Home
বিরহিণীর দশ দশা

বিরহিণীর দশ দশা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১

প্রথম দশা দিনে, বেরি বেরি রোওল

শেজে পাড়ি কাঁদে ভূমি লুটি।

দ্বিতীয় দশা দিনে, আঁখি মেলি হেরল,

শেজ ছাড়ি গা ভাঙ্গিল উঠি ||


২

তৃতীয় দশা দিনে, মৃদু মৃদু হাসিল,

বলে কোথা গেলে প্রাণনাথ।

চউঠ দশা দিনে, সিনান করি আওল,

হাঁড়ি পাড়ি খাওল পান্তা ভাত ||


৩

পঞ্চম দশা দিনে, বান্ধি চারু কবরী,

ঢাকাই শাড়িতে দিল ফের।

ষষ্ঠম দশা দিনে, পিঠা পুলি বানাওল,

কাঁদিতে ২ তার গিলিল তিন সের ||


৪

সপ্তম দশা দিনে, সজিনা খাড়া রাঁধিল

বলে প্রাণ বঁধূ কোথা গেলে।

যে খাঁড়া রেঁধেছি ভাই, তুমি বঁধূ কাছে নাই,

যদি পেট ফাঁপে একা খেলে ||


৫

অষ্টম দশা দিনে, বিরহ বিষাদিনী,

মন দুঃখে কিনিল ইলিশ।

তিতিয়া নয়ন জলে, ভাজায় ঝোল অম্বলে,

খায় ধনী খান বিশ ত্রিশ ||


৬

নবম দশার দিনে, পেট ফেঁপে ঢাক হলো,

আইল কানাই কবিরাজ।

সই বল কর্মভোগ, এ ঘোর বিরহ রোগ,

কবিরাজের নাহি ইথে কাজ ||


৭

দশম দশা দিনে, বিরহিণী মরে নরে,

আই ঢাই বিছানায় পড়ি।

কাতরে কহিছে সতী, কোথা পাব প্রাণপতি,

কোথা পাব পাচকের বড়ি ||


৮

বিরহীর দশ দশা, পন্ পন্ করে মশা,

মাছি উড়ে ছেলে কাঁদে কোলে।

চাকরাণীর চীৎকার, সইসাঙ্গতির টিট্‌কার,

খেদে কবি ছন্দোবন্ধ ভোলে ||


—‘বঙ্গদর্শন’, ফাল্গুন, ১২৭৯

**********
No Review
Related Books
Loading books…