সখের ডিটেকটিভ – প্রভাতকুমার মুখোপাধ্যায়
শীতকাল। রাত্রি ৮টা ২২ মিনিটে ডায়মন্ডহারবার হইতে আগত কলিকাতাগামী প্যাসেঞ্জার গাড়িখানি সংগ্রামপুর স্টেশনে আসিয়া দাঁড়াইল। অল্প কয়েকজন আরোহী ওঠা-নামা করিতেই ছাড়িবার ঘণ্টা পড়িল।
ঠিক এই সময়ে ব্যাগহস্তে একজন মধ্যবয়স্ক স্থূলকায় ভদ্রলোক দৌড়িয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিলেন। কিন্তু তাঁহার উদ্যম বৃথা হইল। পোঁ করিয়া বাঁশি বাজাইয়া, ইঞ্জিন মহাশয় বাবুটিকে উপহাসচ্ছলেই যেন ‘ধেৎ’ ‘ধেৎ’ করিতে করিতে ছুটিতে আরম্ভ করিল। বাবুটি হতাশ হইয়া চলন্ত ট্রেনখানির প্রতি চাহিয়া রহিলেন—আর হাঁপাইতে লাগিলেন।
গাড়ি বাহির হইয়া গেলে বাবুটি ধীরপদে আবার ফটকের দিকে অগ্রসর হইলেন। সেখানে গোল লণ্ঠন হাতে ছোট স্টেশন মাস্টারবাবু দাঁড়াইয়া আগন্তুক আরোহীগণের নিকট টিকিট লইতেছিলেন। বাবুটি পাশে দাঁড়াইয়া রহিলেন। শেষ ব্যক্তি ফটক পার হইয়া গেলে ছোটবাবুকে তিনি জিজ্ঞাসা করিলেন, ‘মশায়, আবার কটায় ট্রেন?’
ছোটবাবু বাতির আলোকে টিকিটগুলি দেখিতে দেখিতে বলিলেন, ‘কোথাকার ট্রেন?’
‘কলকাতায় ফেরবার।’
‘আবার সেই রাত্রি ১টা ১৮ মিনিটে।’
বাবুটি আপন মনে হিসাব করিতে লাগিলেন, ‘একটা আঠারো। আমাদের হল, আঠারো প্লাস চব্বিশ—একটা বেয়াল্লিশ মিনিট—পৌনে দুটোয় ধর। তাই তো!’
ইত্যবসরে ছোটবাবু সেখান হইতে অদৃশ্য হইয়াছিলেন। একজন খালাসী চাকাওয়ালা মই ঘড়ঘড় করিয়া টানিতে টানিতে প্ল্যাটফর্মের আলোকগুলি নিবাইয়া দিতেছিল। বাবুটি ধীরে ধীরে ফটকের বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নিম্নে গিয়া দাঁড়াইলেন। সম্মুখে চাহিয়া দেখিলেন, নিকটে একটি হালুইকরের দোকানে মিটিমিটি করিয়া আলোক জ্বলিতেছে। তাহার পর যতদূর দৃষ্টি চলে, কেবল অন্ধকার। নিকটতম গ্রামও এখান হইতে অন্তত এক ক্রোশ দূরে অবস্থিত। রাস্তাটির দু ধারে কেবল গাছ ও জঙ্গল। সেই জঙ্গলে ঝিঁঝিঁ পোকা ডাকিতেছে; মাঝে মাঝে শৃগালের হুকাহুয়া রবও শুনা যাইতেছে।
সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবুটি অনুভব করিলেন, কিঞ্চিৎ আহার্য সামগ্রী অভ্যন্তরভাগে প্রেরণ না করিলে সমস্ত রাত্রি কাটিবে না। যদিও, যাহাদের বাড়িতে গিয়াছিলেন, সেখানে সান্ধ্য জলযোগটা একটু গুরুতরগোছই হইয়াছিল, এবং তাহাদের আয়োজনে বিলম্বের জন্য গাড়িটি ফেল হইয়া এই বিপত্তি উপস্থিত, তথাপি সারারাত্রির উপযুক্ত বোঝাই তো লওয়া হয় নাই। হালুইকরের দোকানটি আছে তাই রঙ্গা, নচেৎ অর্ধাশনে রাত্রি কাটাইতে হইত। ভাবিতে ভাবিতে বাবুটি হালুইকরের দোকানের সম্মুখে গিয়া দণ্ডায়মান হইলেন।
বৃদ্ধ হালুইকর চশমা চোখে দিয়া রামায়ণ ‘পড়িতেছিল, বলিল, ‘আস্তাজ্ঞে হোক, আসুন।’ দোকানের ভিতর দেয়াল ঘেঁসিয়া একটি সরু বেঞ্চি ছিল, তাহার উপর বাবুটি উপবেশন করিয়া বলিলেন, ‘কি কি আছে?’
হালুইকর বলিল, ‘আজ্ঞে বাবুর কি চাই বলুন। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, মিহিদানা আছে, কচুরি আছে, সিঙ্গাড়া আছে—তাজা, আজই ভেজেছি।’
ইচ্ছামত দ্রব্যাদি ক্রয় করিয়া বাবুটি আহারে প্রবৃত্ত হইলেন।
এই সুযোগে ইঁহার পরিচয়টি দেওয়া আমাদের কতর্ব্য হইতেছে। সুখের বিষয়, তজ্জন্য আমাদিগকে বিশেষ শ্ৰম স্বীকার করিতে হইবে না, নামটি প্রকাশ করিলেই যথেষ্ট হইবে। কারণ, বিজ্ঞাপন অনুসারে ‘বঙ্গসাহিত্যে ইঁহার নূতন পরিচয় দেওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন।’
আপনারা নিশ্চয়ই ইঁহার লেখনী প্রসূত কোন না কোন ডিটেকটিভ উপন্যাস পাঠ করিয়াছেন। স্বয়ং না পড়িয়া থাকেন, বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করিয়া দেখিবেন।
ইঁহার নাম শ্রীযুক্ত গোবর্ধন দত্ত। কলিকাতায় বাস করেন। এই স্টেশন হইতে দু ক্রোশ দূরে কোন গ্রামের একজন ভদ্রলোকের কন্যার সহিত ইঁহার ভ্রাতুষ্পুত্রের বিবাহের সম্বন্ধ হইতেছে। আজ বেলা তিনটার গাড়িতে ইনি কলিকাতা হইতে আসিয়া পৌঁছিয়াছিলেন। মেয়ে দেখিয়া আটটা চব্বিশের গাড়িতে যদি রওনা হইতে পারিতেন, তবে রাত্রি পৌনে দশটায় কলিকাতায় পৌঁছিয়া, গরম গরম লুচি, ঘন বুটের ডাল, সদ্য ভর্জিত রোহিত মৎস্য, হংস-ডিম্বের কালিয়া প্রভৃতি ভক্ষণান্তে নিরাপদে লেপ মুড়ি দিয়া শয়ন করিতেন, কিন্তু বিধিলিপি কে খণ্ডাইতে পারে?
বাসী কচুরি, ভিতরে আঁটিওয়ালা রসগোল্লা প্রভৃতি যথাসাধ্য ভক্ষণ করিয়া গোবর্ধনবাবু হাত মুখ ধুইয়া ফেলিলেন। হালুইকরকে জিজ্ঞাসা করিলেন, ‘তোমার দোকান কতক্ষণ খোলা থাকে?’
হালুইকর বলিল, ‘রাত্তির নটা, বড়জোর সাড়ে নটা।’
‘তার পর?’
‘তার পর দোকান বন্ধ করে গিয়ে আহার করি। আহারাদি করে শয়ন করি।’
গোবর্ধনবাবু ব্যাগটি হাতে করিয়া উঠিলেন। হালুইকর বলিল, ‘বাবু তা হলে ইস্টিশানে চললেন?’
‘করি কি?’ বলিয়া গোবর্ধনবাবু ধীরে ধীরে আবার স্টেশনে গিয়া উঠিলেন।
সংগ্রামপুর ছোট স্টেশন। তার আপিস, টিকিট আপিস প্রভৃতি সমস্ত একই কামরায় অবস্থিত। ওয়েটিং রুম পর্যন্ত নাই।
গোবর্ধনবাবু প্লাটফর্মে পৌঁছিয়া দেখিলেন, সেই আপিসকামরা তালাবন্ধ। বাহিরে কম্বল গায়ে দিয়া একজন খালাসী বসিয়া ঝিমাইতেছে। একটিমাত্র লণ্ঠন জ্বলিতেছে, তাহারও আলোক অত্যন্ত কমাইয়া দেওয়া।
গোবর্ধনবাবু খালাসীকে জিজ্ঞাসা করিলেন, ‘বাবু কোথা রে?’
‘খেতে গেছেন, বাসায়।’
‘কখন আসবেন?’
‘এই এলেন বলে।’
একখানি বেঞ্চি ছিল, গোবর্ধনবাবু তাহারই উপর উপবেশন করিলেন। ব্যাগটি খুলিয়া পানের ডিবা বাহির করিলেন, সিগারেট ও দিয়াশলাই বাহির করিলেন। জুতা খুলিয়া রাখিয়া, পা দুটি বেঞ্চির উপর তুলিয়া গাত্রবস্ত্রখানি বেশ করিয়া ঢাকা দিয়া বসিয়া,তাম্বুল-চর্বণও ধূমপানে প্রবৃত্ত হইলেন।
চারিদিকে খোলা মাঠ, হু হু করিয়া হাওয়া আসিতেছে। কিছুক্ষণ পরেই গোবর্ধনবাবুর শীতবোধ হইতে লাগিল। কোথায় বাড়িতে এতক্ষণ চারিদিকে দুয়ার-জানালা বন্ধ করিয়া লেপ মুড়ি দিয়া শয়ন, আর কোথায় এই তেপান্তরের মাঠে এই কষ্টভোগ! যদি না মেয়ে দেখিতে আসিতেন, তাহা হইলে তো এই কর্মভোগ হইত না! মেয়ের বাপেরা জলযোগের অনাবশ্যক আড়ম্বর করিয়া গাড়ি ফেল করিয়া দিয়াছে বলিয়া তাহাদের উপর রাগ হইল; বিধবা ভ্রাতৃজায়ার উপর রাগ হইল—ছেলের বিবাহের জন্য এত তাড়াতাড়িই কেন তাহার? গোবর্ধনবাবু বলিয়াছিলেন, এ বছরটা যাক, আসছে বছর তখন দেখা যাবে—সে কথা তিনি কোনমতেই শুনিলেন না! বধূ আসিয়া কি চতুর্ভুজ করিয়া দিবে? বাল্যবিবাহের উপরও তাঁহার রাগ হইতে লাগিল।
শীতে কাঁপিতে কাঁপিতে প্রতিজ্ঞা করিলেন, এবার বাল্যবিবাহকে আচ্ছা করিয়া গালি দিয়া একখানি নূতন ধরনের উপন্যাস তিনি লিখিবেন।
কিয়ৎক্ষণ পরে সিঁড়িতে জুতার শব্দ উঠিল। প্ল্যাটফর্মের উপর খানিকটা আলো আসিয়া পড়িল। বাতি হাতে করিয়া ছোটবাবু অসিলেন; আপিসকামরা খুলিয়া প্রবেশ করিয়া দরজাটি ভেজাইয়া দিলেন।
আরো কিয়ৎক্ষণ শীতভোগ করিবার পর গোবর্ধনবাবু ধৈর্য হারাইলেন। উঠিয়া গিয়া দরজাটি ফাঁক করিয়া বলিলেন, ‘স্টেশনমাস্টারবাবু, পৌনে দুটোর গাড়ির তো এখনও অনেক দেরি, বাইরে বড্ড শীত, ভিতরে এসে কি বসতে পারি?’ বাবুটি স্টেশনমাস্টার নহেন, ‘ছোটবাবু’ মাত্র, তাহা গোবর্ধনবাবু জানিতেন, কিঞ্চিৎ খোসামোদ করার অভিপ্রায়েই ওরূপ সম্ভাষণ করিলেন।
ছোটবাবু বলিলেন, ‘আসুন।’
প্রবেশ করিয়া গোবর্ধনবাবু একখানি পিঠভাঙা চেয়ারে বসিলেন। এইবার ভাল করিয়া দেখিলেন, ছোটবাবুর বয়স ৪০ বৎসরের উপরে উঠিয়াছে। সাদা জিনের প্যান্টালুনের উপর কালো মোটা গরম কোট পরিয়া রহিয়াছেন। মোটা মোটা গোল গোল বোতামগুলাতেও কি সব ইংরেজী অক্ষর লেখা। টেলিগ্রাফের কলের কাছে বসিয়া খুটখাট করিয়া কাজ করিতেছেন।
গোবর্ধনবাবু যেখানে বসিয়াছিলেন, তাহার কাছে লম্বা গোছের একটি টেবিল, তাহার উপর ঘসা কাচের একটি সরু উচ্চ লণ্ঠন রক্ষিত, লাইন ক্লিয়ার বই ও অন্যান্য খাতাপত্র যথা তথা ছড়ান; একটি টিনের গঁদদানি, অপর একটি টিনের আধারে তেলকালির প্যাড এবং সেই স্টেশনের একটি মোহর ছাপ, সীসার কাগজ চাপা, একগাছা রুল—এই সব দ্রব্য রহিয়াছে।
ছোটবাবু তারের কাজ শেষ করিয়া আগন্তুকের প্রতি চাহিয়া একটি হাই তুলিলেন। দাঁড়াইয়া উঠিয়া হাত দুটি পিঠের দিকে করিয়া গা ভাঙিলেন। তাহার পর একটি দেরাজ ধরিয়া খর্খর্ করিয়া টানিয়া, তাহার মধ্য হইতে একখানি বই বাহির করিয়া, আলোকের নিকট সরিয়া আসিয়া পডিতে বসিলেন। গোবর্ধবাবু গলাটি বাড়াইয়া দেখিলেন, বইখানি তাঁহারই প্রণীত ‘ভীষণ রক্তারক্তি’ নামক উপন্যাস।
গোবর্ধনবাবু নূতন লেখক নহেন; যাহাদের বই বৎসরের পর বৎসর সিন্দুক বা আলমারিতে কীটভোগ হইয়া বিরাজ করে, সে শ্রেণীর গ্রন্থকার নহেন; তথাপি এই দূর পল্লীতে একজনকে নিজ পুস্তকপাঠে নিবিষ্টচিত্ত দেখিয়া তাঁহার মনটা উল্লসিয়া উঠিল। তাঁহার শীত কোথায় চলিয়া গেল।
ছোটবাবু একমনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া পড়িয়া যাইতে লাগিলেন। গোবর্ধনবাবু একদৃষ্টে তাঁহার মুখের পানে চাহিয়া রহিলেন। আত্মপ্রসাদে তাঁহার মন ভরিয়া উঠিতে লাগিল। মনে মনে বলিলেন, ‘বিজ্ঞাপনে যে লিখি—‘একবার পড়িতে বসিলে আহার নিদ্রা ত্যাগ’—সেটা কি নিতান্ত মিছে কথা লিখি?’
কিছুক্ষণ এইরূপে কাটিলে, এই ভক্ত পাঠকটির নিকট আত্মপরিচয় দিবার জন্য গোবর্ধনবাবুর প্রাণটা ছটফট করিতে লাগিল। ভাবিলেন, পুরাতন একখানি মলিদা গায়ে দিয়া কাদামাখা জুতা পায়ে দিয়া নিরীহ ভাল মানুষটির মত বসিয়া রহিয়াছি—আমি যে কে, জানিতে পারিলে বাবুটির কি বিস্ময়ের অবধি থাকিবে! ইহার পর চিরদিন উনি লোকের কাছে বলিয়া বেড়াইবেন না কি—‘একবার বিখ্যাত ডিটেক্টিভ ঔপন্যাসিক গোবর্ধনবাবুর সঙ্গে দেখা হয়েছিল। লোকটি এমন সাদাসিধে যে দেখলে গোবর্ধনবাবু বলে মনেই হয় না। অতি মহাত্মা লোক!’—না হয় আমিই উঁহার নামটি প্রথমে জিজ্ঞাসা করি। তাহা হইলে নিশ্চয়ই আমার নামও উনি জিজ্ঞাসা করিবেন।
গলা বাড়াইয়া গোবর্ধনবাবু দেখিলেন, ছোটবাবু তখন ত্ৰয়োবিংশ পরিচ্ছেদ পড়িতেছেন। যেখানে প্রসিদ্ধ গুণ্ডা মির্জা বেগ পঞ্চদশবর্ষীয়া সুন্দরী নায়িকা বকুলমালাকে তাহার পিতৃগৃহ হইতে গভীর রাত্রিতে ডাকাতি করিয়া লইয়া যাইতেছে। এই পরিচ্ছেদটি বিশেষভাবে চমকপ্রদ; সুতরাং রসভঙ্গ করিতে ইচ্ছা হইল না।
পরিচ্ছেদটি শেষ হওয়ামাত্র গোবর্ধনবাবু জিজ্ঞাসা করিলেন, ‘মহাশয়ের নাম জিজ্ঞাসা করিতে পারি কি?’
বাবুটি পুস্তক হইতে মুখ না তুলিয়াই উত্তর করিলেন, ‘শ্ৰীবীরেন্দ্রনাথ দাস ঘোষ।’ বলিয়া চতুর্বিংশতি পরিচ্ছেদে মনোনিবেশ করিলেন।
গোবর্ধনবাবু সহজে ছাড়িবার পাত্র নহেন। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, ‘আপনার নিবাস’?
বাবুটি পূর্ববৎ কহিলেন, ‘হুগলীর কাছে।’
‘কোন গ্রামে?’
‘শঙ্করপুর।’ বলিয়া তিনি চতুর্বিংশতি পরিচ্ছেদের দ্বিতীয় পৃষ্ঠা উন্মোচন করিলেন।
গোবর্ধনবাবু মনে মনে বলিলেন, ‘কোথাকার অভদ্র লোক!’—প্রকাশ্যে বলিলেন, ‘আপনার নামধাম জিজ্ঞাসা করছি বলে বিরক্ত হচ্ছেন না তো মশায়? আজকাল ইংরেজী ফ্যাশান অনুসারে এগুলো বেয়াদপি বলে গণ্য, তা জানি। কিন্তু আমরা মশায় সেকেলে লোক—অত মেনে চলতে পারিনে। কিছু মনে করবেন না।’
বাবুটি তাঁহার পানে একটি নজর মাত্র চাহিয়া, একটু মৃদু হাস্য করিয়া বলিলেন, ‘না।’
গোবর্ধনবাবু তখন আত্ম-পরিচয়দান সম্বন্ধে হতাশ হইয়া কড়িকাঠ গণিবার অভিপ্রায়ে ঊর্ধ্বদিকে দৃষ্টিপাত করিলেন। দেখিলেন, কড়িকাঠ নাই, ঢেউখেলান লোহার ছাদ মাত্র।
ছোটবাবু যখন বইখানি শেষ করিলেন, তখন রাত্রি প্রায় বারোটা। বই বন্ধ করিয়া, দীর্ঘ নিশ্বাস ফেলিয়া প্রায় এক মিনিটকাল তিনি সম্মুখস্থ দেওয়ালের দিকে স্থিরদৃষ্টিতে চাহিয়া রহিলেন। তাহার পর গোবর্ধনবাবুর দিকে ফিরিয়া বলিলেন, ‘সেই অবধি বসে রয়েছেন?’
‘আজ্ঞে, কি করি বলুন!’
‘ভারি কষ্ট হল তো আপনার। পান খাবেন?’ বলিয়া পকেট হইতে পানের ডিবা বাহির করিয়া আগন্তুকের নিকটে ধরিলেন। পান লইয়া গোবর্ধনবাবু ভাবিলেন, ‘হায়, এ ব্যক্তি জানিতেও পারিতেছে না, যা
