Home
স্তব্ধ অট্টহাসি

স্তব্ধ অট্টহাসি

অদ্রীশ বর্ধন

স্তব্ধ অট্টহাসি

অদ্রীশ বর্ধন
thriller

Change color

অট্টহাসি বটে একখানা। ঘর বুঝি ফেটে গেল। কড়িকাঠ কেঁপে উঠল। চারদিকের দেওয়ালে ফাট ধরল।

ভুরু কুঁচকে একদৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ। ভেবেছিল, ওই একখানা তেজালো হাসি হেসেই ক্ষ্যামা দেবে আগন্তুক।

কিন্তু তা তো হল না। অট্টহাসি যে ক্রনিক হয়ে গেল। একটা থামতে না থামতেই শুরু হয় আর-একটা। ঘর গমগম করছে। আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু অট্টহাসি আর থামছে না। থামানো যাচ্ছে না। চেষ্টা করছে আগন্তুক। চোখে জল এসে গেছে। রুমাল বের করে চোখ মুছছে, মুখ চাপা দিচ্ছে, পেট খামচে ধরছে কিন্তু তেড়েমেড়ে অট্টহাসি বেরিয়ে আসছে মুখগহ্বর দিয়ে।

আর, তারপরেই শুরু হল হেঁচকি। প্রবল হেঁচকি। আগন্তুকের অতবড় কলেবরটাকে ভেতর থেকে মুহুর্মুহুঃ কঁকুনি দিয়ে যাচ্ছে পাকস্থলীর তড়কা।

এরকম কাণ্ড ইন্দ্রনাথ রুদ্রর ঘরে কখনও ঘটেনি। রহস্য আর ষড়যন্ত্রে হাবুডুবু খেয়ে যারা আসে, তারা একেবারে মিইয়ে থাকে। উদ্বেগ উৎকণ্ঠায় আধমরা হয়ে থাকে।

ইন্দ্রনাথ তাদের চাঙা করে। তাদের জটিল সংকট থেকে কুটিল কাঁটা খুঁজে বের করে দেয়। তারা তখন হেসে বাড়ি ফিরে যায়।



কিন্তু এরকম অট্টহাসি তো হাসে না। বিশেষ করে কী ফ্যাসাদে ফেঁসেছে তা ব্যক্ত করার পূর্বমুহূর্তেই এবম্বিধ অট্টহাস্যের উদ্রেক ঘটে না। এভাবে হেঁচকিও তোলে না।


ইন্দ্রনাথ বুঝল, লোকটা হেঁচকিকে আর কন্ট্রোল করতে পারছে না। হেঁচকিই এখন তার প্রভু হয়ে দাঁড়িয়েছে। দম আটকে আসছে, চোখ ঠেলে-ঠেলে বেরিয়ে আসছে, গোটা অন্ননালিটা যেন পটাং করে ছিঁড়ে যেতে চাইছে।


হেঁচকির হাতে মক্কেলকে ছেড়ে দিয়ে পাশের ঘরে গেল ইন্দ্রনাথ। ফিরে এল একটা সাদা রঙের ট্যাবলেট নিয়ে। আর এক গেলাস জল।


বললে, খেয়ে নিন। স্প্যাজম কমবে। হেঁচকি পালাবে। মক্কেলের তখন কথা বলার অবস্থা নেই। এক হাতে জলের গেলাস, আর এক হাতে সাদা বড়ি নিয়ে দুটোই তুলল মুখের কাছে। একটা হেঁচকি যেই উঠেছে আর সময় না দিয়ে তক্ষুনি বড়ির পেছনে খানিকটা জল দিয়ে পেটে চালান করে দিল মহাকায় মানুষটা।



এরপরেও উঠেছিল খান তিনেক হেঁচকি। তারপর চম্পট দিল একেবারেই। ঘর এখন নিস্তব্ধ। অট্টহাসিও যে স্তব্ধ।



ইন্দ্রনাথ বললে, যে বড়িটা আপনাকে দিলাম তা বারালগন। দুটো বড়ি পকেটে সবসময়ে রাখবেন। বেমক্কা হেঁচকিকে শায়েস্তা করতে পারবেন।


লোকটা তখন টানা লম্বা নিশ্বেস নিচ্ছে। ফুসফুসকে ঠান্ডা করে তুলছে। কথা বলতে চাইছে না। হেঁচকির ভয়ে। ফের যদি তেড়ে আসে।


ইন্দ্রনাথ তাই একাই কথা বলে গেল।


মামুলি হেঁচকি এটা নয়। তাই বারালগন দিলাম। নইলে দিতাম ঠান্ডা জল অথবা গরম কফি। নাছোড়বান্দা এ হেঁচকি ওঠে ক্রনিক নার্ভের ইরিটেশন অথবা ইনফ্লেমেশন ঘটলে। উদ্বেগ, উৎকণ্ঠা, ইমোশন্যাল শক–সেই থেকেই হেঁচকি-রূপী সাইকোসোম্যাটিক রিঅ্যাকশন। বুঝছেন?


মক্কেল ঘাড় হেলিয়ে জানাল, সে বুঝতে পারছে।


ইন্দ্রনাথ বললে, আপনার তো দেখছি, মানসিক চিকিৎসার দরকার।


মক্কেল জোরে জোরে ঘাড় নেড়ে সায় দিল এই প্রস্তাবে।


ইন্দ্রনাথ তখন নস্যির ডিবে বের করল। মুডে থাকলে খুব কায়দা করে নস্যি নেওয়া ওর অভ্যেস। আগে টানত কাচি সিগারেট তারপর হল চুরুট, পাইপ কামড়েও স্টাইল মেরেছে অনেক। এখন সব ছেড়ে দিয়ে চালাচ্ছে শুধু তামাকচূর্ণ মস্তিষ্ককে ঝাঁকুনি মেরে মেরে অ্যাকটিভ রাখার জন্যে। কিন্তু নস্যি যখন নেয়, তখন মনে হয় যেন একটা মস্ত শিল্পকর্ম করছে।


আগন্তুক খাবি খাওয়ার ভঙ্গিমায় নাকমুখ দিয়ে অক্সিজেন টানতে-টানতে দুর্লভ এই দৃশ্য অবলোকন করে গেল। ধড়ে যেন প্রাণ ফিরে এল। একটু কাষ্ঠ হাসি হাসল–এবার আর অট্টহাসি নয়।



বললে, আপনি ঠিকই বলেছেন। আমার মানসিক চিকিৎসার দরকার। কারণ আমি পাগল।



ইন্দ্রনাথ সিনেমা-নায়কের ঢঙে অপাঙ্গে তাকিয়ে নিয়ে নস্যির কৌটো পকেটে রাখল। দেওয়ালের দিকে তাকিয়ে বললে, নিজেকে যে পাগল বলে, সে পাগল নয়।


মক্কেল বললে, কিন্তু আমি পাগল। দাগি পাগল।


মানে?


আমি পাগলা গারদে ছিলাম।


ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। মওকা বুঝে একটা গেরস্ত টিকটিকি টিকটিক করে উঠে বোধহয় সর্বজ্ঞ ভূশণ্ডী কাকের মতো বলে উঠল–ঠিক, ঠিক, ঠিক! মক্কেল নির্ঘাত পাগল।


ইন্দ্রনাথের চাহনি এখন সূচ্যগ্র হয়েছে। ছুঁচের ডগার মতো সরু ওই চাহনির মধ্যেই নিহিত রয়েছে ঈগল চোখের ক্ষমতা। অনেকদূর থেকে অনেক কিছু দেখলেই ঈগল ঠিক আসল জায়গাটাকে বিবর্ধিত আকারে দেখতে পায়। ঈশ্বরের কৃপায় শুধু ঈগলই এই ক্ষমতা পায়নি–পেয়েছে নিশ্চয় ইন্দ্রনাথ রুদ্রও। নইলে হাজার গোলমালের স্তূপের মধ্যে থেকে সঠিক গোলমালটা ও টক করে চিনে নেয় কী করে? তারপরেই নির্মূল করে আসল কারণটাকে সঙ্কটের সমাধান ঘটে। মক্কেলের মুখে হাসি ফোটে। ইন্দ্রনাথের পকেটে টাকা আসে।


হ্যাঁ, এটা ওর প্রফেশন। ও বলে। অ্যামেচার ডিটেকটিভদের অস্তিত্ব শুধু গল্পের বইতেই। আসল ডিটেকটিভকে খাটতে হয়। ইজিচেয়ারে হেলান দিয়ে শুধু বুদ্ধির খেল দেখালেই হয় না। সেই সঙ্গে চাই দক্ষিণা, যে যা দিতে পারে।


আগন্তুকের মুখের দিকে এহেন ঈগল চাহনি নিক্ষেপ করে ইন্দ্রনাথ কী সিদ্ধান্তে এল, সেটা মুখের পরতে প্রকাশ পেল না। চোখদুটো শুধু অনুকম্পায় নরম হয়ে এল। কণ্ঠে শোনা গেল তারই অনুরণন।


বললে, পাগলা গারদে ছিলেন?


মক্কেল বললে, হ্যাঁ।


আমাকে দেখে অমন হাসতে গেলেন কেন?


ঠিক তার মতো দেখতে আপনাকে। চমকে উঠেছিলাম, তারপরেই মনে পড়ে গেল, আমি তো পাগল। তাই–


হাসি পেল। হাসির রাজা অট্টহাসি, চমৎকার হাসি, এমন হাসি কজন হাসতে পারে বলুন। এমন হেঁচকিও কেউ তুলতে পারে না।–কোন পাগলা গারদে ছিলেন?


নয়নতারা মেন্টাল নার্সিংহোম।


সেটা কোথায়?


পুরুলিয়ায়। রিলিজ সার্টিফিকেট কবে পেয়েছেন?


সে অনেক বছর আগে।


কত বছর আগে?


কড়িকাঠের দিকে চোখ তুলে বছরের হিসেব করতে লাগল মক্কেল। সেই অবসরে তাকে খুঁটিয়ে দেখে নিল ইন্দ্রনাথ।


হেঁচকির ঢেউ যতক্ষণ ছিল ততক্ষণ মানুষটাকে মনে হয়েছিল বড্ড অসহায়। নিজের দেহমন্দিরকে যে পুরুষ নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজেকে সে নিতান্ত অপদার্থও মনে করে। তাকে দেখলে তখন মায়া হয়, হাসিও পায়।



কিন্তু এখন সে ভাব তিরোহিত হয়েছে তার চোখমুখ থেকে। হাবভাবে ফুটে উঠেছে সুগভীর আত্মপ্রত্যয়।



উচ্চতায় সে নাতিদীর্ঘ। প্রস্থে কিন্তু বিপুল। তার বিশাল কঁধ, বিরাট বুক এক লহমাতেই জানিয়ে দেয় শরীরের আসুরিক শক্তির অস্তিত্ব। মুখমণ্ডলও চৌকো। চোয়ালের হাড় বেশ চওড়া আর মোটা। কঠিন মনোবল ফুটে উঠেছে ঠেলে বেরিয়ে আসা চিবুকেও। ভুরু লোমশ। নাক পাতলা আর রীতিমতো ধারাল। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ। চওড়া, চ্যাপটা, স্থূলমুখে ঠিক যেন দু-টুকরো সরোবর ভেসে রয়েছে। ভাবমগ্ন, ধ্যানগম্ভীর, স্বপ্নিল সেই চাহনি যার ওপর পড়ে তাকে টলিয়ে দেয়।


আর এই চাহনি দেখে টলেছিল বলেই ইন্দ্রনাথ তার পরিচয় না নিয়েই তাকে আসন গ্রহণ করতে বলেছিল। পরক্ষণেই শুরু হয়েছিল তুমুল অট্টহাসি আর প্রবল হেঁচকি।


এখন সে তার আশ্চর্য চাহনি কড়িকাঠের দিকে মেলে রয়েছে। ভাবছে।


ভাবনা শেষ হল। চোখ নামিয়ে ধীর গম্ভীর গলায় সে বললে, চব্বিশ বছর আগে।


গলার আর বলার ব্যক্তিত্ব মন ছুঁয়ে গেল ইন্দ্রনাথের। নির্নিমেষে চেয়ে রইল কিছুক্ষণ। ব্যক্তিত্বের এহেন চকিত পরিবর্তন মানসিক অস্বাভাবিকতার পরিচায়ক নয় কি?


স্বর মাধুর্য বজায় রাখল ইন্দ্রনাথ। বললে, চব্বিশ বছর আগে? তখন আপনার বয়স কত ছিল?


চার।


ইন্দ্রনাথের চোখের পলক পড়ল না কয়েক সেকেন্ড।


চার বছর বয়েসে মেন্টাল নার্সিং হোমে ছিলেন?


সরোবর চাহনিতে এতটুকু কাঁপন না জাগিয়ে সে বললে, এই ধাঁধার জবাবটাই আপনার কাছে পেতে এসেছি। সত্যিই কি আমি চার বছর বয়েসে পাগল ছিলাম?


এখন জেনে কী লাভ?


এর ওপরেই নির্ভর করছে আমার বিয়ে–


ছোট্ট নিশ্বাস ফেলে ইন্দ্রনাথ বললে, বলুন আপনার কাহিনি।


বিচিত্র সেই কাহিনি আগন্তুকের জবানিতেই শোনা যাক।


.


আমার নাম সত্য বসু। আমার বাবার নাম সুপ্রিয় বসু। মায়ের নাম সাধনা বসু। স দিয়েই তিনজনের নামের শুরু। তিন-এর এই অভিশাপ আমার গোটা জীবনে জড়িয়ে রয়েছে।


খুব ছোটবেলার স্মৃতি নেই বললেই চলে। যা আছে তা বড় আবছা। কুয়াশার মতো অস্পষ্ট। তা থেকে উদ্ধার করা যায় না। আমি অন্তত পারিনি।


দু-একটা পাতলা ছবি মাঝে-মাঝে মনের কোণে উঁকি দেয়। একটা ছবি ভাবতে খুব ভালো লাগে। এ ছবিতে আছে অনেক জল। আমার চারপাশে। মাথার ওপর নীল আকাশ। আকাশ আর জল এক হয়ে গেছে।


আর একটা ছবি মনে পড়লেই গা হিম হয়ে আসে। কেন, তা বলতে পারব না। একটা মুখ…যেন ধোঁয়া দিয়ে গড়া কটমট করে চেয়ে রয়েছে আমার দিকে..নৃশংস চাহনি…এর বেশি কিছু মনে নেই।


তারপর যা বেশি করে মনে পড়ে, তা নার্সিং হোমের আদুরে মায়ের ছবি। আমাকে খুব ভালোবাসত। আমার সঙ্গে কত খেলা করত। কত হাসত। পাহাড়ে আর বনে বেড়াতে নিয়ে যেত।


আদুরে মায়ের কাছে শুনেছিলাম…আর একটু বড় হয়ে শুনেছিলাম আমার বাবা আর মা আগে আসত আমাকে দেখতে। মাস ছয়েক পরে আর আসেনি। এলেও দূর থেকে আমাকে দেখত। কাছে আসত না। আমি না কি বাবাকে দেখলেই ডুকরে কেঁদে উঠতাম। ভয় পেতাম।


তারপরের ছবিগুলো খুব স্পষ্ট। তখন তো আমি বড় হয়ে গেছি। নার্সিং হোম থেকে ছাড়া পেয়েছি। আমার বাবা আর মা আমাকে নিতে আসেনি বলে মানুষ হচ্ছি আদুরে মায়ের কাছে। নার্সিং হোমের কাছেই থাকত আমার এই মা। নিজেদের বাড়ি। বাবা ছিলেন স্কুল মাস্টার। তিনি দেহ রাখার পর আদুরে মা একা থাকত। বিয়ে করেনি। আমিই তার সব। তার চোখের মণি।


আমাকে লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, এই আদুরে মা। আদুরে মা বলে ডাকতে নিজেই শিখিয়েছিল। বলত, তোকে আদর দিয়ে বাঁদর করব। একটা বাঁদর পোষার শখ আমার অনেক দিনের। তুই আমার সেই বাঁদর।


রঘুনাথপুরে এখন মস্ত মানসিক চিকিৎসালয় তৈরি হচ্ছে। যখন তৈরি হয়ে যাবে, তখন পুব ভারতে এইটাই হবে সবচেয়ে বড় পাগলা গারদ। রাঁচি ম্লান হয়ে যাবে। পুরুলিয়ার গৌরব বাড়বে। এর পেছনে রয়েছে দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।


কিন্তু মূল আইডিয়াটা এসেছে নয়নতারা মেন্টাল নার্সিং হোম থেকে। পুরোপুরি বেসরকারি উদ্যোগ। সরকারি গ্রান্ট একটা পেত। আজও পায়। পাবেও। বিরাট সরকারি হাসপাতালের পাশেই থাকবে ছোট্ট সুন্দর, একান্ত ঘরোয়া এই বেসরকারি হাসপাতাল।


এই হাসপাতালকে আমি ভালোবাসি, এখানেই ফিরে এসেছিল আমার মানসিক ভারসাম্য। বছর দুই ছিলাম সেখানে। বছরখানেক ধরে চিকিৎসার টাকা পাঠিয়ে দিত বাবা। তারপর তাও বন্ধ হয়ে গেল। গ্রান্ট ছিল বলেই হাসপাতাল আমাকে দূর করে দেয়নি। দেবেই বা কোথায়। অনাথ আশ্রম ছাড়া আমার যাওয়ার আর জায়গা ছিল না। আদুরে মা তা হতে দেয়নি। হাসপাতাল যখন রিলিজ সার্টিফিকেট দিয়ে আমাকে ছেড়ে দিল, আদুরে মা আমাকে তুলল নিজের বাড়িতে।


যখন স্কুলে পড়ছি, তখন প্রথম জানলাম, আদুরে মা আমার সত্যিকারের মা নয়। ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের একটা পরীক্ষা দিতে হয়েছিল আমাকে। ফর্মে বাবা আর মায়ের নামের জায়গায় ব্র্যাকেট দিয়ে আদুরে মা লিখেছিল একটাই নাম–সুলোচনা দেবী। বাবার নাম ছিল না।


সেই দিন রাতে খাটে শুয়ে আদুরে মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিলাম, মা, আমার বাবার নাম লিখলে না কেন?


**********
No Review
Related Books
Loading books…