Home
ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ত্রিদিব দস্তিদার

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ত্রিদিব দস্তিদার
uncategorized

Change color

উৎসর্গ

যে তুমি আমার কবিতার রক্তক্ষরণ

প্রথম প্রকাশ : এপ্রিল ১৯৯৯

প্রকাশক – আনোয়ার ফরিদী আবু সিদ্দিক, ম্যাগনাম ওপাস, ঢাকা

.

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ভালোবেসে কি ফতুর করা যায়?

ভালোবাসা ফতুর হয় না কখনো

তবে আমি তোমাকে ভালো বাসতে বাসতে

ফতুর করে দেবো

তোমার ভালোবাসা এক সময় ফুরিয়ে যাবে

আমার ভালোবাসার আজন্ম উত্তাপে

বাষ্পায়িত হবে তোমার ভালোবাসা

আমার ভালোবাসার গতি ও তীব্রতায়

ম্রিয়মাণ হবে

জলে, অন্তরীক্ষে

ভালোবাসা-স্থলের অতি ব্যবহারে

হবে তুমি প্রাচীন কোন নৃতত্ত্বের সন্ধান

নতুন প্রেমিকের কাছে

ভালো বাসতে বাসতে তোমাকে

ফতুর করে দেবো

ফতুর করে দেবো

ভালো বাসতে বাসতে বাসতে

তোমার সৌন্দর্য-কীৰ্ত্তন

তোমার শরীর ও মনে কখনোই ভাষার ব্যাকরণ

পতন হয় না জানি, ছন্দে কিংবা বাক্যে

বানানে কিংবা বুননে

তুমি বিদূষিণী, বসে আছো

আমার হৃদয়ে এক অনন্য পাঠশালা।

যতোবার কবিতার ভাষায় তোমাকে দেখি

তোমার গুণনের গাণিতিক ধারা পাল্টে যায়

প্রাকৃতিক সৌন্দর্যের ধারায়

গ্রন্থিত হয় তোমার রূপ

বিশ্ব-সুন্দরীরাও হার মানে

তোমার আলোকবর্তিকা নির্ণয়ে।

তুমি দীর্ঘসূত্রিতার সঠিক বানানে

দুর্বল করো আমাকে

ভাষার বর্ণাঢ্য রূপে, সৌন্দর্যের বিভাষিত

শিল্পীর তুলিও যেন খসে পড়ে

চোখ দু’টো আসে হাতের মুঠোয়

কবিতায় নামে মরূদ্যান।

তোমার সৌন্দর্যের দাড়িপাল্লা হয় না জানি

এক ছটাক নয়, শুধু এক ছটা

ছিটে-ফোঁটা তোমার আলো এসে

যদি পড়তো আমার কলমে

তবে নোবেল পুরস্কারে আবার দাঁড়াতাম ঘুরে।

এখন আমার কবিতা ঘুরে তোমার পায়ে পায়ে

চায় পোষা-বেড়ালের আদর

দয়া করো বিদূষিণী, পদতলে ফেলো না তাকে।

প্রেম-ভিখিরি

কে যে তোমায় আগলে রাখে

প্রেম-সুবাদে নিত্য সাজে

প্রেম-জীবনের মাঝে

পদাবলীর কোন সে তরুণ বাঁকে?

সন্ধ্যা যখন টানলো ইতি

দ্বিতীয় জনের উপস্থিতি

ভরাট ভীষণ ভরাট মেঘের চাপ

প্রেম-ভিখিরি দাও করে দাও মাফ।

দ্বিতীয় জন তৃতীয় জন

একজন তো নয়

তোমার কাছে ভিক্ষা চাওয়া

প্রেমের লাগে ভয়।

প্রেমের আবার ভিক্ষা কিসের

প্রেম যে রাজকীয়

হাতির পিঠে ঘোড়ার পিঠে

প্রেম থাকে যে প্রিয়।

কে বলে যায় ওসব কথা

রাজ আসনে প্ৰেম

ভিক্ষাহীন প্রেম হয় না

বৈষ্ণবী চায় হেম।

প্রেমের থাকে ভিক্ষা-পাত্র মাথায় রঙিন তাজ

শূন্য থালায় চোখের মুক্তো

এই সে প্রেমিক রাজ।

এই তো আমার প্রেমের বিষয়

ভিক্ষা-পাত্রে রাখি

প্রেমিক হওয়ার একলা পক্তি

শব্দে শব্দে আঁকি।

বাই-কালার স্ক্রীন ভালোবাসা

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

তোমার হৃদয়

আবেগের ব্যাংকিং তফসিল বন্ধ হয়ে যাবে

তুমি দেউলিয়া ঘোষিত হবে

অন্যসব প্রেমিকের কাছে

হারাবে হৃদয়-ম্যাগনিটিজম।

আমার সপ্তবর্ণের ভালোবাসা তবু

নিয়তই তোমার হৃদয়-ভালোবাসায়

ফেলবে সুতীক্ষ্ণ রঙের আলো

যে রঙের মূর্ছনা কখনো শেষ হবে না জানি,

ভালোবাসার নামে তুমি বাই-কালার হবে

আমারই একক রঙের স্ক্রীনে

তোমার রঙের নিজস্বতা খুঁজে খুঁজে ফিরবে বিজ্ঞজন।

ভালোবাসতে বাসতে তোমাকে ফতুর করে দেবো

এবং নিজেও ফতুর হবো একদিন

তোমার কাজল-রঙে মিশে

আবারো হয়ে যাবো এই আমি, স্বকীয়তাহীন

তোমার বাই-কালার স্ক্রীন ভালোবাসায়।

জন্মের আলো

যে আলোর বিচ্ছুরণে তোমার জন্ম

তার আগে কিংবা পরে

সূর্যোদয়ে কিংবা সূর্যাস্তে

আমি জন্ম নিয়েছিলাম খণ্ডিত দেহ-পল্লবে

তখন অলৌকিক প্রত্যয়ে তোমার আলো

পড়েছিলো আমার যুগ-যুগান্তরের

নিবিড় এ দেহ-খণ্ডে

সেই থেকে এক ধরনের পরিপূর্ণ আলোর উষ্ণতায়

আমার দেহ-মন বেড়ে উঠতে থাকে

আমি ভালোবাসতে থাকি পৃথিবীর রূপ,

রঙ, রস ও তোমাকে।

যে আলোর বিচ্ছুরণে তোমার জন্ম

তার আগে কিংবা পরে

আমার কোনো প্রকৃত ভালোবাসা ছিলো না

সঠিক কোনো নির্ণয়

অপ্রাকৃত যন্ত্রণায় আমার দেহ-মন বিচ্ছিন্ন ছিলো

তোমার জন্মের সাথে সাথে ওরা এক হলো

পৃথিবীতে নেমে এলো আর একটি বীজ-উদ্গম সেতু

ফিরে এলো আমার জীবনে এবং

বেঁচে থাকার প্রথম শর্ত;

You love, so I live.

জন্ম জন্মান্তরে প্রেম

তোমার পরিত্যক্ত পোশাকের ঘ্রাণ ছুঁয়ে

পাশে বসে থাকি

যেন তোমাকে না পাওয়ার প্রতীক্ষাই একক

দু’ হাতে বুকে নিই

চুম্বনে চুম্বনে রাখি ধোপার ভূমিকা

আচানক বলে ফেলো ওহ্ ময়লা ময়লা

সরিয়ে বসুন

তারপর আমারও আবেগাতুর বলা

আমি যে আজ্ঞাবাহী তোমার গাধা চর ধোপা

তোমার পোশাক যতোই লন্ড্রির উপযোগী হোক

এ আমার অন্যরকম ধোপার কস্তুরি

তোমার না পাওয়া শরীরের না ধোয়া ঘ্রাণ

যেন আমি পেতে চাই তার কাছে

তোমার পরিত্যক্ত ব্রা-এর নিচে

যে মুক্তোর ঘাম-বিন্দু আভা লেগে থাকে

আমি ধোবো না কখনো তাকে

শুধু ছোঁবো

তোমাকে অধরা জেনে শুধু তাকে ছোঁবো

রেখে দেবো জন্ম জন্মান্তরে

এক প্রেমিক ধোপার ঘরে।

নিজ-পক্ষ ভালোবাসা

ভালো বাসতে বাসতে তোমাকে ফতুর করে দেবো

দ্বিতীয় ভালোবাসার উষ্ণ কোনো মুদ্রা

তখন থাকবে না তোমার

হাতে, মুখে, চোখে এবং সর্বাঙ্গে

কিছু চুম্বনের গ্রন্থিত ক্রীতদাস ফোস্কা ছাড়া

আর কোনে বিত্ত দেবো না তোমাকে।

আমার অপসৃত ভালোবাসার বিত্তে থাকে

যাচিত সুন্দরের চিহ্ন, এসব চিহ্ন আমি

তোমার ত্বক-শ্রী জীব-মৃত্তিকায়

রোপণ করবো অন্য এক কর্ষণের অভিজ্ঞ নাটায়

টেনে এনে চাহিদার ঊর্ধ্বমুখিতায়

আবারো বাস্তুতে খোদিত কারুকাজ

গড়ে নেবো আরেক সুন্দরের

স্বেচ্ছাচারী ভালোবাসা

তারপর নিজেও ফতুর হবো নিজ-পক্ষ ভালোবাসায়।

সত্যব্রতের প্রেম

কি এমন ভালোবাসায় ডোবালাম পা

প্রকৃত প্রেমিক কাদায় সেঁটে আছে গা?

ধোবো না ছোঁবো না বলে যে আবেগ আঁকি

মিথ্যাচারী প্রেম এসে তাকে দেয় ফাঁকি।

সে কেমন বিচারক অর্থ-দণ্ড হাতে

আমার প্রেমকে রাখে করুণার খাতে।

প্রকৃত প্রেমিক হয়ে কষ্ট বাড়ে প্রাণে

সজল চোখের তারা ছোটে কাম-বাণে।

এভাবেই ভালোবাসা কামসিক্ত শরীরী আহ্বানে

আমাকে নিমগ্ন রাখে সত্যব্রত প্রেমিক মননে।

অন্য চোখের অদৃশ্যে

অন্য চোখের অদৃশ্যে নিজের চোখের জল

ঝরিয়েছি কতোবার

মধ্যরাতে বালিশ থেকে মাথার ওজন তুলেছি মাথায়

তবুও আমার খরস্রোতা এ জল নদী

ভাঙেনি কারো কূল

দগ্ধ করেছি নিজেকে অদৃশ্য পোড়াকাঠে

গ্যাস বার্নার খুলে দিয়ে সিগারেটে রেখেছি আগুন

তবু ফায়ার ব্রিগেডের চোখে

এক ফোঁটা জলও আসেনি কখনো

জ্বলেনি কারো মূল্যবান নথি, মন্দির কিংবা মসজিদ

শুধু নিজের ক্রোধের আগ্নেয়গিরি বুকে

নিজেই শ্বাসরুদ্ধ হয়েছি বারবার।

এ কেমন ছক কাটা খেলার ঘরে এনেছো ঈশ্বর

নিজ-সৃষ্টিকে দিয়েছো ধ্বংসের অকুতোভয় আশ্বাস

যে আশ্বাসে আজো সৃষ্টির গোপন রহস্য খোঁজার

বন্দনায় পড়ে আছি একা, নিঃশর্ত সুন্দরের পাদদেশে

যদি সে ছোবলও তোলে ক্রোধে ম্রিয়মাণ হই আমি

কেন তার প্রগলভ বিষপানে হয়ে যাই নীল?

নিজ-পাণ্ডুলিপি কেন নির্মাণ করি নিঃসঙ্গ যন্ত্রণায়

কেন ভালোবাসাকে ধরে রাখি ফিনিক্স পাখির রূপে?

এই কি আমার নিছিলিস্ট শস্য-ভূমির বীজ?

অন্য চোখের অদৃশ্যে নিজের চোখের জল ঢেলে কেন

বৃথাই রোপণ করি এক সুকান্ত বৃক্ষের চারা?

তোমাকে ছোঁয়ার দণ্ড

প্রেমিকের যতোটুকু ভালোবাসা

আমি নিবেদন করে চলি

তারও বেশি গোপনে রেখেছি হৃদয়ে

না জানি তোমার কাছেও এমন কিছু গোপন

আছে কি না? তোমার আরাধ্য আকরখানি

পাবো কি না?

এখানেই বলা চলে আমার স্বার্থের গোপনতা

এ যেন বন্দির মাতন ভেবে হেসে যাওয়া

তবে কি ভালোবাসা এভাবে স্বার্থপরতায়

এগিয়ে যায়?

সকল সুন্দরের কাছে হার মেনে

একক সুন্দরে জড়িয়ে থাকা

পরগাছা উদ্ভিদ যেন

জীবনকে টেনে নেয়া নির্দিষ্ট ভালোবাসায়!

এখানেই ফাঁক থেকে যায়, তবে

তুমি কি দিয়েছো তাকে সেই ভালোবাসা,

নিজস্ব গোপন?

না উদ্বৃত্ত কিছু করুণায় বেড়ে ওঠা জীবন

তোমাকেই ঘিরে থাকা

স্বপ্নে কি জাগরণে, না প্ল্যাটনিকে

পূজনীয়া তোমাকে যেমন অন্তরে পোষা

খাঁচা বোনা, নিজেকে বন্দি রাখা তোমার ভেতর

তোমাকে ছোঁয়ার দণ্ডে আরো বেশি সিদ্ধ হওয়া

নিজেকে ফিরে ফিরে পাওয়া

ভালোবাসা ভালোবাসা করে পুনরায় কি বেঁচে যাওয়া?

পুনর্নির্মাণ

বার বার তোমাকে নতুন করে চিনতে হয়

যে চেনা অধ্যায় থেকে তোমাকে চিনতে চাই

আবার নতুন অন্য এক অধ্যায় এসে আমাকে চেনায়

সপ্ত-বর্ণের মাঝে কয়টি বর্ণ আজ আমাকে চায়

তাও বলে দিতে পারি না এ জীবনের অপার বিষাদে

ভালোবাসায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না

অবহেলায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না

ঘৃণায় তোমাকে সাজাতে গিয়ে চিনতে পারি না

এই অচেনা থাকার নাম কি তবে ভালোবাসা

এই অচেনা থাকার নাম কি তবে ঘৃণা

এই অচেনা থাকার নাম কি তবে অবহেলা?

আমার ভালোবাসা, অবহেলা এবং ঘৃণা

কোনোটারই অপেক্ষা করো না তুমি

শুধু অখণ্ড উপেক্ষা করে গেছো কাল-নিরবধি

আমার আবেগের সকল মহিমাকে

অনুভূতির গোপন রেণু-গুঞ্জনকে

যেন জীবনানন্দের কবিতায় বয়ে নিয়ে যাও

অচেনা এক মানসের কাছে কি তার রূপের গোধূলিতে

কেন এই গোধূলির চারপাশে তোমার প্রকৃতি

কেন তোমার ‘অনেক’ শব্দটির পেছনে খালি পায়ে হাঁটি

কেন কাঁকরের পথে পথে ভাগ্যের অপরূপ পাথর খণ্ড খুঁজি

এ বুঝি চিরায়ত সত্যের কাছে তোমার মূর্তি গড়া

পুনরায় ভেঙে ফেলে তোমাকেই ফের নির্মাণ করা?

একা হওয়ার নিজস্ব ভঙ্গি

নিজের আঙুল কামড়িয়ে রক্ত ঝরাবো

তবু আমি একা হবো

তোমার সঙ্গ যতোটা মধুর

তারও চেয়ে বিষণ্ণ বড়ো

পাহাড়ের তলপেট-ভরা এ জলজ পরিভ্রমণ

আমাকে দিয়েছে যেন চোখভরা জলের অতল

যেখানে আমার মৃত্যু-শ্যাওলার আহ্বান

নিয়ে যায় তোমার একান্ত তৃষ্ণায়

যদিও আমি বাঁচি, তবু যেন মৃত্যু হয়

আমার সকল ইচ্ছার

তোমার জীবন-সঙ্গীনামী বন্ধনের কাছে

আমি আজ নিজ ভুলে নিজে একা।

তোমরা দু’জন পাহাড় আর নদী

আমি একা

তোমাদের মাঝে আছি তবু একা

তোমাদের সাথে আছি তবু একা

তোমাদের হ্যাভারসেকে আছি তবু একা

তোমাদের ভালোবাসায় আছি তবু একা

তোমাদের মেজাজ-মর্জিতে আছি তবু একা

তোমাদের ঝুলন্ত ব্রিজে আছি তবু একা

তোমাদের তারাগোনা ব্যাকলনি আছি,

তবু একা

এ আমার একা হওয়ার নিজস্ব ভঙ্গি

কার্বন

বুকের কার্বনে লিখে রেখেছি তোমার নাম

সহস্রবার

এই কার্বনে কারো নাম লেখা যাবে না আর

ক্ষয়ে গেছে তার জন্মের সহিষ্ণু আচার।

স্কুল-জীবনে একবার প্রেমের নাম লিখতে গিয়ে

উল্টো করে ধরেছিলাম কার্বন

তাই কারো নাম ওঠেনি সেদিন।

আজ কার্বন ধরা শিখেছি আমি

কিন্তু তোমাকে অধরা জেনেছি এখনো

শুধু সহস্রবার লিখে রাখা তোমার নাম

বুকে নিয়ে

এক ব্যথিত কার্বন আজো বেঁচে আছি।

ভালোবাসার রঙ-কাহিনী

ভালোবাসায় ফতুর হলে আমির হওয়ার

ঠিক তহবিল খুঁজে নেবো

ভালোবাসায় অমর হবো

ভালো এবার বাসতে বাসতে ফতুর হবো

পথে বসবো পথের আমির

ভালোবেসে আমির হবো

ভিক্ষা-প

**********
No Review
Related Books
Loading books…