
সোনার খড়ম
অদ্রীশ বর্ধন
কে, মৃগাঙ্ক রায়?
মিহির কাঞ্জিলালের কণ্ঠস্বর মনে হচ্ছে।
অধমের নাম তাই বটে। রায়মশায়ের হাত কি খালি?
নতুন লেখার জন্যে? হবে না–হাতে ব্যথা।
যাচ্চলে। কথাটা শুনবেন তো।
শুনছি। শুনছি। শুনছি।
খেপে আছেন কেন? না, না, গল্প-টল্প চাই না। তবে গল্পের মশলা জুটিয়ে দিতে পারি।
এবার কিঞ্চিৎ আগ্রহ প্রকাশ করতে হল। গোয়েন্দা গল্প লেখা ইদানীং কষ্টকর হয়ে পড়েছে ভালো উপাদানের অভাবে। এখানকার খুনেরা পুলিশদের চেয়ে বেশি ধুরন্ধর তো বটেই, অস্ত্র সম্ভারেও পুলিশদের টেক্কা মেরেছে। এখন তাদেরই হাতিয়ারের প্রদর্শনী দেখতে এবং তা থেকে জ্ঞান অর্জন করতে দৌড়চ্ছে পুলিশের লোক।
সুতরাং পুলিশ মহল থেকে উত্তম মালমশলা পাওয়া দুষ্কর। বন্ধুবর ইন্দ্রনাথ রুদ্রও চ্যালেঞ্জিং কেস ছাড়া মাথা ঘামাতে চাইছে না। ও বলে, অবলা অবোধ নারীই এখন বধ্যভূমিতে অবতীর্ণ হয়ে মানুষ বধ করে চলেছে অবলীলাক্রমে, অতএব আমি আর নেই।
আরে, নেই বললে আমার কি আর চলে। দুটো পাতা লিখলে তবে দুটো পয়সা পাওয়া যায়। পয়সার অবশ্য আমার তেমন দরকার নেই কিন্তু কাজের দরকার তো আছে। কঁহাতক বসে বসে আর গিন্নির সঙ্গে কেঁদল করে দিন কাটানো যায়। বিশেষ করে যে গিন্নি গোয়েন্দা গল্পের নম্বর ওয়ান পোকা এবং আমার কলম দিয়ে আর গোয়েন্দা গল্প বেরুচ্ছে না বলে উদয়াস্ত টিটকিরি দিয়ে চলেছে।
মিহির কাঞ্জিলালের সুমিষ্ট বচন শুনে তাই অন্তরে পুলক অনুভব করলাম।
মিহির আমাদের পুরোনো দোস্ত। একটু-আধটু পলিটিক্স করে বটে, তবে তোক ভালো। সব পলিটিসিয়ান তো হৃদয়হীন নয়। নীতিবোধ, মূল্যবোধ আছে অনেকেরই। এই রকমই এক ব্যক্তির সান্নিধ্যে থেকে এবং ইন্ডিয়া জোড়া এহেন কু-রাজনীতির তুফানের মধ্যে থেকেও গা-বাঁচিয়ে চলছে মিহির; সেইসঙ্গে চুটিয়ে সম্পাদনা চালিয়ে যাচ্ছে একটা কাগজের। সাহিত্যও ভালোবাসে। তাই আমরাও ওকে ভালোবাসি এবং সুযোগ পেলেই মুখ নাড়া দিই।
সেই কাঞ্জিলাল ফোন করেছে গল্পের মশলা দেবে বলে।
অতএব নড়ে বসতে হল।
বললাম, বৎস কাঞ্জিলাল–
বৎস! বয়সে তো মোটে তিন বছরের ছোট—
এই ক্ষেত্রে আপনাকে গো–বৎস বলতে চাইছি। অর্থাৎ বাছুর। ঢুঁ মারা হয়েছে কোথায়?
টেলিফোনের আওয়াজ শুনে ধরতে পারছেন না?
টেলিফোনের আওয়াজে কি টেলিফোন-ভুসির ঠিকানা থাকে?
খুব স্পষ্ট শুনছেন বলে মনে হচ্ছে?
স্পষ্টই তো।
ফোন করছি কিন্তু অনেক দূর থেকে।
কতদূর থেকে?
ব্যাঙ্গালোর থেকে।
থমকে গেলাম। তারপর, কী হয়েছে সেখানে?
খুন।
পুলিশ নেই ব্যাঙ্গালোরে?
আছে। কিন্তু গোয়েন্দা নেই।
আমি গোয়েন্দা নই।
আপনার বন্ধু তো বটে।
ইন্দ্রনাথ? ছ্যাঁচড়ামি ও ছেড়ে দিয়েছে।
বাট দিস ইজ নট ছ্যাঁচড়ামি। একটা মানুষ খুন হয়েছে নিরপরাধ আর একটা মানুষকে নিয়ে পুলিশ টানাহ্যাঁচড়া করছে–
মাইশোরের পুলিশ ওইরকমই করে। চন্দন কাঠ ডাকাতদের নিয়ে কী কাণ্ডটা চলছে দেখছেন তো–
ব্যাপারটা চন্দনকাঠ ঘটিতও হতে পারে। মৃগাঙ্কবাবু, কেস ইজ ইন্টারেস্টিং। এর মধ্যে রয়েছে একটি মেয়ে। বেজায় ধনবতী। পৃথিবীর একশো জন বড়লোকের মধ্যে না হলেও দুশো জনের মধ্যে পড়ে। ইন্দ্রনাথ রুদ্রর সাহায্য চাইছে সে।
ইন্দ্রনাথকে চেনে মাইশোরের মেয়ে?
বাঙালি যে। আপনার গল্পের ফ্যান। খুনি সাব্যস্ত করা হয়েছে তার ভাবী বরকে।
মাই গড! তাহলে তো ইন্দ্রনাথকে খোশামোদ করতেই হয়।
করুন। কখন ফোন করব?
আধ ঘণ্টা পরে।
পরের দিন সকাল ছটা কুড়ির ইন্ডিয়ান এয়ারলাইন্স-এর বিমানে চেপে ব্যাঙ্গালোরের মাটি ছুঁলাম কাঁটায়-কাঁটায় আটটা পঁয়তাল্লিশে।
ভীষণ উদ্বিগ্ন মুখে অভ্যর্থনা জানাল মিহির কাঞ্জিলাল। যেহেতু ব্যাঙ্গালোর জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উঁচুতে এবং ধারে কাছে কোথাও সমুদ্র নেই–তাই বেশ নাতিশীতোষ্ণ আর ঘাম-টাম হয় না বললেই চলে। মওকা বুঝে সুট পরার রেওয়াজ ওখানে বেশি। দিশি সাহেব প্রায় প্রত্যেকেই।
মিহির কিন্তু দাঁড়িয়ে আছে চিরকালের খদ্দরের খয়েরি পাঞ্জাবি আর ধুতি পরে। চুল যেমন থাকে বরাবর–অর্থাৎ উস্কখুস্ক। বয়সের অনুপাতে পেকেছে বেশি। দাড়ি-গোঁফও কামায়নি–বুঝলাম, ঘুম ভেঙেছে এখুনি।
সদা উদ্বিগ্ন থাকা ওর একটা স্বভাব। দুনিয়ার টেনশন যেন মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কবিতাকে দেখেই কিন্তু এহেন টেনশনও মিলিয়ে গেল মুহূর্তে।
বললে সোল্লাসে এবং সহাস্যে, আরে পুঁটলি বউদিও যে।
আমার গিন্নি কবিতা যদিও পুঁটলির ধারকাছ দিয়েও যায় না। বম্বের মেয়ে হয়েও খাঁটি বাঙালি কিন্তু পুটলি নয়।
চোখ পাকিয়ে সে বললে, ফের।
আধ হাত জিভখানা সড়াৎ করে বেরিয়ে এল মিহিরের মুখবিবর থেকে, সরি বৌদি। কিন্তু দাদার কেঁচা ধরে সব সময়ে ঘোরেন তো–
উলটো। আপনার দাদাই আমার আঁচল ধরে ঘোরে।
পেছন থেকে গম্ভীর গলায় ইন্দ্রনাথ বললে, রহস্যালাপ পরে হবে। আগে যাওয়া যাক পারমিতার কাছে।
.
আমরা এখন বসে রয়েছি পারমিতা হাজরার বৈঠকখানায়। ঘরের বর্ণনা আর দেব না– তবে বাড়িটার বর্ণনা এক ঝলকে জানিয়ে দিই। বাকিংহাম প্যালেসে নাকি ৬৬২টা ঘর আছে। ব্যাঙ্গালোরের বাইরের দিকে ম্যাঙ্গালোর যাওয়ার পথে–জঙ্গল ঘেঁষা এই প্রকাণ্ড প্রাসাদেও মনে হল ঘরের সংখ্যা ওইরকমই হবে। কত পয়সা থাকলে এই আক্রাগণ্ডার যুগে এতবড় বাড়ি একটা মানুষ বানাতে পারে–তা ভাবতে গিয়ে মাথা ঘুরে গেছিল। এই মুহূর্তে এই পৃথিবীর সবচেয়ে ধনীব্যক্তি এখন ব্রুনেই-য়ের সুলতান। ৩,৭০০ কোটি মার্কিন ডলারের মালিক। পারমিতা হাজরার বাবা কত টাকার মালিক, তা এই দেশের ইনকাম ট্যাক্স অফিসাররাও আঁচ করতে পারে না–ঘাঁটাতে যায় না। যার টাকা আছে, তার ক্ষমতাও আছে–তাকে দূর থেকে পেন্নাম ঠোকাই ভালো। তবে স্ক্যাম এর চার-পাঁচ হাজার কোটি টাকা উনি নাকি ইচ্ছে করলেই মিটিয়ে দিতে পারেন–এমন একটা আভাসও দিয়েছিলেন বন্ধু মহলে।
এমন ব্যক্তির একমাত্র মেয়ে এই পারমিতা। অপ্সরা তো কোনওদিন দেখিনি, পারমিতাকে দেখে আশ মিটিয়ে নিচ্ছিলাম। এত টাকার মালিক বলে মনেই হয় না। কবিতার সঙ্গে জমে গেল চক্ষের নিমেষে।
ইন্দ্রনাথ এখন নস্যি আর পাইপ দুটোই চালাচ্ছে। এই মুহূর্তে ও পাইপ টানছে আর পারমিতার কথা শুনছে। ওর বাবা বিশ্ববন্ধু এখন ইন্ডিয়ায় নেই।
ভদ্রলোকের চন্দন কাঠ আর হাজারো ব্যাবসা নিয়ে মাথা ব্যথা ছিল না পারমিতার। শিক্ষা দীক্ষা সবই তো আমেরিকায়। হার্ভার্ড-এর পড়াশুনা শেষ করে ঢোকে মাইক্রোসফট কর্পোরেশনে, যেখানে কাজ করতে করতে কম্পিউটরের এমন একটা প্রোগ্রামিং আবিষ্কার করে, যা কম্পিউটরের যে কোনও ভাইরাসের যম। ফলে, পৃথিবীর কোটি-কোটি পারসোনাল কমপিউটার-ওয়ালারা ওর এই প্রোগ্রাম কিনছে। বেলজিয়ামের নতুন-নতুন তুখোড় ভাইরাসও কাছে ঘেঁষতে পারছে না।
ব্যাঙ্গালোরেই কিন্তু হেডকোয়ার্টার বানিয়েছে পারমিতা। ইন্ডিয়ার ইলেকট্রনিক সিটি তো এখন ব্যাঙ্গালোর। আগে যার নাম ছিল গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। পৃথিবীজোড়া কোম্পানির কয়েকশ ব্রাঞ্চে পাঠিয়ে দিচ্ছে নতুন প্রোগ্রামিং সফটওয়্যার রপ্তানি করে দেদার টাকা এনে দিচ্ছে ভারত সরকারকেও।
কাজেই ওর সময় অঢেল। বাপের আর নিজের টাকা আগামী পঞ্চাশ জন্মেও উড়িয়ে পুড়িয়ে শেষ করতে পারবে না বলে ফঁক পেলেই বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় জমে যায়।
ওর প্রিয়তম আচ্ছা হল বনে-বাদাড়ে। শিকার করা মোটামুটি নিষেধ। কিন্তু জঙ্গলে জন্তু থাকলেই বন্দুকধারীদের হাত নিশপিশ করবেই। কখনও হাঁস, কখনও হায়না–এইসব নিয়েই মেতে থাকে। ম্যাঙ্গালোরের দিকে যেতে মার্কারা-র গভীর জঙ্গলে একটা ক্লাব-হাউসও বানিয়ে রেখেছে। জায়গাটা জেনারেল কারিয়াপ্পার বাড়ির কাছেই। সব সময়েই সেখানে মেঘ আর কুয়াশা পাহাড় ঘিরে থাকে। এখানকারই একটা পাহাড়ে বসে ইন্ডিয়ার সেরা সূর্যাস্ত দেখা যায়। বিধান রায়ও দেখে গেছিলেন। সেরা সূর্যোদয় দেখার জায়গাটা টাইগার হিলে সবাই তা জানেন।
এই ক্লাব-হাউসে তিন দিন আগে চার বন্ধুকে নিয়ে সময় কাটাতে গেছিল পারমিতা। ব্যাঙ্গালোরের মালেশ্বরমে বাঙালিদের মস্ত ঘাঁটি আছে। চার বন্ধুই থাকে সেখানে। চারজনেই বাঙালি। চার জনেই জোয়ান পুরুষ।
হ্যাঁ, পুরুষ। নারী বন্ধু একদম পছন্দ করে না পারমিতা।
এই চারজনের একজনের নাম ওথেলো। ওথেলো বোনার্জি। বিলেতে থাকবার সময়ে ব্যানার্জিকে বোনার্জি বানিয়েছে।
ওথেলোকেই বিয়ে করবে পারমিতা এইটাই ঠিক হয়ে রয়েছে, মানে কানাঘুষো সেই রকমই যখন চলছে ঠিক সেই সময়ে ওথেলোকে পুলিশ ধরে নিয়ে গেল রামকুমারকে গুলি করে খুন করার অভিযোগে।
রামকুমার সান্যালও পারমিতার প্রণয় প্রার্থী। যে চারজনকে নিয়ে জঙ্গলের হাওয়া খেতে গেছিল পারমিতা সেই চারজনই ওকে ভালোবাসে। কিন্তু চারজনেই জানে পারমিতা মালা দেবে কার গলায় আর কে হবে পৃথিবীর অন্যতম ঈর্ষণীয় বড়লোক।
এহেন পরিস্থিতিতে জঙ্গলের মধ্যেই গুলিবিদ্ধ হল রামকুমার। ওথেলো ছিল চন্দন লেক এর উত্তর-পূর্ব কোণে। বিশ গজ ডাইনে রামকুমার। রামকুমারের বিশ গজ ডাইনের জায়গাটা খালি ছিল পারমিতার জন্যে। কিন্তু পারমিতা যায়নি–শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়ায় বলেছিল, একটু দেরি করে যাবে। এই ফাঁকা জায়গাটার আরও বিশ গজ ডাইনে ছিল তপনমোহন শিকদার, তারও বিশ গজ ডাইনে চন্দন লেকের একদম দক্ষিণ-পূর্ব কোণে বীরেশ্বর ভৌমিক।
অর্থাৎ চন্দন লেকের গোটা পুব পাড়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল চারজনে।
এই পাড়ের ঘাসবন প্রায় বারো ফুট উঁচু। কেউ কাউকে দেখতে পায় না। ছোট-খাট জন্তুরা ঘাসে গা লুকিয়ে আসে জল খেতে। তার মধ্যে বড় জন্তু থাকলেও রক্ষে নেই। কারও কিছু বলবার নেই। কেননা, এ তল্লাটের বনজঙ্গল পাহাড় সবই তো পারমিতার বাবার। প্রাইভেট এরিয়া।
সন্ধে সাতটার মধ্যেও পারমিতা যেতে পারেনি শরীরটা বড় ম্যাজম্যাজ করছিল বলে। কিন্তু ফায়ারিং আওয়াজ শুনেছে ক্লাবহাউসে বসেই। সাতটার মধ্যেই সবার ফেরার কথা। সাড়ে সাতটা নাগাদ ফিরে এল তপন, বীরেশ্বর, ওথেলো।
ফিরল না শুধু রামকুমার।
মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় একটু বেশি মাত্রায় সজাগ থাকে। তাই খচ করে উঠেছিল পারমিতার বুক।
তপন, বীরেশ্বর, ওথেলো–এই তিনজনেও অবাক হয়েছিল রামকুমারের না ফেরায়। ওরা ভেবেছিল, আগেভাগে পারমিতার কাছে রামকুমার ফিরে এসেছে নিরিবিলিতে পারমিতাকে কাছে পাওয়ার জন্যে।
ছটা পর্যন্ত রামকুমারের বন্দুকের আওয়াজ শুনেছে ওথেলো। ও ছিল বাঁ-দিকে। বিশ গজ দূর থেকেই দেখেছে বারো ফুট লম্বা ঘাসের মাথায় ধপাধপ পড়ছে মরা হাঁস–প্রায় তিরিশ চল্লিশ ফুট ওপরকার উড়ন্ত হাঁস যে ওর গুলি এড়িয়ে যেতে পারছে না–তা তো দেখা যাচ্ছিল।
ছটার পর থেকেই হাঁসেরা উড়ে গেছে রামকুমারের মাথার ওপর দিয়ে। বন্দুকের আওয়াজও তাই শোনা যায়নি। তাই সাতটা বাজতেই চন্দন লেকের উত্তর পাড় ধরে ক্লাবহাউসে ফিরে এসেছে। ওথেলো।
দক্ষিণ পাড় বেয়ে ফিরেছে তপন আর বীরেশ্বর।
এসে দেখল ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে পারমিতা। কাছে দাঁড়িয়ে সত্যনারায়ণ। আগে ছিল আর্মিতে। এখন এই ক্লাবহাউসের কেয়ারটেকার।
রামকুমারের খোঁজে বেরিয়ে গেছিল এই সত্যনারায়ণ।
ডেডবডি সে-ই দেখেছে। বারোফুট উঁচু ঘাসের মধ্যে একটু