Home
বরফ যখন গলে

বরফ যখন গলে

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

বরফ যখন গলে

নীরেন্দ্রনাথ চক্রবর্তী
uncategorized

Posted byকাব্য রচিত30-Oct-2025

Change color

প্রথম পরিচ্ছেদ

১

দৈনিক বার্তাবহ থেকে মুখ তুলে কৌশিক বলল, “ব্লুবেয়ার্ড মানে কী?”

প্রশ্নটা ভাদুড়িমশাইকে করা। কিন্তু ইস্টার্ন কুরিয়ারে রোজ যে একটা ওয়ার্ড-জাম্বল বেরোয়, খবর, সম্পাদকীয় নিবন্ধ, বিশেষ নিবন্ধ ইত্যাদির উপরে চোখ বুলিয়ে নিয়ে সদ্য তিনি তার মধ্যে তখন ডুব দিয়েছেন, সুতরাং কৌশিকের প্রশ্নটা যে তাঁর কানে ঢুকেছে, এমন মনে হল না। আত্মগতভাবে বললেন, “সি, ই, এল, এস, এ, টি তো উল্টেপাল্টে কাসল, কিন্তু জি, এন, ই, আর, এ, ডি? উল্টেপাল্টে এটা কী হতে পারে?”

সদানন্দবাবু উশখুস করছিলেন। সবাই চুপ করে যেতে বললেন, “উত্তরটা আমি বলব?”

কৌশিক বলল, “কোন প্রশ্নটার উত্তর? আমারটার, না মামাবাবুরটার?”

“তোমারটার।”

“বেশ, বলুন।”

“ব্লুব্লাড হচ্ছে গিয়ে বনেদি বংশের মানুষ। মানে রাজা-রাজড়া-নবাব-বাদশা-আমির-ওমরা কি নিদেন জমিদার-টমিদার বলতে যা বোঝো, সেই তেনারা আর কি।…ঠিক বলিচি তো?”

অরুণ সান্যাল বললেন,”খেলে যা! আরে বোসদা, কৌশিকের প্রশ্নটা তো আপনি দেখছি শুনতেই পাননি, তা হলে আর উত্তরটা কী করে ঠিক হবে?…শোন কৌশিক, ব্লু-বার্ড হচ্ছে এক রকমের পাখি, ওদের পিঠের রংটা একেবারে ঝকমকে নীল। হার্ট স্পেশ্যালিস্টদের একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে এইট্টিনাইনে তো আমাকে স্যাক্রামেন্টোয় যেতে হয়েছিল, নর্থ আমেরিকার নানান জায়গায় তখন এই ব্লু-বার্ড আমরা বিস্তর দেখেছি। তোর মা তো সেবারে আমার সঙ্গে ছিলেন, তিনিও দেখেছেন। … কী গো, তোমার মনে নেই?”

মালতী আমাদের চায়ের পেয়ালায় আবার নতুন করে চা ঢালতে ঢালতে বলল, “দেখেছিলুম নাকি? কী জানি, আমার তো কিছু মনে পড়ছে না।”

“মনে না পড়তে পারে, কিন্তু দেখেছিলে।” অরুণ সান্যাল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, “আসলে নর্থ আমেরিকাই তো ব্লু-বার্ডের ন্যাচারাল হ্যাবিট্যাট। অবশ্য অন্যান্য দেশেও যে দেখা যায় না, তা নয়।”

সদানন্দবাবু বললেন, “আমাদের ইন্ডিয়ায় দেখা যায় না?”

আমি বললুম, “যেতেই পারে। এত বড় দেশ, এখানে কাক কোকিল শালিখ চড়ুই ময়না টিয়া বুলবুলি টুনটুনি ফিঙে কাঠঠোকরা- হাজার গণ্ডা পাখি রয়েছে আর ব্লু-বার্ড থাকবে না, তাও কি হয় নাকি?”

“না, কিরণদা,” অরুণ সান্যাল বললেন, “ইউ কান্ট বি দ্যাট সার্টেন। আমাদের দেশে নীলকণ্ঠ বলে একটা পাখি আছে বটে, বেতলার রেস্ট-হাউসের সামনে একবার একঝাঁক নীলকন্ঠ দেখেওছিলুম, কিন্তু সেটা ঠিক ব্লু-বার্ড নয়।”

আমি বললুম, “অত কথায় কাজ কী, হাতে পাঁজি মঙ্গলবার, ইন্ডিয়ান বার্ডসের উপরে সলিম আলির বইখানা একবার দেখে নিলেই তো গোল মিটে যায়।”

“ও-বই তো আমাদের বাড়িতেই এক কপি রয়েছে।” মালতী বলল, “ওরে কৌশিক, তোর বাবার পড়ার ঘরের আলমারি থেকে বইখানা একবার নিয়ে আয় তো।”

কৌশিক এতক্ষণ হাঁ করে আমাদের কথাবার্তা শুনে যাচ্ছিল, প্রশ্নটা তুলবার পর থেকে আর একটাও কথা বলেনি। এবারে সে তার মায়ের দিকে ফিরে তাকাল, কিন্তু এক্ষুনি যে চেয়ার ছেড়ে উঠবে, এমন মনে হল না।

অরুণ সান্যাল বললেন, “কী হল রে, যাচ্ছিস না যে, বইখানা নিয়ে আয়।”

আমি বললুম, “হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, কথাটা যখন উঠেই পড়েছে, তখন আর দেরি করে আজ কী, একটা মীমাংসা হয়ে যাক।”

কৌশিক হঠাৎ হো-হো করে হেসে উঠল। সে একেবারে দম ফাটা হাসি। কিছুতেই থামে না।

আমি বললুম, “কী হল রে? এত হাসছিস কেন?”

হাসি থামিয়ে কৌশিক বলল, “কিরণমামা, একটা কথা বলব? অফ কোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড…”

বললুম, “এত কিন্তু-কিন্তু করছিস কেন, যা বলবার বলে ফ্যাল।”

“বেশ, তা হলে বলেই ফেলছি, ইউ শুভ ইমিডিয়েটলি সি অ্যান ই. এন. টি. স্পেশ্যালিস্ট। শান্তনুকাকা তো ওয়ান অভ দ্য টপার্স ইন দিস লাইন, ওঁর কাছেই চলে যাও। বাবার বন্ধু, নো খর্চা, বিনি পয়সায় বেস্ট পসিবল চিকিচ্ছে পেয়ে যাবে।”

আমি তো হতভম্ব। বললুম, “তার মানে?”

“তাও বুঝিয়ে বলতে হবে?” কৌশিক বলল, “বাবাকেও সঙ্গে করে নিয়ে যেয়ো। আমি কী বললুম, আর তোমরা কী শুনলে!”

সদানন্দবাবু একগাল হেসে বললেন, “রাইট। আপনাদের দুজনেরই কানের বারোটা বেজে গেছে মশাই। কৌশিক বলল ব্লুব্লাড আর আপনারা শুনলেন ব্লু-বার্ড! আবার তা-ই নিয়ে আপনারা তক্কো জুড়ে দিয়েচেন। আরে ছ্যা ছ্যা!”

কৌশিক একটা দীর্ঘনিশ্বাস ছেড়ে বলল, “বোস-জেঠু, আপনিও একবার শান্তনুকাকাকে দিয়ে আপনার কানটা পরীক্ষা করিয়ে নিন।”

সদানন্দবাবু বললেন, “অ্যাঁ?”

“হ্যাঁ, আপনার কানের অবস্থাও সুবিধের নয়।”

“তার মানে তুমি ব্লুব্লাড বলোনি?”

“না, বলিনি।”

“তা হলে কী বলেছিলে?”

“ব্লুবেয়ার্ড। কিছু বুঝলেন?”

ওদিক থেকে ভাদুড়িমশাই বললেন, “বুঝেছি। জি, এন, ই, আর, এ, ডি। উল্টেপাল্টে ডি, এ, এন, জি, ই, আর। ডেঞ্জার। যাক, সমস্যা মিটে গেল।”

অরুণ সান্যাল বললেন, “আপনার ওয়ার্ড-জাম্বলের সমস্যা তো মিটল, এদিকে আমাদের সমস্যা এখনও মেটেনি, বড়দা।”

“তোমাদের আবার কীসের সমস্যা?” ভাদুড়িমশাই বললেন, “ব্লুবেয়ার্ড? ওর মানে তো সবাই জানে।”

মানেটা যে কী, সেটা বুঝবার আগেই ডোর-বেল বেজে উঠল। অরুণ সান্যাল বললেন, “ওরে কৌশিক, কে এল একবার দ্যাখ তো বাবা।”

মালতী বলল, “পেশেন্ট হলে বিকেলে বাবার চেম্বারে যেতে বলে দিবি। বাবা রে বাবা, সারাক্ষণ শুধু রুগি আর রুগি! লোকটা যে একটা দিন একটু বিশ্রাম নেবে, তার জো নেই!”

ভাদুড়িমশাই বললেন, “মনে হচ্ছে অরুণের পেশেন্ট নয়, আমার ক্লায়েন্ট। সকাল সাড়ে ন’টায় আসতে বলেছিলুম।”

কৌশিক ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট দেড়েক বাদে যে ভদ্রলোকটিকে সঙ্গে নিয়ে সে ফিরে এল, তাঁর বয়স আন্দাজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে। এক নজর দেখেই বোঝা যায় যে, শৌখিন মানুষ। পরনে মিলের মিহি কাঁচি ধুতি আর গিলে-হাতা আদ্দির পাঞ্জাবি। পায়ে পেটেন্ট লেদারের গ্রিশিয়ান-কাট পাম্পশু, চোখে হালকা বাদামি ফোটোক্রোমাটিক লেন্সের রিমলেস চশমা। পাঞ্জাবির বোতামের ঘের আর গলার চারপাশে যে মিহি সাবুদানার বুটিদার কাজ করানো হয়েছে, সেটাও আমার নজর এড়াল না।

২

ভাদুড়িমশাই তাঁর সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললেন, “আরে আসুন আসুন মিঃ মিত্র।” তারপর একটা খালি সোফার দিকে হাত বাড়িয়ে, “বসুন, বসুন। বাড়ি চিনতে কোনও অসুবিধে হয়নি তো?”

“না না, কোনও অসুবিধে হয়নি।” মিঃ মিত্র বললেন, “বাড়িটা যে কাঁকুড়গাছির মোড়ে, সে তো গত হপ্তার গোড়ায় ব্যাঙ্গালোরে যখন ফোন করি তখন আপনি বলেই দিয়েছিলেন, তা হলে আর অসুবিধে হবে কেন?”

“ভাল, তা এ-যাত্রায় কয়েকটা দিন এখানে আছেন তো?”

“ভেবেছিলুম তো থাকব, কিন্তু থাকতে আর পারছি কোথায়।” মিঃ মিত্র বললেন, “দেরাদুন থেকে কাল রাত্তিরে ফোন এসেছিল, ফোনে যা কথা হল তাতে মনে হচ্ছে, তাড়াতাড়ি ফেরা দরকার। ভাবছি, কালই ফিরে যাব। আসলে ব্যাপারটা কী জানেন…”

ভদ্রলোক কথাটা শেষ করলেন না। কী জানি কেন মনে হল, আমরা আছি বলেই সব কথা তিনি খুলে বলতে পারছেন না, অস্বস্তি বোধ করছেন। এই অবস্থায় বসে থাকাটা অশোভন। তাই দাঁড়িয়ে উঠে বললুম, “চলি ভাদুড়িমশাই, আমার আবার আপিস রয়েছে। সদানন্দবাবু, আপনিও চলুন।”

ইঙ্গিতটা সদানন্দবাবু ধরতে পারলেন না। বললেন, “সে কী মশাই, আজ তো সরস্বতীপুজো, আপনার কাগজেও আজ ছুটির দিন, তা হলে এখুনি উঠতে হবে কেন?”

ভাদুড়িমশাই হেসে বললেন, “কাউকেই উঠতে হবে না। আসলে আমারই ভুল হয়েছে, মিঃ মিত্রের সঙ্গে আগেই আপনাদের পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। ইনি মিঃ মাধবানন্দ মিত্র, দেরাদুনে থাকেন, একটা সিনেমা হল, একটা হোটেল, দুটো স-মিল আর গোটাকয়েক অর্ডার্ডের মালিক। তা ছাড়া, যেমন দেরাদুন তেমনি মুসৌরি শহরেও বেশ কিছু ল্যান্ডেড প্রপার্টি আছে বলে শুনেছি।”

মিঃ মিত্র যে একটু অবাক বোধ করছিলেন, তাতে সন্দেহ নেই। অবাক-ভাবটা কাটিয়ে উঠে জিজ্ঞেস করলেন, “নিজের সম্পর্কে আমি তো আপনাকে কিছুই প্রায় বলিনি, এক আমার ওই বিপদের কথাটা ছাড়া। তা হলে এত সব খবর আপনি কোথায় পেলেন?”

“বাঃ, আপনার কেসটা আমি নিয়েছি, আর আপনার সম্পর্কে দু-একটা খবর আমি নেব না? কোত্থেকে নিলুম, কে বলল, সে-সব আপনার না-জানলেও চলবে। তা সে-কথা যাক, যা বলছিলুম, আপনার পরিচয় তো এঁরা জানলেন, এবারে এঁদের পরিচয়টাও আপনাকে জানিয়ে দিই। …এ হচ্ছে কৌশিক, আমার ভাগ্নেও বটে, অ্যাসিস্ট্যান্টও বটে। ব্যাঙ্গালোরে আমার কাছেই থাকে। আপাতত ওই হচ্ছে সি বি আই অর্থাৎ চারু ভাদুড়ি ইনভেস্টিগেশানসের চিফ একজিকিউটিভ অফিসার।”

“আর এঁরা?”

“আপনার ডান পাশে বসে আছেন ডঃ অরুণ সান্যাল। কৌশিকের বাবা। হার্ট স্পেশ্যালিস্ট, তবে নিজেই হার্টের অসুখে ভোগেন। আর সামনে বসে আছেন কিরণ চাটুজ্যে আর সদানন্দ বসু। ইনভেস্টিগেশানের ব্যাপারে আমি এঁদের দুজনেরই সাহায্য নিয়ে থাকি। অর্থাৎ এঁরা কেউই বাইরের লোক নন, আপনার যা বলবার তা এঁদের সামনেই আপনি স্বচ্ছন্দে বলতে পারেন, কোনও সংকোচ করবেন না।”

মিঃ মিত্র ঢোক গিলে বললেন, “কী যেন বলছিলুম?”

“বলছিলেন যে, দেরাদুন থেকে কাল ফোন এসেছিল। ফোনে যা কথা হল তাতে আপনার মনে হচ্ছে তাড়াতাড়ি ফেরা দরকার। তাই ভাবছেন যে, কালই ফিরে যাবেন। এই পর্যন্ত বলবার পরে আপনি বলেন, ‘আসলে ব্যাপারটা কী জানেন…’। তারপরেই আপনি চুপ করে যান। এখন বলুন তো আসলে সেই ব্যাপারটা কী।”

মিঃ মিত্র একটুক্ষণ চুপ করে রইলেন। কী যেন ভাবলেন। তারপর বললেন, “আসলে ব্যাপার একটা অচার্ড অর্থাৎ ফলের বাগান নিয়ে। ওদিককার এক মারোয়াড়ি ব্যবসায়ী, ওঙ্কারমল আগরওয়াল, ওটা কিনতে চায়, কিন্তু আমি বেচতে চাই না। আর চাই না বলেই এখনকার যা মার্কেট রেট, তার তুলনায় তা ধরুন ডবল তো বটেই, প্রায় আড়াই গুণ দায় শামি চেয়েছিলুম। ভেবেছিলুম, ব্যাটা ঝানু ব্যবসায়ী, বাগানটার যে ওই দাম হতে পারে না, তা খুব ভালই জানে, ফলে আর এগোবে না। কিন্তু এখন দেখছি সরাসরি ‘বেচব না’ বলে দিলেই ভাল হত। মানে…দেরাদুনে যে লোকটা আমাদের সম্পত্তি দেখাশোনা করে, কিষনলাল, কাল সে-ই ফোন করেছিল তো, তা ফোন করে সে বলল যে…

মাধবানন্দ তাঁর কথা শেষ করবার আগেই ভাদুড়িমশাই বললেন, “বলল যে, মারোয়াড়ি বিজনেসম্যানটি ওই টাকাতেই রাজি, কেমন? তা অগ্রিম বাবদে ইতিমধ্যেই কিছু অফার করেনি তো?”

মিঃ মিত্র বললেন, “অফার করেছে তো বটেই, কিষনলাল সে-টাকা অ্যাকসেপ্ট করে একটা রসিদও দিয়ে দিয়েছে। কত টাকা, তাও কিষনলাল জানাল। আড়াই লাখ। অ্যান্ড দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইন ক্যাশ।”

“অথচ ওই বাগানটা আপনি বেচতে চান না।”

“না, চাই না।” এক মুহূর্ত চুপ করে রইলেন মিঃ মিত্র। তারপর বললেন, “না-বেচতে হলে ওই আড়াই লাখ এখুনি ফেরত দিতে হয়। কিন্তু এই মুহূর্তে তারও উপায় নেই।”

“কেন? অসুবিধে কোথায়?”

“বলছি। আমার যে একটা সিনেমা হল আছে, তা তো দেখছি আপনি জানেন, তা হালে সেটার রিনোভেশন করিয়েছি। সেই ব্যাপারে মাল-মেটিরিয়াল আর লেবার বাবদে এক কন্ট্রাক্টর আমার কাছে প্রায় লাখ চারেক টাকা পাবে। এখন কিষনলাল বলছে যে, বাগানের দাম বাবদে ওই যে আড়াই লাখ টাকা পাওয়া গেল, তার থেকে কন্ট্রাক্টরকে সে দু’লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে। ফলে, বাগানটা যদি না বেচি, তো আই হ্যাভ টু রেইজ দ্যাট অ্যামাউন্ট ইমিডিয়েটলি।”

“সেই জন্যেই কাল দেরাদুনে ফিরে যেতে চাইছেন?”

‘সেটা একটা কারণ।” মিঃ মিত্র বললেন, “কিন্তু সেটাই যে আসল কারণ, তা নয়। আসল কারণটা কী, তা তো দেরাদুন থেকে যখন ব্যাঙ্গালোরে আপনাকে ফোন করি, তখনই আপনাকে জানিয়েছিলুম। মিঃ ভাদুড়ি, দেরাদুনে গত তিন মাসে অন্তত তিনবার আমাকে মারবার চেষ্টা

**********
No Review
Related Books
Loading books…