অঙ্গে আমার বহুবর্ণের দাগ – ত্রিদিব দস্তিদার
উৎসর্গ
মেরী এ্যান রড্রিগসকে
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ১৯৯৮
প্রকাশক : সৈয়দ রহমত উল্লাহ রাজন, র্যামন পাবলিশার্স, ঢাকা
আমার চোখ
প্রথমে পায়ের নখের নক্সী-কিউট
না প্রীত-চিবুক ধরে করি সম্বোধন
সব স্থানেই তো লোমশ আবেগ
ওদের বিস্তার সর্বগ্রাসী পশুর ঔরস
এভাবে আমার চোখ মানবীর রূপকে হারায়।
প্রথমে ভোরের শিশির ছুঁয়ে
না সূর্যাস্তের রশ্মি মেখে বুকে
সর্ব-প্রাকৃতিক ঐশ্বর্যের ডাক নামে
আমাকেও উজাড় করে যে দুর্যোগ
ওদের বিস্তার সর্বগ্রাসী প্রলয়ের তাড়া
এভাবে আমার চোখ প্রকৃতির সৌন্দর্য হারায়।
প্রথমে প্রাপ্ত-জীবিকার পরমায়ু দেখে
না আয়ুর নিষ্ক্রান্তি রটিয়ে স্বপ্ন
জাগতিক কবিতার ঘরে দেয় বাস্তবের খুঁটি
ওদের বিস্তার তাই জীবন-যুদ্ধের রূপাঘাত
এভাবে আমার চোখ কবিতার উৎকর্ষ হারায়।
চোখ
তোমার চোখ-জোড়া পাঠ-অভ্যাসের মতো
পড়ে আছে আমার পড়ার টেবিলে
আমি তোমার চোখের মুখবন্ধ খুলি
খুঁজি কাজল পক্তি
ভূমিকার একাগ্র শিকড় প্ৰণয়।
তোমার চোখ-জোড়া সমুদ্র-এ্যাকুরিয়াম
যেন দূর কৃষ্ণ বিন্দুর মাছ
ফেনায়িত শাদা ক্যানভাসের মুখ
পড়ে আছে আমার ঋজুতার ইজেলে
আমি তোমার চোখের রঙ মুখস্থ করি।
তোমার চোখ-জোড়া পাহাড়ের ঢালু পথ
সমতলে গড়ে ওঠা কুঁড়ে ঘর ছাতা
ঝর্নার ঠোঁটে বসে থাকা
শুভ্র পাথর প্রেমিক
আমি তোমার চোখের মুগ্ধতা মুখস্থ করি।
তোমার চোখ-জোড়া লুক্কায়িত ঝিনুক-শঙ্খ
বুকে তার কান্নার গভীর সমুদ্র
আমি তোমার চোখের শব্দ মুখস্থ করি।
তোমার চোখ-জোড়া ভোরের স্নিগ্ধ নীরবতা
নারকেল পাতার ভ্রূ-ভঙ্গিমায়
বিন্দু বিন্দু শিশিরের স্বেদ
আমি তোমার চোখের মগ্নতা মুখস্থ করি।
তোমার চোখ-জোড়া দু’পারের দু’টি রঙধনু সেতু
এপারে অপেক্ষমাণ মানুষের নিঃশব্দ হাঁক
ওপারে বিশ্বাস চুমু খায়
আমি তোমার চোখের সীমানা মুখস্থ করি।
বৈশাখে উত্তরবঙ্গীয় বাস
বৈশাখের বাসে উঠেও তুমি চৈত্রকে—
বিদায় দিতে পারলে না, পারলে না নাড়াতে
উষ্ণতার বিপক্ষে কোনো চৈত্রের বিদায়ী হাতপাখা
যদিও বিদায় কখনো উষ্ণতার হয় না,
তবুও তোমার উষ্ণতা নিবারণ বড় প্রয়োজন ছিল
বৈশাখের সেই লাল বাসে।
আমি তাই একখণ্ড শীতল বাতাসের নির্ভরতার খোঁজে
তন্ন তন্ন করি বাসস্ট্যান্ড
হালকা পাতলা কোনো চটুল সাপ্তাহিকে,
পুরানো দৈনিকের অবিকৃত পাতায়,
বিজ্ঞাপনের ছেঁড়া কার্টুনে-সৃষ্ট বাতাসের প্রত্যাশা পূর্ণ করে
তোমার হাতে পৌঁছে দিতে এক পাখার বিকল্প গন্তব্য
ক্লান্তিহীন তোমার বাতাস-যাত্রায়, ছায়াপথে।
কিন্তু তোমার এ দীর্ঘ পথযাত্রা এবং ক্লান্তিময় উত্তাপ
আমার হৃদয়ে সম্পূর্ণ চৈত্রের হাওয়াহীন
তাপ-হলকা ছিটিয়ে সড়ক-পলকের গতি নিয়ে
ছুটে গেলো বৈশাখের সেই উত্তরবঙ্গীয় বাস,
আমার দৃষ্টির পলকহীন অপেক্ষার বাইরে।
নারী অমৃতস্য
ঈশ্বর গড়েছে লীলায়
নারীতে কাঠামোর ভিত
বাড়ন্ত মাটির অর্ঘ্যে
প্রকৃত স্বদেশপ্রেমী।
নারীই প্রকৃত স্বদেশ যেন
আবর্তিত শস্যের মাঠ
বীজের বাহুল্য রাখে
মোহনার ইলিশ সাঁতার।
নারীতে নিমগ্ন প্রেম
মাতৃসুধা দেশজ বিন্যাস
আঁচল বিছিয়ে তোলে
অমৃতস্য পুত্রের আখ্যান।
ভালোবাসার বস্তুগত ব্যবহার বিধি
আজও সিঁড়ি ধরে নেমে যায় ক্রোধ
সবুজ ছায়ারা আসে ছাদের নিচের ঘরে
হলুদ হওয়ার আগে
নেমে যায় পথে।
অভিমান অভিমানে ক্রোধ হ’লে
ক্রোধের হলুদ আসার আগে
ঝরে যায় যদি পরিপক্কের রূপ,
না-তুমি ঝরাও!
ফলের আসল পরিচয় তবে
কে দেবে আমাকে
বীজহীন রেখে তার
মাটির জীবন?
সবুজ রূপেতে স্বাদ নতুনের ঘরে
এনে দেবে সাময়িক,
চোখের চকচক দেবে যথেচ্ছ বাড়িয়ে।
কেন তুমি প্রিয় অবহেলা ভরে
হলুদ পাতাকে দেবে
পুনশ্চের ক্রোধ-অভিমান?
ক্রোধে আর অভিমানে রেখে একদিন
সবুজকে আবারো হলুদের আগে
যদি তুমি দিয়ে যাও শেষবার,
ভালোবাসার বস্তুগত ব্যবহার বিধি
তবে মেয়ে, বিনা মেঘে বজ্ৰপাত
হবে না আমার।
দুধ-আদর
কী সবুজ আদর পাওয়ার
জন্যে তুমি
কী এমন বেড়াল সাজে
লুটিয়ে পড়ো
চরণ ছুঁয়ে ভালোবাসার
হন্যে তুমি
উজাড় করে দাও যে তোমার
শতেক আয়ু!
কী অবুঝ আদর খোঁজার
দুস্থ বেড়াল
কী এমন সাঁঝের বেলায়
সঙ্গোপনে
জীবনের হাতড়ে ফেরা
সব উপভোগ
পেতে চাও দুধ-আদরে
পূৰ্ণ বাসন!
শালবনে হারিয়ে যাওয়া
শালবনে হারিয়ে যাওয়ার মতো
তোমাকে খুঁজি, পাখির মুগ্ধ কলতানে
জ্যোৎস্নার প্লাবিত সংসারে।
অথচ তুমি কোথায় ছিলে না বলো?
যে দৃশ্যে তাকাই না কেন সে দৃশ্যে তুমি ছিলে
রূপে, গন্ধে, বর্ণে কেবল সমাহার।
তোমার অস্তিত্ব এখন শুধুই ধু-ধু শালবন
ধু-ধু হারিয়ে যাওয়া
ধু-ধু নীলিমায় ঝরা পালকের ঢেউ।
একদিন বিস্তীর্ণ স্বপ্নের মাঠ পার হতে দেখেছিলাম
এক দিব্য জ্যোতির্ময় যৌবনবতীকে
সে যতই অগ্রসর হচ্ছে তার পশ্চাৎভাগ
ততই অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল একান্ত নিয়মে
আর সামনে তার প্রজ্জ্বলিত আলোর শিখা
পেছনে আমি যেন এক অন্ধকার পিণ্ড
আমিময় অন্ধকার পিণ্ডটিকে নিয়ে যতই এগিয়ে যাই
মাঝখানে তোমার পশ্চাৎছায়ার কৃষ্ণ-দেয়াল
ততই দৃঢ় এবং ঋজু ভঙ্গিতে
আলোকময় রশ্মিগুলোকে ঘিরে থাকে।
এবারও আমিময় আলোর দিকে
মুখ করে ছুটতে চাইলাম—
তবুও তুমি এক রহস্যময় আঁধারের বন্ধন,
ছিন্ন হতে দিলে না,
রেখে দিলে শুধু গতিষ্মান সময়ের সন্ধিস্থলে।
আমি এখনো তোমাকে খুঁজি
পৃথিবীর আদিম মন্ত্রে, নক্ষত্ররাজির উদ্বেলিত উদ্যানে
অবলুপ্ত কোনো প্রাচীন পুরাণে।
কিন্তু তোমার অর্ধেক অন্ধকার আর অর্ধেক আলোর শরীর
কখনো আর একত্র হবে না জেনেও
এই শালবনহীন প্রান্তরে
আজ আমি শালবনে হারিয়ে যাওয়ার মতো
তোমাকে পাওয়া, তোমাকে খোঁজা, তোমাকে হারানো
পূর্ণিমার কাছে, জ্যোৎস্নার একান্ত সাহচর্যে
পাখির উচ্ছল কলতানে
মর্মরিত পাতার আনন্দে
তোমার একাংশ অন্ধকারকে নিবিড় প্রজ্ঞায়
আজো জানতে চাই,
বার বার হারিয়ে যাই,
তোমার নির্মিত এই গভীর শালবনে।
