Home
জলে ফুলে

জলে ফুলে

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১

কে ভাসাল জলে তোরে কানন-সুন্দরী!

বসিয়া পল্লবাসনে, ফুটেছিলে কোন্ বনে

নাচিতে পবন সনে, কোন্ বৃক্ষোপরি?

কে ছিঁড়িল শাখা হতে শাখার মঞ্জরী?

২

কে আনিল তোরে ফুল তরঙ্গিণী-তীরে?

কাহার কুলের বালা, আনিয়া ফুলের ডালা,

ফুলের আঙ্গুলে তুলে ফুল দিল নীরে?

ফুল হতে ফুল খসি, জলে ভাসে ধীরে!


৩

ভাসিছে সলিলে যেন, আকাশেতে তারা।

কিম্বা কাদম্বিনী-গায়, যেন বিহঙ্গিনী প্রায়,

কিম্বা যেন মাঠে ভ্রমে, নারী পথহারা;

কোথায় চলেছ ধরি, তরঙ্গিণীধারা?

৪

একাকিনী ভাসি যাও, কোথায় অবলে!

তরঙ্গের রাশি রাশি, হাসিয়া বিকট হাসি,

তাড়াতাড়ি করি তোরে খেলে কুতূহলে?

কে ভাসাল তোরে ফুল কাল নদীজলে!


৫

কে ভাসাল তোরে ফুল, কে ভাসাল মোরে!

কাল স্রোতে তোর(ই) মত, ভাসি আমি অবিরত,

কে ফেলেছে মোরে এই তরঙ্গের ঘোরে?

ফেলেছে তুলিছে কভু, আছাড়িছে জোরে

৬

শাখার মঞ্জরী আমি, তোরই মত ফুল।

বোঁটা ছিঁড়ে শাখা ছেড়ে, ঘুরি আমি স্রোতে পড়্যে,

আশার আবর্ত্ত বেড়ে, নাহি পাই কূল।

তোরই মত আমি ফুল তরঙ্গে আকুল।