
ঋজুদার সঙ্গে জঙ্গলমহলে
বুদ্ধদেব গুহ
বিকেলে খেলে ফিরতেই ছোড়দি বলল, ‘এই রুদ্র, তোকে ঋজুদা ফোন করেছিল৷’
খেলার ঘেমো জামাকাপড় না ছেড়েই ঋজুদাকে ফোন করলাম৷ বললাম,‘হ্যালো, ঋজুদা আমি বলছি৷ ফোন করেছিলে কেন?’
ঋজুদা একটু চাপা হাসি হাসল৷ বলল, ‘স্কুল খুলছে কবে?’
‘তেইশে জুন৷’
‘পড়াশোনা, হোমটাস্ক, সব হয়েছে?’
‘সব নয়; হয়েছে কিছু কিছু৷’
আমি বিরক্ত হলাম৷ ঋজুদার মুখে পড়াশোনার কথা শুনতে ভালো লাগে না৷ ঋজুদা বলল, ‘না হয়ে থাকলে, সাত দিন সময় দিলাম, তার মধ্যে সব করে নে৷ আমি অসমে যাচ্ছি, মিকির হিলসে৷ অসম গভর্নমেন্ট নেমন্তন্ন করেছে—খুব একসাইটিং ব্যাপার৷ পরে সব বলব৷ তোর বাবা-মাকে আমি রাজি করাব এখন৷ তবে হোমটাস্ক সব শেষ না করলে নিয়ে যাওয়া হবে না৷’
আমার গলার কাছে একরাশ আনন্দ আমসত্ত্বর মতন দলা পাকিয়ে গেল৷
বললাম, ‘ওসব ভেবো না—আমি এক্ষুনি আরম্ভ করছি, সব শেষ করে ফেলব৷ তবে মা বলছিলেন, পুরী যাবেন, আমাদেরও নিয়ে যাবেন৷ আহা! আমি কি ছোটো আছি যে, সমুদ্রের পাড়ে বসে বালি নিয়ে খেলা করব? তোমার সঙ্গে গেলে কত সব আডভেঞ্চার! তা নয়, গুডি-গুডি ছেলেদের মতন, লক্ষ্মী মেয়েদের মতন মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো; ভালো লাগে না৷ তুমি কিন্তু কেস খারাপ করে দিয়ো না৷ প্লিজ, দেখো ঋজুদা৷’
ঋজুদা হাসল৷ বলল, ‘ঠিক আছে৷ আমি চেষ্টা করব৷’
নাওয়া-খাওয়া ভুলে লেগে পড়লাম৷ পাঁচ দিনেই প্রায় পুরো সামার ভেকেশনের টাস্ক শেষ করে আনলাম—এমন সময় ঋজুদার ফোন এল একদিন সকালে৷
ঋজুদা গম্ভীর গলায় বলল, ‘তোর মামিমার হঠাৎ খুব অসুখ করেছে—হাসপাতালে রিমুভ করেছে সকালে৷ আজই অপারেশন৷ অপারেশনের পরে আটচল্লিশ ঘণ্টা ক্রাইসিস৷ সেই কারণে আপাতত অসম গভর্নমেন্টের নেমন্তন্ন রাখা যাচ্ছে না৷ তবে, তোকে যখন নাচিয়েছি, তখন নিয়ে যাবই৷ শিকারে নয়—বেড়াতে৷ পালামৌর বেতলা ন্যাশনাল পার্কে৷’ তারপর বলল, ‘তোকে আবার ফোন করব পরশু, তোর মামি কেমন থাকে দেখে৷’
ফোনটা নামিয়ে রেখেই মামিমার উপর এমনই রাগ হল যে, কী বলব৷ অসুখ বাধাবার আর সময় পেল না৷
একদিন ভোরবেলা রাঁচি এক্সপ্রেসে আমরা রাঁচি এসে পৌঁছোলাম৷
ভোররাতে ঘুম ভেঙে গিয়েছিল৷ আমি জানালার পাশে বসে বাইরের অপূর্ব সব দৃশ্য দেখছিলাম৷ কত পাহাড়, নদী, উপত্যকা, আর জঙ্গল৷
এখন গরমকাল, মে মাস, জঙ্গলের বেশির ভাগ গাছের পাতা ঝরে গেছে৷ লালে লাল হয়ে আছে পাহাড়-উপত্যকা, পলাশে-অশোকে-শিমুলে৷
কী একটা স্টেশনের আউটার কেবিনের সামনে ট্রেনটা দাঁড়িয়েছিল—
যেই ট্রেনের চলার শব্দ থেমে গেল অমনি বাইরের পৃথিবীর সব শব্দে কান ভরে গেল৷ ফিসফিস হাওয়ার শব্দ—পাখির ডাক, দূরে কাঠ-কাটার শব্দ, মোষের গলার গম্ভীর হাম্বা রব৷ কী যে ভালো লাগতে লাগল, তা কী বলব!
স্টেশনে, ঋজুদার খুবই জানাশোনা, ঋজুদা বলে ছোটো ভাই, ডালটনগঞ্জের মোহনবাবু তাঁর ড্রাইভার কিষানকে পাঠিয়েছিলেন গাড়ি নিয়ে৷ সঙ্গে রমেনবাবু৷
কিষানের চেহারা ভারি সুন্দর৷ চমৎকার ফিকে-খয়েরিরঙা পোশাকপরা৷ রমেনবাবু বেঁটেখাটো, ঋজুদা ডাকছিল রমেনদা বলে৷ দারুণ মজার লোক৷
বি.এন.আর. হোটেলে আমরা চা-টা খেয়ে গাড়িতে চড়ে বসলাম৷ কিষান আর ঋজুদা সামনে৷ আমি আর রমেনদা পিছনে৷
হু-হু করে গাড়ি চলতে লাগল৷ লোহারডাগার পথে আমরা অনেকদূরে গিয়ে কুরু বলে একটা ছোট্টো গ্রামে ডান দিকে মোড় নিলাম৷ তারপর চাঁদোয়া টোড়ি৷
ঋজুদা বলল, ‘জানিস রুদ্র, যখন ছোটো ছিলাম, একবার মা-বাবার সঙ্গে এই ঘাটে একটা বড়ো বাঘ দেখেছিলাম৷ সে খুব মজার গল্প৷ তোকে পরে বলব৷’
গাড়িতে নানারকম জঙ্গলের, পুরোনো ঘটনার গল্প হচ্ছিল৷ হু-হু করে হাওয়া লাগছিল চোখে-মুখে, মহুয়ার গন্ধ আসছিল নাকে, চারদিকের চমৎকার দৃশ্য, আমি অবাক হয়ে বসেছিলাম আর দেখছিলাম৷ দেখছিলাম না বলে গিলছিলাম বলা ভালো৷
একসময় লাতেহারে একটু দাঁড়ানো হল৷ চা, পণ্ডিতজির দোকানের শেউই ভাজা আর প্যাঁড়া খেয়ে আমরা আবার চললাম৷
বেলা বারোটা নাগাদ কের বাংলোয় গিয়ে পৌঁছোলাম৷ কের বাংলোয় মোহনদা ঋজুদার জন্যে অপেক্ষা করছিল৷ বাবুর্চি ছিল, জুম্মান৷ ঋজুদা বলল, ‘জুম্মানের রান্না খেলে তুই অজ্ঞান হয়ে যাবি৷’
মোহনদা, বাবলুদা, শান্টুদা, রমেনদা, খোকনদা, সকলেই ঋজুদাকে পেয়ে খুব খুশি হল৷
আমি ঋজুদাকে একটু একা পেয়ে বললাম, ‘তোমাকে এঁরা খুব ভালোবাসেন না?’
এই স্বার্থহীন ভালোবাসার কোনো তুলনা নেই৷ এতে শুধুই আনন্দ; কাঁটাহীন৷
বেতলাতে ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস আছে৷ তাতে ঋজুদা থাকে না৷ ঋজুদা বলে, ‘শহরের আদেখলে লোকগুলো এসে এমন দাঁড়কাকের মতো হল্লাগুল্লা করে ওখানে, গাঁকগাঁক করে খায়, তারপর গোল হয়ে বসে শুধু তাস খেলে৷ চুপচাপ একটু নির্জনতা উপভোগ করবি যে, তার উপায় নেই৷’
মোহনদারা সব বন্দোবস্ত-টন্দোবস্ত করে ডালটনগঞ্জ চলে গেলেন৷ শান্টুদা ও নিমাইদা গেলেন ছিপাহোদরে৷ নিমাইদাকে দেখতে একেবারে ‘সোনার কেল্লা’র জটায়ুর মতো৷
কের-এর বাংলো পুরোনো দিনের ফরেস্ট বাংলো৷ এখান থেকে বেতলা তিন মাইল৷ ছিপাদোহরও তাই৷ বিরাট বিরাট ঘর, বিরাট বিরাট বাথরুম৷ বড়ো টাবে জল রাখা আছে চান করার জন্যে৷
আমরা চান-টান করে খেতে বসলাম৷
বিউলির ডাল, আলুপোস্ত, মুরগির পাতলা ঝোল, কাঁচা আম-আদা লংকা দিয়ে বাটা চাটনি, পুদিনার চাটনি এবং পুডিং৷
খেয়েদেয়ে উঠে, বারান্দার ইজিচেয়ারে ঋজুদা একটা বই নিয়ে পাইপ ধরিয়ে বসল৷
আমিও অন্য একটা ইজিচেয়ারে বসলাম৷
বাংলোর মধ্যে সবচেয়ে ভালো লাগল এই বারান্দাগুলো৷ সামনে ও পিছনে প্রকাণ্ড চওড়া বারান্দা৷ আমরা এখন সামনের বারান্দায় বসে আছি৷ সামনেই পাহাড় ঢালু হয়ে নেমে গেছে৷ এখন একটু লু-এর মতো হাওয়া বইছে৷ গরম রুক্ষ হাওয়া৷ একটু বসলেই চোখ শুকিয়ে আসে৷
ধুলোর ঝড় উঠছে পাহাড়ে পাহাড়ে শুকনো শাল পাতা উড়িয়ে, গড়িয়ে, নাচিয়ে, ভাসিয়ে যাচ্ছেতাই করছে হাওয়াটা৷ মচ মচ সড় সড় শব্দ উঠছে হাওয়ার তোড়ে৷ আবার যেই হাওয়াটা শান্ত হচ্ছে অমনি বনের বুক থেকে একটা দীর্ঘশ্বাস উঠছে যেন—চাপা৷ যেন বনের কত কষ্ট৷
কের বস্তি কাছেই৷ কোনো মাটির ঘরে কে যেন ধান কি অন্য কিছু কুটছে৷ তার একটানা গুপ গুপ আওয়াজ শোনা যাচ্ছে৷ কুয়োতলায় ল্যাংটা ছেলে চান করছে ভরদুপুরে—লাটাখাম্বা উঠছে নামছে ক্যাঁচোর কোঁচোর৷ রোগা গোরু ল্যাজ দিয়ে গায়ে-বসা মাছি তাড়াচ্ছে৷ বলিরেখাময় মুখ নিয়ে এক আদ্যিকালের বুড়ি একটা সাদা-জমিন লাল-পাড়ের ময়লা দেহাতি শাড়ি পরে বসে ছুঁচের মাথায় নীল সুতো পরিয়ে কী যেন সেলাই করছে৷ ঘুঘু ডাকছে একটানা ঘুমপাড়ানি সুরে—ঘুরররর-ঘু, ঘুঘুর-র-র-র—ঘু৷
সব কিছু মিলিয়ে, আর কিছু করার না থাকাতে, কখন যে ইজিচেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই৷
ঘুম ভাঙল ঋজুদার কথাতে৷
দেখলাম ঋজুদা জামাকাপড় পরে আমার কাঁধে হাত দিয়ে ডাকছেন, ‘রুদ্র, রুদ্র, চল—চল, মুখ ধুয়ে চা খেয়ে নে, তোকে পালামৌয়ের গড় দেখিয়ে আনি৷’
মুখ-হাত ধুয়ে জামাকাপড় পরতে পরতেই দেখি, ট্রেতে সাজিয়ে সুন্দর কেটলি ও কাপে চা এনে হাজির জুম্মান৷ সঙ্গে বিস্কিট, সন্দেশ, ফল ইত্যাদি৷
ঋজুদা হাসল৷ বলল, ‘ও জুম্মান, আমরা তো কোম্পানির বড়োসাহেব নই—আমাদের অত খাতির না করলেও চলবে৷ তা ছাড়া এই-ই তো খেয়ে উঠলাম৷’
এককাপ করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম৷ সঙ্গে আমার বড়ো টর্চটা নিয়ে নিলাম৷
মোহনদা একটা জিপ গাড়ি রেখে গিয়েছিল আমাদের জন্যে৷ জিপটার হুড খোলা ছিল৷ সামনের কাচও নামানো ছিল৷
ঋজুদা বলল, ‘রুদ্র, চালাবি নাকি?’
আমি খুবই খুশি হলাম৷ কিন্তু লাজুক লাজুক ভাব করে বললাম, ‘পুলিশে ধরলে?’
ঋজুদা হাসল৷ বলল, ‘এই জঙ্গলে তোর লাইসেন্স পরীক্ষা করবে কে? যদি বাঘের কি বাইসনের পেছনে ধাক্কা মারিস, তাহলে তারা হয়তো তোর ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইতে পারে—’
ঋজুদার কথামতো জিপ চালিয়ে চললাম৷ কলকাতায় লুকিয়ে লুকিয়ে ধ্রুবদার পাশে বসে স্কুল থেকে আসার পথে একটু একটু করে চালিয়ে গাড়ি চালানোটা প্রায় শিখেই ফেলেছিলাম—কিন্তু বাড়িতে কেউ জানে না—একদিন ছোড়দি দেখে ফেলেছিল বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে, ছোড়দিকে অনেক করে পটিয়ে-পাটিয়ে কথাটা বাবা-মা-র কানে তুলতে দিইনি৷
এইরকম জঙ্গল-পাহাড়ে জিপ চালানো দারুণ একটা ব্যাপার৷ মনে হয়, কী একটা বিষম অ্যাডভেঞ্চারাস কাণ্ড করছি বুঝি৷
একটু গিয়েই ডান দিকে একটা বিরাট দহ পড়ল৷ একটা মজা পাহাড়ি নদী৷ মধ্যে মধ্যে বড়ো বড়ো পাথর৷ ওঁরাও ছেলের মতো চ্যাটালো বুক চিতিয়ে চিত হয়ে শুয়ে আছে৷
ঋজুদা বলল, ‘দেখ রুদ্র এ জায়গাটার নাম কমলদহ৷ ভারি সুন্দর জায়গা না? এখানে বসলে অনেক জানোয়ার দেখা যায়৷ যখন জল থাকে, তখন হাতির দল এসে শুঁড় দিয়ে জল তুলে চান করে, বাচ্চাদের চান করায়৷ ভারি সুন্দর দেখতে লাগে৷’
আমি বললাম, ‘আমরা হাতি দেখতে পাব?’
ঋজুদা চারধার দেখে বলল, ‘দেখতে তো পাওয়ার কথা৷ তবে এখানে একটা একলা হাতি—দাঁতাল—কিছুদিন হল বড়ো ঝামেলা করছে৷ সেটাকে না দেখাই ভালো৷’
আমি উৎসুক গলায় শুধোলাম, ‘সেই টুম্বকার হাতির মতো পথ জুড়ে দাঁড়াবে না কি?’
‘তোর মনে আছে দেখছি?’ ঋজুদা বলল৷
আমি বললাম, ‘কী বল তুমি? মনে আবার থাকবে না!’
দেখতে দেখতে আকাশজুড়ে পাহাড়ের মাথায় বনজঙ্গলের ফাঁকে ফাঁকে গড়ের সীমানা দেখা গেল৷
অবাক হয়ে আমি গিয়ার চেঞ্জ করতে ভুলে গেলাম৷ অ্যাকসিলেটর টিপতেও ভুলে গেলাম৷
জিপটা কট কট কট কট আওয়াজ করে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল৷
ঋজুদা সুইচ বন্ধ করে দিয়ে হাত তুলে আমাকে দেখাতে লাগল গড়ের সীমানা৷ যুদ্ধ করার জন্যে গড়ের দেওয়ালে যেসব ফুটো ছিল, তারপর দেওয়ালের উপর দিয়ে সৈন্যদের হেঁটে যাওয়ার জন্যে যে-সমস্ত রাস্তা ছিল, সবই দেখা যাচ্ছে৷
আরও একটু এগিয়ে গিয়ে জিপটা রেখে আমরা গড়ে উঠলাম৷ অনেকখানি পথ উঠতে হয়৷
একদল ময়ূর-ময়ূরী আমাদের দেখে ভর ভর করে ভারী ডানার আওয়াজ তুলে জঙ্গলের গভীরে চলে গেল৷ একটা ময়ূর বড়ো গাছের ডালে বসে বুকের মধ্যে চমকে দিয়ে ডাকল, কেয়াঁ-ক্কেয়াঁ-ক্কেঁয়া৷
ঝাঁকে ঝাঁকে টিয়া, টুঁই, হরিয়াল উড়ে যাচ্ছিল কোনাকুনি৷ নীচ থেকে বনমুরগি, তিতির, ছাতারে, বটের, ঘুঘু আরও কত কী পাখি ডাকছিল৷
গড়ের উপরে উঠেই থমকে গেলাম৷
এখান থেকে অদূরে অন্য একটি ছোটো গড় দেখা যাচ্ছিল৷
ঋজুদা বলল, ‘দেখ রুদ্র, ওটা পুরোনো গড়৷’ তারপরই বলল, ‘পালামৌ সম্বন্ধে তুই জানিস কিছু?’
আমি বললাম, ‘মানে তুমি কী বলতে চাইছ?’
ঋজুদা বলল, ‘তুই কোনো বই-টই পড়েছিস?’
আমি বাহাদুরি করে বললাম, ‘সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’৷’
‘বাঃ তবে তো পড়েইছিস৷ তবে সে পালামৌ আর আজকের পালামৌ-এ অনেক তফাত৷’
তারপরই ঋজুদা আমাকে জব্দ করার জন্যে বলল, ‘পালামৌ নামটা কী করে হল বলতে পারিস?’
আমি টক করে বলে দিলাম, ‘পল-আম্ম-উ—এই তিনটি দ্রাবিড় শব্দ নিয়ে পালামৌ৷ পালামৌ মানে দাঁত-বের-করা-নদী৷’
ঋজুদা দুষ্টু দুষ্টু চোখ করে আমার দিকে চেয়ে রইল৷
বলল, ‘করেছিস কী? এত তুই জানলি কী করে? আমি তো সেদিন ন্যাশনাল লাইব্রেরিতে একটা বই ঘাঁটতে ঘাঁটতে নামটা কী করে হল জানলাম৷’
আমি হাসছিলাম৷ জীবনে এই প্রথমবার ঋজুদাকে অন্তত একটা ব্যাপারে সমানে সমানে টেক্কা দিতে পারায় আমার খুব আনন্দ হচ্ছিল৷
আমি কনফেস করলাম৷ বললাম, ‘আমি পড়িনি, ছোড়দি একটা বইয়ে পড়েছিল৷ আমি তোমার সঙ্গে এখানে আসছি শুনে ছোড়দিই আমাকে বলেছিল৷’