Home
আমার প্রিয়সখী – সন্তোষকুমার ঘোষ

আমার প্রিয়সখী – সন্তোষকুমার ঘোষ

রঞ্জিত চট্টোপাধ্যায়

আমার প্রিয়সখী – সন্তোষকুমার ঘোষ

রঞ্জিত চট্টোপাধ্যায়
uncategorized

Change color

আমার প্রিয়সখী – সন্তোষকুমার ঘোষ


আমার প্রিয়সখীর কথা লিখছি।


সকালে খবরের কাগজটা খুলেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার হাত কাঁপছিল। আমার মুখও বিবর্ণ হয়ে গিয়ে থাকবে। আমি তো দেখতে পাইনি, রিফ্রেশমেন্ট-রুমে আর যারা ছিল তারা বলতে পারবে। চায়ের পেয়ালা ফসকে পড়েছিল, কোনক্রমে সামলে নিলাম। টলতে টলতে উঠে দাঁড়ালাম চেয়ার ধরে। দাম দিয়েছিলাম কি দিইনি, এখন আর মনে নেই। অস্ফুট গলায় একবার বলেছিলাম, বনরেখা, বনরেখা।


আমার এখনই রেল-পুলিশকে খবর দেওয়া উচিত—এখনই, এখনই, এখনই।


আমি যে অতটা ভেঙে পড়েছিলাম, তার অনেকটাই ভয়ে আর ক্লান্তিতে। সারারাত ঘুমোতে পারিনি। ওয়েটিং-রুমে সমস্তক্ষণ আলো জ্বলছিল, কোথা থেকে ফিরে ফিরে আসছিল দু-তিনটে মশা, আমার কানে গোপন কোন কথা বলতে চাইল ; কী সে-কথা, আমি জানি না। ওদের ভাষা আমি বুঝতে পারিনি। হেলানো চেয়ারটাও আরামপ্রদ ছিল না। পিঠ আর কাঁধের কাছটা টন্‌টন্‌ করে উঠেছিল। ছারপোকার চোরা ছুরি তো ছিলই।


আরও একটা জিনিস দেখলাম, প্ল্যাটফর্মটা কখনও ঘুমোয়নি। মাঝে মাঝে দূর-পাল্লার গাড়ি এসে দাঁড়ায়, হাঁপায়; মনে হয় রেগে আছে। ওরা রেগেই থাকে, নিশান পেয়ে চলে, সেও যেন রাগত ভাবে।


আমি চোখের পাতা খুলেছি আর দেখেছি। একবার প্ল্যাটফর্মটায় পায়চারি করেও এলাম। তখন সব ঠাণ্ডা, নিথর। কয়েকজন কুলি কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল, দপ্দপ্ করে সিগন্যালের আলো। তার বাবু সোজা হয়ে বসে টরেটক্কা করছিলেন।


আবার এসে শুয়েছি হেলানো চেয়ারে। অস্বস্তি যায়নি। অস্থিরতা বোধ করছি। এ কী অনিদ্রা রোগ আমাকে পেয়ে বসল। কেন ঘুমোতে পারছি না, কেন এই ভয়? ওয়েটিং-রুমে মাঝে মাঝে কারা আসছিল, খানিক বসে হাত-পা ছড়িয়ে, ঘুমিয়ে কিংবা না ঘুমিয়ে ওরা চলে যাচ্ছিল। খুব মৃদু স্বরে কথা বলছিল কেউ কেউ, কী বলছিল আমি বুঝতে পারছিলাম না। প্রতিটি পায়ের শব্দে পিট্‌পিট্‌ করে তাকিয়েছি, আচ্ছন্ন চেতনা, আবিল দৃষ্টি, সব ছায়া-ছায়া দেখছি। ভয়ে আড়ষ্ট, আমি ভেবেছি, ওরা সরে যায় না কেন। আবার সরে গেলেও চমকে উঠেছি। একাকিত্ব নামে ভয়ঙ্কর একটা রাক্ষস এই ঘরের কোথাও লুকিয়ে আছে, হয়তো ওই হ্যাটর‍্যাকটার পিছনে, কিংবা মানুষ-প্রমাণ টেবিলটার তলায়, সে আমাকে এবার গ্রাস করবে। ভাগ্যিস, কারা ভারী-ভারী মেলব্যাগ এ-প্রান্ত থেকে ও-প্রান্ত অবধি ঠেলে নিয়ে গেল, সেই ঘর্ঘর শব্দে আমি ভরসা পেলাম, নইলে বুঝি বা মূর্ছাই যেতাম।


সকালে উঠেই চোখে-মুখে ভাল করে জল ছিটিয়ে দিয়েছি। চেহারা দেখেছি আয়নায়। ছি, ছি, চোখের কোলে এত কালি।


তারপর চায়ের ঘরে কী ঘটল আগেই বলেছি। আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে গেল, চেয়ার থেকে আমি পড়ে যাচ্ছিলাম। চোখে সূচ্যগ্র বিরক্তি আর বিস্ময় নিয়ে ওরা আমার দিকে চেয়েছিল। আমার মনের ভিতরে কী ঘটছিল বলতে পারব না, আমি এ ব্যাপারটা জানতুম। কাল সারা রাত জুড়ে আমার মনে কালো পিঁপড়ের মত ভয় ঝাঁকে ঝাঁকে এসে বসেছে, ছেয়ে ফেলেছে, দংশন করেছে। সেই ভয়ের উৎসে আমি নিমেষে পৌঁছে গেলাম।


আচ্ছন্ন অভিভূতের মত আমি চায়ের ঘর থেকে উঠে এসেছি। খেয়াল হতে দেখি, বসে আছি রেল-পুলিশের ঘরে। আমার সুটকেসটা আমারই সামনে রাখা, টেবিলের ওপরে।


মনে আছে, পুলিশ অফিসারটি মাথা নিচু করে কী লিখলেন, আমাকে দেখে মাথা তুললেন। একটু অবাক হয়ে থাকবেন, কিন্তু আমাকে বুঝতে দিলেন না, ইঙ্গিতে একটা চেয়ার দেখিয়ে আবার লিখে চললেন।


আমি বসে আছি। মাথার ওপর পাখা ঘুরছে, দেখছি ঘড়ির কাঁটা সরছে, ওঁর লেখা আর শেষ হয় না। একজন সেপাই এসে দাঁড়াল, সেলাম করল, ক্লিক করল গোড়ালিতে গোড়ালি মিলিয়ে, শুনতে পেলাম। লেখা কাগজটা তার হাতে তুলে দিয়ে অফিসার আমার দিকে চেয়ার ঘুরিয়ে নিয়ে ভারী-ভরী গলায় বললেন, বনরেখা রায়ের মৃত্যু সম্পর্কে কী বলবেন, এবার বলুন।


এবার অবাক হবার পালা ছিল আমার। অফিসারটিও সে কথা বুঝে থাকবেন। হেসে বললেন, ভাবছেন, এ বিষয়েই আপনি কথা বলতে এসেছেন কী করে বুঝলাম? ওয়েল, আমরা সবাই শার্লক হোমস নই, কিন্তু হতে সাধ সবারই অল্প-বিস্তর আছে। ছোটখাটো চমক দেওয়া আমার অভ্যাস। অথচ আমরা সামান্য পুলিশ, আপনাদের ডিটেকটিভ বইয়ে যারা মূঢ়, হাসি-ঠাট্টার পাত্র। গোয়েন্দা-গল্প পড়ে নিশ্চয় আপনাদের ধারণা হয়েছে আমরা ইট-কাঠের মতই নিরেট, খুন-টুনের কিনারা এ দুনিয়ায় শুধু সখের গোয়েন্দারাই করে। তা নয়, শ্রীলা দেবী, আমরাও করি। সামান্য যা বুদ্ধি-বিবেচনা আছে, তাই খাটাই। আর মনে মনে মানবেতর জীব বলে গালাগাল দিতে চান দিন, কিন্তু আমাদের, অর্থাৎ পুলিশের, পশুর মত ইনটুইশন,—মানে সহজাত বোধও আছে। তা দিয়েই অনেক সময় অন্ধকারে ঢিল ছুঁড়ি, দু-চারটে লেগে যায়।


অফিসারটি সিগারেট ধরিয়ে আবার বললেন, আপনার নাম জানতে অবিশ্যি বুদ্ধি প্রয়োগ করতে হয়নি, আর ও বস্তুটি ইনটুইশন দিয়েও জানা যায় না। সামুদ্রিক বিদ্যা দিয়েও হয়তো যায়, তবে আমি চোখ দিয়ে জেনেছি। নেহাত নিরক্ষর তো নই, আপনার সুটকেসের ওপরেই যে লেবেল লাগিয়েছেন তাতে আপনার নাম লেখা আছে। এবার বলবেন, বনরেখা রায়ের সম্পর্কে আপনি কিছু বলতে চান, ধরলুম কী করে? ফ্রাঙ্কলি বলব, ওটা আন্দাজ। খানিকটা, পুরোপুরি নয়। আপনার নামের নিচে লেখা আছে পাটনা। বনরেখাও ওখানে থাকতেন। দিলাম ঢিল ছুঁড়ে। লাগল। না লাগলে আপনি প্রতিবাদ করতেন। এখনও করেননি।


আমার কপালে ঘাম ফুটছিল। অফিসারটি বললেন, আর দেখুন, রেলপুলিশের ঘরে মেয়েরা সচরাচর আসে না। আপনি এলেন। এই জংশনে আজ গোলমেলে কিছু ঘটেনি, ঘটলে হৈ-চৈ হত, আমরা এমনিতেই জানতাম। অতএব আপনি এমন কোন বিষয়ে কিছু বলতে চান, সেটা এখানে নয়, অন্য কোথাও ঘটেছে। যে ঘটনার কথা আপনি এইমাত্র জানতে পেরেছেন। সেটা কি হতে পারে? আপনাদের যাত্রীদের জানবার একটা উপায়, প্রায় একমাত্র উপায়, খবরের কাগজ। সেই কাগজেই শ্ৰীলা দেবী, আজ বনরেখা রায়ের মৃতদেহ আবিষ্কার ছাড়া চাঞ্চল্যকর খবর আর কিছু নেই।


সিগারেট নিভিয়ে অফিসারটি পাখাটাকে আরও জোরে চালিয়ে দিলেন। বললেন, অবশ্য, আন্দাজ আমার ঠিক নাও হতে পারত। কিন্তু ঠিক যখন হয়েছে, তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। এবার আপনার কথা বলুন।


তখনকার মত আমি শুধু বলতে পারলাম, এক গ্লাস জল।


সমস্ত গ্লাসটা ঢক্‌ঢক্‌ করে নিঃশেষ করে আমি অফিসারটির হাতেই তুলে দিলাম। আমার হাত তখনও থরথর করে কাঁপছিল।


শ্ৰীলা দেবী, আপনি অত্যন্ত বিচলিত হয়েছেন। তবু আপনাকে স্থির হতে হবে। অফিসারটির গম্ভীর কণ্ঠ শুনতে পেয়েছি, একটু সাহসও যেন পেয়েছি।


বনরেখা রায়কে আপনি কতদিন থেকে জানতেন?


তিনি আমার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন।


আর?


মনে আছে, গুছিয়ে বলতে পারিনি, আমার গলা বারে বারেই কেঁপে গিয়েছে, কখনও অকারণে উঠেছে উচ্চগ্রামে, কখনও একেবারে নিচের পর্দায় নেমেছে। তবু জানতাম, আমাকে বলতে হবে। বলতে হবেই। যখনই খেই হারিয়ে গিয়েছে, মাথা তুলে চেয়েছি অফিসারটির দিকে। ওঁর পেন্সিলটা অক্লান্ত চলছিল। মাথার ওপর পাখাটাও অক্লান্ত চলছিল, আর গম্গমে স্টেশন-ইয়ার্ডে মালগাড়ির শান্টিং-এর বিরাম ছিল না।


বনরেখা আমার বাল্যসখী। কলকাতায় একই পাড়ায় আমাদের বাসা ছিল, একই স্কুলে পড়েছি একই ক্লাশে। সে ফার্স্ট হত, আমি হতাম সেকেন্ড।


আপনি কোনবার ফার্স্ট হননি?


না, একটু লজ্জা পেয়েছি যেন। আবার বলেছি, একবারও না। আমি সেকেন্ড হতাম বটে, কিন্তু বনরেখা আমার চেয়ে ঢের ভাল মেয়ে ছিল। একটু থেমে আমি আবার যোগ করলাম, শুধু লেখা পড়ায় নয়, সব বিষয়ে।


অফিসারকে বলতে শুনলাম, অর্থাৎ?


আমি এসেছি প্রাণের তাগিদে, অদৃশ্য কোন দৈবশক্তির প্রেরণায়। বলতেই তো এসেছি, তবু লোকটা জেরা করছে কেন? বিরক্ত গলায় বলেছি, অর্থ আপনিই করে নিন। আভাসে বললে আপনি তো বোঝেন না। বেশ, সোজাসুজি বলছি, লিখে নিন। বনরেখা রূপে শুধু আমাকে কেন, বাংলাদেশের অনেক মেয়েকেই হার মানাতে পারত। ওদের বাড়ির অবস্থা খুবই ভাল। যে-মামার বাড়িতে আমি খেয়ে-পরে মানুষ, তিনি ওদেরই ভাড়াটে ছিলেন। ওই পাড়াতেই ওদের আরও দু-তিনটে বাড়ি ছিল বলে শুনেছি। আমার নিজের পড়ার বই প্রায়ই কেনা হত না, বনরেখার কাছ থেকে ধার করে এনে পড়তাম। বরাবরই ওর খুব উদার মন, কখনও কিছু মনে করত না। এমন কি আমাকে অনেকবার বলেছে, তোর নিজের বই নেই বলেই তুই ফার্স্ট হতে পারিস না। থাকলে আমাকে নিশ্চয় হারিয়ে দিতিস। টিফিনের সময় ওর জলখাবার আমরা দু’জনে ভাগ করে খেতাম। এ ছাড়া মাঝে মাঝে কত ছোটখাট প্রেজেন্ট ও আমাকে দিয়েছে তার হিসেব নেই। বড় হয়েও আমাদের বন্ধুত্ব যায়নি। আমরা কলেজেও একই সঙ্গে পড়ি। সেখানেও আমাকে ও অনেক সাহায্য করেছে। তবে আমাদের অবস্থা ক্রমেই খারাপ হয়ে পড়েছিল তো, আমি সকালে-বিকালে দুটো টুইশানি নিয়েছিলাম। তাই কোনক্রমে পাসকোর্সে বি-এ পাশ করলাম, ও উঁচু অনার্স পেল। পরে ও এম-এ আর বি-টিও পাশ করেছিল।


আর আপনি?—বিয়ে করলেন?


অফিসারটির অশোভন প্রশ্নে বিব্রত, একটু বিরক্তও হয়ে উঠেছিলাম। আমি এসেছি বনরেখার শোচনীয় মৃত্যু সম্পর্কে কিছু বলব বলে, অপ্রয়োজনীয় নানা প্রসঙ্গ তুলে ওর লাভ কী? সময় নষ্ট করতে পুলিশের জুড়ি নেই।


তবু মনের ভাব গোপন করতে হল। বিরক্তিটা যথাসাধ্য চেপে বললাম, না। বরং বনরেখাই বিয়ে করেছিল।


কবে শ্রীলা দেবী, কতদিন আগে?


পড়তে পড়তেই।


কাকে বিয়ে করলেন বনরেখা দেবী? কোনও সহপাঠীকে?


লোকটার কিছু সহজাত বুদ্ধি আছে স্বীকার করতেই হবে। বললাম, হ্যাঁ। তার নাম প্রসাদ রায়। আপনি তাকে চিনতেন?


কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বললাম, চিনতাম। ঠিক ঠিক বলতে গেলে, প্রসাদের সঙ্গে আমিই বন-র আলাপ করিয়ে দিয়েছিলাম।


ঘটকালি?


এ-কথাটার উত্তর দিলাম না। নির্লজ্জ, না-ছোড় লোকটা আবার বলল, এইবার বলুন তো শ্ৰীলা দেবী, এই বিয়ে কি সুখের হয়েছিল?


এবার আর নিজেকে সংযত রাখতে পারিনি। ঝোঁকের সঙ্গে বলে উঠেছি, মাপ করবেন, অন্যের দাম্পত্য জীবন সম্পর্কে খবর রাখা আমার বৃত্তি নয়।


লেখা থামিয়ে অফিসারটি টেবিলের উপর পেন্সিলটা বাজালেন। মনে হল, হয়ত একটু অপ্রতিভ হয়েছেন। একটু পরে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বললেন, সত্যিই আমার অপরাধ হয়েছে শ্রীলা দেবী। আপনি ক্লান্ত, শোকাতুর, সে কথাটা মনে ছিল না।


ভাবলাম, এবারে উনি বলবেন, আচ্ছা যেতে পারেন। ছুটি পেয়ে আমি নির্জন কোন একটি কোণ খুঁজে নিয়ে একটু কাঁদব, একটু ঘুমিয়ে নেব।


অতটা আশা করা ভুল হয়েছিল। অফিসারটি আমাকে ছুটি দিলেন বটে, কিন্তু সাময়িকভাবে। বললেন, আপনি ওয়েটিং-রুমেই ফিরে যান শ্ৰীলা দেবী। শুধু একটি অনুরোধ আছে। পরের গাড়িতেই যেন পাটনায় চলে যাবেন না। আমাদের চীফ্, পূর্ণেন্দু মৌলিকের নাম শুনেছেন? তিনি খবর পেয়ে গিয়েছেন ধানবাদে। ওই সেকটরেই খুনটা হয়েছিল কিনা। অকুস্থলের তদন্ত সেরে বোধ হয় শিগগিরই ফিরে আসবেন, এখানেই। তিনি হয়তো আপনার সঙ্গে দেখা হলে হাতে স্বর্গ পাবেন।


চীফ্ মৌলিক সাহেব সত্যিই ভদ্রলোক। অসাধারণ চেহারা। অনেকদিন বাড়িতে রাখা পাকা আমের মত রঙ। বললেন, অসংখ্য ধন্যবাদ শ্ৰীলা দেবী। আপনি নিজে থেকে আমাদের সাহায্য করতে এসেছেন, কী ভাবে আমাদের কৃতজ্ঞতা জানাব বুঝতে পারছি না। আমাদের পক্ষে আপনিই হবেন মেটিরিয়াল উইটনেস।


বলতে বলতে পকেট থেকে কাগজপত্র বার করলেন মৌলিক সাহেব। খাপ থেকে চশমা বার করে নাকের যথাস্থানে সন্নিবিষ্ট করে বললেন, বাড়ি সার্চ করে, মৃতের জিনিসপত্র ঘেঁটে, কলকাতায় আর পাটনায় তার করে আমরা সামান্য কিছু কিছু খবর সংগ্রহ করেছি, আপনাকে পেয়ে ভালই হল। আমরা মোটামুটি যে তথ্য দাঁড় করিয়েছি, আপনাকে বলছি। আপনি কনফার্ম করবেন। যেখানে মনে হবে আমাদের ভুল হচ্ছে, শুধরে দেবেন। শুনুন।


মৃত বনরেখা রায়ের বয়স আঠাশ কি ঊনত্রিশ, এম-এ, বি-টি। পাটনার ‘গার্লস ওন স্কুলের’ প্রধানা শিক্ষয়িত্রী। পাটনাতেই স্বামীর সঙ্গে বাস করতেন। স্বামী বিশেষ কিছু করে বলে মনে হয় না। শ্ৰী

**********
No Review
Related Books
Loading books…