Home
নিহত একজন – আনন্দ বাগচী

নিহত একজন – আনন্দ বাগচী

রঞ্জিত চট্টোপাধ্যায়

নিহত একজন – আনন্দ বাগচী

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Posted bySmita Biswash18-Aug-2025

Change color

কলকাতা তখন এইরকমই, একটা কয়েন টস করার মত—কখন যে কোন পিঠ পড়বে কেউ জানে না।

ভাগ্য এবং দুর্ভাগ্য এমনি ভাবে পিঠোপিঠি খেলছে। আলো এবং অন্ধকার, কিংবা বলা ভাল, স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতা। এই মুহূর্তে ঘরে ঘরে রেডিও, ঘরে ঘরে হাসি-হুল্লোড়, পথে রঙের শোভাযাত্রা মেয়ে-পুরুষ গায়ে গায়ে—দরকারে অদরকারে। ফুটপাথে হকার হাঁকছে, রকে রকে ছেলে-ছোকরাদের বেকার জটলা।


কিন্তু চোখের পলকে দৃশ্যপট উল্টে যাবে, যেন শহরের পাগলা ঘণ্টি বেজে উঠবে। সঙ্গে সঙ্গে ছন্দ-তাল কেটে ফাটবে বোমা, আলো নিভবে, ধোঁয়ায় অন্ধকারে আর্তনাদে এলাকা জুড়ে এমার্জেন্সি শুরু হয়ে যাবে। তখন কোথাও কেউ স্থির নয়, স্থাণু নয় ; সবাই ব্যস্ত এ্যস্ত ছুটন্ত! কেউ মারাত্মক, কেউ মরিয়া। সবাই তখন আশ্রয়প্রার্থী, সবাই তখন অন্য মানুষ। অবশেষে আবার আলো জ্বলে উঠলে, কেউ জীবিত, কেউ মৃত। তাই বলছিলাম, কলকাতা তখন এইরকমই। একটা কয়েন টস করার মত—কখন যে কোন পিঠ পড়বে কেউ জানে না।


আমিও জানতাম না যখন রাখালদের বাড়ি গেছিলাম। রাখালরা থাকে সিঁথির দিকে। তখন সবে সন্ধ্যে হয়-হয়। সময়টা পুজোর মুখ-মুখ। মহালয়া পেরিয়েছে, অর্থাৎ পুজোর নোটিশ একেবারে ঘরের ভেতর পৌঁছে গেছে। ঘরে ঘরে পুজোর কেনাকাটা প্রায় শেষ। প্রায় বললাম এই জন্যে যে, কলকাতার কোন জিনিসই কখনো শেষ নয়, পুজোর জামা-কাপড় অষ্টমীর দিনেও রীতিমত বিক্রি হতে দেখেছি। হয়তো তারপরেও বিক্রি হয়। কত ঘরের কত অবস্থা, কে জানে! অন্ন-বস্ত্রের সংস্থান কোন সংসারে যে কিভাবে হচ্ছে, পথে-ঘাটে ওপর-ওপর ঘুরে আমরা তার কতটুকু আঁচ করতে পারি? মুখের প্রসাধন সব সময় কি ঘামেই ঘোয়? চোখের জলে কি ধোয় না?


রাখালদের ওখানে সন্ধ্যেটা ভালভাবেই কাটল। ওদের বিবাহের প্রথম বার্ষিকী ছিল, প্রায় পূজাবার্ষিকীই বলা যায়। গত বছর পুজোর মুখোমুখিই ওদের বিয়ে হয়। খরচ-খরচা সহজ করার জন্যে এই ব্যবস্থা। ওদের বিয়েতে আমারও সই ছিল। একদিন সুযোগ-সুবিধে পেলে অটোগ্রাফের খাতায় সই মেরেছি, বিয়ের খাতায় এই প্রথম। কিন্তু সেদিনের সইকর্তা বন্ধুদের মধ্যে আমিই একমাত্র বর্তমান ছিলাম। খগেশ ক’মাস আগে রাজনৈতিক গুপ্তহত্যায় কোতল হয়েছে, হরেন বদলি হয়ে গেছে বোম্বাই—একমাত্র আমিই রাখালদের বন্ধুত্বের তলানির মত কলকাতায় পড়ে আছি।


সন্ধ্যেটা রাখাল-রত্নার সাহচর্যে ভালই কাটল। একে পুজো, তায় কলকাতা জুড়ে গোপন গৃহযুদ্ধ। তাই নিমন্ত্রিতদের মধ্যে দু’পাঁচজন যাঁরা এসেছিলেন, সকালবেলাতেই লৌকিকতা সেরে তাঁরা চলে গিয়েছিলেন। বিকেলবেলার অতিথি আমিই একা। রাখাল আমার বাল্যবন্ধু, ওকে আমি ঠাট্টা করে রাখাল-বালক বলে ডাকি। রাখাল-বালিকার সঙ্গেও আমার কম করে পঞ্চবার্ষিক আলাপ-পরিচয়, অথাৎ ওদের বিবাহের আগে থেকেই। বলতে কি আমিই ওদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে-পরিচয় ওরা ঘনীভূত করে নিয়েছিল ওদের নিজ গুণে। তাই আমাকে দেখে ওরা বেজায় খুশি। ভাবতেই পারেনি, বিকেলের দিকে আমি সিঁথি অভিযানে বেরোব। কারণ সিঁথির রঙ এখন রীতিমত লাল।


ওঠার তাড়া ছিল না, একেবারে স্ট্রেট অফিসে চলে গেলেই হবে। আজ নাইট ডিউটি। খবরের কাগজের আপিসে ছুটিটাই বিরল, বিশেষ করে খাস বার্তাজীবী যারা তারা আবার নিশাচর। আমি সেই নিশাচরের দলে। রত্নার হাতে ঠাণ্ডা-গরম নানারকম খাবার খেয়ে শেষ পর্যন্ত যখন বিদায় নিলাম, তখন ঘড়িতে আটটা প্রায় তৈরি হচ্ছে। রাখাল আমাকে বাসস্টপ পর্যন্ত পৌঁছে দেবার জন্যে তৈরি হচ্ছিল, তাকে অনেক বচন ঝেড়ে নিরস্ত করলাম। আর সত্যিই, এগিয়ে দেবার মত কিছু ছিল না। চারপাশ একেবারে নর্মাল। ঘরে ঘরে কলরব, রেডিওর কণ্ঠস্বর, আলো, পথে লোকজন, গাড়ির শব্দ।


ওদের তিনতলার ফ্ল্যাট থেকে পথে নামলাম। কিছু দূরেই চৌমাথা—একটা বাঁক ঘুরলেই। রাস্তা সোজা হলে ফ্ল্যাটবাড়ির দোরগোড়া থেকেই দেখতে পাওয়া যেত। কিন্তু বড়জোর গজ দশেক এগিয়েছি, অমনি প্রথম বোমাটা ফাটল। তারপর সামনে বাঁকের ওদিকে একটা হল্লা উঠল। এই আকস্মিকতায় হকচকিয়ে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। এমন সময় বিভিন্ন দূরত্ব থেকে দ্রুতলয়ে অনেকগুলো বিস্ফোরণের শব্দ। আওয়াজের গুরুত্বে আমি প্রায় বধির হবার দশা। মাটি কেঁপে উঠল, আশপাশের একতলার কাচের শার্সিগুলো ঝনঝন করে বেজে উঠল। আলো নিভে গেল, দরজা-জানলা রাতের সন্ত্রস্ত পায়রার মত পাখা ঝটপটিয়ে নিজেদের গুটিয়ে নিল অন্ধকারের মধ্যে। সঙ্গে সঙ্গে পাড়া একেবারে নিশুতি। শুধু নিশুতি নয়, যেন তার নিশ্বাসও বন্ধ। বধির আমি, আলকাতরা-কালো অন্ধকারের মধ্যে স্রেফ কানার মত বেকায়দা দাঁড়িয়ে কি করব ভাবছি, এমন সময় কিছু লোক সামনের দিক থেকে হুড়মুড়িয়ে ছুটে আসছে টের পেলাম। সেই সঙ্গে পিস্তল আর পাইপগানের শব্দ, আর গোটা দুই বুকের রক্ত জল-করা আর্তনাদ!


ভাবনা-চিন্তার সময় নেই, পৈতৃক প্রাণ হাতে করে আমিও ছুটলাম। একটা বোমা ফাটল আমার খুব কাছেই, জনদুয়েক ছুটন্ত লোক আমার ঠিক পেছনেই নালার ধারে পড়ে গেল। স্‌প্লিন্টার কিংবা অ্যাশফল্টের টুকরো আমার পায়েও এসে লাগল। আমি থামলাম না, পড়ে গেলাম না, অন্ধকারের মধ্যে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে রাখালের বাড়ির উদ্দেশে ছুটতে থাকলাম। গাঁ-দেশের অন্ধকার আর কলকাতার নিষ্প্রদীপ রাত্তিরের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। এ একেবারে কার্বন-কালো, এ অন্ধকার গগল্স নয়, এ ডিঙিয়ে এর ভেতর দিয়ে কিছু দেখা যায় না। তবু মৃত্যুভয় মানুষের গোটাকতক ইন্দ্রিয়কে প্রখর তীক্ষ করে দেয়, চাই কি একটা অতিরিক্ত ইন্দ্রিয় চেতনা এনে দেয়—যার বলে চোখ-কান বুজেও অনেক কিছু এবং আগাম কিছু দেখতে-শুনতে পারা যায়। আমিও তার বলেই নালা ডিঙিয়ে, গলি-ঘুপচি দিয়ে শর্টকাট করে চোখবাঁধা ম্যাজিসিয়ানের মত যথা জায়গায় পৌঁছলাম। ফ্ল্যাটবাড়ির একতলা ফটকে পৌঁছে একটু নিরাপদ বোধ করলাম, কারণ বাড়িটা সদর রাস্তায় নয়। একটু থেমে দাঁড়ালাম, কয়েক নিশ্বাস দম নিলাম, তারপর ঢুকে পড়লাম ভেতরে।


ভেতরে ঢুকে বোধ হয় চার পা-ও এগোইনি, কিসে যেন পা বেধে হুড়মুড় করে কার গায়ের ওপর গিয়ে পড়লাম। যার গায়ের ওপর গিয়ে পড়লাম, সে চিৎ হয়ে শুয়ে ছিল, অত বড় আঘাতেও একটা উঃ আঃ করে উঠল না। পড়ার সঙ্গে সঙ্গেই আমি মিথ্যেই ‘স্যরি’ বলে চেঁচিয়ে উঠেছিলাম। অপর পক্ষের সাড়া নেই। আমার স্বাভাবিক চিন্তা-ক্ষমতা ফিরে এসেছিল ততক্ষণে। আমার হাতে গায়ে মুখে কবোষ্ণ কোন তরল গোছের পদার্থ মাখামাখি হয়ে গেছে, কেমন যেন আঠা-আঠা। হঠাৎ সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ খেলে গেল। ঠোঁটে কেমন নোনতা স্বাদ পেলাম। হ্যাঁচোড়-প্যাঁচোড় করে আমি উঠে দাঁড়ালাম, জামাকাপড় সামলালাম। হাতের চটচটে তরল পদার্থ পাশের দেওয়ালে মুছে, পকেট থেকে রুমাল বের করলাম।


পকেটে দেশলাই ছিল না, থাকলে একটা কাঠি জ্বাললে অবস্থাটা পরিষ্কার হত। যদিও, একতলায় এই সিঁড়ির মুখের জায়গাটায় ফ্ল্যাটের দরজার সামনে যে কেউ খুন হয়েছে অনুমান করতে আমার অসুবিধে হল না। শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ কোমরের দিকে ঝাঁ করে নেমে গেল। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কেমন যেন মনে হল, হত্যাকাণ্ডটি এইমাত্র সম্পন্ন হয়েছে, হয়তো এই মুহূর্তে আততায়ীরা কাছেই দাঁড়িয়ে আছে, আমার গতিবিধি লক্ষ্য করছে। এই মুহূর্তে হয়তো অন্ধকারের মধ্যে গা মিশিয়ে দাঁড়িয়ে আমার বুক লক্ষ্য করে পাইপগান অথবা রিভলবারের নল উঁচিয়ে তাগ করছে। কপালে ফ্রীজে জমা বাষ্পবিন্দুর মত ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিল। গলা কাঠ হয়ে গেছে, মুখের ভেতরটাও শুকিয়ে আসছে। আমি যে মরতে অনিচ্ছুক এবং এতটা ভয় পাই, টের পাইনি আগে কখনো।


আমি পাগলের মত সিঁড়ি হাতড়ে ওপরতলায় ওঠবার চেষ্টা করলাম। যে কোন মুহূর্তে অন্ধকারের যে কোন দিক থেকে গুলি ছুটে এসে আমার বুকে কিংবা মাথায় লাগতে পারে—এই অনুভূতিটা ভূতের ভয়ের থেকেও কি পরিমাণে মারাত্মক, তা কাউকে বোঝাতে পারব না। শত্রু যখন অদৃশ্য এবং শত্রু যখন নিকটেই মারণাস্ত্র উদ্যত করে দাঁড়িয়ে আছে টের পেয়ে যাওয়া যায়, তখন মনের অবস্থা সহজেই কল্পনীয়! চার হাত-পায়ে প্রায় হামাগুড়ি দিয়ে আমি অন্ধকার সিঁড়িগুলো দ্রুত অতিক্রম করতে গিয়ে আরো হোঁচট খাচ্ছিলাম, পিছিয়ে পড়ছিলাম। এই অবস্থায় তিনতলায় পৌঁছে আমি রাখালদের ফ্ল্যাটের দরজা দেখতে পেয়ে যেন ধড়ে প্রাণ পেলাম। ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়েই আমি কম্পিত হাতে দরজা বন্ধ করে নিরাপদ হয়ে গেছি ভাবছি এমন সময় মুখের ওপর তীব্র একঝলক আলো এসে পড়ল। কেউ আমার মুখের ওপর টর্চ ফেলেছে বুঝতে পেরে হকচকিয়ে দাঁড়িয়ে পড়লাম, অমনি গম্ভীর গলায় আদেশ হল : ‘হাত দুটো মাথার ওপর তোল!’


গলার স্বর বাজখাঁই, রাখালের নয়। আর রাখাল এরকম তামাসাও করতে যেত না। অথচ কথাটি যে বলছে, সে রাখালদের ফ্ল্যাটের ভেতরেই রয়েছে এবং সে আমার সঙ্গে কিছু তামাসা করছে না। হাত তুলতে বিলম্ব হলে হয়তো আরেকটা ওয়ার্নিংও পাওয়া যাবে না, একটি নিরেট গুলি এসে মাথার খুলি ফুঁড়ে ঢুকবে। টর্চের তীব্র আলো আমার গোটা মুখমণ্ডলকেই স্পষ্টত টার্গেটের মধ্যে রেখেছে। আমি চোখের নিমেষে মাথার ওপর দুটো হাত উঁচু করে ধরলাম।


এমন সময় হঠাৎ ঘরের বিজলী বাতি জ্বলে উঠতেই আমার ধাঁধা কেটে গেল, কিন্তু আমি চমকে না উঠে পারলাম না। আমার থেকে হাত কয়েক তফাতে এক ভদ্রলোক বাঁ-হাতে টর্চ এবং ডান হাতে রিভলবার নিয়ে দাঁড়িয়ে আছেন। পরনে পা-জামা এবং ফতুয়া, বিচিত্র কম্বিনেশন, মাথায় কদমছাঁট শুভ্র কেশ। ভদ্রলোকের বয়স ষাট পেরিয়েছে। কিন্তু যে ঘরে আমরা দুজনেই দাঁড়িয়ে আছি, সে-ঘর কস্মিনকালেও রাখালদের নয়। আলো জ্বলে উঠলে দর্শকরা যেমন থিয়েটারে নতুন সেট দেখতে পায়, নতুন সীন নতুন দৃশ্যপট। আমি ঘাবড়ে গেলাম। আমি তো গুণে গুণে তিনতলাতেই উঠেছি। এবং উঠে ঠিক বাঁ-হাতি ফ্ল্যাটেই ঢুকেছি। তাহলে এই অসম্ভব ঘটনা কি করে সম্ভব!


কিন্তু আমার তখনো একথা ঘুণাক্ষরেও মনে হয়নি যে আমি আদত বাড়িটাই ভুল করেছি। ভুল ঠিকানায় এসে পৌঁছেছি। হাউসিং এস্টেটের বাড়িগুলো সব এক ছাঁদের····এক ছাঁচের। আমি সম্পূর্ণ আলাদা নম্বরের বাড়িতে ঢুকে তিনতলায় উঠে এসেছি।


ভদ্রলোক এতক্ষণে টর্চ নেভালেন। তারপর কর্কশ গলায় ধমক লাগালেন : ‘এখানে কি মতলবে?’


আমার জামাকাপড়ের জায়গায় জায়গায় চাপ চাপ তাজা রক্ত লেগে আছে। লোকটি ভ্রূ কুঁচকে সেগুলো লক্ষ্য করলেন : ‘ক’টিকে সাবাড় করে এলে কমরেড?’


আমার গলা দিয়ে বেরোল ; ‘বিশ্বাস করুন, আমি····একটু জল····’ গলা শুকিয়ে গিয়েছিল, আর কথা বলতে পারলাম না।


‘ন্যাকামি হচ্ছে!’ হুঙ্কার ছাড়লেন ভদ্রলোক : ‘পিছন ফিরে দাঁড়াও!’


আমি বিনা বাক্যব্যয়ে পিছনে ফিরে দাঁড়ালাম। মাথার ওপরে হাত দু’খানা যেমন তোলা ছিল, তেমনিই থাকল। টের পেলাম উনি এগিয়ে এসে আমার ঠিক পিছনে দাঁড়িয়েছেন। রিভলবারের নলটি আমার ঘাড় স্পর্শ করতেই আপাদমস্তক শিউরে উঠলাম আমি। ঠাণ্ডা নলটা ঘাড়ের খোলা অংশে ছ্যাঁক করে উঠার সঙ্গে সঙ্গে ভয়ে, অজানা আশঙ্কায়, বুকের ভেতরটা তপ্ত তেলের কড়ায় জলের ছিটে পড়ার মত সশব্দে শিউরে উঠল। কিন্তু না, ভদ্রলোকের তেমন মারাত্মক কোন মতলব নেই। ঘাড়ের ওপর রিভলবারের নল ঠেকিয়ে রাখলেও আমাকে সম্ভবত সাবাড় করার ইচ্ছা তাঁর নেই। একহাতে তিনি আমার দেহ তল্লাশী করলেন পিছনে দাঁড়িয়ে। ইংরেজী ছবিতে আমিও এরকম দেহ তল্লাশীর পদ্ধতি দেখেছি, এইটেই তল্লাশকারীর পক্ষে সবচেয়ে নিরাপদ। আমার তাৎক্ষণিক ভয়টা মরে যেতেই স্বাভাবিক বুদ্ধি ফিরে এল। মনে হল, লোকটি এইখানকারই বাসিন্দা, পাজামা ফতুয়া পবে বেপাড়ায় বেঘরে বেড়াতে আসেন না। লোকটির যা বয়স—তাতে উগ্রপন্থী হওয়া সম্ভব নয়। মুখের শ্রী দেখে তাঁকে শিক্ষিত এবং ভদ্রলোক বলেই মনে হয়। হাতে রিভলবার দেখেই বুঝে নেওয়া উচিত ছিল, তদুপরি চুলের ছাঁট এবং এখন দেহ তল্লাশীর কায়দা লক্ষ্য করে যে লোকটি অধ্যাপক কিংবা নিছক অফিসার বা ডাক্তার নন ; উনি পুলিশের লোক। আলো নিভে যাওয়ায় এবং গণ্ডগোল শুরু হওয়ায়। উনি হয়তো নিজের ফ্ল্যাটের দরজা খুলে বাইরে বেরিয়েছিলেন, এমন সময় সিঁড়িতে আমার উন্মাদ পায়ের শব্দ শুনে সিঁড়ির বারান্দা থেকে সরে গিয়ে নিজের ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়েছিলেন।


আমার পিছনের ভদ্রলোক হঠাৎ হেসে উঠলেন : ‘তাই বল

**********
No Review
Related Books
Loading books…