ইংরেজের সাহিত্যে শরৎ প্রৌঢ়। তার যৌবনের টান সবটা-আলগা হয় নাই, ওদিকে তাকে মরণের টান ধরিয়াছে; এখনও সব চুকিয়া যায় নাই কেবল সব ঝরিয়া যাইতেছে।
একজন আধুনিক ইংরেজ কবি শরৎকে সম্ভাষণ করিয়া বলিতেছেন, “তোমার ওই শীতের আশঙ্কাকুল গাছগুলাকে কেমন যেন আজ ভুতের মতো দেখাইতেছে; হায় রে, তোমার ওই কুঞ্জবনের ভাঙা হাট, তোমার ওই ভিজা পাতার বিবাগি হইয়া বাহির হওয়া! যা অতীত এবং যা আগামী তাদের বিষণ্ন বাসরশয্যা তুমি ...