
লোকশিক্ষায় শ্রীমা
আশাপূর্ণা দেবী
তাঁর জীবনই তাঁর বাণী!
লোকশিক্ষায় শ্রীশ্রীমার অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্যসুন্দর জীবনখানিই তো একটি সর্বজন-শিক্ষণীয় অনবদ্য পাঠ্যগ্রন্থ। এ গ্রন্থের ভাষা সরল, শব্দবিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়।
বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবনগ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা, অধ্যাত্মপথের শিক্ষা, মানবিকতার শিক্ষা, ভালবাসবার শিক্ষা, উদারতার শিক্ষা; ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমার, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতে অবিচল।
শ্রীমা সারদাদেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ। যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমাপ্রকৃতি বলেই গৃহীত, তার চরিত্রগুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য-চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু–সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই। আর তা থেকে যদি এতটুকুও শুভপ্রেরণা আসে–পরম লাভ।
যুগ বদলায়, সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে, চলতি যুগ বিগত যুগের রীতিনীতি, আচার-আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না, নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে। যার ফলে প্রায়শই পুরনো আদর্শ, পুরনো চিন্তা-চেতনা, চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায়। কিন্তু মানবিকধর্মের যে মৌল গুণগুলি মানবচরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে, তার কোনও পরিবর্তন হয় কি?
তা তো হয় না। ত্যাগ, ক্ষমা, সততা, সত্যনিষ্ঠা, দৃঢ়তা, মমতা, সাম্যবোধ, মানবপ্রেম, এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে।
শ্রীমা সারদাদেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণমাত্রায় প্রকাশিত ছিল, তাই লোকজীবনে শ্রীমার আদর্শ একান্ত প্রয়োজনীয়ের ভূমিকায় চির-অবিচল থাকবে। সে আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে, হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে।
পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগাবতার ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণের ও তাঁর লীলাসঙ্গিনী শ্রীশ্রীমা সারদাদেবীর দিব্য আবির্ভাব।
ঠাকুরের ইচ্ছায় মা-সারদা তাঁর দিব্যসত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে-জীবনটি গ্রহণ করেছিলেন, আপাতদৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানবীমূর্তি। সুখ-দুঃখ, ভাল-মন্দ, আত্মীয় স্বজন, পারিবারিক জীবনের দায়দায়িত্ব, সবকিছু নিয়ে সেই জীবনের প্রকাশ। তার মধ্যে আবার অভাব-অনটনের জ্বালাও প্রবল। মায়ের আমাদের এমনও দিন গেছে, যখন ভাতের উপর লবণ জোটে নি।
তবু কী শান্ত, সংহত, প্রশান্ত! কিছুতেই কিছু এসে যায় না। কারও প্রতি কোনও অভিযোগ নেই, কাউকে জানান না কোনও অসুবিধা। মানবী হয়েও দেবী। যেন জীবনটিই তার এক গভীর তপস্যা। মা সারদাদেবী স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম এক মাতৃমূর্তি। একটি শান্ত মাতৃত্বের ভাব তাঁর বাল্যকাল থেইে। জয়রামবাটীতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ, মানুষ অনাহারে মারা যাচ্ছে। সেই সময়–বিত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান সারদা-জনক রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সম্বৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তের জন্য। দলে দলে লোক আসে, ফুরিয়ে যায় খিচুড়ি, আবার চাপে উনানে, খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দুহাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের ও আহা, এত গরম খাবে কি করে! জুড়োক।
যে যেখানে তাপদগ্ধ আছে, এসে জুডোেক। তার কাছে আছে মলয় বাতাসের পাখা–যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায়। আহা, বাঁশ আর ঘাসের তাহলে উদ্ধার হবে না?
তা-ও হবে।
মূর্তিমতী সেবা, মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে, দেবেন তাদের চন্দন করে।
প্রদীপের নীচেই অন্ধকার। মায়ের নিকট-আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারে না। ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সব সময় মতের মিল থাকে না। মনান্তর ঘটে।
জয়রামবাটীতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক–মা দেবী কি না এই নিয়ে।
কালীমামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন। দিদির কাছে কত আবদার, কত জাগতিক প্রত্যাশা। হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তাঁর সহ্য হবে কেন? বলেই বা কি করে? তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে।
কিন্তু অবশেষে গিরিশবাবুরই জিত! ভীত সন্ত্রস্ত পরাস্ত কালীমামা শরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে।
শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন : ওরে কালী, আমি তোর সেই দিদি। আজ তুই এ কি করছিস?
হাঁফ ছেড়ে বাঁচলেন ভাই। আঃ কী শান্তি!
যে যেভাবে শান্তি পায়। কেউ দেবীভাবে পেয়ে, কেউ দিদি, পিসী, খুড়ী ভাবে পেয়ে। তবু জানে এখানেই পরম শান্তি, পরম স্বস্তি, অগাধ স্নিগ্ধচ্ছায়া।
লোকশিক্ষার্থেই শ্রীমার এই দুইসত্তার ভূমিকায় প্রকাশ। দেবীসত্তা আর মানবীসত্তার এক অনায়াস সমন্বয়। সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে এমন শান্ত গতিতে সমান্তরালধারায় প্রবাহিত করা যায়, তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়।
আরও স্তব্ধ হতে হয়, আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে। সাধক-সন্ন্যাসী-স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন এ দৃষ্টান্ত বিরল নয়, কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন, এমন নজির ইতিহাসে আছে?
মা বলে গ্রহণ করলেন, মা কালী বলে ফুল-চন্দনে পূজা করলেন। অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয়, এই আঘাত মা-সারদা অবিচলিত চিত্তে সইলেন, বইলেন।
তারপরও গুণ্ঠনবতী! লোকলোচনের অন্তরালে অবস্থিত সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে, যখন শতসহস্র ভক্তসন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে।
ঠাকুর তার আরব্ধ কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলাসঙ্গিনী সারদার হাতে। সেই বিপুল কর্ম কী অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি চৌত্রিশটি বছর ধরে। কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন, কত শত হাহাকার-পীড়িত হৃদয়কে মাতৃহৃদয়ের আশ্রয় দিলেন, কত শত মেয়েকে দিলেন নারীজীবনের সত্যআদর্শের শিক্ষা।
আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা, কত ঈশ্বরপিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ। মায়ের নিজের ভাঁড়ারেই তো সে জিনিস মজুত!
ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্মসমন্বয়সাধনে, তো শ্রীমার আবির্ভাব সর্বকর্মের সমন্বয়সাধনে। মায়ের জীবনদর্শনে যেমন মানুষের ছোটবড় ভেদ নেই, তেমনই কাজেরও ছোটবড় ভেদ নেই। সবেতেই তাঁর প্রসন্ন প্রশান্তি। ভক্তের পূজার প্রতিমারূপেও তার যেমন অকুণ্ঠ আত্মস্থতা, সংসারের সেবিকারূপেও তেমনই অকুণ্ঠ আত্মস্থতা। যে মুহূর্তে চরণে ভক্তজন-নিবেদিত পুস্পাঞ্জলি নিচ্ছেন, তার পরমুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার-আয়োজনের তদ্বিরে। তাই কি অর্থের স্বচ্ছলতাই আছে? নেই বলেই পরিশ্রম শতগুণ!
জয়রামবাটীর সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায়। সে সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিত মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন। কুটনো কুটছেন, রান্না করছেন, পূজার গোছ করছেন। পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা-ময়দা মাখছেন, রুটি-লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেঁকিতে পাড় দিচ্ছেন, বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন, সলতে পাকাচ্ছেন, প্রদীপ সাজাচ্ছেন, লণ্ঠনগুলি পরিষ্কার করছেন, ভক্তদের সমস্ত সুখস্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন–ছেলেদের চায়ের জন্য দুধ যোগাড় করতে।
বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয়, তবুও যে-কোনও কাজই হোক শ্ৰীমা সে-কাজ আর কারও অপেক্ষায় ফেলে রাখতেন না। চোখের সামনের কাজগুলি আর কারও অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা, এই যে শিক্ষাটুকু (শ্রীমার অপার গুণসমুদ্রের এক আঁজলা জল), এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায়, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে।
কাজ তুচ্ছই হোক, অথবা বৃহই হোক, তার সম্বন্ধে মূল্যবোধ, আর তাতে নিষ্ঠা, এই তত কর্মশিক্ষার গোড়ার কথা। ঠাকুর শ্রীমাকে বাল্যে প্রদীপের সলতেটি পর্যন্ত কি করে ভালভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন।
শ্রীমার পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগের বাংলাদেশ। যখন সেখানে জাতপাত আর আর্গের অপ্রতিহত প্রতাপ। এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট।
নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকেই সাহেবের অফিসে চাকরি করায়, সারাদিন জলস্পর্শ না করে থাকতেন, বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন। বালিকাবিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্যসাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেওয়া হচ্ছে বটে, কিন্তু মেমের ইস্কুলে পড়ার অপরাধে বেচারীদের স্নান করে অথবা গঙ্গাজলে শুদ্ধ হয়ে তবে ঘরে ওঠবার অনুমতি জুটত। অথচ তখন সমাজমানসে ভিতরে ভিতরে উঠেছে এক অস্থির আলোড়ন।
অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধমুক্তির পিপাসা, আর বাইরে থেকে চিন্তানায়কদের মধ্যে জাগছে অনড় সমাজের সংস্কারের চিন্তা, তারা ভাবছেন, স্ত্রী-শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে, কিন্তু কোনখানে টানা হবে তার সীমারেখা?
ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না! সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধসংস্কারমুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কি হওয়া উচিত, এই প্রশ্ন সেই যুগকে বিক্ষত করছে। কোনও কোনও অতি আলোকপ্রাপ্ত জন আলোকপ্রাপ্তির পরিচয় দিতে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছেন, আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে পুরনো খুঁটি আঁকড়াতে চাইছেন। এমন একটি দিশেহারা সময়ে মা-সারদার আবির্ভাব।
মা-সারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ; সকল দ্বিধাদ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মাতৃমূর্তি!–যে-মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ; যে-দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে, মা-সারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী।
আবার এই প্রশ্নটিও তার মনে জেগেছিল, তিনি পুরনো আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোন্ আদর্শের অগ্রদূত?
দেখা যায়, শ্রীমা একাধারে এই দুই আদর্শেরই ধারক। তার মধ্যে একদিকে যেমন কর্মে, ধর্মে, আচারে-আচরণে, জীবনদর্শনের ভঙ্গিতে, ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট, অপরদিকে তেমনই সংস্কারমুক্ত চিত্তের উদার আলোকের স্ফুরণ।
এই সংস্কারমুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে। বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরমপ্রিয় খুকি। প্রথম দর্শনেই মা তাকে কোলে টেনে নিয়েছেন। কাছে বসিয়ে আদর করেছেন, নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন, হাতে করে খাইয়েছেন, এমন কি একসঙ্গে খেয়েছেন।
নিবেদিতার যে কর্মর্জগৎ, মেয়েদের লেখাপড়া শেখানো, সমাজে মেয়েদের অবস্থার উন্নতিসাধন, এগুলিতে যে মায়ের পরম উৎসাহ! তাই নিবেদিতা তার একান্ত আপনজন।
আজকের দিনের কথা ছাড়তে হবে, সেকালের সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায়, কী প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে, নিরাড়ম্বরে। তাঁর কাছে কেউ বিদেশী নয়, কেউ দূরের নয়, কারণ তিনি মা! সবাইয়ের মা! তিনি পতিতেরও মা।
কখনও কোনও বহিরাগত ভক্তের কোন অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে, মা বলে উঠে