Home
বন্দিনী

বন্দিনী

সুনীল গঙ্গোপাধ্যায়

বন্দিনী

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Change color

লোহার গেটটা বন্ধ৷ তার বাইরে মহিমবাবু যেই সাইকেল রিকশা থেকে নামলেন, অমনি ভেতর থেকে একটা কুকুর হিংস্রভাবে ডাকতে ডাকতে তেড়ে এল৷ সাধারণ খয়েরি রঙের নেড়ি কুত্তা, কিন্তু তার গলায় খুব তেজ!

মহিমবাবু প্যান্ট-শার্ট পরা, রোদ্দুরের জন্য মাথায় দিয়েছেন একটা তালপাতার টুপি৷ তিনি কুকুর-টুকুর বিশেষ পছন্দ করেন না৷

কুকুরটা ঘাউ ঘাউ করে ডেকেই চলেছে৷ মহিমবাবু বললেন, কী আপদ! এখানে আবার একটা কুকুর এল কী করে?

রিকশা থেকে পরে নামলেন তাঁর স্ত্রী সুজাতা দেবী৷ রিকশার ভাড়া তিনিই চুকিয়ে দিতে দিতে বললেন, ভালোই তো৷ একটা কুকুর থাকলে বাড়ির পাহারা হয়, যাকে-তাকে ভেতরে ঢুকতে দেবে না৷


মহিম বললেন, এ যে আমাকেই ঢুকতে দিচ্ছে না! কামড়ে-টামড়ে দেবে নাকি?


সুজাতা কোনো কুকুরকেই ভয় পান না৷ তিনি গেট খুলে চুঃ চুঃ শব্দ করতেই কুকুরটা ডাক থামিয়ে দিল৷


সুজাতা ডাকলেন, সর্দার! সর্দার!


বাড়ির পেছন দিক থেকে এল একজন কুচকুচে কালো মাঝবয়েসি লোক৷ সে একজন সাঁওতাল৷ সে এই বাড়ির কেয়ারটেকার৷


সুজাতা জিজ্ঞেস করলেন, কেমন আছ, সর্দার?


সাঁওতালরা সাধারণত খুব হাসি-খুশি ধরনের মানুষ হয়৷ কিন্তু এই মানুষটি গম্ভীর ধরনের৷ সে সহজে কথা বলে না৷ সুজাতার প্রশ্ন শুনে সে মুখে কিছু না বলে শুধু ঘাড়টা হেলাল৷ এই সময় কোথা থেকে আর একটা কুকুর লেজ নাড়তে লাগল সর্দারের পাশে এসে৷


একেবারে নতুন ঝকঝকে বাড়ি৷ সামনের বাগানে অনেক ফুল ফুটেছে৷ পাশে একটা ছোট্ট পুকুর৷ তাতে টলটল করছে জল৷


মহিম নিজেই বাড়িটা দেখে অবাক৷ অনবরত বাঃ বাঃ বলতে লাগলেন৷


বছরখানেক আগে কেনা হয়েছিল জমি৷ তখন জায়গাটা ছিল এবড়ো-খেবড়ো মাঠের মতন৷ আর ছিল কয়েকটা তালগাছ৷ বাড়ি তৈরির জন্য যখন সবেমাত্র খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে, তখন অফিসের একটা কাজে মহিমকে চলে যেতে হল আফ্রিকায়৷ সেখানেই থেকে যেতে হল আট মাস৷ এর মধ্যে সুজাতা নিজেই দেখাশুনো করে শান্তিনিকেতনে এই বাড়িটা বানিয়ে ফেলেছেন৷


মহিমের কাছে তাই সবকিছুই নতুন৷ তাঁর মনে হচ্ছে, যেন আলাদিনের দৈত্য মাঠের মধ্যে একটা বাড়ি বসিয়ে দিয়েছে৷


সবই বেশ পছন্দ হয়েছে মহিমের৷ শুধু অনবরত কুকুরের ডাক শুনলে তাঁর মেজাজ খারাপ হয়ে যায়৷ দুটো কুকুর যখন-তখন ডাকে, ঝগড়া করে, খেলা করে৷ কুকুর দুটো মহিমের পা চাটবার চেষ্টা করলে তিনি খানিকটা ভয় পেয়ে আর খানিকটা বিরক্ত হয়ে বলে ওঠেন, এই যাঃ যাঃ!


বারান্দায় বেতের চেয়ারে বসে মহিম হয়তো আকাশের মেঘ দেখে গুনগুন করে গান গাইছেন, এমন সময় কুকুর দুটো হুটোপাটি করে তাঁর সামনে এসে তাঁর গায়ের গন্ধ শুঁকতে চায়৷ কুকুরদের এই উপদ্রবে তাঁর গান বন্ধ হয়ে যায়৷


তিনি সুজাতাকে ডেকে বললেন, এ বাড়িতে কুকুর দরকার নেই৷ তুমি ওদের তাড়াও৷


সুজাতা বললেন, সে কি! ও দুটো তো সর্দারের পোষা কুকুর৷ সাঁওতালরা কুকুর ছাড়া থাকতে পারে না, তুমি জানো না?


মহিম বললেন, একটা কুকুরই তো যথেষ্ট, আবার দুটো কেন?


সুজাতা বললেন, দুটোই যে ওর আগে থেকে পোষা৷


মহিম বললেন, ওর যদি একটা পোষা বাঘ থাকত, সেটাও কি আমাদের এই বাড়িতে রাখতে হত?


এ কথা শুনে হেসে ফেললেন সুজাতা৷


এই নতুন বাড়ির সবকিছুই পছন্দ মহিমের৷ শুধু কুকুর দুটো ছাড়া৷ ওদের আবার বন্ধু আছে৷ এক এক সময় আরও কুকুর ঢুকে আসে বাড়ির মধ্যে৷


শান্তিনিকেতনের এই বাড়িতে তো একটানা বেশিদিন থাকা যায় না৷ কলকাতায় কাজকর্ম আছে৷ তবে মহিম আর সুজাতা একটু ছুটি পেলেই চলে আসেন এখানে৷


কয়েক মাস বাদে সর্দার হঠাৎ চাকরি ছেড়ে দিল৷ কোনো কারণ নেই, ঝগড়াঝাঁটি কিছু হয়নি, এমনিই সে বলল, নিজের গ্রামে ফিরে যাবে৷


নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল সর্দার৷ সুজাতা বিপদে পড়ে গেলেন৷ এরপর বাড়ির দেখাশুনো করবে কে? খালি বাড়ি ফেলে রাখলেই চোর আসবে৷


মহিম কিন্তু খুশি৷ কুকুর দুটো তো বিদায় হয়েছে৷


চেনাশুনো লোকদের ধরাধরি করে আর একটি লোক পাওয়া গেল৷ তার নাম রাখাল৷ তেইশ-চব্বিশ বছর বয়েস, খুব চটপটে, বাগানের কাজ জানে, রান্না জানে৷


কয়েকদিনের মধ্যেই বোঝা গেল, রাখাল খুবই উপযুক্ত ছেলে৷ সুজাতার বেশ পছন্দ হয়ে গেল৷ মহিমের আরও পছন্দ, রাখালের কোনো পোষা কুকুর নেই৷


একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মহিম পাখির ডাক শুনছেন৷ এত পাখি কলকাতায় দেখা যায় না৷ বুলবুলি, দোয়েল, মুনিয়া৷ মহিম ঘুমোন দোতলার ঘরে৷ জানলা দিয়ে পুকুরটা দেখা যায়৷ পুকুরের ধারে ধারে ছোট ছোট গাছ৷ একটা কদম গাছ এর মধ্যেই অনেকটা বড় হয়েছে৷ সেই গাছটায় পাখিরা এসে বসে৷ একদিন এসেছিল একটা ইস্টকুটুম পাখি৷ পায়রা আর বকেরা পুকুরের জল খেতে আসে৷


পাখির ডাক শুনতে শুনতে মহিম একটা কুঁই কুঁই শব্দ শুনতে পেলেন৷ এটা আবার কিসের শব্দ? তিনি নেমে এলেন নীচে৷ বাইরের বারান্দায় এসে দেখলেন, সুজাতা বিস্কুট ভেঙে ছুড়ে ছুড়ে দিচ্ছেন আর সেগুলো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে একটা বাচ্চা কুকুর৷ খুবই বাচ্চা, মোটে তিন-চার মাস বয়েস হবে, কালো-সাদা রং, একটা পশমের বলের মতন৷


মহিম ভুরু তুলে বললেন, আবার কুকুর?


সুজাতা বললেন, দ্যাখো দ্যাখো, কী সুন্দর কুকুরটা৷ কীরকম তুলতুলে৷ আর কী সুন্দর চোখ দুটো৷


মহিম বললেন, এটাকে আবার কোথায় পেলে?


সুজাতা বললেন, এমনিই গেটের তলা দিয়ে ঢুকে পড়েছে৷ এইটুকু কুকুর, কিন্তু কী বুদ্ধি দেখবে?


একখানা আস্ত বিস্কুট উঁচু করে ধরে সুজাতা বললেন, এই শুয়ে পড়, শুয়ে পড়! না হলে পাবি না৷


কুকুরটা অমনি চিৎ হয়ে শুয়ে পড়ল৷ পাগুলো গুটিয়ে রাখল, আর মাথাটা ঘোরাতে লাগল এদিক-ওদিক৷


সুজাতা ওকে টপ করে বুকে তুলে নিয়ে বললেন, কী লক্ষ্মী কুকুর৷ এটাকে আমি পুষব৷


মহিম বিরক্ত হয়ে বললেন, আবার কুকুরের ঝামেলা কেন?


সুজাতা ধমক দিয়ে বললেন, তুমি এইটুকু একটা কুকুরছানাকেও ভয় পাও নাকি?


মহিম বললেন, না, ভয়ের কী আছে? তবে এটা নিশ্চয়ই অন্য কোনো বাড়ির পোষা কুকুর৷ গেটের বাইরে রেখে আসাই ভালো!


সুজাতা ঝংকার দিয়ে বললেন, তোমাকে অত ভাবতে হবে না৷ অন্য কেউ চাইতে এলে দিয়ে দেবো৷ বাড়িতে একটা কুকুর রাখা খুব দরকার৷


মহিম আর কিছু বলতে সাহস পেলেন না৷ দু’তিন দিনের মধ্যে কেউ চাইতেও এল না কুকুরটাকে৷


বাচ্চা কুকুরটা সারাক্ষণ খেলে বেড়ায়, বেশি ডাকাডাকি করে না৷ শুধু দুপুরবেলা মহিম আর সুজাতা যখন খেতে বসেন, সে তখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে ভুক ভুক শব্দ করে৷ যেন সে বলতে চায়, আমাকে খেতে দিতে ভুলে যেও না যেন!


সেই যে প্রথম দিন সুজাতা ওকে কোলে তুলে নিয়ে বলেছিলেন, লক্ষ্মী কুকুর৷ সেই থেকে ওর নাম হয়ে গেল লক্ষ্মী৷


সুজাতার খুব মায়া পড়ে গেছে লক্ষ্মীর ওপর৷ মহিমও মাঝে মাঝে এখন ওকে বিস্কুট খেতে দেন৷ হঠাৎ কোনো সময় লক্ষ্মী তাঁর পায়ের ওপর এসে লুটোপুটি খেলে রাগ করার বদলে হেসে ফেলেন তিনি৷


রাখাল কিন্তু প্রথম থেকেই কুকুরটাকে অপছন্দ করেছে৷ সে বলল, এটা মেয়ে-কুকুর৷ বাড়িতে মেয়ে-কুকুর রাখা ভালো নয়, তাতে অনেক ঝামেলা হয়!


সুজাতা ধমক দিয়ে বললেন, মেয়ে-কুকুর আর ছেলে-কুকুর কী রে? মেয়ে বলে বুঝি মানুষ নয়?


তাই শুনে মহিম খুব হাসতে লাগলেন৷


সুজাতা সেই হাসি অগ্রাহ্য করে বললেন, ওকে আমার খুব পছন্দ হয়েছে৷ লক্ষ্মী এ বাড়িতেই থাকবে৷ আমরা যখন থাকব না, তখনো ওকে ভালো করে খেতেটেতে দেবে৷


দু-দিন বাদে সুজাতা আর মহিম ফিরে গেলেন কলকাতায়৷ তারপর আর বেশ কিছুদিন ফেরা হল না শান্তিনিকেতনে৷ কলকাতায় অনেক কাজ৷


মাস দেড়েক বাদে আবার ওঁরা এলেন শান্তিনিকেতনে৷ এবার বেশ বড় দল৷ মহিমের মা এসেছেন সঙ্গে৷ ওঁদের ছেলে বাপ্পা খড়্গপুরে হোস্টেলে থেকে পড়াশুনো করে, সেও এসেছে গরমের ছুটিতে৷ সুজাতার দিদি-জামাইবাবু এসেছেন বেড়াতে৷


ঘরের জিনিসপত্র ঠিকঠাক করে সাজাতে সাজাতে হঠাৎ সুজাতার খেয়াল হল লক্ষ্মীকে তো একবারও দেখা যায়নি!


রাখালকে সেই কথা জিজ্ঞেস করতেই সে বলল, ও মাঝে মাঝেই বাইরে চলে যায়৷ বাড়িটাড়ি কিছু পাহারা দেয় না৷ বাইরে বাইরেই থাকে!


সুজাতা বললেন, নিশ্চয়ই তুই ওকে খেতে দিস না৷ তাই ও বাইরে চলে যায়৷


সুজাতা গেটের কাছে দাঁড়িয়ে দু’বার ডাকলেন, লক্ষ্মী, লক্ষ্মী!


তখন দেখা গেল দূরের মাঠ পেরিয়ে তিরের মতন ছুটে আসছে একটা বাচ্চা কুকুর৷ কাছাকাছি এসে এক লাফে ঝাঁপিয়ে পড়ল সুজাতার পায়ের ওপর৷ সুজাতা তাকে কোলে তুলে নিয়েই বললেন, ইশ, দেখেছ কত ময়লা মেখেছে গায়ে!


একটুক্ষণের মধ্যেই ঘাসে কয়েকবার গড়াগড়ি দিয়ে পরিষ্কার হয়ে গেল লক্ষ্মী৷


বাপ্পা কুকুর ভালোবাসে৷ সে একটা বল নিয়ে খেলতে লাগল৷ যতবার বলটা ছুড়ে দেয়, লক্ষ্মী দৌড়ে গিয়ে বলটা মুখে করে আনে৷ বাপ্পা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলেও লক্ষ্মী তার সঙ্গে সঙ্গে ঘোরে৷


কুকুরটা খুব দুরন্ত কিন্তু অসভ্য নয়৷ খাবার দিলেই চেটেপুটে খায়, অথচ হ্যাংলামি নেই একটুও৷ দেখতেও বেশ সুন্দর৷ সবারই পছন্দ হয়ে গেল ওকে৷


শুধু মা বললেন, ওর নাম লক্ষ্মী রেখেছ কেন? ঠাকুর-দেবতার নাম নিয়ে ইয়ার্কি করতে নেই৷ তার বদলে ওর নাম দাও রক্ষী৷ বাড়ি পাহারা দেবে, তাই রক্ষী নামটাই মানাবে৷


সুজাতা সঙ্গে সঙ্গে নামটা পছন্দ করে ফেললেন৷ রক্ষী বলে ডাকলেই ও সাড়া দেয়৷ ও লক্ষ্মী আর রক্ষীর বিশেষ তফাত বুঝবে না৷ কয়েকবার তিনি রক্ষী রক্ষী বলে ডাকলেন, অমনি সে ছুটে এল৷


বাপ্পা শুধু বলল, ঠাম্মি, কুকুরটা তো মেয়ে৷ তাহলে রক্ষীর বদলে ওর নাম রক্ষিনী রাখতে হয়৷


বাপ্পার ঠাকুমা বললেন, রক্ষিনী শুনতে বিচ্ছিরি৷ ওসব রক্ষিনী-যক্ষিনী দরকার নেই৷ শুধু রক্ষীই ভালো৷


লক্ষ্মী সেদিন থেকে রক্ষী হয়ে গেল৷


সুজাতার ধারণা অন্য সব কুকুরের চেয়ে রক্ষীর বুদ্ধি বেশি৷ একদিন সকালে তার কিছুটা প্রমাণও পাওয়া গেল৷


আগের রাতে পাঁঠার মাংস খাওয়া হয়েছিল৷ তার প্রচুর হাড় রক্ষী খেয়েছে৷ পাঁঠার মাংসের হাড় কুকুরদের বেশি পছন্দ৷


সকালবেলা সবাই যখন বারান্দায় চা খেতে বসে, তখন রক্ষী কাছে এসে লাফালাফি করে৷ প্রত্যেকেই খানিকটা বিস্কুটের টুকরো দেয় ওকে৷


সেই সকালে রক্ষীর যেন বিস্কুট খাওয়ার তেমন উৎসাহ নেই৷ ছুটে ছুটে বিস্কুট কুড়োচ্ছে না৷ সুজাতা বললেন, কাল রাত্তিরে রক্ষী এত মাংস খেয়েছে যে এখনো ওর খিদে পায়নি৷


বাপ্পা তবু আস্ত একটা বিস্কুট ছুড়ে দিল একটু দূরে৷


রক্ষী কয়েক পলক সেই বিস্কুটটার দিকে তাকিয়ে রইল৷ তারপর সেটা মুখে নিয়ে ছুটে গেল ফুলবাগানে৷ সেখানকার নরম মাটি খুঁড়ে একটা গর্ত বানিয়ে ফেলে তার মধ্যে রাখল বিস্কুটটা৷ আবার মাটি চাপা দিয়ে দিল!


বাপ্পা বলল, ও কি বিস্কুটটাকে পুঁতল নাকি? ভাবছে, বিস্কুটের গাছ হবে?


মহিম বললেন, না রে! ও বিস্কুটটাকে জমিয়ে রেখে দিল, পরে খাবে৷


বাপ্পা অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, জন্তু-জানোয়াররা এরকম খাবার জমাতে জানে? আগে তো কখনো দেখিনি!


সুজাতা বললেন, দেখলে, ওর কত বুদ্ধি?


শান্তিনিকেতন থেকে চলে আসার সময় সকলেরই একটু একটু মন খারাপ লাগে৷ রক্ষী প্রত্যেকের পায়ে এমন মাথা ঘষে, যেন বলতে চায়, যেও না, যেও না৷


তবু তো যেতেই হয়৷


একমাস বাদে আবার ফিরে এসে সুজাতা দেখলেন রক্ষী বাড়িতে নেই৷ এবার গেটের কাছে গি

**********
No Review
Related Books
Loading books…