Home
কামিনী কাঞ্চন – আনন্দ বাগচী

কামিনী কাঞ্চন – আনন্দ বাগচী

রঞ্জিত চট্টোপাধ্যায়

কামিনী কাঞ্চন – আনন্দ বাগচী

রঞ্জিত চট্টোপাধ্যায়
horror

Change color

সিঁড়ির বাঁকের মুখে হতবুদ্ধি সমীরণ লণ্ঠনটা হাতে নিয়ে আচমকা দাঁড়িয়ে গেল। নিচে থেকে অন্ধকার সিঁড়ি ভেঙে যে উঠে আসছিল, লণ্ঠনের অপ্রত্যাশিত আলোয় সেও বোধ হয় রীতিমত অপ্রস্তুত হয়ে গিয়েছিল। দুই অসাবধান মানুষের মুখখামুখি সংঘর্ষটা একটুর জন্যে বেঁচে গেল। কিন্তু দুজনেই কিছু সময়ের জন্য অনড় আর আড়ষ্ট থমকে রইল।


সরু সিঁড়ি। দুটো মানুষের কোন রকমে জায়গা হয়। পথ ছেড়ে দাঁড়াবার প্রশ্ন নেই, যে কোন একজনকে উঠতে কিংবা নামতে হবে। সমীরণের স্বাভাবিক ভদ্রতার হুঁশ ছিল না। তার অবাধ্য চোখদুটো লণ্ঠনের অশালীন আলোর মতই ছড়িয়ে পড়েছিল মেয়েটির সর্বাঙ্গে। প্রথম ঝলকে মনে হয়েছিল মেয়েটি নির্বসন, চোখের ভুল ধরা পড়ে গেল পরের মুহূর্তেই। সদ্য স্নাতা তরুণীটির গায়ে কাচ কাগজের মত স্বচ্ছ কিছু লেপটে আছে। ভিজে পাতলা শাড়ির এক পোঁচর। কুচকুচে কালো আঙুরের থোকার মত কোঁকড়া চুলের ফ্রেমে নরম ডিমের মত মুখ, শাঁখের মত গ্রীবা ছুঁয়ে মোম-পাথরে গড়া একটি সুঠাম শরীর আলতা পরা পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত। এরকম ফেটে পড়া রূপ এবং যৌবন একসঙ্গে প্রায় অবিশ্বাস্য। প্রতিটি রেখা, প্রতিটি বিপজ্জনক খাঁজ বাঁক বর্তুল ছায়াবৃত রন্ধ্রাভাস পৃথক করে দেখার মত মানসিক ভারসাম্য সমীরণের ছিল না। সব মিলিয়ে তার মনে হল রক্ত-মাংস-ত্বকে মোড়া পৃথিবীর সবচেয়ে বিস্ফোরক একটি বোমা সদ্য সদ্য পলতের আগুন গিলে ফেলেছে। মাথাটা যেন ঘুরে গেল তার। আর ঠিক সেই মুহূর্তে বিস্ময় আর লজ্জার ঘোর কাটিয়ে তরুণীটি তার পাশ কাটিয়ে ওপরে উঠে গেল। দু হাতে দুটি জলভরা পেতলের বালতি। যাবার সময় একটা ভিজে ছোঁয়া রেখে গেল সমীরণের দেহে। হিমেল বিদ্যুতের মত সেই স্পর্শ শিরদাঁড়ার মধ্যে ঢুকে থামোমিটারের ঊর্ধ্বমুখী পারদের মত মস্কিষ্কে গিয়ে পৌঁছল।


সমীরণের সর্বনাশ হয়ে গেল। তার আর কুয়োতলায় গা ধুতে যাওয়া হল না।


সব কাহিনীরই একটা আরম্ভ থাকে। অর্থাৎ যাকে বলে আরম্ভের আরম্ভ, শুরুর শুরু। এ কাহিনীরও শুরুটা খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক ঘণ্টা আগে, বড়জোর একটা বেলা। ঠিক যখন অনিমেষ আর রাখাল চন্দ চলে যাবার পর খাটের ওপর হাত-পা ছড়িয়ে শুয়ে পড়েছিল সমীরণ। সকাল থেকে একটানা পিকনিক মুড়ে হৈচৈ হয়েছে। ওদের বয়স অল্প ওরা পারে, কিন্তু বয়স আর স্বভাবের উজানে চলতে গেলে সমীরণের হাঁফ ধরে যায়, দম ফুরিয়ে আসা কলের গানের মত বেসুরো বেতালা এক হাস্যকর আওয়াজ বেরোতে থাকে ভেতর থেকে। দম এবং উদ্যম দুইই ফুরিয়ে আসে আপনা থেকে। শরীর বয় না।


ওরা কিন্তু সকাল থেকে এই যাবার আগে পর্যন্ত একটানা চালিয়ে গেল। ওরা দুজনেই খুব কাজের। সকালে পৌঁছেই ঘরদোর সাফসুফ করে চা বানালো। চা শেষ করেই আবার ফার্নিচার টানাটানি। সেকেল ওজনদার কাঠের আসবাব, খাট-আলমারি, চেয়ার-টেবিল, একটা আলনা। পালিশ ফালিশ করে উঠে গেছে, শুধু আবলুস কালো রং লেগে আছে গায়ে। আর কোন আদ্যিকালের গন্ধ। রাখালের দিদিমার শ্বশুরের বিয়ের যৌতুক। সে কি আজকের কথা।


মালপত্র বলতে বিশেষ কিছু ছিল না সমীরণের। বিছানাপত্র, রান্নাবান্নার বাসন-কোসন আর চায়ের সরঞ্জাম, একটা কেরোসিন স্টোভ আর প্রতিদিনের প্রয়োজনীয় টুকিটাকি কিছুকিঞ্চিৎ। বিছানা করে দিয়ে, মালপত্র বইফই গুছিয়ে দিয়ে ওরা বেরোল বাজার করতে, চাল-ডাল-নুন তেল চাই। একজন ঠিকে কাজের লোক চাই। ওরা বেরিয়ে গেলে সমীরণ তার আশ্রয় স্থলটা এক চক্কর ঘুরে দেখে নিল।


বাড়িটা বিরাট, এককালে জমিদার বাড়ি ছিল এটা। বিশাল দেউড়ি এখনো মাথা উঁচু করে সেই গৌরবের সাক্ষ্য দিচ্ছে। যদিও পলেস্তারা খসে ইঁট-সুরকি বেরিয়ে পড়েছে, জানলা-দরজার রং জলে ধুয়ে, রোদে জ্বলে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। মূল বাড়িটা গায়ে গতরে দিনে দিনে বেড়ে উঠেছিল এক সময়, ঠিক যেন দুশো বছরের পুরোন বটগাছ ডালপালা ছড়িয়েছে আর থামের মত মোটা মোটা ঝুরি নেমেছে। পিলার তুলে তুলে আদি বাড়ির গায়ে গায়ে ঘর বাড়িয়েছিলেন কর্তারা, ফলে এক দেওয়ালের পিঠ ঠেলে ঘরের পর ঘর জুড়ে জুড়ে দুর্গের মত হয়ে গেছে বাড়িটা। শ্রী ছাঁদ আর নেই, গোলমেলে জ্যামিতির কাঠামো যেন, উঁচু নিচু ছাদের পরে ছাদ, এপাশ ওপাশ দিয়ে সিঁড়ি উঠেছে, সুড়ঙ্গের মত ঢাকা বারান্দার অলিগলি পরস্পর কাটাকুটি খেলেছে।


জমিদারী গেছে, তবে বাড়িটা আছে, বাগান আছে, পুকুর আছে। সেই জাঁকজমক আর পয়সার গরমের দিন শেষ। কিন্তু বাঁশে কঞ্চিতে মিলে ঝাড় বেড়েছে, বংশ বিস্তারের সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গেছে মহলের পর মহল, শরিকী বাঁটোয়ারায় টুকরো টুকরো হয়েও কুলোয়নি। বার হাত কাঁকুড়ের তের হাত বিচির মত, বাড়ির তুলনায় উত্তরাধিকারী বেশি, ঘরের তুলনায় মালিকানা। তবে এই পাড়াগাঁয়ে সুরকি ঝুরঝুর বাড়িতে একআধখানা ঘরের মায়ায় রাখালের মাতুল পরিবারের অনেকেই আর বসে নেই, দেশে-বিদেশে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। সফল এবং প্রতিষ্ঠিত হয়েছেন। তাই কেউ আর ভুলেও এপথ মাড়ান না। কেউ কেউ নিজের অংশ দান করে দিয়েছেন, কেউ জলের দরে বিক্রি করেছেন, শুধু যাদের কোন সঙ্গতি নেই, তারাই শেয়াল-ডাকা এই ভিটেমাটি কড়ি-বরগা আঁকড়ে পড়ে আছেন। ভাড়াটে বসিয়ে গেছেন কেউ কেউ। ফলে হতদরিদ্র অথচ মান খোয়াতে না পারা কিছু দুস্থ অনাথা বিধবা, বেকার ঘরজামাই আর প্রায় দিন-আনি দিন-খাই কিছু ভাড়াটে গোলা পায়রার মত এর খোপে ওর খোপে বাসা বেঁধে আছে। দিনমানে তাদের মন্থর গুঞ্জন শোনা যায়, ঘটি বালতি বাসনকোসনের ঝনঝন ঠুনঠান আর ভোলা উনুনের ছ্যাঁকছোঁক কানে আসে। সন্ধে হতে না হতেই সব এক রকম সানসুন হয়ে যায়, লণ্ঠন আর কুপির আলো আলেয়ার মত এখানে ওখানে সামান্য সময় নাচানাচি করে নিবে যায়। এ এক অদ্ভুত জীবন, জীবন্ত মানুষের ঘুমন্ত গোরস্থান যেন, কলকাতায় বসে কল্পনাও করা যায় না। অথচ কলকাতা থেকে কতই বা দূরে? শেয়ালদা লাইনে ঘণ্টা দুয়েকের পথ মাত্র।


শুয়ে শুয়ে অনিমেষ আর রাখালের কথাই ভাবছিল সমীরণ। সারাদিন ওরা এমন মাতিয়ে রেখেছিল যে এই নির্জনতা সে আন্দাজ করতে পারেনি। রান্নাবান্না সেরে হৈ হৈ করে পুকুরে স্নান করতে গেছে। ঝাঁপাঝাঁপি করে সাঁতার কেটেছে ওরা, মাছ ধরেছে। সমীরণ সাঁতার জানে না, কলের জলে ছাড়া জীবনে কখনো মাথা ভেজায়নি। ভয়ে ভয়ে ঘাটে কোমর জলের ধাপে নেমে গিয়েছে কখন। রাখাল চায়ের জল চাপিয়ে এসে আবার আসরে বসেছে, ‘আমার প্রপার্টি কি রকম দেখছু সমীরদা?’


‘ওয়ান্ডার ফুল! দোতলার পুব-দক্ষিণ খোলা, তার ওপর এই সাইজ, কলকাতার হিসেবে এক একখানা হলঘর। মেঝেতে আবার মার্বেল পাথরের টালি বসানো। না হে, মাতুল সম্পত্তি তোমার ফেলনা নয়। দু-এক হাজার টাকা খরচ করে একটু অদলবদল সারাই ফারাই করে নিলে আর দেখতে হবে না।’


রাখাল খুশি হল, ‘যাক, তোমার পছন্দ হয়েছে তা হলে?’


‘পছন্দ হবে না বল কি! কোথায় কিভাবে ছিলাম আর কোথায় এসেছি!’


তা সত্যি, মন-রাখা কথা বলেনি সমীরণ। মেসের এক চিলতে ঘরে বিশ বছর একটানা কাটিয়ে দিতে দিতে পাখা-মরে-যাওয়া পাখির মত অবস্থা হয়েছিল তার। শরীরের যেন কোন সাড় ছিল না। হাত-পা ছড়িয়ে আয়েস করা কাকে বলে ভুলেই গিয়েছিল একেবারে। সরু একফালি তক্তপোশ আর কেরোসিন কাঠের একজোড়া চেয়ার-টেবিল কোন রকমে পাতার পরে আরও একটা আস্ত মানুষের জায়গা হওয়া কঠিন। কোন রকমে শোয়া আর বসা চলে। ঘাড় গুঁজে লিখতে লিখতে যখন ঘাড়-পিঠ টনটন করতে থাকে, তখন দরজার সামনের সামান্য ফাঁকা মেঝেটুকুর ওপর আড়মোড়া ভেঙে দাঁড়াতে পারা যায়। তাও সাবধানে, মাথার ওপর হাত তোলা নিষেধ। ভাড়াটে সুদর্শন চক্রের মত একটা মান্ধাতা আমলের পুরোন সিলিং ফ্যান রড় ছাড়াই ছ’ফুটের মধ্যে নেমে এসেছে। নিচু ছাদ। তাই মেপেজুকে, বহুদিনের জানা অঙ্কের মত বাঁধা ছকে নির্ভুল ভাবে পা ফেলে হাত তুলে জীবনের দুর্লভ কুড়িটা বছর কাটিয়ে দিয়েছে সমীরণ। মেসের সে প্রথম মেম্বার, বলতে গেলে লাইফ মেম্বার, সেই সুবাদে এখনো দশ টাকা ভাড়ায় একটা আস্ত ঘরের বাসিন্দা। যদি অবশ্য এটাকে আস্ত ঘর বলা যায়।


সমীরণের বয়স হয়েছে। প্রায় পঁয়তাল্লিশ, আজন্ম ব্যাচেলার। দীর্ঘকাল ধরে সংসারের প্রতি কর্তব্য করার পরে এখন একা। চার চারটে বোন ছিল। একে একে তাদের পার করেছে। মা-বাবা দুজনেই স্বর্গত হয়েছেন। সামনে পেছনে আর কোন টান নেই তার এখন। স্থায়ী বন্ধুবান্ধব কেউ নেই। মেস বাড়িতে একদা যাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল, তারা সকলেই যে যার মত মেস ছেড়ে চলে গেছে, যোগাযোগ ধীরে ধীরে ছিন্ন হয়েছে। এখন এই অনিমেষ আর রাখাল এসে জুটেছে। বয়সে যদিও অনেক ছোট, তবু একরকম বন্ধুর মতই হয়ে গেছে। বন্ধু এবং ভক্ত। অনিমেষ খবরের কাগজের অফিসে কাজ করে আর রাখাল দোকান নিয়েছে কলেজ স্ট্রীটে। বইয়ের দোকান। সে শুধু বই বেচে না, বই ছাপেও। খান পনের বই ইতিমধ্যেই সে প্রকাশ করেছে। শ্রীরামপুরে পৈতৃক বাড়ি। উইক এণ্ডে বাড়ি যায়। সমীরণ দস্তিদারের নিজের খবর বেশি কিছু নেই। বিশ বছর আগে এক রকম ঝোঁকের মাথায় গোঁয়ার্তুমি করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে। একটা টিনের সুটকেশ, বিছানার বাণ্ডিল আর নিজের কলমটি সম্বল করে। আকাঙ্ক্ষা ছিল লেখক হবে। কিছুকাল আগেও বাঙালীর ছেলেরা যেমন বাড়ি থেকে পালাতে, বম্বে গিয়ে সিনেমার নায়ক হবার স্বপ্ন নিয়ে। সমীরণ অবশ্য লেখক হয়েছে। বাজারে খুব একটা রমরমা না থাকলেও গুটি পঞ্চাশ বইয়ের জনক। কলমই তার জীবন, কলমই তার জীবিকা। একটা সামান্য চাকরি করত এতদিন, সে নাম কো ওয়াস্তে চাকরিটাও ছেড়ে দিয়ে এখন পুরোপুরি স্বাধীন হয়েছে।


‘তা হলে এবার হাত-পা ছড়িয়ে সাধনায় বসে যাও। টপ গিয়ারে কলম চালিয়ে তোমার এপিক উপন্যাসখানা শেষ করে ফেললো। আমি ছাপব।’


অনিমেষ ধুয়ো ধরল, ‘হ্যাঁ, সমীরদা! এবার চাই তোমার মাস্টারপীস, বাংলা সাহিত্যকে তাক লাগিয়ে দেওয়া চাই। এরকম কাম অ্যান্ড কোয়ায়েট জায়গা তুমি পোবনের আশ্রমেও পাবে না।’


রাখাল হাসল, ‘এখানে তুমি আমার গেস্ট। এক মাস লাগুক, দুমাস লাগুক, সব ইনভেস্টমেন্ট আমার। উইক এন্ডে এসে আমরা দেখে দেখে যাব। চাল ডাল নুন লকড়ির চিন্তা তোমাকে করতে হবে না, সেজন্যে আমরা রয়েছি। আর কাল থেকে ভবানীমাসী আসবে, সকালে বিকেলে তোমাকে বেঁধেবেড়ে দিয়ে যাবে।’


সমীরণ কিছু বলার আগেই রাখাল তার কথা শেষ করে চা আনতে চলে গেল। তারপর চা খেয়ে ওরা চারটে পঁচিশের গাড়ি ধরে চলে গেল। খাটের বিছানায় শুয়ে শুয়েই সমীরণ গাড়িটার চলে যাওয়ার শব্দ শুনল। রাখাল ছেলেটা খুব প্র্যাকটিক্যাল, অনিমেষও কম যায় না। খুঁটিনাটি সব দিকে নজর আছে। মোমবাতি আর দেশলাইয়ের বাণ্ডিল, চা বিস্কুট, টিনের দুধ, সিগারেটের কার্টন, একটা টর্চ, সব কিছু গুছিয়ে রেখে গেছে। মায় খবরের কাগজের বন্দোবস্ত পর্যন্ত করে দিয়ে গেছে।


আর সেই সঙ্গে রেখে গেছে নির্জনতা। এত নির্জনতা যে থেকে থেকে কানে তালা ধরে যাচ্ছিল সমীরণের।


বুকের ভেতরটা টিপটিপ করছিল সমীরণের, এরকম ঝুঁকি না নিলেই ভাল হত। মেয়েরা সব সময়েই আনপ্রেডিকটেবল, কখন কি করে বসবে মুখ দেখে কিছুই বোঝা যায় না। যে মুহূর্তে মনে হবে গলে গেছে, সে মুহূর্তেই হঠাৎ জ্বলে উঠতে পারে। বোমার পলতের আগুন নিভে যাবার পরে গুটি গুটি আবার তার দিকে আগুন নিয়ে এগোবার সময় যেমন বুকের মধ্যে একটা চাপা আতঙ্ক গুড় গুড় করতে থাকে। হয়তো কাছে পৌঁছনো মাত্র একটা আচমকা বিস্ফোরণ ঘটে যেতে পারে।


অবশ্য এরকম ঘটনা তার জীবনে আগে কখনো ঘটেনি। তার পঁয়তাল্লিশ বছরের জীবনে মেয়েদের নিয়ে মাথা ঘামাবার অবকাশ আসেনি এর আগে। লেখক মানুষ, তবু মেয়েদের মুখের দিকে চোখ তুলে কখনো তাকায়নি সমীরণ। শ্রীভূমিকা বর্জিত জীবনটা একটানা নিরামিষ এবং একঘেঁয়েই কেটে গেছে, বাকি দিনগুলোও তাই যেত, যদি না এখানে এই অদ্ভুত নির্জন পরিবেশে কাঞ্চনের সঙ্গে ওভাবে দেখা হয়ে যেত তার। আর যদি না দেখামাত্র তার প্রেমে পড়ে যেত ওভাবে।


প্রথম দর্শনে প্রেম বলে একটা কথা আছে ইংরেজীতে। কিন্তু সমীরণের কেস তার চেয়েও জটিল। তার প্রেমে শুধু প্রথম দেখা নয়, প্রথম ছোঁয়াও লেগে আছে। ভিজে শরীরের একটা শীতল স্পর্শ তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। এখন আর নিজের ওপরে তার কোন নিয়ন্ত্রণ নেই। এই দুদিন ধ

**********
No Review
Related Books
Loading books…