
সাধনা প্রসঙ্গে
রবীন্দ্রনাথ ঠাকুর
১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ও তাঁর গীতাঞ্জলি দেশে দেশে পৌঁছে গিয়েছিল। সারা বিশ্বের, বিশেষ ক’রে পাশ্চাত্যের মানুষ তাঁকে চিনেছিলেন মূলত গীতাঞ্জলির কবি রূপে। আমেরিকাবাসী কিন্তু তাঁর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন নোবেল পুরস্কার ঘোষণার বেশ আগে। যদিও সুদূর ভারতের এক অজানা অতীন্দ্রিয়বাদী কবি রূপে আমেরিকার সাহিত্য জগতে রবীন্দ্রনাথের প্রথম আত্মপ্রকাশ, তবুও আশ্চর্যের বিষয় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি শুরু থেকেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন কবিতার আসরে নয়, সাহিত্যের আলোচনা সভাতেও নয়, ভারতীয় দর্শন বিশেষতঃ উপনিষদের উপর বক্তৃতা করার জন্য। বিশ্ববিদ্যালয় মহলে তাঁকে বলা হ’তো প্রাচ্যের এক বিদগ্ধ দার্শনিক-কবি (philosopher-poet)।
সে ছিল ১৯১২ সাল। ইংল্যান্ডে রবীন্দ্রনাথের কবিতা পাঠের এক আসরে আমেরিকার খ্যাতনামা কবি এজরা পাউন্ড (Ezra Pound) উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথের নিজের কণ্ঠে স্বরচিত কবিতা শুনে মুগ্ধ পাউন্ড রবীন্দ্র-কবিতা আমেরিকাতে প্রকাশ করার জন্য শিকাগো (Chicago) থেকে প্রকাশিত পত্রিকা “পোয়েট্রি”র (Poetry) সম্পাদিকা হ্যারিয়েট মনরোকে (Harriet Monroe) তখনই লিখে পাঠান, “Reserve space in next number for Tagore… He has sung Bengal into a nation” (Stephen Hay, American Quarterly, 442)। এজরা পাউন্ড মনরোর কাছে রবীন্দ্রনাথের ছয়টি কবিতার পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন। কবিতাগুলি Poetry, vol.1, No. 3, December 1912-এ প্রকাশিত হয়েছিল। প্রতিটি কবিতাতেই আধ্যাত্মিকতার সুর।১ আমেরিকাতে রবীন্দ্রনাথের সেই প্রথম পরিচিতি।
১৯১২ সালের অক্টোবর মাসের শেষের দিকে রবীন্দ্রনাথ ব্যক্তিগত ভ্রমণে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম পদার্পণ করেন। সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমাদেবী। রথীন্দ্রনাথ ইলিনয় (Illinois) বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। জোড়া শহর শ্যামপেন-আর্বানাতে (Champaign-Urbana) ইলিনয় বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল আর্বানায় নিরিবিলিতে কিছুদিন কর্মক্লান্ত অবসর কাটাবেন। কিন্তু দৈনিক কাগজ The Daily Illini তাঁর আগমনের সম্ভাবনার কথা বহু আগেই প্রচার ক’রে দিয়েছিল। ১ অক্টোবর ১৯১২-র কাগজে বড় হরফে লেখা হয়েছিল, “Poet to visit University: Famous Indian Writer Coming Soon”। খবরে ছিল, “Rabindranath Tagore, who is recognized as the foremost poet of India is soon to pay the University a visit. The date for his visit has not been definitely learned.” (Hurwitz,23)
৩০ অক্টোবর রবীন্দ্রনাথ আর্বানাতে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের যে সকল অধ্যাপক ও ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক মরগান ব্রুক্স (Morgan Brooks) এবং অধ্যাপক আর্থার সেমুর (Arthur Seymour)। আর্বানাতে প্রথম কিছুদিন রবীন্দ্রনাথ অধ্যাপক ব্রুক্সের বাড়িতে এবং সস্ত্রীক রথীন্দ্রনাথ অধ্যাপক সেমুরের বাড়িতে অতিথি ছিলেন। রবীন্দ্রনাথের “সাধনা”র প্রবন্ধগুলি লেখার সঙ্গে সঙ্গে সেগুলি পাঠ ও সেই বিষয়ে আলোচনা সভার, এবং পরে নানা বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তৃতার ব্যবস্থাপনায় এই দুই অধ্যাপকের উল্লেখযোগ্য ভূমিকা স্মরণীয়।
রবীন্দ্রনাথের জন্য একটি বাড়ি নেওয়া হলো। কিন্তু তাঁর নির্জনবাস দুই সপ্তাহের বেশি স্থায়ী হলো না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা তাঁর সঙ্গে ভারতীয় দর্শন ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করতে ও তাঁর কবিতা শুনতে আসতে শুরু করলেন। অধ্যাপক সেমুর তাঁর নিজের বাড়িতে নিয়মিত রবীন্দ্রনাথের জন্য আলোচনা সভা ও তাঁর কবিতা পাঠের আসরের ব্যবস্থা করেছিলেন। এই আসরে ফাদার এলবার্ট ভেইল (father Albert R. Vail) নামে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ইউনিটারিয়ান চার্চের একজন ফাদার বার-বার আসতেন। এই চার্চ সম্বন্ধে অধ্যাপক সেমুরের স্ত্রী, কবি মেয়েস সেমুর (Mayce Seymour) তাঁর এক প্রবন্ধে লিখেছেন, ইলিনয় বিশ্ববিদ্যালয়ে উদারপন্থী অধ্যাপকদের একটি ছোট দল আমেরিকার রক্ষণশীল মধ্যপশ্চিম সমাজের ভ্রুকুটি ও কঠোর সমালোচনা উপেক্ষা ক’রে ১৯১২ সালে বিশ্ববিদ্যালয়ের পরিধির মধ্যে ইউনিটারিয়ান চার্চের প্রতিষ্ঠা করেন। এই চার্চের ভক্তদের চিন্তাধারার সঙ্গে ভারতবর্ষের ব্রাহ্ম-সমাজের চিন্তাধারার মিল পাওয়া যায়। (Mayce F. Seymour, “That Golden Time”, The Visva-Bharati Quarterly, 2)। ফাদার ভেইল সম্বন্ধে রথীন্দ্রনাথ তাঁর পিতৃস্মৃতি গ্রন্থে লিখেছেন, “পাদরি মহাশয় ছিলেন খাস হার্ভার্ডের গ্র্যাজুয়েট, সুতরাং তাঁর মতামত ও দৃষ্টিভঙ্গি ছিল স্থানীয় রক্ষণশীল খ্রীষ্টানদের তুলনায় অনেক উদার। তিনি প্রায়ই তাঁর চার্চের বাছা বাছা কয়েকজনকে ডেকে বাবাকে বলতেন তাঁর লেখা থেকে কিছু কিছু পড়ে শোনাতে।” (১৬০-৬১)
ফাদার ভেইল রবীন্দ্রনাথকে ইউনিটি ক্লাবের (Unity Club) পক্ষ থেকে উপনিষদের উপর একটি বক্তৃতা দেওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ জানান। অনুরোধটি কিছু আশ্চর্যজনক ছিল না। এ বিষয়ে রবীন্দ্রনাথ আর্বানা থেকে অজিত চক্রবর্তী মহাশয়কে একটি চিঠিতে লিখেছিলেন,
Unity Club বলে এঁদের একটি club আছে, সেখানে প্রতি রবিবারে ভিন্ন ভিন্ন ধর্ম্মসম্প্রদায় ও ধর্ম্মগুরুদের সম্বন্ধে বক্তৃতা ও আলোচনা হয়ে থাকে। উপনিষদের সম্বন্ধে কিছু বলবার জন্য ইনি আমাকে ধরেছিলেন। আমি প্রথম রাজি হইনি। তার পরেই দেখলুম শর্ম্মা উপাধিধারী একজন বাঙালী ছেলে বলবার জন্য প্রস্তুত হচ্ছে। অথচ ও সম্বন্ধে কোনো কথা বলবার তার কোনো অধিকার নেই। তাই উপনিষদের ঋষিদের প্রতি আমার কর্তব্য পালনের জন্য শেষ মুহূর্তে আমাকে রাজি হতে হল। এ সম্বন্ধে আমি যে পণ্ডিত তা বলতে পারিনে, কিন্তু এখানকার “নিরস্ত পাদপে দেশে” আমি যে এরণ্ড তাতে কোনো সন্দেহ নেই। (১৫ই নভেম্বর ১৯১২. বিশ্বভারতী রবীন্দ্রভবন অভিলেখাগারের সৌজন্যে)
রবীন্দ্রনাথের কৌতুকপূর্ণ আত্মসমীক্ষা তাঁর স্বভাবসিদ্ধ আত্মপ্রচার-বিমুখতার পরিচায়ক। ভারতীয় দর্শন, বিশেষ ক’রে উপনিষদ সম্বন্ধে তাঁর সুগভীর জ্ঞান এবং উপনিষদ প্রদর্শিত পথে তাঁর নিজের জীবনসাধনা সর্বজন বিদিত। প্রসঙ্গতঃ উল্লেখ করা যায়, “সাধনা” গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ নিজের সম্বন্ধে লেখার সময় একই রচনাশৈলী ব্যবহার করেছেন। দুর্ভাগ্যবশতঃ ইংরেজি ভাষায় সাধনার প্রবন্ধগুলি রচনা সম্বন্ধে রবীন্দ্রজীবনীকার ও সমালোচকদের একাংশের মধ্যে এই রচনাশৈলী বিভ্রান্তির সৃষ্টি করে।
ইউনিটারিয়ান চার্চে রবীন্দ্রনাথের প্রথম বক্তৃতা হয়েছিল ১০ নভেম্বর ১৯১২-তে। বক্তৃতাটি বহুল প্রশংসিত হওয়ায় কর্তৃপক্ষ তাঁকে আরও তিনটি বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানান। হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত Imperfect Encounter: Letters of William Rothenstein and Rabindranath Tagore গ্রন্থের সম্পাদিকা মেরি লাগোর (Mary M. Lago) দেওয়া তথ্যে আর্বানার চার্চে রবীন্দ্রনাথের বক্তৃতার বিষয়বস্তু সম্বন্ধে একটি পরিষ্কার ছবি পাওয়া যায়ঃ
November 10 “World Realisation”
November 17 “Self Realisation”
November 24 “Realisation of Brahma”
December 1 “The Way of Action”
All were included in Sadhana (Lago, 70)
“সাধনা” গ্রন্থের প্রবন্ধগুলির সূত্রপাত এখানেই। প্রথম বক্তৃতা হয়ে যাওয়ার পরে ১৫ নভেম্বর রবীন্দ্রনাথ অজিত চক্রবর্তী মহাশয়কে এই বক্তৃতা সম্বন্ধে লিখেছিলেন, “এখানকার অধ্যাপকরা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। আমার ভাগ্যক্রমে তাঁদের ভাল লেগে গেল। তার ফল হল এই যে আগামী রবিবারের জন্য তাঁরা আমাকে বলতে অনুরোধ করেছেন। এবারে আত্মবোধের বিষয়টা নিয়ে একটা প্রবন্ধ লিখেছি। ইংরেজিতে লিখতে আমার বিলম্ব হয় কষ্ট হয়— তবু প্রতিদিন অল্প অল্প করে লিখে ফেলেছি।” ২৩ নভেম্বর ১৯১২ (৮ই অগ্রহায়ণ ১৩১৯) অজিত চক্রবর্তী মহাশয়কে আরেকটি চিঠিতে লিখেছেন, “দ্বিতীয়বারে সমস্তটাই আমাকে লিখতে হয়েছিল। তাতে ভালই হয়েছে। তার বিষয়টা ছিল আত্মবোধ। যেটা বাঙলায় আছে তারই তর্জ্জমা নয়… এই বিষয়টাই নতুন ক’রে লিখেছি। এখানকার অধ্যাপক মণ্ডলীর সেটা খুব ভাল লেগেছে।… এই হপ্তাটা আর একটা লিখেছি, তার বিষয়টা ব্রহ্মসাধন, সেটা কাল প়়ড়ব… এবং পর সপ্তাহের জন্যও আর একটা লেখার সূত্রপাত করেছি।… মনে হচ্চে এই আর একটা আবর্ত্তের সৃষ্টি হল, আমেরিকায় এইটের ঘূর্ণিই ঘুরপাক খাওয়াবে… আর আমার ছুটি নেই।”
ইউনিটেরিয়ান চার্চে দেওয়া রবীন্দ্রনাথের প্রথম বক্তৃতাটি সম্বন্ধে রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় লিখেছেন, “ ‘বিশ্ববোধ’ নামে তাঁহার বাঙলা প্রবন্ধের একটি ইংরেজি অনুবাদ (সতীশ রায় কৃত) তাঁহার কাছে ছিল, সেই লেখাটাই পরিবর্তন ও পরিবর্দ্ধন করিয়া unity club-এর গির্জায় পাঠ করিলেন” (রবীন্দ্রজীবনী, দ্বিতীয় খণ্ড, ২১)। রবীন্দ্রনাথের “বিশ্ববোধ” প্রবন্ধটি ছিল ব্রাহ্মসমাজের অশীতিতম সাম্বৎসরিক উৎসবে আদি ব্রাহ্মসমাজের উপাসনা গৃহে প্রদত্ত ভাষণ। ব্রাহ্মধর্মাবলম্বী ভক্তদের কাছে দেওয়া উপাসনার ভাষণ এবং আর্বানা শহরে আমেরিকান বুদ্ধিজীবী শ্রোতৃমণ্ডলীর কাছে উপনিষদের উপর দার্শনিক আলোচনার ভাষণ এক ছিল কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। এই বক্তৃতা সম্বন্ধে রবীন্দ্রজীবনীকারের দেওয়া তথ্য সম্ভবতঃ রবীন্দ্রনাথের নিজের একটি চিঠির উপর ভিত্তি করে লেখা। রবীন্দ্রনাথ আর্বানা থেকে লিখেছিলেন, “আমার বিশ্ববোধের একটা তর্জমা সতীশবাবু করেছিলেন,… সেইটাকে আমি সংশোধন ও পরিবর্তন করে টাইপ করিয়ে রাখিয়েছিলেম… তাড়াতাড়ি সেইটের সঙ্গে একটা ভূমিকা জুড়ে দিয়ে গির্জ্জাঘরে সন্ধ্যাবেলা পড়েছিলুম।” (অজিত চক্রবর্তীকে লেখা চিঠি, ১৫ নভেম্বর, Urbana)। বোঝা যায় আগের চিঠিতে যে ভাবে রবীন্দ্রনাথ নিজেকে “এরণ্ড” বলেছেন, এই চিঠিতেও সেই ভাবে নিজের লেখা সম্বন্ধে বলেছেন। ইউনিটি ক্লাবে বলবার জন্য ইংরেজি ভাষায় যে প্রবন্ধটি তিনি রচনা করেছিলেন, তা’তে তাঁর বাঙলা “বিশ্ববোধ” প্রবন্ধের এবং সতীশচন্দ্রের করা অনুবাদের কতটুকু ছিল সে গবেষণার বিষয়। কারণ এর কয়েক সপ্তাহ পরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে “Man’s Relation to the Universe” শিরোনামে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। “The Relation of the Individual to the Universe” নামে সেটি “সাধনা” গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এই বক্তৃতা কোনোভাবেই “বিশ্ববোধ” বাঙলা প্রবন্ধের অনুবাদ, সংক্ষিপ্ত ভাবানুবাদ বা অনুসৃজন (transcreation) ছিল না, কোনো পরিবর্তিত, পরিবর্ধিত রূপও ছিল না। একই বিষয়ের উপরে এ ছিল এক নতুন রচনা, আমেরিকায় বসে অন্য দৃষ্টিকোণ থেকে ইংরেজি ভাষায় লেখা। ব্রাহ্মসমাজের উপাসনায় পঠিত “বিশ্ববোধ” প্রবন্ধটি প্রার্থনারই অন্য এক রূপ। প্রথম থেকেই লেখার মধ্যে প্রার্থনার সুর। প্রবন্ধ শেষ হয়েছে পুরোপুরি প্রার্থনায়: “হে প্রভু… আমার সমস্তই নাও, সমস্তই ঘুচিয়ে দাও, তাহলেই তোমার সমস্তই পাব— মানব জীবনে সকলের এই শেষ কথাটি ততক্ষণ বলবার সাহস হবে না, যতক্ষণ অন্তরের ভিতর থেকে বলতে না পারব: রসো বৈ সঃ, রসং হ্যেবায়ং লব্ধ্বানন্দী ভবতি: তিনিই রস, যা কিছু আনন্দ তা এই রসকে পেয়েই।”
আলোচনা ভিত্তিক প্রবন্ধ “ব্যক্তির সঙ্গে বিশ্বের সম্বন্ধ” (The Relation of the Individual to the Universe) শুরু থেকেই অন্য সুরে বাঁধা। প্রথম সতেরো অনুচ্ছেদে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় এবং প্রাচীন গ্রীক ও ইয়োরোপীয় সভ্যতার তুলনামূলক যে আলোচনা করেছেন, “বিশ্ববোধ” প্রবন্ধে তা কোথাও নেই। পরবর্তী অনুচ্ছেদগুলিতে যেখানে যেখানে দুইটি প্রবন্ধে মিল আছে মনে হয়, মনোযোগ সহকারে পড়লে বোঝা যায় “সাধনা”র প্রবন্ধটির প্রতিটি বাক্য রবীন্দ্রনাথ নতুন ক’রে লিখেছেন। অনেকসময় দর্শনের পরিভাষা বদলে দিয়েছেন। যেমন বাঙলা প্রবন্ধে বার-বার যেখানে “চিত্ত” শব্দটি ব্যবহার করেছেন ইংরেজি প্রবন্ধে সেখানে লিখেছেন soul (আত্মা)। চিত্ত (mind) এর তর্জমা soul নয়। কাজেই বাঙলা প্রবন্ধে যেখানে চিত্তবৃত্তির উপর আলোচনা করেছেন, ইংরেজি প্রবন্ধে সেখানে আলোচনা করেছেন আত্মার উপলব্ধির উপরে। দুইটি প্রবন