Home
ভোম্বলদাস অ্যান্ড কোম্পানি – মোহিতমোহন চট্টোপাধ্যায়

ভোম্বলদাস অ্যান্ড কোম্পানি – ...

রঞ্জিত চট্টোপাধ্যায়

ভোম্বলদাস অ্যান্ড কোম্পানি – মোহিতমোহন চট্টোপাধ্যায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Posted byবইয়েের খনি18-Aug-2025

Change color

সে-আওয়াজের কাছে কলকাতা আকাশবাণীর আকাশ ফাটানো বিচিত্র চিৎকারও ম্লান হল—

সে-আওয়াজ এমনই হঠাৎ, এমনই তীব্র আর ভীষণ যে ভোম্বলদাসের স্নায়ুগুলো ঝনঝন করে উঠল, পলকে প্রলয় ঘটল—

রোজনামচার পাতায় রোজের হিসেব-নিকেশের জের টানছিল সে, হাত থেকে কলম ছিটকে পড়ল, বুকের ভেতর ধড়ফড় করে উঠল, চোখের নিমেষে তড়বড় করে চেয়ারের ওপর উবু হয়ে বসল।


দর্শন আর শ্রবণ ছাড়া আর সব ইন্দ্রিয়গুলির সাময়িক বৈকল্য ঘটল যেন।


আবার বদ্ধ ঘরকে শিউরে ছড়িয়ে পড়ল সে-আওয়াজ।


সে-আওয়াজে রান্নাঘর থেকে ছুটে এল কেবলরাম,—এগোয়ও দরজার দিকে ; কিন্তু যেমন দরজা খুলবে অমনি ভোম্বলদাস মুখে বিশ্রী একটা শব্দ করে উঠল, শস্-স্-স্—


চমকে থমকে দাঁড়াল কেবলরাম।


সামনের দিকে একটু ঝুঁকে চোখদুটো বড় বড় করে চাপা গলায় বলল সে, কোথায় যাচ্ছ?


তার রকম সকম দেখে কেবলরাম ভড়কে গিয়ে বলল, দরজা খুলতে।


কেন?


কে ডাকছে যে।


দরজা যে খুলবে তুমি তৈরি?—বাধা দিয়ে ভোম্বলদাস বলল।


তৈরি!


হ্যাঁ। কে ডাকছে তুমি জানো?


না-জানার ভঙ্গিতে ঘাড় নেড়ে কেবলরাম বলল, কিন্তু একজন কেউ তো ডাকছে—


এবং সে শত্রু হওয়াই নেচারাল। আমাদের যা প্রফেশন, ভুলো না তাতে পদে পদে বিপদ।


ভীমবিক্রমে আবার কলিং বেল বেজে উঠল!


আওয়াজটাকে ফলো করেছ? কেমন অস্থির, ফিক্‌ল্‌? তার মানে যে এসেছে সে আর অপেক্ষা করতে রাজী নয়।


তাই তো দরজাটা খুলে দেখছিলুম।—ঘাড়ের কাছটা চুলকোতে চুলকোতে বলল কেবলরাম।


খুলে হয়তো দেখবে পিস্তল উঁচিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে কিংবা স্টেনগান কি ব্রেনগান বাগিয়ে রয়েছে—


তাহলে?—নিরুপায় ভঙ্গিতে বলল কেবলরাম।


তাই বলছিলুম তৈরি হতে হবে। শত্রুই হোক মিত্রই হোক, কারুর কাছে নিজের এ্যাকোয়েন্টেন্স দেবে না—


কলিংবেলে কাজ হল না দেখে আগন্তুক এবার দুম দুম করে আঘাত করতে শুরু করল।


প্রথম আঘাতেই ভোম্বলদাস ইলেকট্রিক শক্ খাওয়ার মতন লাফিয়ে চেয়ার থেকে নেবে তড়বড়ে ফিসফিসিনির সঙ্গে বলল, কেবলরাম, শিগগির কেমুফ্লেজ—দরজা ভাঙার আগে—


কেবলরাম সারা ঘরে বোঁ বোঁ করে কয়েক পাক ঘুরে বলল, কোথায় কেমুফ্লেজ ভোম্বল—


ভোম্বলদাস খিঁচিয়ে উঠল, এই বুদ্ধি নিয়ে তুই আমার অ্যাসিসটেন্ট হবি! ছদ্মবেশ পর হাঁদারাম! শিগগির একটা গোঁফ চড়িয়ে নাও, আর গগল্স্—


তার দিকে আর না তাকিয়ে ঝড়াৎ করে ড্রয়ার খুলে রিভলবার বের করল সে। তখন গোঁফ আর গগলস শোভিত তাকে দেখে বোঝাই যাবে না, সে ভোম্বলদাস অ্যান্ড কম্পানির ভোম্বলদাস।


গোঁফ এঁটে কাঁপা গলায় কেবলরাম বলল, ভোম্বল, ওদের কাছে যদি সত্যিই পিস্তল কি স্টেনগান থাকে, তাহলে—


কোন ভয় নেই।—দরজা টিপ করে রিভলবার বাগিয়ে বরাভয় দিয়ে বলল ভোম্বলদাস, দরজা খুলে দাও এবার কেবলরাম।


খুলব?


হ্যাঁ, খুলবে। নইলে এবার ভেঙে ফেলবে—


কিন্তু তোর ওটা যে টয় রিভলবার!—কাঁদো কাঁদো গলায় বলল কেবলরাম।


খিঁচিয়ে উঠল ভোম্বলদাস, আসল রাখি আর পুলিশে চালান দিক,—কী বুদ্ধি তোর!


তাহলে?


হস্তীমূর্খ! হাজার বার বলেছি না যে, গোয়েন্দাদের কাজ উদ্ধার করতে হয় ছলে-বলে-কৌশলে, তাদের নেসেসারি রিভলবার নয়, বুদ্ধি—ট্যালেন্ট। যাও, এগোও


এগিয়েও পিছিয়ে এল কেবলরাম। প্রায় কেঁদে ফেলে সে, ভোম্বল, আমার হাত কাঁপছে—


কাওয়ার্ড!—তাকে চাবকে দিয়ে ভোম্বলদাস বুক চিতিয়ে এগিয়ে গেল।


সারা পৃথিবীটা তখন নিস্তব্ধ—


অতি সাবধানে ভোম্বলদাস যেমন খিলে হাত দিয়েছে, অমনি—


দুম্ দুম্—


লাফিয়ে পিছিয়ে এল সে। একটু দাঁড়াল, মনে মনে বোধ হয় ভেবে নিল, এরপর গোয়েন্দাদেরকী কর্তব্য!


ঠিকও করে ফেলল সে, কেননা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এগিয়ে এবার দরজাটা খুলে একপাশে সরে গেল—


হুড়মুড় করে প্রবেশ করল একজন কিশোরী। স্বল্পালোকিত ঘরের কিছু দেখতে পায় না বলে বারকতক চোখ পিট পিট করে।


কিন্তু মাঝপথে তা থেমে গেল ভোম্বলদাসের হুঙ্কারে, হ্যান্ডস্ আপ—


হকচকিয়ে হাত তুলল সে।


ভোম্বলদাসের তীব্র প্রশ্ন শোনা গেল আবার, ফ্রেন্ড অর ফো?


অ্যাঁ?


শত্রু না মিত্র?


কিশোরীটি হতভম্ব হয়ে প্রশ্ন করল, ভোম্বলদাস অ্যান্ড কম্পানি এইটা?


হ্যাঁ। কী চাই আপনার?


আমি ভোম্বলদাসবাবুকে চাই—মানে আমার ভয়ানক বিপদ—


কয়েক সেকেন্ড এক্সরে চোখে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর গুরুগম্ভীর গলায় জিগ্যেস করল ভোম্বলদাস, আপনি ছিয়ানব্বুয়ের জজ চন্দ্ৰমাধববাবুর কে হন?


আমি তাঁর মেয়ে মণি—মণিকুন্তলা। কিন্তু আপনি জানলেন কী করে?—অবাক গলায় কলকলিয়ে উঠল সে।


গোয়েন্দাদের অনেক কিছুই জানতে হয়।—ভারিক্কি চালে বলল ভোম্বলদাস।


আপনিই তাহলে—


হ্যাঁ আমিই ভোম্বলদাস, সত্যের সন্ধানী।


আপনিই!—মণির ঘোর যেন কাটে না।


ভোম্বলদাস বলল, এখন বলুন আপনার জন্যে কী করতে পারি?


চোখ কুঁচকে সলজ্জ হাসির সঙ্গে মণি বলল, আপনিই ভোম্বলদাসবাবু—কেমন অবাক লাগে····হাতদুটো নাবাব?


হ্যাঁ,হ্যাঁ—নিশ্চয় নাবাবেন। ওটা কি জানেন, আমাদের একটা ইয়ে।


একটা চেয়ারে ধপাস করে বসে মণি কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকার পর বিশ্বাসভরা গলায় বলল, হুঁ, আপনি পারবেন—আমার কুমারকে নিশ্চয় উদ্ধার করতে পারবেন। আমার মন বলছে—


স্-উ-উ।—তাকে মাঝপথে থামিয়ে ভোম্বলদাস হাঁক পাড়ল, কেবলরাম—


কেবলরাম টেবিলের তলা থেকে বেরিয়ে এল।


মণি হাঁ করে চেয়ে থাকে তার দিকে। গোঁফটা একপাশে ঝুলছে। গোয়েন্দাদের সবই কি অদ্ভুত!


কেবলরামের দিক থেকে জ্বলন্ত চোখদুটো টেনে এনে একটু হেসে ভোম্বলদাস বলল,আপনি হয়তো অবাক হচ্ছেন মণিকুন্তলা দেবী! তা একটু হবেন—অসাধারণ কিছু দেখলে সাধারণ মানুষ অবাকই হয়। আপনি হয়তো জানেন না, আমার অ্যাসিসটেন্ট কেবলরাম বাই দি বাই আপনার ফুটপ্রিন্ট এঁকে নিয়েছে—


কেন—আমার কেন?—সভয়ে বলে উঠল মণি।


কিছুই বলা যায় না, কখন কী সূত্র থেকে বিরাট একটা ইয়ে ধরা যাবে। সামান্য একটা চুল, নখের একটু কাটা পার্ট নিয়ে জানেন ক্রিমিনালকে আমরা ধরি····থাক, ওসব কথা থাক। কেবলরাম—এক নম্বর।


কেবলরাম পটাপট দরজা-জানলা বন্ধ করতে লাগল।


ভয়ে মণি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল। বলল, একি! সব বন্ধ করছেন কেন?


অভয়ের ভঙ্গিতে হাত তুলে ডোম্বলদাস বলল, অ্যাফ্রেড হবেন না। আমাদের দেশের—আমাদের দেশের কেন, পৃথিবীর সব চাইতে বড় ডিটেকটিভ কে ছিল জানেন? জানেন না। আপনাদের না-জানারই কথা। চাণক্য। চাণক্য কী বলে গেছে জানেন? দেওয়ালেরও কান আছে। তাই আমার এই কেয়ারফুল ব্যবস্থা—


এর ভেতর দরজা-জানলা সব বন্ধ করে কেবলরাম খাতা-পেন্সিল নিয়ে টেবিলে বসেছে।


মণিও এদিক-ওদিক একবার চেয়ে আবার চেয়ারে বসল।


আর এক মিনিট মণিকুন্তলা দেবী।—রিভলবারটা ড্রয়ারে রাখল, গোঁফ খুলল, গগল্স্ নামাল—


ভোম্বলদাস একটি একটি করে ছদ্মবেশ ত্যাগ করে, আর মণির বড় বড় চোখ দুটি আরও বড় হতে থাকে—


তা লক্ষ্য করে একটু হেসে ভোম্বলদাস বলল, এতক্ষণ আমাকে যে-রূপে দেখছিলেন, তা হচ্ছে আমার কেমুফ্লেজ! এরও প্রচলন চাণক্য করে এদেশে। মানে কী জানেন, আমাদের লাইন খুব ইয়ের, মানে, ডিফিকাল্টি—যেমন উত্তেজক তেমনি বিপজ্জনক। কাজেই আমাদের খুব কেয়ারে কেয়ারে চলতে হয়····কেবলরাম, রেডি—


ইয়েস স্যার।


গদিয়ান হয়ে বসে মুখে চোখে বিকট গাম্ভীর্য ফুটিয়ে ডোম্বলদাস বলল, ব্যস, এইবার আরম্ভ করুন। হ্যাঁ, খুব আস্তে আস্তে কথা বলবেন—কিচ্ছু বলা যায় না, হয়তো এই ঘরেই আপনার ক্রিমিনাল ডিক্টোফোন বসিয়ে রেখেছে, কিংবা হয়তো ঠিক সময়টিতে একটি টাইম বোমা ঝেড়ে দেবে—


ও মাগো!—চেয়ার থেকে লাফিয়ে উঠল মণি।


ভয় পেলেন?—মৃদু মৃদু বিজ্ঞের হাসি হেসে ভোম্বলদাস বলল, ভয় নেই, মনে রাখবেন এটা ভোম্বলদাসের ডেরা—এখানে সেঁধোবার মত বুকের পাটা খুব কম লোকেরই আছে। তবে কি জানেন, সাবধান—মানে, সব সময় প্রিপেয়ার্ড। আমাদের সব সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বার জন্য তৈরি থাকতে হয়। তবু একটা সুবিধে আমাদের দেশের বাড়িগুলোয় চিমনি থাকে না····কেবলরাম বী প্রিপেয়ার্ড।


মণি একমনে তার কথা শুনছিল, ভোম্বলদাস হঠাৎ মিলিটারী কায়দায় চেঁচিয়ে উঠতে সিধে হয়ে বসল।


কেবলরাম পেন্সিল বাগিয়ে বলল, ইয়েস স্যার।


ভোম্বলদাস ফিরল মণির দিকে, আপনাকে একটা করে কোশ্চেন করব আর আপনি তার রিপ্লাই দেবেন, বুঝছেন?


হ্যাঁ। কিন্তু আমি বলছিলুম—


ব্যস। দেখুন আমাদের একটা লাইন অফ ইয়ে আছে ; আমাদের এগোতে হয় স্টেপ বাই স্টেপ, আমার কাছে গোঁজামিল পাবেন না ; কেসবুকে প্রত্যেকটি বিষয় লিখে নিয়ে লিঙ্ক করার পর আমি এগোই—


বেশ একটু ভারিক্কি কায়দায় টেনে টেনে হেসে ভোলদাস একটা চুরুট ধরাল।


মণি হাঁ করে চেয়ে থাকে তার দিকে।


ভোম্বলদাস চোখ বুজে চুরুট টানে আর ভাবে····ভাবে আর ভাবে····


কেবলাম সশব্দে হাই তুলতে তার ভাবনার খেই হারিয়ে গেল, কটমট করে তাকাল সে তার দিকে।


কেবলরাম আড়মোড়া ভাঙল এবার।


মণি খুক খুক করে বার কতক কেশে বলল, দেখুন, একটা জানালা যদি খুলে দেন—


ভোম্বলদাস এমনভাবে খাড়া হয়ে বসল যে মণি মাঝপথে থেমে গেল। তারপর সে বলল, আমার পলিসি শোনার পরও আপনি—


অপ্রস্তুত মণি বলল, মানে চুরুটের ধোঁয়ায়····থাক-না,বন্ধই থাক-না, খোলার কী দরকার—


ক’মিনিটেরই-বা ব্যাপার! আচ্ছা, আমি এবার কোশ্চেন করতে আরম্ভ করছি। আপনি বেশ ভেবে চিন্তে রিপ্লাই দেবেন। আপনার নাম?


নাম? নাম তো এসেই বললুম।


সে-বলায় এ-বলায় তফাৎ না থাকলে কি আর জিগ্যেস করি। এসব ইয়ে আপনি বুঝতে পারবেন না—এ হচ্ছে কেসবুকের ব্যাপার। বলুন, আপনার নাম?


মণিকুন্তলা বসু।


ব্যস। তারপর লেখ কেবলরাম, চন্দ্রমাধব বসু জজ মশায়ের মেয়ে, ছিয়ানব্বুই নম্বরে বাস করেন। হ্যাঁ, আপনার কেস?


কেস।


হ্যাঁ। মানে, আপনি কেন এসেছেন?


মণির চোখেমুখে আগের উত্তেজনা ফুটে উঠল, আমার কুমারকে চুরি করেছে, তাকে আপনি উদ্ধার করে দিন।


আস্তে আস্তে। তাহলে আপনার কেস হচ্ছে কোথাওকার কুমার এবং আপনার ফ্রেন্ড কাউকে কোন গ্যাংস্টার গায়েব করেছে—এই তো?


হ্যাঁ।—উত্তেজিত কণ্ঠে মণি জবাব দিল।


আচ্ছা, এখন কথা হচ্ছে····কেবলরাম বি অ্যাটেনটিভ, মন দিয়ে লেখ····কোথাকার কুমার?


কোথাকার মানে?


মানে কোন্‌ দেশ থেকে এসেছিলেন?


ও, তাই বলুন। বাবার এক বন্ধু পারস্যে থাকেন, তিনিই—


ব্যস, ওইতেই হবে। কেবলরাম, স্পেশাল আইডেন্টিফিকেশন····এবার তাঁর চেহারা ডেসক্রাইব করুন।


চেহারা, মানে—


গায়ের রং?


ধবধবে সাদা। কপালের কাছে শুধু একটা কালোর ছোপ আছে—


কোনদিককার কপালে?


ঊঁ—ডানদিক

**********
No Review
Related Books
Loading books…