Home
গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র

গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র

সমরেশ বসু

গোয়েন্দা অশোক ঠাকুর সমগ্র

সমরেশ বসু
detective

Posted byচয়ন সরকার28-Jun-2025

Change color

জন্মদাতা

অশোক ঠাকুর, ওর এই বয়সে, ইতিমধ্যে বেশ কয়েকটি হত্যাপরাধের রহস্য উদ্ঘাটন করেছে। কলকাতা থেকে পঁচিশ-তিরিশ মাইল দূরে, মফস্বল শহরে থাকলেও, অপরাধ তদন্তের ক্ষেত্রে, অশোক একটি বিশিষ্ট নাম! চব্বিশ পরগণার প্রশাসনের অনেক হোমরাচোমরা ওর নাম জানে। যদিও স্থানীয় থানার অফিসার ইনচার্জশ্যামাপদ কিছুতেই ওকে যেন প্রাণ ধরে বিশ্বাস করতে পারে না। বরং তার ধারণা, অশোক একটি রকবাজ ফচকে ছেলে। পোশাকে আচরণে মাস্তান বিশেষ মনে করে। তথাপি, একথাও সত্যি, বড় রকমের জটিল কোনো অপরাধ ঘটলেই, শ্যামাপদ ওব কাছেই ছুটে আসে। অশোককে সে কোনো রকমেই অস্বীকার করতে পারে না! বোধহয়, তার বাহ্যিক আচরণ বাদ দিলে, সে মনে মনে অশোককে তারিফ করে এবং একটু ভালোবাসে।


অশোক এ পর্যন্ত বিবিধ ধরনের অপরাধের সত্য উদঘাটন করেছে। কিন্তু গতকাল যে ঘটনার রহস্য উদঘাটনের অনুরোধ ওর কাছে এসেছে, তাকে ঠিক অপরাধ বলা যায় কী না, ওর ধারণা নেই। এরকম একটা ঘটনা যে কেউ ওর কাছে ব্যক্ত করবে, কোনোদিন ভাবতে পারে নি। এত অবাকও কখনো হয় নি। এবং মানুষের জীবন বা চরিত্র যে এত বিচিত্র আর জটিল হতে পারে, আগে কখনো মনে হয় নি।


অশোকের নিজের একটা থিওরি আছে। সেটা কতখানি ওর নিজস্ব, তা ও নিজেও বলতে পারে না। হয়তো অনেক অপরাধতত্ত্ববিদেরা এই থিওরিতে কাজ করেন। অশোক কোনো অপরাধের কথা শুনলে, আগে নিজেকে অপরাধী চিন্তা করে নেয়, তারপরে নিজের মধ্যেই, মোটিভের সন্ধান করে নেয়। মোটিভের সন্ধান পেলে, তারপরে অ্যাকশনের ফরমূলা, নিজের কাছ থেকে বের করে নেয়। অতি নিপুণভাবে, সকলের চোখে ধুলো দিয়ে, কীভাবে অপরাধটা করা যায়, ও নিজেকে দিয়ে আগে সেটা ভাবে। অপরাধতত্ত্বের শ্রেণীবিভাগে, এ ক্ষেত্রে ওর নিজের মানসিকতার কী বিচার হতে পারে, ওসব নিয়ে মাথা ঘামায় না। কিন্তু গতকাল যে ঘটনার সত্য উদ্ধারের অনুরোধ ওর কাছে এসেছে, সেই ঘটনার মধ্যে, ও নিজেকে দিয়ে, কিছুই চিন্তা করতে পারছে না।


গতকাল বিকেলে, সুবিমলদা এসেছিলেন। সুবিমল দাশগুপ্ত। সুবিমল এশহরের আদি বাসিন্দা নন। এক পুরুষের বাস। আদি বাড়ি ছিল পূর্ববঙ্গে, বরিশালে। এখন এ শহরে বাড়ি করেছেন। অবস্থাও বেশ ভালো। কলকাতা আর এ শহরে দুটো বাস-সার্ভিস আছে। একটি পেট্রোল-পাম্প আছে। ওঁর এক দাদা আছেন। তিনি কলকাতায় থাকেন। তিনিও ব্যবসায়ী, সুবিমলের ব্যবসার সঙ্গে কোনো যোগ নেই। বাসের ব্যবসা সুবিমলের বাবার ছিল। তিনিই ছোটছেলেকে দিয়ে গিয়েছেন। পেট্রোল পাম্পটা সুবিমল নিজে করেছেন। বাবা, মা, দুজনেই মারা গিয়েছেন। স্বামী-স্ত্রীর সচ্ছল সংসার সুখী দম্পতি বলেই, শহরের লোকে ওঁদের জানে। সুবিমলের একটি ছোট গাড়ি আছে, নিজেই চালান। ড্রাইভার রাখেন নি।


সুবিমলের স্ত্রীকে ঠিক আধুনিক বলা যায় না। বাইরে তাঁকে বিশেষ দেখা যায় না। বিশেষ কোনো অনুষ্ঠানে বা নিমন্ত্রণের বাড়িতে বা সিনেমায় দেখা গেলেও, একলা কখনো দেখা যায় না, সুবিমল সঙ্গে থাকেন।বিভা, সুবিমলের স্ত্রীকে অশোক কয়েকবার দেখেছে! কথাবার্তা হয় নি, কারণ সুবিমল কখনো ওঁর স্ত্রীর সঙ্গে, মুখোমুখি পরিচয় করিয়ে দেন নি। আজকাল সামাজিকতা বলতে যা বোঝায়, সেদিক থেকে, সুবিমল হয়তো কিছুটা রক্ষণশীল। অথবা ওঁর স্ত্রী বিভাই হয়তো, বাইরের লোকজনদের সঙ্গে, তেমন কথাবার্তা বলতে, বা মেলামেশা করতে পারেন না। অথচ অশোক শুনেছে, বিভা দাশগুপ্ত শিক্ষিতা। ইংরাজিতে অনার্স নিয়ে নাকি পাস করেছেন। বয়স অনুমান তিরিশ-বত্রিশ হতে পারে।


সুবিমল নিজে স্বাস্থ্যবান সুপুরুষ। বয়স চল্লিশ প্রায়। ওঁর পাশে, বিভা আরো সুন্দর। রূপসী তাঁকে বলতেই হবে, এবং স্বাস্থ্যবতীও বটে। অশোক কয়েকবার যা দেখেছে, মনে হয়েছে, মহিলা বেশ বুদ্ধিমতী, এবং অমায়িক হাসি-খুশি। প্রায় আট বছর বিয়ে হয়েছে। অভাব একটি মাত্র, কোনো সন্তানাদি হয় নি। অনেকেই অনুমান করে, আর বোধহয় হবেনা! যার দোষেই হোক।


সুবিমল এক সময়ে, শহরের অ্যাথলেটিক ক্লাব, থিয়েটার ইত্যাদি নিয়ে খুব মাতামাতি করতেন। পারলে এখনো করেন। সেজন্য, অধিকাংশ ছেলেমেয়েদের কাছেই, তিনি সুবিমলদা। তিনিও বেশ হাসিখুশি লোক, সকলের সঙ্গেই মেলামেশা করেন, কথাবার্তা বলেন। কিন্তু গতকাল সুবিমল অশোককে অবাক করে দিয়েছেন। গতকাল বিকালে অশোক সবেমাত্র দোতলা থেকে নেমে, ওদের মন্দিরের রকে গিয়ে বসেছে। সুবিমল ওঁর ছোট গাড়িটা নিয়ে তখন এলেন। মুখখানি শুকনো, একটু গম্ভীর, যদিও অশোকের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, গোয়েন্দা ঠাকুর, তোমার কাছে একটু এলাম।


অশোক তাড়াতাড়ি রক থেকে নেমে জিজ্ঞেস করেছিল, কী ব্যাপার সুবিমলদা? একটা খবর দিলে, আমি নিজেই যেতাম।


সুবিমল গাড়ি থেকে নেমে বলেছিলেন, তাতে সুবিধা হত না। তোমার সঙ্গে একটু বিশেষ কথা আছে। খুবই গোপন, তুমি আমি ছাড়া, কেউ জানবে না। আমার বাড়িতে বসে বলার অসুবিধা আছে বলেই তোমার কাছে চলে এলাম।


অশোক অবাক অনুসন্ধিৎসু চোখে সুবিমলের দিকে তাকিয়েছিল। দেখেছিল, ওঁর মুখে সেই স্বভাবসিদ্ধ হাসি নেই। চোখের কোল বসা, কিন্তু দৃষ্টিতে কেমন একটা চঞ্চলতা। মুখ গম্ভীর। অশোক বলেছিল, তাই নাকি? আসুন, ঘরে গিয়ে বসি।


অশোক ওর বসবার ঘরে সুবিমলকে নিয়ে বসিয়েছিল। ওর বসবার ঘরজোড়া তক্তাপোশ, তার ওপরে শতরঞ্জি পাতা। গুটি কয়েক তাকিয়া। তাস দাবা ইত্যাদি খেলা, বা নিছক আজ্ঞা ছাড়া, ওর ঘরে আর কিছু হয় না। সুবিমল কোঁচা তুলে বসে, অন্যমনস্ক মুখে একটি সিগারেট ধরিয়েছিলেন। খানিকক্ষণ কোনো কথা বলেন নি। অশোক ওঁর কাছেই বসেছিল। বেশ খানিকক্ষণ পরে, সুবিমল যেন নিজের থেকেই চমকে উঠে বলেছিলেন, ওহ্, হ্যাঁ, কথাটা বলি। তোমার কাছে একটা অনুরোধ, কথাটা পাঁচ-কান করো না।


অশোক বলেছিল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।


সুবিমল বলেছিলেন, সেই ভরসাতেই, তোমার কাছে আগে এসেছি।


অশোক তখনো কিছুই বুঝতে পারছিল না, কোনো অনুমানই না। সুবিমল আবার একটু চুপ করে থেকে, বলেছিলেন, তুমি তো জানই, আমার কোনো ছেলেমেয়ে নেই। সেজন্য তোমার বৌদির আর আমার মনে একটা কষ্ট বরাবরই খচখচু করে। কিন্তু মন তো মানে না, আশাও যায় না। তাই বহু জায়গায় বহু পুজো দিয়েছি, নানান থানে গিয়ে হত্যে দিয়েছি। তোমার বৌদি, এমন কি আমিও, বহু তাবিজ মাদুলি ধারণ করেছি। সবই বিফলে গেছে, কিছুই হয় নি। মন দুর্বল হলে, মানুষ কী না করে। এসব বিষয়ে, আগে কখনো বিশ্বাস ছিল না, তবু করেছি, বিশ্বাস করেই করেছি, যদি কিছু হয়ে যায়। হয় নি।


সুবিমল একটি নিশ্বাস ফেলে নতুন আর একটি সিগারেট ধরিয়েছিলেন। অশোক লক্ষ্য করেছিল ওঁর আঙুল কাঁপছে। মনে হয়েছিল, নার্ভ টেনশনের ব্যাপার। সুবিমল আবার বলেছিলেন, প্রায় বছর দেড়েক আগে, এসব পুজো হত্যে মাদুলি তাবিজ নেওয়া, আমি প্রায় ছেড়েই দিয়েছি। তার কারণও আছে। আমি কলকাতায় বিশেষজ্ঞকে দিয়ে নিজেকে পরীক্ষা করিয়েছি। তাতে জানা গেছে, আমার বীর্য থাকলেও, স্পার্মোটা—মানে, শুক্রকীট মৃত। মৃতও বলা যায় না। আমার কোনো স্পার্মোটা সৃষ্টি হয় না। তার জন্য নরম্যাল সেকস্ লাইফের কোনো অসুবিধা হয় না, কিন্তু মানুষের জন্মের যা মূল, সেই শুক্রকীট না থাকার দরুন, আমার ঔরসে কখনোই কোনো সন্তান হবে না। কথাটা দুঃখের হলেও, নির্মম সত্য। বিশেষজ্ঞ একবার পরীক্ষায় এ রায় দেন নি, দুবার পরীক্ষা করেছিলেন। জানিয়েছেন, আমার ভেতরে, স্পার্মোটা সৃষ্টি করাও সম্ভব না। সাধারণত অল্প বয়সে কোনো ভারি রোগ হলে, অনেকসময় এরকম ঘটে। আমার কোনো ভারি অসুখ কখনো করেনি। আমার জন্মই শুক্রকীটহীন জীবন নিয়ে।


অশোক অবাক হয়ে, সুবিমলের দুঃখের কাহিনী শুনেছিল। মানুষের শরীরের বিষয়ে, এ ধরনের কোনো ব্যাপার ওর জানা ছিল না। সুবিমলের চোখ-মুখ যেন আরো শুকিয়ে উঠছিল, অথচ একটা উত্তেজনাও লক্ষণীয় ছিল। দ্বিতীয় সিগারেট শেষ না হতেই, কম্পিত হাতে তৃতীয় সিগারেট ধরিয়ে বলেছিলেন, এর পরে, আর তোমার বৌদিকে পরীক্ষা করবার কোনো প্রশ্নই ছিল না। গলদ কোথায়, তা আমার জানা হয়ে গেছিল। কিন্তু তোমার বৌদিব কাছে, কথাটা আমি বলতে পারি নি। পারি নি তার কারণ, সেটাও একটা ইন্টারনাল কারণ বলতে পারো। পুরুষের রক্তের মধ্যেই বোধহয় এ দুর্বলতা মিশে থাকে। স্ত্রীর কাছে স্বামীতার পৌরুষের গর্বের কথা বলতে পারে। কিন্তু সামান্য দুর্বলতার কথাও বলতে পারে না।


এই পর্যন্ত বলে সুবিমল থেমেছিলেন। অশোক দেখেছিল, সুবিমল সিগারেটটা আঙুলের চাপে, দুমড়ে ফেলছিলেন। যা বলতে চাইছিলেন, তা উচ্চারণ করতে যেন কষ্ট হচ্ছি।অশোক তখনো ব্যাপারটা অনুমান করতে পারছিল না, সুবিমলের একটি আত্মিক কষ্ট ছাড়া। ও ওঁর মুখের দিকে অপলক তাকিয়েছিল।


সুবিমল সিগারেটটা ছাইদানিতে গুঁজে দিয়ে, হঠাৎ একটু যেন হাসবার চেষ্টা করে বলেছিলেন, দিন সাতেক আগে, তোমার বৌদি বললেন, তিনি সন্তান-সম্ভবা।


বলেই তিনি আর একটি সিগারেট ধরিয়েছিলেন। অশোক সহসা যেন কথাটার সূত্র ধরতে পারছিল না। পরমুহূর্তেই বিদ্যুৎ-ঝিলিকের মতো, কথাটা ওর মস্তিষ্কে বিধেছিল। বুঝতে পেরেছিল। সুবিমল কেন এত বিচলতি হয়েছেন। কিন্তু এমন একটা দাম্পত্য বা পারিবারিক বিষয়, সুবিমল ওকে কেন বলতে এসেছেন, বুঝতে পারে নি। তবুও একটু দ্বিধার সঙ্গে জিজ্ঞেস করেছিল, সেটা কি নিতান্তই অসম্ভব?


সুবিমল শক্ত মুখে বলেছিলেন, যদি অসম্ভব বলে না মনে করি, তা হলে, পৌরাণিক কাহিনীর বা রূপকথার দেবতার বরকে বিশ্বাস করতে হয়। কিন্তু আমার পক্ষে তা সম্ভব না। নিজের বিষয়ে, আমার মনে এতটুকু সন্দেহ নেই। যে বিশেষজ্ঞ আমার সিমেন্স পরীক্ষা করেছিলেন, তাঁর পরীক্ষাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি নিশ্চিত, বিভার পেটে যে সন্তান এসেছে, তার জন্মদাতা আমি নই।


সুবিমলের দৃঢ়তা দেখে, অশোক কয়েক মিনিট কথা বলতে পারে নি। তারপরে বলেছিল, তবু আপনি বৌদিকে একবার পরীক্ষা করিয়ে দেখতে পারেন। অনেক সময় সুডো প্রেগনেন্সি–।


সুবিমল বলে উঠেছিলেন, করিয়েছি। একথা প্রথমে আমার মনে হয়েছিল। হয়তো এটা ফলস্ প্রেগনেন্সি। আমাদের রীতা মিত্রের মাদার্স হোমে নিয়ে গেছলাম। পরীক্ষায় জানা গেছে, বিভার প্রেগনেন্সি জেনুইন। এখন সে তিন মাসের গর্ভবতী।


অশোক আবার চুপ করে গিয়েছিল। কী বলা উচিত, বুঝতে পারছিল না। তারপরে, হঠাৎ মনে হতেই জিজ্ঞেস করেছিল, বৌদির সঙ্গে এ বিষয়ে আপনার কোনো কথা হয়েছে?


কোন্ বিষয়ে?


আপনার বিষয়ে। বৌদিকে সব ভেঙে বলেছেন?


না। তা কেমন করে বলব? তা হলেই যে প্রশ্ন উঠে পড়বে, তার মুখোমুখি দাঁড়াব কেমন করে, সেটাই সমস্যা। আর দাঁড়ানো মানেই তুমি বুঝতে পারছ, হয়


এদিক, না হয় ওদিক।


সুবিমলের কথা শুনে, অশোক বুঝছিল, তিনি অত্যন্ত উত্তেজিত। নিজেকে অপমানিত ভাবছেন তো বটেই, একটা তীব্র যন্ত্রণাও ভোগ করছেন। হয়তো খুবই স্বাভাবিক। কিন্তু এ বিষয়ে করণীয় বা কী থাকতে পারে? বিশেষ করে, অশোকের? ও জিজ্ঞেস করেছিল, তা এখন কী করবেন ভাবছেন?


সুবিমল বলেছিলেন, সাত দিন ধরে, দিন-বাত্র সেই কথাই ভাবছি। ভেতরে ভেতরে এ যন্ত্রণা পুষে রাখা কঠিন, তবু আমি কিছুই বলতে পারছি না। সর্বাগ্রে আমার জানা দরকার, কে সে? বিভা কার সঙ্গে যুক্ত?


অশোক বলেছিল, সে কথা তো আপনি বাড়ির অন্য লোকদের কাছেই জানতে পারেন।


সুবিমল বলেছিলেন, অন্য লোক বলতে দীপালি, যে মেয়েটি আমার বাড়িতে সর্বক্ষণ থাকে। ঠিকা ঝি দুবেলা কাজ করে দিয়ে চলে যায়। বিভা রান্নাটা নিজেই করে। বাদবাকী সংসারের যা কিছু, সবই দীপালি দেখাশোনা করে। দীপালিকে আমি নানান ভাবে জিজ্ঞাসাবাদ করেছি। এমন কি প্রচুর টাকার লোভ দেখিয়েছি। অবিশ্যি বিভাকে লুকিয়েই এসব করেছি। আমি জানি, দীপালি কিছুই জানে না। সে গরীবের ঘরেরস্বামী-পরিত্যক্তা, তিন কূলে কেউ নেই।এক হাজার টাকা তার কাছে অনেকখানি। তা ছাড়া, আমি ওর চোখ-মুখ দেখেই বুঝেছি, ওর কাছে সমস্ত ব্যাপারটাই অবিশ্বাস্য। জীবনে এত অবাক ও কখনো হয় নি। ছলনা করলে আমি বুঝতে পারতাম।


অশোক বলেছিল, দীপালিকে ফাঁকি দিয়ে, বাড়ির মধ্যে কারুর সঙ্গে মেলামেশা করা কি সম্ভব?


সুবিমল বলেছিল, সেটা আমারও প্রশ্ন, কিন্তু কোনো জবাব পাচ্ছি না।


বৌদি কি এর মধ্যে বাপের বাড়ি বা অন্য কো

**********
No Review
Related Books
Loading books…