Home
অরাটাকিরির বাঘ

অরাটাকিরির বাঘ

বুদ্ধদেব গুহ

অরাটাকিরির বাঘ

বুদ্ধদেব গুহ
juvenile literature

Posted byবেলা 07-May-2025

Change color

০১.

গ্রীষ্মের শেষ। গরমটা অসহ্য হয়েছে। কিন্তু না এসে পারা যায়নি বলেই আমাদের আসা। ঋজুদাকে আসতেই হত। আমরা তাকে একা ছাড়িনি।

যে কোনও সময়েই বৃষ্টি হতে পারে কিন্তু হচ্ছে না। অথচ বৃষ্টি না হলে আর প্রাণ বাঁচে না পশু পাখি তরুলতার। মানও বাঁচে না ঋজু বোস অ্যান্ড কোম্পানির। হাতে সময় আর মাত্র তিনদিন আছে। এর মধ্যে বোধ হয় লণ্ডভণ্ডকারী বাঘকে এ যাত্রা মারতে পারা গেল না। বাঘটার এলাকা অনেকখানি কিন্তু যেহেতু প্রথম মানুষ ধরে সে আড়াই বছর আগে অরাটাকিরি গ্রামে তাই তার নাম হয়ে গেছে অরাটাকিরির বাঘ।


ওড়িশার কালাহান্ডি জেলার এই দুর্গম এবং সাংঘাতিক বনের মানুষেরা অনেক আশা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিনের পর দিন ধরনা দিয়ে বসে থেকে রায়গড়ার কাগজকল ঔ-প্রোডাক্টস-এর মালিকদের ধরে ঋজুদাকে এখানে আনিয়েছে অরাটাকিরির মানুষখেকো বাঘটাকে মারবার জন্য। এই পাথুরে জায়গাতে এই সবকিছু ঝাঁঝাঁপোড়া করা গরমে বাঘের থাবার দাগ খুঁজে পাওয়া মুশকিল অথচ বাঘ সমানে তার হরক চালিয়ে যাচ্ছে। গত পরশুই অরাটাকিরি থেকে মাইল পনেরো দূরের একটি গ্রাম থেকে বছর দশেকের একটি ছেলেকে তুলে নিয়ে গিয়ে পাহাড়তলির একটি শুকনো নালাতে বসে পুরোটাই খেয়ে গেছে। শুকনো নালার বালিতে পায়ের দাগ দেখার পরও তার চলে যাওয়ার পথ খোঁজবার চেষ্টা করে বিফল হয়েছি আমরা। বৃষ্টি হলে মাটি নরম হবে। তখন থাবার দাগ দেখা যাবে অনেক সহজে। তবুও আমরা হাল ছাড়িনি।



ঋজুদার গতকাল থেকে একটু জ্বর মতো হয়েছে। হিট ফিভার। তাই আমাকে আর ভটকাইকেই পাঠিয়েছিল ঋজুদা জলের জায়গাতে, যদি বাঘের রাহান-সাহানের কোনও খোঁজ পাই তাই দেখতে। পঞ্চাশ বর্গকিলোমিটারের মধ্যে মাত্র একটি জায়গাতেই জল আছে। জল তো নয়, কাদা-গোলা সেমি-লিকুইড-পাডল। তাতেই বাইসন বা আমাদের গাউর, বুনো মোষ, শম্বর, চিতল হরিণ, কোটরা শুয়োর, শজারু, নানা সাপ, পাখিরা মায় প্রজাপতি পর্যন্ত জল খেতে আসে সকালে-বিকেলে। বিকেলেই বেশি। এই বাঘ এমন সাংঘাতিক ধূর্ত মানুষখেকো না হলে তৃণভোজী জানোয়ারদের ধরবার জন্যই সে এখানে আসত। জল খাওয়াও হত, তার খাবার সংগ্রহও হত এবং এইখানেই আমরা তাকে কবজা করতে পারতাম। কিন্তু এই অরাটাকিরির মানুষখেকো জংলি জানোয়ার খাওয়া ছেড়েই দিয়েছে। সে কেবল ক্রমাগত মানুষই খেয়ে যাচ্ছে গত আড়াই বছর হল। জল অবশ্য তাকে নিশ্চয়ই খেতে হচ্ছে। নইলে সে বেঁচে আছে কেমন করে! কিন্তু জল খেতে সে এই জলে আসছে না। পাহাড়ের ভিতরে কোথাও হয়তো কোনও ঝরনা আছে, হয়তো তার আস্তানা যে গুহাতে সেই গুহারই কাছে, সেখানেই তৃষ্ণা নিবারণ করছে সে।


দিন পাঁচেক আগে এই জলটির কাছেই একটি বাঁশঝাড়ের পাশে একটি বড় চিতল হরিণকে মারে কোনও জানোয়ার। চিতল হরিণটি মস্ত বড় ছিল। জানোয়ারটা তাকে খেয়েও ছিল পিছন দিক থেকে, বাঘেরা যেমন করে খায়। পায়ের চিহ্ন দেখে, ঘাতক যে বাঘই সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও আমরা কোনও ঝুঁকি না নিয়ে বাঁশঝাড়ের কাছেই একটি মিটবুনিয়া গাছে মাচা করে বসেছিলাম পরদিন বিকেল বিকেলই এসে। আমরা মানে, আমি আর ঋজুদা। মাঝরাতে এসেছিল ঘাতক, তবে সে বাঘ নয় মস্ত এক চিতা। বেচারির অর্জিত এবং স্বাভাবিক খাদ্য থেকে বঞ্চিত কেন করব তাকে আমরা? তাই মাচা থেকে নেমে আমি আর ঋজুদা ফিরে এসেছিলাম কশিপুরে আমাদের বাংলোতে। আগেই বলেছি যে এই ঘটনা পাঁচদিন আগের। পরদিন সকালে সেই জায়গাতে ফিরে গিয়ে তদন্ত করার সময় দেখেছিলাম যে মানুষখেকো বাঘটি মাচা থেকে নামার পরে জিপে গিয়ে পৌঁছোনো অবধি আমাদের অনুসরণ করেছিল। অবশ্য তার থাবার দাগ বহু ব্যবহৃত জানোয়ারের পায়ে চলা পথের ধুলোর উপরে দেখতে পেয়েছিলাম বলেই অমন অনুমান আমরা করতে পেরেছিলাম।



সাতদিন হল আমরা এসে পৌঁছেছি কশিপুরে। ভাইজাগ স্টেশনে নেমেছিলাম মাড্রাস মেলে এসে। তারপর ভাইজাগ সার্কিট হাউসে দুপুরের খাওয়া সেরে চমৎকার উঁচু-নিচু পাহাড় এবং গভীর জঙ্গলের মধ্যের আঁকাবাঁকা পথ দিয়ে সন্ধেবেলা এসে পৌঁছেছিলাম রায়গড়াতে ঔ-প্রোডাক্টস-এর গেস্ট হাউসে। রায়গড়া আসার পথেই শ্রীকাকুলাম বলে একটি জায়গা পড়েছিল। যেখানে একসময়ে অন্ধ্রপ্রদেশের নকশাল আন্দোলনের ঘাঁটি ছিল। ভাইজাগ থেকে রায়গড়া গাড়ি বা বাসেরই মতো ট্রেনেও আসা যায়। আর সেই রেলপথের দু’ধারের দৃশ্যও গাড়ির পথের দৃশ্যরই মতো অপূর্ব সুন্দর।


রাতটা রায়গড়ের কাগজকলের দারুণ গেস্ট হাউসে কাটিয়ে সকালে ওদেরই দেওয়া একটি জিপে করে দুপুরের আগেই আমরা কশিপুর এসে পৌঁছেছিলাম। প্রকাণ্ড কয়েকটি প্রাচীন আমগাছ ছিল ছোট বাংলোটির হাতায়। সামনে চওড়া বারান্দা। মধ্যে খাবার ও বসার ঘর আর দু’পাশে দু’টো শোবার ঘর। ঋজুদা বলছিল, এই বাংলোতেই এসে ছিল নাকি একবার ষাটের দশকে ঋজুদার বন্ধু কেন জনসন আর জিম ক্যালান-এর সঙ্গে। তখন জঙ্গল আরও গভীর ছিল এবং জনবসতিও কম ছিল অনেকই। উন্নতি বিশেষ কিছু হয়নি কিছুরই গত দু-তিন দশকে, শুধু জনসংখ্যা আর দারিদ্র্যই বেড়েছে। তবে তখনও বাঘের অত্যাচার খুবই ছিল। এখনকার চেয়ে হয়তো আরও বেশি ছিল কারণ তখন বাঘের সংখ্যাও ছিল বেশি। সুন্দরবনের বাঘেদেরই মতো কালাহান্ডির এই অঞ্চলের বাঘেরাও কুখ্যাত নরখাদক হিসেবে পরিচিত ছিল। কীভাবে তাদের স্বাভাবিক খাদ্য এমনভাবে কমে গেল যে মানুষকেই খাদ্য করতে হল ওদের, এ নিয়ে গবেষণার প্রয়োজন আছে। কিন্তু এ কথাও সত্যি যে কালাহান্ডি নরখাদক বাঘের জন্য সুন্দরবনেরই মতো পরিচিত বহুদিন থেকে। বিখ্যাত শিকারি এবং ব্যারিস্টার কুমুদ চৌধুরি মশায় কালাহান্ডিতে বাঘ শিকারে এসে বাঘেরই হাতে প্রাণ হারান। তবে সে বাঘ মানুষখেকো ছিল কিনা তা আমার জানা নেই। ঋজুদারও জানা নেই।



জিপ নিয়ে আমি আর ভটকাই বাংলো থেকে বেরিয়েছিলাম চারটে নাগাদ। পৌনে পাঁচটা থেকে সূর্যাস্ত অবধি জলের পাশে একটি মস্ত শিমুলগাছের গুঁড়ির আড়ালে বসে ছিলাম আমরা। অনেক জানোয়ারই জল খেয়ে গেল এসে– মাংসাশী এবং তৃণভোজী–কিন্তু বাঘ এল না। হায়না, শেয়াল, বনবিড়াল এবং একটি ছোট চিতাও সন্ধে লাগার সঙ্গে সঙ্গে এল। কিন্তু না পাওয়া গেল বাঘের দেখা, না গেল তাকে শোনা। বাঘ এলে তাকে চাক্ষুষ দেখা না গেলেও পুরো জঙ্গল জানিয়ে দেয় যে, সে এসেছিল। রবীন্দ্রনাথের এসেছিলে তবু আসো নাই, জানায়ে গেলে’ গানটি বাঘের বেলাতেও প্রযোজ্য। কিন্তু না, আমি আর ভটকাই দু’জনেই নিশ্চিন্ত যে, বাঘ আসেনি।


.


০২.


কালাহান্ডির নামী স্থান যদিও কোরাপুট, জেপুর হল বাণিজ্যিক রাজধানী। কালাহান্ডি, দণ্ডকারণ্যেরই লাগোয়া। আমরা যে পথ দিয়ে এসেছি ভাইজাগ হয়ে। ভাইজাগ বা ওয়ালটেয়ার থেকে রেলপথে জেপুর হয়ে এলে, আসতাম আকুভ্যালি হয়ে। আর্ট মানে লাল। ওখানের মাটি লাল তাই নাম আর্ট। ওয়ালটেয়ার-আকুর পথে পড়ে দশ লক্ষ বছরের পুরনো বোরাগুহালু গুহা। চুনাপাথরের উপরে জল গড়িয়ে গড়িয়ে আশ্চর্য সব স্থাপত্যের সৃষ্টি হয়েছে বোরাগুহালুতে। কিন্তু পড়ে অন্ধ্রপ্রদেশে। আকু ভ্যালিও।



ঋজুদা আগে এদিকে যখন এসেছিল তখন দেখে গেছে। এবারে আমাদের হাতে সময় বড় কম তাই হবে না। তা ছাড়া যে কাজে আসা সেই কাজটিও সম্পন্ন হবে বলে মনে হচ্ছে না।


অরাটাকিরির এই মারাত্মক বাঘ গত আড়াই বছর হল ওড়িশার কালাহান্ডির এই অঞ্চলে যে ত্রাসের সৃষ্টি করেছে তারই সমাধানের জন্য ঋজুদার ডাক পড়েছে কলকাতা থেকে। এই অঞ্চলে নানা আদিবাসীর বাস। খরা আর দারিদ্র্যর জন্য কুখ্যাত এই কালাহান্ডি জেলা। মানুষখেকো বাঘের জন্যও।


সকালে উঠে কশিপুর বাংলোর বারান্দাতে বসে চা খাচ্ছিলাম। ঋজুদাও এসে বসল। শেষ রাতের দিকে খুব ঘাম দিয়ে জ্বরটা নাকি ছেড়েছে। দু’কাপ চা খেয়ে পাইপটাও ধরাল। আমি বুঝলাম যে ঋজুদা ভাল হয়ে গেছে।


ব্রেকফাস্টে কী খাবে?


ভটকাই ঋজুদার আরোগ্যতে উৎসাহিত হয়ে বলল। ঋজুদা অসুস্থ থাকাতে খাওদা-দাওয়া নিয়ে বাড়াবাড়ি করতে এ দু’দিন ভটকাই-এর বিবেকে সম্ভবত একটু বাধো বাধো ঠেকছিল। এখন সে বাধা সরে গেছে। এবারে খাওয়া-দাওয়া নিয়ে আবার নির্লজ্জ হবে সে।



ঋজুদা জবাব দেওয়ার আগেই সে নিজেই জবাব দিল। গরম গরম ফুলকো লুচি করতে বলি? সঙ্গে আলুভাজা আর বেগুনভাজা কী বল? আর পোড় পিঠা তো আছেই। কালকের পায়েসও আছে। ফ্রিজ থাকলে ভাল হত একটা। নো, মানে আমাদের পাঁচক ঠাকুরের রান্নার হাতটা দারুণ।


তারপর বলল, ব্রেকফাস্টের মেনু তো ঠিক হল। দুপুরে মিষ্টি পোলাও, ছোলার ডাল, বেগুনভাজা, আর কচি পাঁঠার ঝোল করতে বলছি, দই দিয়ে, আর আমের চাটনি। ঠিক আছে তো ঋজুদা?


ঋজুদা আর কী বলবে। ভটকাই একাই প্রশ্নকর্তা একাই উত্তরদাতা। সত্যি! দিনে দিনে ও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এসেছে মানুষখেকো বাঘ মারতে কিন্তু মনে হচ্ছে জামাই এল বুঝি জামাইষষ্ঠীতে।


ঋজুদা ভটকাইকে দেখেশুনে যেন বাক্যহারা হয়ে গেছে। আজকাল কিছু বলাও ছেড়ে দিয়েছে যেন। তিতিরও আসেনি এবারে যে ওকে একটু শাসনে রাখবে। ইতিমধ্যে দেখা গেল একটা জিপ আসছে লাল ধুলো উড়িয়ে। তখনও ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল না। একটু পরই ইঞ্জিনের গুনগুনানি শোনা গেল। কাছে এলে, জিপটাকেও চেনা গেল। মাথার উপরে লাল আলো লাগানো। কালাহান্ডির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিয়ান্দকার সাহেবের জিপ। ভবানী-পাটনা অথবা জেপুর থেকে আসছেন। খুব ভোরে বেরিয়েছেন নিশ্চয়ই। নইলে এত সকালে এসে হাজির হবেন কী করে। কী ব্যাপার কে জানে!



বিয়ান্দকার সাহেব মারাঠি। আই এ এস অফিসাররা দেশের সব রাজ্য থেকেই আসেন। তবে উনি ওড়িশা ক্যাডার বেছে নিয়েছেন তাঁর পছন্দসই বলে। সেদিন উনি বলেছিলেন আমাদের যে ওঁর এক মামিমা ওড়িয়া। সেই মামিমার বাপের বাড়ি সম্বলপুরে ছেলেবেলাতে নাকি বেড়াতে আসতেন। মহানদীর পারের সেই সম্বলপুর শহর আর সমলেশ্বরীর মন্দিরের প্রেমে পড়ে গিয়েই এই ওড়িশা-প্রীতি তাঁর। মানুষটা চমৎকার। এখনও বিয়ে-থা করেননি। বয়সও খুবই কম। ৩৪৬


ডি এম সাহেবের জিপ কশিপুর বাংলোর হাতায় ঢুকতে না ঢুকতেই উলটোদিক থেকে একটা সাইকেল তিরের মতো এসে ঢুকল টায়ারে কাঁকড়মাটির কিড়কিড়ানি আওয়াজ তুলে। পিছনের ক্যারিয়ারে একজন রোগা, বেঁটে কালো লোক বসেছিল। তার পরনে গামছা। খালি গা, মাথায় টাক, মুখে বসন্তের দাগ। যে সাইকেল চালাচ্ছিল তার পরনে সাজিমাটিতে কাঁচা গেরুয়া ধুতি আর একটা ওই রঙেরই ফতুয়া। ওই লোকটির স্বাস্থ্য বেশ ভাল। গায়ের রং ফরসা, মুখে পান, মাথায় বাবরি চুল। যাত্রা-টাত্রা করে বোধহয়।


বিয়ান্দকার সাহেব জিপ থেকে নামতেই আমি আর ভটকাই উঠে দাঁড়িয়ে তাঁকে আপ্যায়ন করলাম। সাইকেলের আরোহীরা লাল আলো জ্বালানো ডি এম-এর গাড়ি এবং কোমরে রিভলবার গোঁজা দু’জন উর্দিধারী বডিগার্ডকে দেখা সত্ত্বেও জেলার দণ্ডমুণ্ডের কর্তা ম্যাজিস্ট্রেট সাহেবকে একটুও পাত্তা না দিয়ে সাইকেলটাকে একটা আমগাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড় করিয়েই তরতর করে সিঁড়ি বেয়ে বারান্দাতে উঠে এসে ইজিচেয়ারে বসে থাকা ঋজুদার দু পায়ে দু’ হাত ঠেকিয়ে গড় হয়ে প্রণাম করে বলল, নমস্কার আইজ্ঞাঁ। আপনি চঞ্চল চালুস্ত বাবু।



কন, হেল্বা কন?


ঋজুদা জিজ্ঞেস করল।


বিয়ান্দকার সাহেব তাকিয়ে রইলেন ওদের দিকে, চেয়ারে বসতে বসতে।


লোকদুটো যা বলল তার বাংলা করলে এই দাঁড়ায়: শেষ রাতে ওদের গ্রামের একটি মেয়ে দরজা খুলে উঠোনে বেরিয়েছিল। সেই সময়েই বাঘ তাকে তুলে নেয়। মেয়েটির পড়ে যাওয়ার শব্দ শুনে তার স্বামী ফিতে কমিয়ে রাখা লণ্ঠনটাকে হাতে ধরে ফিতে বাড়াতে বাড়াতে বাইরে আসে আর আসতেই দেখে বাঘ তার বউকে টুটি কামড়ে ধরে নিয়ে যাচ্ছে উঠোন পেরিয়ে পিছনদিকে। ওদের বাড়ির পিছনেই পাহাড় উঠে গেছে এবং সেই পাহাড়ে কুচিলা গাছের জঙ্গল আর পাথর বড় বড়। ভয়ে এবং আতঙ্কে মুখ দিয়ে আওয়াজ করতে পারেনি লোকটি। তার সম্বিৎ যখন ফিরেছে তখনই সে চিৎকার করে উঠেছিল। কিন্তু তাদের তিন বছরের শিশুকন্যা ছাড়া আর কেউই ছিল না বাড়িতে। ধারে কাছে অন্য ঘরবাড়িও ছিল না। চিৎকার করার পরেই সে নিজের বিপদের আশঙ্কাতে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা দিয়েছিল। যতক্ষণ অন্ধকা

**********
No Review
Related Books
Loading books…