Home
কবিতাসংগ্রহ

কবিতাসংগ্রহ

উৎপলকুমার বসু

কবিতাসংগ্রহ

উৎপলকুমার বসু
uncategorized

Change color

কবিতাসংগ্রহ – উৎপলকুমার বসু


উৎপলকুমার বসুর কবিতাসংগ্রহ


কবিতাসংগ্রহ – উৎপল কুমার বসু
প্রথম প্রকাশ : জানুয়ারী ১৯৬০
সতীনাথ ভাদুড়ীর সম্মানে এই কবিতাসংগ্রহ উৎসর্গ করা হল।


উপদেশ


নীলফামারির খামারঘরে
বাহির সূর্য বিরাজ করে।


বাতাস ওঠে, বৃষ্টি নামে,
আকাশ-জোড়া মেঘলা খামে


পত্র আসে সুসমীচীন
‘এবার আমায় ছুটি করে দিন।‘’


হাতের লেখা ঈষৎ ভীত,
কে পাঠাল? অপ্রত্যাশিত


কবিতা যেন, কাব্যাবলী,
শোনো তোমায় গোপনে বলি:


যে-ই পাঠাক, প্রেরক যে হোক,
অতি কাছের বয়স্ক লোক,


ঐ সে-মানুষ, ঐ জলছবি,
অপটুত্বের সর্দারকবি,


আকাশবিহারী, শুধু ছুটি চায়,
হেথা-হোথা যাবে, যেন নিরুপায়


সারাদিনভর বহু তার কাজ,
নীলফামারির বরকন্দাজ,


এখনি ওনাকে বিদায় কর হে,
কর্ম চুরির ঘোর সন্দেহে,


রৌদ্রে পুড়ুক, জলে যাক ভেসে
সাগরের দিকে, পাহাড়ের দেশে।


.


চৈত্রে রচিত কবিতা


উৎসর্গ


দয়িতা, তোমার প্রেম আমাদের সাক্ষ্য মানে নাকি?
সূর্য ডোবা শেষ হল কেননা সূর্যের যাত্রা বহুদূর।
নক্ষত্র ফোঁটার আগে আমি একা মৃত্তিকার পরিত্যক্ত, বাকি
আঙুর, ফলের ঘ্রাণ, গম, যব, তরল মধু-র


রৌদ্রসমুজ্জ্বল স্নান শেষ করি। এখন আকাশতলে সিন্ধুসমাজের
ভাঙা উতরোল স্বর শোনা যায় গুঞ্জনের মতো–
দয়িতা, তোমার প্রেম অন্ধকারে শুধু প্রবাসের
আরেক সমাজযাত্রা। আমাদেরই বাহুমূলে বিচূর্ণ, আহত


সেই সব সাক্ষ্যগুলি জেগে ওঠে। মনে হল
প্রতিশ্রুত দিন হতে ক্রমাগত, ধীরে ধীরে, গোধূলিনির্ভর
সূর্যের যাত্রার পথ। তবু কেন ষোলো


অথবা সতের–এই খেতের উৎসবশেষে, ফল হাতে, শস্যের বাজারে
আমাদের ডেকেছিলে সাক্ষ্য দিতে? তুমুল, সত্বর,
পরম্পরাহীন সাক্ষ্য সমাপন হতে হতে ক্রমান্বয়ে বাড়ে।


.


চৈত্রে রচিত কবিতা


১


নিঃসঙ্গ দাঁড়ের শব্দে চলে যায় তিনটি তরণী।


শিরিষের রাজ্য ছিল কূলে কূলে অপ্রতিহত
যেদিন অস্ফুট শব্দে তারা যাবে দূর লোকালয়ে
আমি পাবো অনুপম, জনহীন, উর্বর মৃত্তিকা


তখন অদেখা ঋতু বলে দেবে এই সংসার
দুঃখ বয় কৃষকের। যদিও সফল
প্রতিটি মানুষ জানে তন্দ্রাহীনতায়
কেন বা এসেছে সব নিষ্ফলতা, কবিতা তুমিও,


নাহয় দীর্ঘ দিন কেটেছিল তোমার অপ্রেমে–


তবুও ফোটে না ফুল। বুঝি সূর্য
যথেষ্ট উজ্জ্বল নয়। বুঝি চিরজাগরূক
আকাশশিখরে আমি ধাতুফলকের শব্দ শুনে–
সূর্যের ঘড়ির দিকে নিষ্পলক চেয়ে আছি


এখনি বিমুক্ত হবে মেঘে মেঘে বসন্ত-আলোর
নির্ভার কৃপাকণা। সমস্তই ঝরেছিল–ঝরে যাবে–
যদি না আমার
যদি না আমার মৃত্যু ফুটে থাকো অসংখ্য কাটায়।


.


২


আসলে মৃত্যুও নয় প্রাকৃতিক, দৈব অনুরোধ।
যাদের সঙ্কেতে আমি যথাযথ সব কাজ ফেলে
যাবো দূর শূন্যপথে-তারা কেমন বান্ধব বলো
কোন্ ঘড়ি? কোন্ সূর্যরথ?


হয়ত প্রকৃত ঐ নগ্ন জলধারা–
যখন দুপুর কাপে গ্রীষ্মের নতুন সাবানে।


ওদের দৈবতা বলে আমি মানি। ওদের ঘড়ির
সমস্ত খঞ্জনপাখা লক্ষবার শোনায় অস্ফুটে—
আমার বন্ধু কি তুমি?
আমি কি তোমার?


কেন যে এখনো নই প্রাকৃতিক দুঃখজটাজাল?
আমার নিয়তি তুমি ঈর্ষা করো–আমার স্মরণে
যাও দূর তীর্থপথে, ভুল পথে–রক্তিম কাঁটায়
নিজেকে বিক্ষত করো। রোমিও–রোমিও


কেন শূন্যে মেঘলীন কম্পিত চাদর উড়ে গেলে–
অনির্বাণ, স্থির নাটকের যারা ছিল চারিত্রিক,
নেপথ্যে কুশল, প্রেম চেয়েছিল, দুঃখ,
তারা একে একে অম্লান ঝরে যায়?


তবে কি আমিও নই তেমন প্রেমিকা?


.


৩


বহুদিন ছুঁয়ে যায় বর্তুল, বিস্মৃত পৃথিবী
লাটিম সূর্যের তাপে নানা দেশ-বিপুল শূন্যতা–
সে যেন বিচিত্র আলো দিয়েছিল আমার ঘরের
গবাক্ষবিহীন কোনো অন্ধকারে–একদিন–শুধু একদিন।


তখন, প্রবল মুহূর্তে আমি জেনেছি অনেক–
সমুদ্র কেমন হয়। কাকে বলে দুর্নিরীক্ষ্য তরু।
আমি কেন রুগ্ন হই। তুমি দূর স্খলিত তারার
কেন বা সমাধি গড়ো বনে বনে।


অথচ আঁধারে ফিরি আমি ক্লান্ত প্রদর্শক আলো,
যারা আসে সহচর রক্ত-লাল, গমের সবুজ,
তারা কেউ ধূর্ত নয়–দয়াশীল, বিনীত ভাষায়
বলে, ‘তুমি ভুলে যাও সমস্ত জ্ঞানের ভার–সমস্ত অক্ষর।’


.


৪


এখনি বৃষ্টির পর আমি পাবো জ্যোৎস্না-ভালোবাসা।
কেননা মেনেছি আমি শোকাকুল তুমিও বন্দিনী
অজেয় শকটে তার। কোনো কোনো রথ
একা যায় ভ্রান্ত পথে–অন্ধকারে–চালকবিহীন


যেখানে সুদীর্ঘ রাত ওড়ে নীল গন্ধের রুমালে
যেখানে জলের মতো পরিসর, অফুরন্ত বায়ু
ধুয়ে দেয় বনস্থলী, বালুতট–দীর্ণ হাহাকার


তুলেছিলে শূন্যতায় পাহাড়ের উর্বর মৃত্তিকা, তুমি দুঃখ, তুমি প্রেম,
শোনননি সতর্কবাণী। যেন স্রোত সহসা পাথরে
রুদ্ধ হল। এবং স্খলিত
বহু রথ, পদাতিক দেখে আমি মেনেছি এখন


প্রতিটি বৃষ্টির পর ছিন্ন হও তুমি, ভালোবাসা।


.


৫.


পৃথিবীর সব তক প্রতিচ্ছায়া খুলে দেয় বসন্তের দিনে।
যখনি তোমাকে ডাকে ‘এসো এসো বিদেহ কলুষ’,
কেন যে লুণ্ঠিত, নীল পরিধান খুলে
তুমি বালিকার স্পষ্টতায় কঁদো–
বসন্তই জানে।


তবুও আমার স্বপ্ন দুপুরের–ঘুমন্ত রাতের–
প্রবল নদীর জলে ধরে রাখে নীল যবনিকা–
সে তোমার পরিচ্ছদ, অন্তরাল, হয়ত বা
যেটুকু রহস্য আমি ভালোবাসি বালিকার কিশোর শরীরে–


এখন বিনিদ্র রাতে পুড়ে যায় সব মোমবাতি!
এবং অলেখা গান নিষ্ফলতা বয়েছিল কত দীর্ঘ দিন
সে নয় প্রেমের দুঃখ? তবু সতর্কতা
ভেঙে ফেলে সুন্দরের প্রিয় পুষ্পধার
বলেছিল, ‘এই প্রেম অন্তিমের, সমস্ত ফুলের’


.


৬


যেন দূর অদেখা বিদ্যুতে তুমি পুড়ে যাও
তুমি সুন্দর নিয়তি
যেন জল, ঝোড়ো রাতে জ্বলে একা বজ্রাহত তরু
তুমি সুন্দর নিয়তি
মৃতেরা নিষ্পাপ থাকে। কারা নামে—অচ্ছোদসরসী–
তুমি বিরূপ নিয়তি
রাখো দূর মেঘপটে যত ক্রোধ, অকাম কামনা
তুমি সুন্দর নিয়তি
ফিরে দাও দীর্ঘ ঝড় মদিরায় প্রাচীন কুঞ্জের
তুমি সুন্দর নিয়তি।


.


গত পূর্ণিমায়


জ্যোৎস্না এখানে নেই। তাকে কাল হাই-ইস্কুলের
পোড়ো বারান্দার পাশে দেখা গেছে। সে তার পুরনো
আধোনীল শাড়িটি বিছিয়ে ঐখানে শুয়েছিল।


‘তুমি কোন্ ঘর ছেড়ে এলে? কোন দুঃখে? কোথায় চলেছ?’
কে যেন শুধালো তাকে। তার অস্ফুট উত্তর
হাজার ডানার শব্দে, নামতা-পড়ার শব্দে, নিরুত্তরে
চাপা পড়ে গেল–


ইস্কুলের বুড়ো ঘণ্টি পাগল-ঘণ্টির মতো বারবার আমাকে জানালো
‘এখন সময় নয়। এত আগে কেউ কি এসেছে?’


.


প্রান্তর থেকে


রূপনগরেতে চলো।


সে-দেশে ধুলোয় সবার নিভৃত নাম লেখা আছে।
যে-নামে তোমায় পুরনো বন্ধুরা চেনে এখনি বাতাস
সেই নাম ডেকে গেল। রূপনগরের পাঁচিলে না হয় বোসো
কিছুক্ষণ–দুটি পায়রার পাশাপাশি। গতবার এত বৃষ্টি হল,


এত রক্তপাত–আমাদের ক্রমশ বয়স হল তারই সঙ্গে।
আমাদের প্রতিটি বসন্ত আজ আধোলীন, সূর্যে মাথা রেখে
স্বপ্নরত। গতবার বনভোজনের শেষে অগণ্য পালক পড়েছিল চতুর্দিকে।
‘তোমাদের মজার গল্প এক বলি শোনো’-কে যেন বললো ডেকে,
কোন গল্প, কাকে নিয়ে, সমস্ত ভুলেছি। শুধু শালবনে–দুরে–
জলার মতন এক স্বচ্ছ জল অন্তিম গোধূলি নিয়ে
আলো হয়ে ছিল–


রূপনগরের পাঁচিলে না হয় বোসো কিছুক্ষণ–অন্যমনে।


.


ভোর সাড়ে ছ-টা


এক একদিন কলকাতা অনুপম উড়ন্ত মেঘের
পালিতা পাখির মতো উড়ে যায়।
যারা ফিরবে বলেছিলে আজ, কাল অথবা আগামী
যে-কোনো সপ্তাহে, মাসে, বছরের ক্লান্ত শেষ দিকে–
তারা মিথ্যে বলেছিলে।


কলকাতা এক একদিন তোমাদের পুরনো প্রলাপে, লঘু
কিশোর মিথ্যেয় ভরে ওঠে–
এখনি সমস্ত নৌকো ভোরবেলা গঙ্গায়
দু’তীরের পাশাপাশি অন্য শত চোখের কুয়াশা
কতো তুচ্ছ জেনে যাবে–


দিন আরো স্পষ্ট হলে যাত্রী হবো দক্ষিণসাগরী।


.


হে প্রিয়


তোমার গান প্রিয়তমা ধ্বনিবিহীন।
তোমার গান প্রিয়তমা প্রতিধ্বনি।
কোথায় ভাঙে পুরুষোত্তম দুর্গচূড়া
সন্ধানীদের সোনার খনি।


এখনো ঘোরে পরিশ্রম মৌমাছির।
এখনো জ্বলে দুপুরবেলা বসন্তে।
আমি কি যাবো তৃষ্ণাতুর যাত্রীদলে
দূরের ঐ দগ্ধবনদিগন্তে
যেখানে সব প্রতিধ্বনি ধ্বনিবিহীন।


আসলে বহু দীপ্ত ঋতু আমায় গড়ে।
আমি তাদের প্রহরী ব’লে–বকুল
ঝরায় শত জীর্ণ পাতা, ফুলগুলি,
যেন তাদের প্রেমাবরণ, উড়ন্তচুল


ছায়াতরুর তন্ময়তা ভঙ্গ করে।
ধ্বনিজালের দুঃখে তুমি রাত্রিদিন
এখনো কাঁপো অস্ফুটিত হৃদয়ভার
আপন গানে কে রয় বলো ধ্বনিবিহীন।


.


চন্দ্রাতপ


বিরহনাটকে গ্রীস আমার চোখের কাছে সমুজ্জ্বল তারা।
আমি এই পৃথিবীকে রক্তমাংসের ধ্রুব বাসনা জেনেছি
যে-দর্পণে সন্ধ্যাবেলা প্রেয়সীর বিকীর্ণ শরীর
জ্বলে ওঠে–অন্য পিঠে ব্যাপ্ত তার রক্তাক্ত পারদ।


বিরহনাটকে গ্রীস আমার চোখের কাছে সমুজ্জ্বল তারা।
রজতফেনার মতো দিকে দিকে সমুদ্র-প্রসারে
হয়ত পর্বতচূড়া ধরে আছে কোনো বাজপাখি
তরঙ্গের আন্দোলন–অনিকাম দু’টি মুক্ত ডানা।


বিরহাটকে গ্রীস আমার চোখের কাছে সমুজ্জ্বল তারা।
হে পৃথিবী, তবুও জননী তুমি। বারংবার দয়িতের রূপে
যখন দুয়ার হতে প্রত্যাহত ফিরে যাবো-শুধু বাজপাখি
তমসার পরপারে খুঁজে পাবে রক্ত, মাংস, চুল।


.


শিল্পীদলে


অনন্ত জলের নীচে প্রস্তুতি আমারও, প্রেমিকা।


তুমি উন্মোচিত হও। তুমি জাগো আন্দোলিত বঙ্কিম সাঁতারে।
তরঙ্গশিলায় দূর শ্রাবণের মেঘপুঞ্জ যেন লেগে আছে।
ফোটে ফুল বসন্তের-আশ্বিনের প্রথম শেফালি–
তুমি উমোচিত হও–তুমি বলো জলের গভীরে


যারা থাকে নিরুত্তাপ, চিরদিন–রক্তের হাঙরে
তারা দেয় ব্যভিচার, গুপ্ত রোগ, যত প্রেম।
আমি তবু অপর্যাপ্ত সাগরের বিপুল বয়ায়
ভেসে উঠি চিরন্তন। গৃহপালিতকে এত কী করুণা তুমি করেছিলে?


অনন্ত জলের নীচে ডুবে যায় ওদের শরীর।


.


এই বেলাভূমি


সুন্দরী আধেকলীনা, তুমি দেহভার
কিছু রাখো দুপুরের হলুদ বেলায়
কিছু রাখা অন্ধকার জলের গভীর দেশে–প্রমত্ত আশার
লক্ষ ঢেউ মুছে যায় একাকার সাগরে, সকালে,


অথচ তোমার কোলে অগ্রন্থির মালা ছেড়ে এখনো বাতাস।
এখনো দুর্লভ যত সংগ্রহে ভরে আছে পর্বত তোমার।
প্রাকৃত জনের মতো আমি ভাবি সহসা নিশ্বাস
তোমারই বুকের কাছে বেজেছিল, সহসা মর্মরে


দিগন্তের তালবন যেন দূর পূর্ণিমাসন্ধ্যার
অন্তরালে তোমাকেও নিয়ে যায়–তুমি নামো
আসন্ন জোয়ারে, প্রথম সাগরস্নানে। অতি দীর্ঘ বালুতট
শূন্য

**********
No Review
Related Books
Loading books…