Home
নিঃসঙ্গ সম্রাট

নিঃসঙ্গ সম্রাট

সুনীল গঙ্গোপাধ্যায়

নিঃসঙ্গ সম্রাট

সুনীল গঙ্গোপাধ্যায়
novel

Posted byমেঘ বালিকা02-May-2025

Change color

এক

২১ মার্চ, দোল পূর্ণিমা ১৯২৪

মানিকতলার কাছে একটা দোতলা বাড়ির সামনে ঘোড়ার গাড়ি থেকে নামলেন মণিলাল। মধ্যবয়েসি যুবাপুরুষ। বেশ শৌখিন, মাথার চুল টেরিকাটা, চোখে প্যাশ্‌ন, হলুদ রঙের সিল্কের বেনিয়ান ও কোঁচানো শান্তিপুরি ধুতি পরা, কাঁধে একটি উত্তরীয়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারা সকাল, পথ খানিকটা কাদাকাদা। ধুতির কোঁচা সামলে তিনি এগিয়ে গেলেন বাড়িটির দরজার দিকে, তাঁর পায়ে মরোক্কো চামড়ার সুদৃশ্য চটি, তা কিছুটা কর্দমাক্ত হল।

কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলে গেল। একজন ভৃত্য মণিলালকে চিনতে পেরে বলল, আজ্ঞে, আসেন বাবু, আসেন।

বসবার ঘরে এসে মণিলাল জিজ্ঞেস করলেন, তোমার বড়বাবু কোথায়? বেরিয়েছে নাকি?


ভৃত্যটি বলল, আজ্ঞে না। তিনি এখনও ঘুমুচ্ছেন।


বেনিয়ানের ওপর দিকে ঘড়ি রাখার জন্য একটি ছোট্ট পকেট থাকে। মণিলাল সেখান থেকে বার করলেন একটি গোলাকার সোনার ঘড়ি। সময় দেখলেন, প্রায় সাড়ে দশটা।


মণিলাল ভুরু তুলে বললেন, এত বেলা অবধি ঘুমোচ্ছে? মা কোথায়?


ভৃত্য বলল, তিনি ভিতরের ঘরে বসে সুপুরি কুচোচ্ছেন। আপনে দেখা করবেন? মায়ের পুজো সারা হয়ে গিয়েছে।


ভেতরে একটি ছোট উঠোন। তার এক পাশে বাসন মাজার জন্য একটি গঙ্গাজলের কল। সেখানে ডাঁই করা এঁটো বাসন দেখলেই বোঝা যায়, এ পরিবারে জনসংখ্যা অনেক। একজন দাসী সেই বাসন মেজে চলেছে পাকা তেঁতুল আর ছাই দিয়ে।


উঠোনের অন্য প্রান্তে একটি ঘরের মধ্যে পালঙ্কের ওপর বসে আছেন কমলেকামিনী। বিধবা হয়েছেন বছর দশেক আগে। সাদা থান পরা, গতর একটু ভারী হয়েছে, তবু কী অসাধারণ রূপ। ঠিক যেন রাজেন্দ্রাণী। ছেলেরাও আড়ালে বলে, কুইন ভিক্টোরিয়া। এই বয়েসেও রং যেন ফেটে পড়ছে!


কিছুদিন যাবৎ গেঁটে-বাত হয়েছে, বেশি চলাফেরা করেন না। এই ঘরে বসে বসেই তিনি বৃহৎ সংসারটি সামলান। সবকিছু তাঁর নখদর্পণে। পুঁই শাকে কুমড়োর সঙ্গে বড়ি দিয়ে রান্না হবে কি না, সে ব্যাপারেও তাঁর অনুমতি নেওয়া হয়।


সামনে একটা সোনার মতন ঝকঝকে পানের বাটা। একটা খবরের কাগজ পাতা, তার ওপরে সুপুরির স্তুপ। কমলেকামিনী একটা জঁতি দিয়ে সুপুরি কুচোচ্ছেন। মণিলাল আগে যে ক’বার কমলেকামিনীকে দেখেছেন, ঠিক এই একই দৃশ্য। তিনি এই একই কর্মে নিরত। সারাদিনে এ বাড়িতে কত সুপুরি লাগে!


বাইরে চটি খুলে মণিলাল ভেতরে এসে প্রণাম করলেন, কমলেকামিনী চন্দন রঙের পা দু’খানি এগিয়ে দিলেন। এক হাত বাড়িয়ে মণিলালের থুতনি ধরে, সেই হাত ছোঁয়ালেন নিজের ঠোঁটে। অস্ফুট স্বরে বললেন, শতায়ু হও।


তারপর জিজ্ঞেস করলেন, তুমি কী করে এলে গো? আজ তো দোল পুন্নিমে। ছোঁড়ারা গায়ে রং দেয়নি? তোমায় ছেড়ে দিলে?


মণিলাল বললেন, আমি ছ্যাকরা গাড়িতে এসিছি। হুল্লোড়বাজগুলোন এখনও বেরোয়নিকো রাস্তায়। বৃষ্টিও পড়ে চলেছে।


কমলেকামিনী বললেন, বসো, বাবা, বসো। অবনবাবু কেমন আছেন?


মণিলাল দাঁড়িয়ে থেকেই বললেন, তিনি ভালো আছেন। দিব্যি আছেন। তিনি তো সব সময় খোস মেজাজেই থাকেন। মা জননী, শিশির এত বেলা পর্যন্ত ঘুমুচ্ছে শুনলাম, ওর কি শরীর খারাপ নাকি?


কমলেকামিনী বললেন, না গো, শরীর খারাপ কেন হবে? ওর স্বভাব তো জানো। মাঝে মাঝে সারা রাতই ঘুমোয় না, ভোরবেলা বিছনায় যায়। কাল কী হয়েছিল জানি না, বাবা রে বাবা, একেবারে সিংহের মতন গজরাচ্ছিল আর কী সব পদ্য বলছিল ঘুরে ঘুরে। ওপরের ওই বারান্দাটায় যখন পায়চারি করে আর পদ্য বলে, আমি নীচ থেকে সব শুনতে পাই। তবে ইংরিজি বলে, তাই বুঝি নাকো। কাল একবার আমার ঘুম ভেঙে গেল, তখন ঘড়িতে রাত সাড়ে তিনটে, তখনও ঘুরে ঘুরে গজরাচ্ছে। কখন শুতে গেছে কে জানে!


মণিলাল বললেন, ওকে নিয়ে যে একবার বেরুনো দরকার। কেউ ডাকতে পারে না?


আয়ত চক্ষুদুটি বিস্ফারিত করে কমলেকামিনী বললেন, ওরে বাবা, ওর মেজাজ জানো না? কে ডাকতে যাবে? তাকে এমন দাবড়ানি দেবে! মেরেও বসতে পারে!


মণিলাল বললেন, আমি গিয়ে চেষ্টা করব, মা জননী?


সঙ্গে সঙ্গে মুখখানি সহাস্য করে কমলেকামিনী বললেন, হ্যাঁ, হ্যাঁ, তাই বরং করো গে! তোমার ওপর মুখ করলে তুমিও উচিত মতন জবাব দেবে।


আর একবার ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে মণিলাল বেরিয়ে এলেন ঘর থেকে। এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজলেন।


একজন ভৃত্যকে দেখে হাতছানি দিয়ে কাছে ডেকে মণিলাল জিজ্ঞেস করলেন, তোমাদের বড়বাবু ঘুম থেকে উঠে প্রথমে কী খান? চা না কফি?


ভৃত্যটি সংকুচিতভাবে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, উনি এখন উঠবেননি।


মণিলাল গম্ভীরভাবে বললেন, আমি জিজ্ঞেস করছি, কী খান? চা না কফি?


লোকটি এবার বলল, এক একদিন বেলের পানা দিতে বলেন। আর বেশির ভাগ দিন কফি।


মণিলাল বললেন, ঠিক আছে। দু’কাপ কফি তৈয়ের করে নিয়ে এসো ওপরে। জলদি।


সিঁড়ি দিয়ে মণিলাল উঠতে লাগলেন, ওপর থেকে নেমে এল বিশ্বনাথ। ছিপছিপে চেহারা, ধুতি ও গেঞ্জি পরা।


মণিলালকে দেখে হাত তুলে নমস্কার করে বিশ্বনাথ বলল, দাদা তো এখনও জাগেননি৷ ভোরের আলো দেখার পর শুতে গেছেন, উঠবেন সেই দুপুর পার করে।


মণিলাল বললেন, সে আমি দেখছি। তুমি ঠিক সময়ে চলে এসো, না, না, কিছুটা আগেই। চারটের মধ্যে। দেশবন্ধুকে কে আনতে যাবে? ঠিক আছে তো?


বিশ্বনাথ বলল, আজ্ঞে হ্যাঁ। তারা যাবে। দেশবন্ধু বলে দিয়েছেন, গাড়ি নিতে হবে না। উনি নিজের গাড়িতেই আসবেন। শুধু একজন কেউ গেলেই হল।


মণিলাল উঠে গেলেন ওপরে।


একটা টানা বারান্দার এক পাশে কয়েকটি ঘর। অন্য পাশের রেলিংয়ে কয়েকটি পাখির খাঁচা। ঘরগুলিতে মানুষজনের কথাবার্তা শোনা যাচ্ছে।


বারান্দার একেবারে শেষ প্রান্তের ঘরটির দরজা ভেজানো। এখানে কয়েক ধাপ সিঁড়ির নীচে আর একটি ছোট বারান্দা। পাশের একটি আমগাছ এমনভাবে ঝুঁকে আছে যে ফলের সময় সে বারান্দায় দাঁড়িয়েই হাত বাড়িয়ে আম ছেঁড়া যায়।


এ পরিবারের একজন মানুষ রাত্তিরবেলা ঘুমের মধ্যে সকলের অজান্তে মারা গিয়েছিলেন, সকালবেলা দরজা ভেঙে তাঁর মৃতদেহ বার করতে হয়। সেই থেকে এ বাড়ির কেউ রাত্তিরবেলা ভেতর থেকে দরজায় ছিটকিনি বা খিল দেয় না। ভেজানোই থাকে।


মণিলাল ধাক্কা দিতেই সে দরজা খুলে গেল।


পালঙ্ক নয়, বেশি বড়ও নয়, নারীসঙ্গহীন পুরুষের একলার খাট। তাতে চিত হয়ে ঘুমন্ত এক পঁয়ত্রিশ বছর বয়স্ক যুবাপুরুষ, কমলেকামিনীর জ্যেষ্ঠপুত্র শিশিরকুমার। মায়ের শুধু গায়ের রংটাই সে পেয়েছে, কিন্তু রূপ বা শ্রীর বিচারে অনেকটাই ন্যূন। বলিষ্ঠ শরীর, পরনে একটি সিল্কের লুঙ্গি ও ফতুয়া। শেষ রাতে এখনও একটু একটু ঠান্ডা পড়ে, একটা মুগার চাদর পাশে পড়ে আছে। নিদ্রিত মানুষটি তা গায়ে দেয়নি কিংবা ভুলে গেছে।


মণিলাল ঘরের মধ্যে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন।


ঘর-ভরতি শুধু বই আর বই। দেওয়ালের র‍্যাকে উপছে ওঠা বই, মেঝেতে বই, খাটের নীচে বই, বিছানাতেও বই। একাধিক বইয়ের আধখানা ওলটানো।


মণিলাল জানেন, এই মানুষটা যখনই একা, এক মুহূর্তও বই ছাড়া থাকতে পারে না। আড্ডা দিতে খুবই ভালোবাসে, আবার অন্য সময়ে বড় নিঃসঙ্গ, তখন কাব্যসাহিত্যই তার একমাত্র সঙ্গী।


ঘরটির চেহারা দেখলেই বোঝা যায়, এখানে কোনও নারীর হাতের স্পর্শ নেই। গৃহভৃত্যদেরও বইপত্রে হাত দেওয়া নিষেধ।


মণিলালের একবার মনে হল, এই মানুষটাকে গ্রন্থের জগৎ থেকে টেনে এনে রঙ্গালয়ের জগতে নিয়ে আসা ঠিক হয়েছে কি না!


কিন্তু এখন আর উপায় নেই। নিক্ষিপ্ত তির শুধু সামনের দিকেই যায়, লক্ষ্যভেদ করুক বা না করুক।


মণিলালকে ডাকতে হল না। চোখ খুলে গেল শিশিরের। ভালো বাংলায় যাকে বলে ‘রোষকশায়িত নয়নে’, সেইভাবে কর্কশ গলায় বললেন, তুই কে রে হতভাগা? তোকে কে এখানে আসতে বলেছে? কেন আমার ঘুম ভাঙালি?


মণিলালও দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, কেউ বলেনি, আমি নিজেই এসেছি। সারারাত না ঘুমিয়ে দিনেরবেলা ঘুমোনো মোটেই স্বাস্থ্যকর নয়। ওঠ্!


চক্ষু সংকুচিত করে, শুধু মুখের কেন্দ্রবিন্দুটি দেখলেন শিশির।


তারপর ধড়মড় করে উঠে বসে বললেন, মণি? তুই কেন এসেছিস এত ভোরবেলা? কী হয়েছে রে, কেউ মারা গেছে?


মণিলাল বললেন, কেউ মারা যায়নি। আমি ভোরবেলাও আসিনি। এখন পৌনে এগারোটা। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমাদের যেতে হবে না?


শিশির সরলভাবে বললেন, যেতে হবে? কোথায়?


মণিলাল জিজ্ঞেস করলেন, কাল সারারাত জেগেছিস, শুনলাম? কটা বোতল শেষ করেছিস?


দু’হাতে চোখ কচলাতে কচলাতে শিশির বললেন, একটাও না। তুই বিশ্বাস কর, মণি, কাল এক ফোঁটাও মদ খাইনি!


মণিলাল বললেন, এ কী কথা শুনি আজ মন্থরার মুখে! এক্‌সসেলেন্ট! ব্রাভো! আমি জানি, তোর মনের জোর আছে শিশির। নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে! এক্ষুনি বেরুতে হবে রে।


শিশির বলল, কোথায় যাব?


মণিলাল বললেন, শিশির, আজকের তারিখটা তোর মনে নেই? সব ঠিকঠাক সাজানো হয়েছে কি না দেখে আসতে হবে। নতুন লাইটগুলো দিয়ে যাবে বারোটার সময়।


শিশির একবার আড়মোড়া ভেঙে নামলেন খাট থেকে। মুখে বিরক্তির ছাপ। দু’দিন দাড়ি কামানো হয়নি, হাত দিয়ে ঘষতে লাগলেন চিবুক।


দেওয়ালের দিকে ফিরে বললেন, বন্ধ করে দে।


মণিলাল চমকে গিয়ে বললেন, কী বন্ধ করে দেব?


শিশির গম্ভীরভাবে বললেন, আজ উদ্বোধন হবে না। ক্যানসেল। সব টিকিট ফেরত দেবার ব্যবস্থা কর।


মুখ না ধুয়েই তিনি একটা চুরুট ধরালেন।


মণিলাল একটা কেদারায় বসে পড়ে বললেন, তুই কী বলছিস শিশির? পাগল হয়েছিস! সব ব্যবস্থা হয়ে গেছে, এত পোস্টার পড়েছে যে শহরের কোনও দেওয়াল বুঝি বাকি নেই। আজ তোর নিজস্ব দলের প্রথম শো। ওপনিং সেরিমনিতে প্রদীপ জ্বালবেন দেশবন্ধু চিত্তরঞ্জন, আরও কত বিশিষ্ট মানুষজন আসবেন।


জোর ধমকের সুরে শিশির বললেন, এলে তাঁরা কী দেখবেন? আমি কি ধ্যাস্টামো করে লোক হাসাব?


মণিলাল বললেন, না, না, দেখবি, আজকের শো জমে যাবে। কত ভাল ভাল গান আছে। কৃষ্ণচন্দ্র দে-কে ডাকা হয়েছে। তিনি অনেকগুলি গান গাইবেন। নজরুল ইসলাম নামে ছেলেটির খুব নাম হয়েছে। তাকে বলেছি, কবিতা পাঠ করতে।


শিশির বললেন, ধ্যাৎ! লোকে আসবে শিশির ভাদুড়ীর অভিনয় দেখতে, তারপর যখন দেখবে, পুরো শো-তেই আমি নেই, নাটকই নেই, তখন তারা খেপে উঠবে না? ঢিল ছুড়বে, চেয়ার ভাঙবে! আমি কি এই জন্য থিয়েটারে এসেছিলাম? প্যানপ্যানানি গান, ধেই ধেই নাচ আর ফ্যাচফেচে কান্না দেখাতে? দিস ইজ চিটিং! আমি আজ যাবই না। চুলোয় যাক সব কিছু! তুই থিয়েটারের দরজায় নোটিশ সেঁটে দে, শো বন্ধ!


দুই – পশ্চাৎপট

পড়ন্ত জমিদার বংশের ছেলে শিশিরকুমার ভাদুড়ী ছাত্র বয়েস থেকেই তার বন্ধুদের কাছে হিরো। তেজস্বী, রূপবান, ধারালো কথাবার্তা। ছাত্র হিসেবে সে মেধাবী, কিন্তু মনোযোগী নয়। অন্যদের তুলনায় সে অনেক বেশি বই পড়ে, কিন্তু পরীক্ষায় প্রথম-দ্বিতীয় হবার উদ্যম নেই। ইংরেজিতে এম এ পাশ করবার পর সে অধ্যাপনা শুরু করেছিল মেট্রোপলিটান কলেজে। ছাত্রদের মধ্যে জনপ্রিয়, তার শেক্‌সপিয়ার আবৃত্তি সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। বাংলা কবিতার আবৃত্তিতেও সে একই রকম দক্ষ।


ছাত্র বয়েস থেকেই শিশিরের অভিনয় করার দিকে ঝোঁক। ইউনিভার্সিটি ইন্সটিটিউটে সে অনেকগুলি শখের থিয়েটারে অভিনয় করেছে, ইংরেজি ও বাংলা নাটকে। একবার ‘বৈকুণ্ঠের খাতা’ দেখতে এসেছিলেন নাট্যকার রবি ঠাকুর, তখন তিনি নোবেল পুরস্কার পাননি। নাটক দেখার পর বাইরে আসতে আসতে নাট্যকার তাঁর এক সঙ্গীকে বললেন, কেদারের

**********
No Review
Related Books
Loading books…