
জেঠুমণি অ্যান্ড কোম্পানি
বুদ্ধদেব গুহ
কিছুক্ষণ আগে এক পশলা জোর বৃষ্টি হয়ে গেছিল৷ বসন্তের জঙ্গল-পাহাড়ের গায়ে যত ধুলো জমেছিল, সমস্ত পরিষ্কার করে নিয়েছিল সেই বৃষ্টি৷ এখন গোধূলির নরম হলদেটে আলোয় চারদিক হেসে উঠেছে৷ সন্ধে হওয়ার দেরি নেই৷ ঋজুদা কাঠকামচারির বাংলোর সামনে ইঞ্জিচেয়ারে বসে পায়ের ওপরে পা রেখে ভুড়ুক-ভুড়ুক করে পাইপ খাচ্ছিল৷ আর আমি বসে ছিলাম একটা গাছের গুঁড়িতে! বসে-বসে বৃষ্টির পরে রাইফেলটা এবং বন্দুকটা ভালো করে ক্লিনিংরড দিয়ে এবং পুলথ্রু টেনে-টেনে পরিষ্কার করছিলাম৷ ঋজুদা বলল, ‘‘আজকে একটু তেলও লাগাস৷ যা ভেজান ভিজেছে বৃষ্টিতে বন্দুক-রাইফেলগুলো৷’’ আসলে, কাঠকামচারির মানুষখেকো বাঘটাকে ঋজুদা কিছুতেই কব্জা করতে পারছে না৷ আমরা দুপুরবেলায় খাওয়া-দাওয়ার পরই আজকেও বেরিয়ে গেছিলাম৷ চার-পাঁচ মাইল হাঁটাহাঁটি হল৷ কোথাও বাঘের পায়ের দাগ পাওয়া গেল না৷
অবশ্য বলা যায় না; এই বৃষ্টিতে যেভাবে মাটি নরম করে ভিজল, এর উপর বাঘের দাগ পড়লে কাল আমাদের দেখতে এবং খুঁজতে খুব সুবিধা হবে৷ রাইফেল পরিষ্কার করতে-করতে ঋজুদাকে বললাম, ‘‘তুমি তো রোজই বলো জেঠুমণির গল্প বলবে৷ আজকে বলো না বাবা এখন তো আর কিছু করবার নেই৷’’
ঋজুদা ঠাট্টার গলায় বলল, ‘‘বলছিস? চল রাতে মহুয়াগাছের মাচায় বসব৷’’
আমি বললাম, ‘‘তুমি আমার কথাটা এড়িয়ে যাচ্ছ৷ মাচায় তো বসবে রাতে৷ এখন কী? বলো না, তোমার জেঠুমণির গল্পটা বলো৷’’
ঋজুদা হঠাৎ পায়ের উপর থেকে পা-টা নামিয়ে সড়াত করে সোজা চাবুকের মতো বসে, ইজিচেয়ারের দু’পাশে দু’পা ছড়িয়ে দিয়ে ঘোড়সওয়ার হয়ে বলল, ‘‘আচ্ছা তবে শোন বহুদিন থেকে বলছি তোকে বলব, বলব৷ তবে জেঠুমণির গল্প কি আর শেষ করা যায়? বলতে আরম্ভ করলে দু’বছর লেগে যাবে৷’’
আমি হাসলাম৷ বললাম ‘‘দু’বছর না, তুমি দু’ঘণ্টাই বলো না৷’’
ঋজুদা বলল, ‘‘ঠিক আছে, আমি কিন্তু বলেই চলব৷ তোর যখন ইচ্ছে হবে, তুই বলবি, থামো৷ কিংবা কাড়ুয়ার যখন রাতের খিচুড়ি রান্না শেষ হবে, তখনই শুধু গল্প বন্ধ হবে৷ নইলে আমি গল্প কিন্তু বলেই চলছি৷’’
আমি বললাম, ‘‘খুব ভালো, খুব ভালো, বলো৷’’
ঋজুদা বলল, ‘‘জেঠুমণির মতো গণতান্ত্রিক শিকারি আমি জীবনে দেখিনি৷’’
আমি অবাক হয়ে বললাম, ‘‘গণতান্ত্রিক শিকারি মানে?’’
ঋজুদা বলল, ‘‘সেই তো মজা৷’’ তারপর আরও একটু ধোঁয়া ছেড়ে বলল, ‘‘ধর জেঠুমণির সঙ্গে আমরা শিকারে গেছি৷ জিপে করে যাচ্ছি৷ শিকারের জায়গায় তখনও পৌঁছোইনি৷ জিপে কম করে এক ডজন অস্ত্রধারী লোক বসে আছে৷ প্রত্যেকের হাতে বন্দুক-রাইফেল৷ এমন এক সময় হতভাগা হরিণ কোত্থেকে বেরিয়ে পড়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়াল৷ জেঠুমণির এক বন্ধু বললেন, দাঁড়া-দাঁড়া, আমি মারি৷ জেঠুমণি বললেন, এইসব বুর্জোয়া মনোবৃত্তি চলবে না৷ শিকারে এসেছ একসঙ্গে৷ প্রত্যেকের বন্দুক-রাইফেল থেকে একসঙ্গেই গুলি বেরোবে৷ এবং জানোয়ার যদি চেহারা দেখায়, তবে সে তার চেহারা দেখিয়ে পালিয়ে যাবে, সেটি হচ্ছে না৷ সে চেহারা যদি একবার দেখায় সঙ্গে-সঙ্গে তাকে পপাতধরণীতলে হতেই হবে৷ ওসব ব্যক্তিগত বাহাদুরি চলবে না যে, আমার গুলি লেগেছে, তোমার গুলি লাগেনি৷ কিংবা আমি গলায় গুলি মেরেছিলাম, আমি ফুসফুসে মেরেছিলাম, কী আমার গুলি কপালে লেগেছে৷ জানোয়ার দেখেছ কি একসঙ্গে সব রাইফেল-বন্দুক দমাদ্দম করে দেগে দাও৷ ধপ করে জানোয়ার পড়ে যাবে৷’’
আমি শুনে তো হো-হো করে হেসে উঠলাম৷ বললাম, ‘‘এ আবার শিকার কী? এ তো দল বেঁধে মারামারি৷ তোমরা তো দল বেঁধে একসঙ্গে খুন করতে বলো৷’’
ঋজুদা বলল, ‘‘এসব কথা তুই আমাকে বলে পার পেয়ে গেলি৷ জেঠুমণিকে বললে মার খেয়ে তোর অবস্থা কাহিল হয়ে যেত৷ তবে জেঠুমণির যুক্তি অকাট্য ছিল৷ জেঠুমণি বলতেন, দ্যাখ, শিকারে কি আর রোজ-রোজ আসা হয়? এত টাকা-পয়সা খরচ করে কলকাতা থেকে পোঁটলা বেঁধে জোগাড়যন্ত্র করে, যদি বছরে দু-তিনবার করে আসি, তখন অত সব বাছবিচার আমার করা সম্ভব নয়৷ আমরা তো প্রফেশন্যাল শিকারি নই, যে সারাদিন এই-ই করে বেড়াচ্ছি৷ সকাল নেই, রাত্তির নেই, কাজ নেই, কর্ম নেই, খালি জানোয়ারের পিছন-পিছন ঘুরে বেড়ানো৷ ওসব শিকার আমাদের পোষায় না৷ আমরা হচ্ছি শহুরে শিকারি৷ জানোয়ার দেখেছ, কি মেরেছ৷ কোনো বাছাবাছি নেই৷’’
আমি বললাম, ‘‘তুমি যখন জেঠুমণির সঙ্গে শিকারে গেছিলে, তুমি তখন কত বড় ছিলে?’’
ঋজুদা বলল, ‘‘কত বড় আর? তখন স্কুলে পড়ি৷ জেঠুমণির কাছেই তো শিকারের হাতেখড়ি৷ তখন আমার হাতে থাকত একটা টোয়েন্টি বোরের টলি শটগান, ডাবল ব্যারেল৷ এবং আমার ওপর আদেশ ছিল যে, জেঠুমণি, কাকামণি এবং তাঁদের বন্ধুবান্ধবেরা গুলি করার পরেও যদি কোনো গুলিখোর জানোয়ার পরম কৃতজ্ঞতার সঙ্গে দৌড়ে উঠে পালাতে যায়, তখন সেই অকৃতজ্ঞ পলায়মান জানোয়ারকেই শুধু আমার গুলি করার অধিকার আছে৷ জ্যান্ত জানোয়ার বা অনাহত জানোয়ারকে গুলি করার আমার কোনো অধিকার ছিল না৷ তার ফলে প্রায়ই তখন নানারকম সমস্যার সম্মুখীন হতে হত৷’’
আমি বললাম, ‘‘কী রকম?’’
‘‘একবার জেঠুমণির বোনের বাড়ি গেছি৷ আসামের গোয়ালপাড়া জেলার ছোট্ট একটা গ্রাম, তার নাম তামাহাট, সেখান থেকে আমরা যাব ‘যমদুয়ার’ বলে গভীর জঙ্গলে৷ যমদুয়ার নামটা শুনেই বুঝতে পারছিস, জায়গাটা কীরকম হবে৷ একপাশে ভুটান পাহাড়, একপাশে পশ্চিমবঙ্গ, আরেক দিকে আসাম৷ আসাম আর পশ্চিমবঙ্গের সীমানা বেয়ে বয়ে চলেছে সংকোশ নদী৷ কী সুন্দর যে দেখতে সে-নদী৷ বড়-বড় পাথর ভরা শীতকালে সে-নদীর জল এত স্বচ্ছ থাকে, যে নীচে রঙিন নুড়িগুলোকে চমৎকার দেখা যায়৷ আর তার মধ্যে উড়ে এসে বসে নানারকম হাঁস দূর-দূর দেশ থেকে৷ যমদুয়ার তামাহাট থেকে অনেক দূর৷ তামাহাট থেকে তো রওনা হওয়া গেল৷ বলা বাহুল্য, জেঠু যেহেতু গণতান্ত্রিক শিকারি ছিলেন, উনি স্বার্থপরতায় বিশ্বাস করতেন না৷
উনি শিকারে যাচ্ছেন শুনে, সঙ্গে এত লোক ‘আম্মো যাব’ ‘আম্মো যাব’ করে লাইন লাগাল যে শেষকালে আর গাড়ি-টাড়িতে হল না, একটা ট্রাকই ভাড়া করতে হল৷ ট্রাকের উপরে আমরা সঙ্গে সঙ্গে উঠে পড়লাম৷ বুঝতেই পারছিস, অত লোক জঙ্গলে গিয়ে বে-নোটিস থাকা হবে৷ সঙ্গে খাবার-দাবার ও শোবার বিছানাপত্র৷ সব কিছুরই বন্দোবস্ত রয়েছে৷ বিরাট-বিরাট পেট-মোটা হোল্ড-অল আর খাবার-দাবারের কথা কী আর বলব৷ দু’বস্তা মুড়ি, দু’বস্তা চিঁড়ে, একটা ঝোলাগুড়ের হাঁড়ি, পাটালি গুড়ের বান্ডিল থাক-থাক ন্যাকড়া দিয়ে বাঁধা৷ এক ঝুড়ি পান, এক হাঁড়ি তাজা সুপারি, যার গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে৷ কিন্তু সেই মজা সুপারি দিয়ে পান না খেলে জেঠুমণির ভালোই লাগত না আসামে গেলে৷ সুতরাং সুপুরি সঙ্গে যেতই৷ দু’ঝুড়ি কমলালেবু এবং দুটো আস্ত পাঁঠা৷ জঙ্গলে যদি শিকার না পাওয়া যায়, তবে মাংস খাওয়া হবে কী করে? কাজেই পাঁঠাও রয়েছে৷
আরও ছিল এক ঝুড়ি মুরগি, এক ঝুড়ি ডিম, শাক-সবজি তো রয়েইছে৷ আর তার মধ্যে শিকারিরা সব৷ ঝুড়ি-ঝুড়ি৷ কী তাদের বাহার পোশাক-আশাক! বিচিত্র ভাষা, বিচিত্র বয়েস; কেউ ধুতি পরে, কেউ পুরো সাহেব৷ আমাদের কাসেম আলি মিঞা মোটা গদগদে, নতুন আলুর মতো লালচে গায়ের রং৷ জেঠুমণির পেট ছিল আবু সাত্তার৷ সে ছিপছিপে৷ সাত্তার সাংঘাতিক লোক ছিল৷ কত বাঘ আর লেপার্ড যে মেরেছিল, তার ইয়ত্তা নেই৷ পরে ছ’জন আত্মীয়কে একদিন গুলি করে মেরে ফাঁসিতে গেছিল৷ সেই সাত্তারের গল্প পরে বলব৷ সঙ্গে কাকুমণি৷ জেঠু তো আছেনই৷ আমিও রয়েছি বলা বাহুল্য৷
সন্ধের একটু পরেই ট্রাকটা তো ছাড়ল৷ ধূলি-ধূসর রাস্তা পেরিয়ে তামাহাটের পরে দোকান-বাজার পেরিয়ে ফাঁকা জায়গায় পৌঁছেছে৷ শীতকাল৷ হঠাৎ রাস্তার পাশেই চষাখেতে এক বিরাট বড় চিতাবাঘ৷ কুকুরের মতো রাস্তার পাশে বসে আছে৷ সে বাঘের কী চেহারা! মানে রয়েল বেঙ্গল টাইগারের মতো বড়৷ এত্ত বড় চিতাবাঘ৷ আমি তখন বুঝলি স্কুলে পড়ি, এন সি সি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি, ন্যাশনাল রাইফেল শুটিং কম্পিটিশনে৷ জেঠুমণির বন্দুকটা আমার হাতে৷ সেই টোয়েন্টি-বোর টলি শট গান৷ বন্দুকটা আমি তাক করে রেখেছি বাঘের কানে৷ স্কেরিকাল বল পোরা আছে৷ ডাবল চোকড ব্যারেলে৷ গুলি করলে বাঘ ওখানে উল্টে পড়ে যাবে৷ কিন্তু আমার গুরুজনেরা তো কেউ তখনও গুলি করেননি৷ আমার অর্ডার নেই গুলি করবার৷
কয়েকদিন আগে জেঠুমণি অস্ট্রিয়া থেকে দুটো রাইফেল আনিয়েছিলেন৷ একটা ছিল পয়েন্ট থ্রি সিক্স-সিক্স বোরের, আরেকটা ছিল পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বোরের৷ দুটোই ম্যানলিকার সোনার৷ জেঠুমণির হাতে পয়েন্ট থ্রি সিক্স-সিক্স বোরের রাইফেল আর কাকুমণির পয়েন্ট থ্রি সেভেন ফাইভ৷ দুটোই একেবারে আনকোরা নতুন৷ কুঁদো দিয়ে নতুন-নতুন গন্ধ বেরোচ্ছে৷ চমৎকার ব্লুয়িং করা ব্যারেল৷
বাঘ দেখে যখন ড্রাইভার ট্রাকটাকে দাঁড় করাল, তখন জেঠুমণি একটা হোল্ড-অলের ওপর বসে বাঁ হাতের চেটোয় পান রেখে ডান হাত দিয়ে তাতে সযত্নে চুন লাগাচ্ছিলেন, তিনি বাঘটাকে দেখেননি৷ এবং চারপাশে শাগরেদরা এমন ভিড় করে বসে ছিল যে, তাঁর পক্ষে ওই ট্রাকের মধ্যিখানে বসে দু’পাশের কিছুই দেখা সম্ভব ছিল না৷ কিন্তু কাকুমণি বাঘটাকে দেখেছিলেন৷
বাঘটাকে দেখামাত্রই আমি দেখলাম, কাকুমণি বাঘটার দিকে রাইফেলের নল তাক করলেন৷ এবং কিছুক্ষণের মধ্যেই একটা উঁ-উঁ-উঁ আওয়াজ শুনলাম৷ কী ব্যাপার কিছু বুঝতে না পেরে আমি তখন বাঘ ছেড়ে কাকুমণির দিকে তাকালাম৷ তাকিয়ে দেখি, কাকুমণি চোখ-মুখ লাল করে শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই সদ্য-আনা অস্ট্রিয়ান রাইফেলের ট্রিগারটি ভেঙে ফেলার উপক্রম করছেন৷ দোষটা অবশ্য ট্রিগারের নয়৷ কারণ সেই বাঘ দেখে প্রচণ্ড উত্তেজনায় কাকুমণি তাড়াতাড়িতে রাইফেলের সেফটি ক্যাচই সরাননি৷ ভুলে গিয়েছিলেন৷ কাজেই সেফটি ক্যাচ আনসেফ না করে ট্রিগার বেচারিকে টানাটানি করে ট্রিগারের অসম্মান করা ছাড়া কিছুই করা হচ্ছিল না৷ আর সেই রাইফেলও অস্ট্রিয়ার তৈরি রাইফেল৷ প্রাণ যায় কী জান যায়৷ ভেঙে না-ফেলা অবধি সে ট্রিগারও দমবার পাত্র নয়৷
কাকুমণি ক্রমান্বয়ে উঁ-উঁ করে ট্রিগারটাকে টেনে যাচ্ছেন সজোরে৷ বাঘটা এইসব কাণ্ডকারখানা দেখে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে ট্রাক-ভর্তি সার্কাস-করনেওয়ালা লোকেদের দিকে তাকিয়েই রইল৷ কিন্তু সে এক মুহূর্তে৷ বাঘ বাবাজির সেই সার্কাস কোম্পানির ব্যাপার-স্যাপার দেখে মোটেই ভালো না ঠেকায়, লেজ তুলে পোঁ-পোঁ দৌড় লাগালেন৷
বাঘ দৌড়ে যাচ্ছে৷ পাঁচ-ব্যাটারি আমেরিকান টর্চের আলো তার পিঠের উপর পিছলে-পিছলে যাচ্ছে৷ এমন সময় জেঠুমণির শাগরেদরা জেঠুমণিকে বললেন, দাদা বাঘ, দাদা বাঘ৷ কাসেম আলি পান খাচ্ছিলেন৷ বললেন, মেলা বাঘ৷ জেঠুমণি তখন সেই সদ্য চুনলেপিত পান এক শাকরেদের গালে সেঁটে দিয়ে উঠে দাঁড়ালেন৷
দাঁড়িয়ে যখন দেখলেন যে সেই বে-আক্কেলে বাঘ পালিয়ে যাচ্ছে, তিনি তাঁর রাইফেল থেকে গদাম করে একরাউন্ড গুলি ছুড়লেন৷ স্বাভাবিক কারণে অত তাড়াতাড়ি এবং পান সাজতে-সাজতে গুলি করায় সেই গুলির আর বাঘের সঙ্গে যোগাযোগ হল না মোটেই৷ বাঘের লেজের হাত দশেক পিছনে চষাখেতে রাইফেলের গুলি পড়তেই একতাল ধুলো উড়ে গেল পাউডারের মতো৷ আর বাঘটা সড়াত করে আর-এক লাফে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গেল৷ তখন হৈ-হৈ-রৈ রৈ-কাণ্ড করে জেঠুমণি অ্যান্ড কোম্পানি ট্রাক থেকে নেমে পড়লেন৷ দু’জন লোক একটা একস্ট্রা ব্যাটারি কাঁধে নিয়ে চলল৷ তার সঙ্গে স্পটলাইট ফিট করা৷ সামনে জেঠুমণি, পিছনে কাকুমণি, তার পিছনে শাগরেদরা এবং সব শেষে আমি৷
যখন আমরা গিয়ে বাঘ যে বাঁশঝাড়ে ঢুকেছিল, তার কাছে পৌঁছোলাম, তখন বাঘ নিশ্চয়ই সেখান থেকে মাইল ছয়েক দূরে কোনো নিরাপদ জায়গায় প্রচণ্ড হাসি হাসছে, আর তার বন্ধু-বান্ধব, বাচ্চাদের গল্প করছে যে, যা সার্কাস দেখলাম না, এরকম সার্কাস কলকাতাতেও দেখা যায় না৷’’
* * *
আমার হাসি থামলে ঋজুদা বলল, ‘‘জেঠুমণির প্রথম-প্রথম শিকারের গল্প শুনলে তুই হাঁ হয়ে যাবি৷ সাংঘাতিক-সাংঘাতিক সে-সব গল্প৷’’
আমি বললাম, ‘‘বলো না, সে-সব গল্প শোনবার জন্যেই তো হাঁ করে আছি৷’’
ঋজুদা বলল, ‘‘তাহলে শোন৷ ওই যে জায়গাটার কথা বলছিলাম, আসামের গোয়ালপাড়ায় তামাহাট গ্রাম; সেই গ্রামেই রতুজেঠু বলে জেঠুমণির চেয়েও বয়সে বড় এক ভদ্রলোক ছিলেন৷ তাঁর পাশের বাড়ি ছিল জেঠুমণির ভগ্নীপতির বাড়ি৷ জেঠুমণির সঙ্গে তাঁর খুব হৃদ