমক দেয়, নো কিটি নো। তোমাকে কতবার বলেছি এসব পেলে টয়লেটে যাবে। লোকে দেখলে বলবে তোমাকে আমি কিছুই শেখাইনি। এইসব বলতে বলতে সে যখন বস্তুগুলো পরিষ্কার করছে তখন তার কিটি পাশে বসে লেজ নাড়ছে কান ঝুলিয়ে প্রসন্ন মুখে।


এই যে আমি কুত্তার সঙ্গে নিজেদের তুলনা করলাম, এটা আমার ভাল লাগল না। মুশকিল হল, কারও সঙ্গে যে কথা বলে না তার মনে সবসময় কথার খই ফোটে। আমি কেন বেঁচে আছি এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। কিন্তু উত্তরটা আমি সবসময় খোঁজার চেষ্টা করি। আর এই চেষ্টার জন্যে মনে হরেক রকম ভাবনা চুলকে ওঠে। কুত্তা-ভাবনাটা সেই কারণেই।


আমি এম.এ. পাশ করেছিলাম বাংলা নিয়ে। বাংলাদশের মানুষ একুশে ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে শ্রদ্ধা করে। তাদের চেষ্টায় বাংলা ভাষা আজ পৃথিবীর অন্যতম স্বীকৃত ভাষা। ওরা যে ভাষার জন্যে জীবন দিয়ে হাততালি পায় আমি সেই ভাষায় এম.এ. পাশ করে জুতোর শুকতলা ক্ষইয়েছি এতদিন। এটাকে কী বলব? কলকাতায় যখন কেউ কেউ একুশে ফেব্রুয়ারি পালন করে তখন তাদের ভণ্ডামি দেখে পিত্তি জ্বলে যায়!


হ্যাঁ, শব্দটা এতক্ষণে মাথায় এল। আমি আমার চারপাশে শুধু একের পর এক ভণ্ড দেখে। যাচ্ছি। এত ভণ্ড একসঙ্গে বাস করে কী করে? এখন মনে হয় এই প্রশ্নটা করাও বোকামি। অন্ধদের দেশে তাঁরা তাঁদের মতো করে বেঁচে ছিলেন। একজন চক্ষুষ্মান সেখানে হাজির হয়ে নানা অসঙ্গতি দেখে মানিয়ে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত সে চোখ বন্ধ করে ফেলতেই সব কিছু সহজ হয়ে গেল তার কাছে।


এদেশে বাস করতে হলে সবাইকে ভণ্ড হয়ে থাকতে হবে। মুখে এক কথা, মনে আর এক, কাজ করব যা ভাবব অন্য। এ না হলে তোমার টায়ার পাংচার। আমার বাবা রাজনীতি করেন। গত কুড়ি বছর শাসকদলের হয়ে কাজ করছেন। নিচের দিকের কমিটি ডিঙিয়ে পার্টির ওপর দিকের কমিটিতে পৌঁছে গিয়েছেন। এখন তাঁর হাতে দলের অনেক কিছু দায়িত্ব। কিন্তু তিনি কখনও নির্বাচনে দাঁড়াবেন না। একটা ভেজা কাককেও দলের নমিনেশন পেলে তিনি নির্বাচনে জিতিয়ে আনতে পারেন তবু নিজে দাঁড়াতে চাইছেন না। এই ব্যাপারটাকে লোকে বেশ শ্রদ্ধার সঙ্গে দ্যাখে। পার্টির জন্যে নিজেকে উৎসর্গ করতে ক’জন পারে?


এই ভদ্রলোক চাকরি করতেন কর্পোরেশনে। কুড়িবছর আগে যখন দল ক্ষমতায় আসেনি তখন উনি এগারোটার মধ্যে অফিসে যেতেন। দল ক্ষমতায় এলেন তার উপর এত চাপ পড়ল যে তিনি একটার আগে সেখানে পৌঁছতে পারতেন না। কোন কোনোদিন সেটাও সম্ভব হত না। অথচ মাইনেপত্তর ঠিকঠাকই পেতেন। সেসময় বাড়িতে আর একধরনের লোক আসত। তাদের কেউ কেউ কর্পোরেশনের কর্মচারী, বাকিরা কর্পোরেশনের অনুগ্রহ পেতে আগ্রহী। আড়াল থেকে কথাবার্তা শুনে মনে হত, বাবার হাতে একটা বিশেষ চাবি আছে যা দিয়ে তিনি যে কোনো ইচ্ছার দরজা খুলে দিতে পারেন। তা এই করতে করতে বাবা যখন আরও ওপরতলায় উঠে এলেন তখন নিজের যা প্রাপ্য বুঝে নিয়ে চাকরি ছেড়ে দিলেন। অবশ্য আমার একভাই একবোন কর্পোরেশনে চাকরি করছে। সল্টলেকে দু-দুটো ফ্ল্যাট ভাড়া খাটছে। হ্যান্ডলুমের পাজামাপাঞ্জাবি বাবা শরীর থেকে নামাননি, আমাদের সংসারের খরচ যেমন চলছিল তেমনই চলছে। এখন শুধু সকাল হলেই বাইরের ঘরে ভিড়। এলাকার ভাড়াটে বাড়িওয়ালা, কারখানার মালিক শ্রমিক থেকে রাজ্যের গোলমাল ঢেউ-এর মতো বাবার পায়ে এসে আছড়ে পড়ছে এবং তিনি সেগুলোর সুরাহা করে দিচ্ছেন।


বছর তিনেক আগে কাগজে খবর পড়ে কৌতূহল হয়েছিল। বিখ্যাত এক গুরুদেব এসেছিলেন কলকাতার উপকণ্ঠে। দেখতে গিয়েছিলাম। তখন বিকেলবেলা। বাস থেকে নেমে জিজ্ঞাসা করতেই লোকে উৎসাহ নিয়ে দেখিয়ে দিল। বাড়ির সামনে খুব ভিড়। পাগলের মতো লোকে ঢুকতে চাইছে। স্বেচ্ছাসেবক ও পুলিশ সেই ভিড় সামলাচ্ছে। শেষ পর্যন্ত লাইন করে দেওয়া হলো। অতবড় লাইন আমি ইডেন গার্ডেনেও দেখিনি। লাইনে দাঁড়িয়ে ক্রমাগত শুনে গেলাম বাবার অযৌক্তিক কাহিনিগুলো। ক্যানসার তো বটেই এখন নাকি উনি এইডসও সারিয়ে দিচ্ছেন স্পর্শ করে। বুঝতে পারলাম লাইনের বেশিরভাগ মানুষ কঠিন অসুখে ভুগছেন অথবা অসুস্থদের প্রতিনিধি হয়ে এসেছেন। তিনঘণ্টার অপেক্ষা আমাকে পৌঁছে দিল যে ঘরে সেখানে ষণ্ডামার্কা স্বেচ্ছাসেবকরা রয়েছে। বাড়ির ভেতর থেকে একটা দড়ি দরজা গলে ওঘরে ঢুকে টেবিলের ওপর রয়েছে। আমার আগের মানুষটি সেই দড়ি ধরে তার প্রার্থনা নিবেদন করছে করুণ গলায়। তিরিশ সেকেন্ড হওয়া মাত্র জোর করে তাকে বের করে দিয়ে স্বেচ্ছাসেবক বলল, তিরিশ সেকেন্ড! তিরিশ সেকেন্ডে যা বলার বাবাকে বলে দিন।


তিনি কোথায়? আমি অবাক!


আরে! ওই দড়িটা দেখছেন না?


কিন্তু এটা তো বাবা নন?


যাচ্ছলে। কোথায় থাকো তুমি। দ্বিতীয়জন বলল, ওই দড়ির প্রান্ত বাবা দোতলার ঘরে বসে বাঁ পায়ে ছুঁয়ে আছেন। ওটা ধরলেই বাবা তোমাকে টের পেয়ে যাবেন।


টেলিফোনের লাইনের মতো কথা বলা যাবে?


আরে, বলবে তো বলো নইলে কেটে পড়।


আমি দড়িটা ধরে জোরে টান মারলাম কিন্তু ওটা বেশ শক্ত আর নাড়ানো গেল না। মনে হল ওই দড়ির প্রান্ত ওপাশে, চোখের আড়ালে কোনো শক্ত খুঁটিতে বাঁধা রয়েছে। ততক্ষণে আমাকে ঠেলে সরিয়ে দেওয়া হলো। আমার পরের লোকটি হামলে পড়ল দড়ির ওপর।


গুরুদেব সে-সময় কী করছেন কেউ জানে না, শুধু ওই দড়ি ধরে বৈতরণী পার হবার জন্যে যে আকুলতা ভক্তদের মধ্যে দেখেছি তাতে নিজেকে জুতোতে ইচ্ছে করছিল। এঁরাই আমাদের বাবা কাকা দাদা জেঠা। এঁদের সঙ্গেই আমরা বাড়িতে বাড়িতে বাস করি শ্রদ্ধা নিয়ে। চমৎকার।


ইদানীং আমার বাবা সেইরকম গুরুদেবের ভূমিকা নিয়ে ফেলেছেন। ওপরতলায় উঠলেই ক্ষমতা আসে হাতে, আর ক্ষমতা এলেই চামচে জুটে যায়। বাবারও জুটেছে। তারা পার্টিরই কর্মী। ওপরে ওঠার ইচ্ছে যতটা গুছিয়ে নেবার সাধ তার চেয়ে ঢের বেশি। লোকজন জেনে গেছে বাবা প্রসন্ন হলে এম.এল.এ. হতে বাধ্য, রাইটার্স থেকে ফাইল নড়বে দূরের কথা, যাকে বলে ছুটবে, ঠিক তাই। কিন্তু ইদানীং তাঁরা আমার বাবার দর্শন পাচ্ছেন না। এত লোকের সঙ্গে জনে জনে কথা বলার মতো সময় তাঁর নেই। অতএব চামচেরা স্ক্রুটিনি করে। স্তোক দেয় অথবা কাটায়। যাঁর ভাগ্য খুব ভাল তিনি বাবার দর্শন পান। আগে বাবা বসতেন আমাদের বাইরের ঘরে। এখন আর একটি ভেতরের ঘরের দরকার হয়েছে আশীর্বাদধন্যদের সঙ্গে কথাবার্তা বলার জন্যে। কিন্তু এসব চলে ভোর থেকে সকাল পর্যন্ত। তারপরেই বাবা বেরিয়ে যান গণতান্ত্রিক কর্মধারা রূপায়ণের জন্যে।


এম.এ. পাশ করার পর বাবা আমাকে ডেকে কথা বলেছিলেন। ভদ্রলোক এত ব্যস্ত যে আমার সঙ্গে আলাদা কথা বলার সময় তাঁর ছিল না। ভাই-বোনের সঙ্গেও একই অবস্থা। ডাক পড়েছিল মধ্যরাত্রে। বাড়ি ফিরে স্নান করে উনি আহ্নিকে বসেন। শব্দটা বাবাই ব্যবহার করেন। রাত এগারোটার পরে কেউ ডাকতে এলে চাকরকে বলে দেন, এখন আমি ব্যস্ত, আহ্নিকে বসেছি, কাল আসতে বল। বাবা আহ্নিক সারেন দু পেগ শীভাস রিগ্যাল আর আটটা কাজুবাদামে। সেই কর্পোরেশনে চাকরি করার সময় থেকেই এই পরিমিতিবোধ বাবার ছিল। তখন দু’পেগ ডি.এস. খেতেন। একটু একটু করে ডি.এস. থেকে প্রিমিয়ামে উঠলেন। এখন ইন্ডিয়ান প্রিমিয়াম হুইস্কি বাতিল করে স্কটল্যান্ডের প্রিমিয়ামে অবস্থান করছেন। তবে কখনই দু’পেগের বেশি নয়। সারাদিন খাটাখাটনি, টেনসনের পর দু’পেগ হুইস্কি খেলে নার্ভ ভাল থাকে। হার্টও সক্রিয় হয়। এবং তাদের মহান নেতারও নাকি ওই অভ্যেস আছে। সত্যি কথা, তিরাশিচুরাশিতেও ভদ্রলোকের ছবি দেখলে মনে হয় সত্তর পার হননি। ওই বয়সে ভদ্রলোক যেরকম পরিশ্রম করেন তা একটা তিরিশ বছরের ছেলে করলে ক’দিনেই হাঁপিয়ে উঠবে। বাবা তার এই মহান নেতাকে অনুসরণ করছেন অন্ধভাবে। ইদানীং বাবার কথাবার্তাও ওই ভদ্রলোকের মতো হয়ে গিয়েছে।


আমার তখন ঘুম পাচ্ছিল। ভাবলাম বলে দিই এখন যেতে পারব না। তারপরই মনে হল অনেককাল বাবার সঙ্গে কথা বলিনি, উনিও ডাকেননি। তাছাড়া এরকম একটা ডাকের জন্যে দর্শনপ্রার্থী জনগণ যখন হাঁ করে বসে থাকে তখন আমি কি এমন হরিদাস যে ফিরিয়ে দেব?


গেলাম। বালিশে হেলান দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে বাবা বসেছিলেন। অনেককাল পরে বাবাকে খালি গায়ে দেখলাম। একটু রোগা রোগা মনে হল। লোকটাকে খুব খাটতে হচ্ছে।


এসো।

**********
No Review
Related Books
Loading books…