
শূন্য কলসী
অদ্রীশ বর্ধন
এতটুকু একটা প্লেট। ফিকে গোলাপি প্লাস্টিক পেন্টের ওপর টুকটুকে লাল রঙে লেখা?
ক্যালকাটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি
রং নির্বাচন আর হরফের কায়দা থেকেই বোঝা যায়, এজেন্সির কর্ণধার যতই অভাবী হোক, তার রুচির অভাব নেই।
কবিতাও বলল, ঠাকুরপো নেমপ্লেটটি করেছে বেশ। কিন্তু এই ভাঙা মেসবাড়ি থেকে অফিস না ওঠালে, রেসপেকটেবল ক্লায়েন্টরা আসবে কেন?
কথাটা ঠিক। কবিতার যুগপৎ ভ্রূকুটি আর সনির্বন্ধ অনুরোধেই শেষ পর্যন্ত কলকাতার সর্বপ্রথম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি স্থাপিত হল ইন্দ্রনাথের প্রচেষ্টায়। কিন্তু এই কি অফিস করার উপযুক্ত জায়গা? রংচটা দরজা আর নোনাধরা দেওয়াল দেখেই উদ্যমের অর্ধেক অন্তর্হিত হয়। তারপর দাঁত বার করা সিঁড়ি পেরিয়ে ইন্দ্রনাথের ঘরে ঢুকে ভাঙা তক্তপোষ আর নড়বড়ে পায়া চেয়ার দেখেই তো বাকিটুকু আস্থাও কঞ্জুরের মতো উবে যায়।
তবে হ্যাঁ, এজেন্সির কর্ণধারকে দেখলে তার অতীত কীর্তিকলাপের কিছু কিছু শুনলে মনে ভরসা আসে বটে। সেদিনও দুজনে ঘরে ঢুকে দেখলাম, তক্তপোষের ওপর আড় হয়ে শুয়ে কঁচি ধ্বংস করছে ইন্দ্রনাথ। দুই চোখে তার শিল্পীর তন্ময়তা, দৃষ্টির অন্দরে অতলান্ত বিষাদ, আর ধারালো চিবুক ঠোঁট নাকে তীক্ষ্ণ বুদ্ধির বিচ্ছুরণ।
কবিতার চুড়ির রিনিঝিনি আওয়াজেই চমকে উঠছিল ইন্দ্রনাথ। আমাদের দেখেই দু-হাত সামনে প্রসারিত করে মঞ্চ নটের কায়দায় দরাজ গলায় বলে উঠল, রবীন্দ্রনাথ বলেছেন, বীরের বীর্য, কর্মীর কর্মোদ্যম, রূপকারের কলাকৃতিত্ব প্রভৃতি সভ্যতার সমস্ত বড় বড় চেষ্টার পিছনে নারীপ্রকৃতির গূঢ় প্রবর্তন আছে।
ভুরু কুঁচকে কবিতা বললে, তোমার অনেক রকম ঢং দেখেছি। কিন্তু এ-ঘরটার ভেতরে এমনকী intellectual beauty-র সন্ধান পেয়েছ যে–
দমভোর সুখটান দিয়ে গলগল করে নাক-মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ইন্দ্রনাথ বললে, বসো, বসো, রবীন্দ্রনাথ বলেছেন–
আরে গেল যা! কি কুক্ষণেই রবীন্দ্র-রচনাবলী তোমাকে দিয়েছিলাম। ওঠো, উঠে পড়ো।
কোথায়?
বাইরের অক্সিজেনে।
কিন্তু জয়ন্ত যে এখনি আসছে!
জয়ন্ত! এখন!
হ্যাঁ, খবর পাঠিয়েছে সে। একটা নতুন ঝামেলায় ডাক পড়েছে তার, তাই আমাকেও জ্বালাতে চায়। ওই তো এসে গেছে ও।
সিঁড়িতে ভারী জুতোর আওয়াজ শুনলাম। পরক্ষণেই মসমস শব্দে পুরো পুলিশী ইউনিফর্ম পরে ঘরে ঢুকল জয়ন্ত। ঢুকেই এক চিৎকার, আরে, কপোত-কপোতী যে–কী ব্যাপার? এখানে তো নন্দন নিকুঞ্জবন নেই শ্বেতশিলাসনও নেই–তবে কেন বৃথা কালক্ষেপ এই দারিদ্রের কুটিরে?
কবিতা বলল, আমার খুশি। কী জন্যে তুমি এসেছ, তাই আগে শুনি।
অরিণী সরখেল আত্মহত্যা করেছেন।
চট করে উঠে বসল ইন্দ্রনাথ।
ডক্টর তারিণী সরখেল?
হ্যাঁ।
আলনা থেকে পাঞ্জাবিটায় টান দিয়ে ইন্দ্রনাথ বললে, চল, বেরিয়ে পড়া যাক। বউদি ভাই, মৃগাঙ্ক, আজকের মতো বিদেয় হও তোমরা।
কপাল কুঁচকে কবিতা বললে, কেন, আমরাও তো তোমার সঙ্গে আসতে পারি?
চোখ কপালে তুলে জয়ন্ত বললে, কী সর্বনাশ, পুলিশী তদন্তে নারীর উপস্থিতি–
ইন্দ্রনাথ বোতাম আঁটতে আঁটতে বললে, রবীন্দ্রনাথ বলেছেন, স্ত্রীলোকের বুদ্ধি পুরুষের চেয়ে অপেক্ষাকৃত অল্প।
ঝঙ্কার দিয়ে উঠল কবিতা, থাক, থাক, আর রবীন্দ্রনাথ কপচাতে হবে না, আমরা যেতে চাই না তোমাদের সঙ্গে।
.
আকাশ-পথে নিউইয়র্ক শহরে অ্যাডভেঞ্চারে যাওয়ার সময়ে গগনচুম্বী হৰ্য্যনগরী দেখে টার্জেন মন্তব্য করেছিল–পাথরের জঙ্গল। আধুনিক কলকাতা শহর দেখলেও বোধ করি প্রকৃতিলালিত টার্জেন সেই একই ভুল করত। কিন্তু এই ইট কাঠ পাথরের জঙ্গলও এক জায়গায় থমকে দাঁড়িয়ে গিয়েছে, শুরু হয়েছে ঝিকমিকে ঝিল আর সবুজসুন্দর পত্রপুষ্পের চোখজুড়ানো শোভা। এই কলকাতারই শহরতলীতে যে এমন রমণীয় উপবন থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না।
জায়গাটার একটু ইতিহাস আছে। আসবার পথে জয়ন্তর মুখে তা শুনেছিলাম। ইন্দ্রনাথের টিটকিরির পর অভিমানিনী কবিতা আমাদের সঙ্গ ত্যাগ করেছিল, অগত্যা আমি একাই এসেছিলাম। তখনই শুনেছিলাম মায়াগড়ের ইতিবৃত্ত।
বড়ি গ্রামের সাবর্ণ চৌধুরীর বংশের মনোহর, রামাদ, রামভদ্র প্রভৃতির কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা কিনে নেওয়ারও আগে পত্তন হয় এই মায়াগড়ের। প্রাচীন গৌড়ের এক শক্তিশালী নরপতি বর্গীদের অত্যাচার থেকে রাজপ্রাসাদ সুরক্ষিত রাখার জন্যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃত্তাকারের পরিখা খনন করেছিলেন। পরিখার সঙ্গে ভাগীরথীর সংযোগ ছিল। মারাঠা দস্যুদের প্রবেশ রোধ করার জন্যে ইচ্ছেমতো পরিখার ওপর পা পাটাতন টেনে তুলে ফেলা হত। এখন অবশ্য মোটা মোটা মরচে ধরা লোহার শেকল ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। পরিখার পরেই মাটি আর ইটের তৈরি তোরণ। বট-অশ্বথের প্রপে তা পড়ো-পড়ো হয়েও সমুন্নত। এককালে যা বাগান ছিল, এখন তা অরণ্য। দূরে গাছপালার ফাঁকে ঝিলের ঝিকিমিকি। অন্তঃপুরবাসিনীরা অবগাহন করতেন এইখানেই। উঁচু-নীচু পথ বেয়ে বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর জিপ এসে থামল মূল প্রাসাদের সামনে।
এক নজরেই বোঝা যায় এ সৌধের সৃষ্টি ইংরেজ আগমনের অনেক পরে। সামনের দিকটা ইংরেজি কাসল-এর অনুকরণে তৈরি। সংস্কারের অভাবে কিছুটা জীর্ণ স্থানে স্থানে আগাছার দৌরাত্ম্যও চোখে পড়ে। এর ঠিক পেছনেই পরবর্তী যুগের তৈরি একটি বিশাল ইমারত। গাড়ি বারান্দার নীচেই পুলিশের ট্রাক আর একটি জিপ দাঁড়িয়েছিল। দুজন কনস্টেবলকেও দেখলাম সঙীন বাগিয়ে চোখ পাকিয়ে দাঁড়িয়ে থাকতে।
জয়ন্ত অন ডিউটি আর এক মানুষ। স্বল্প কথায় স্থানীয় ইন্সপেক্টরের কাছ থেকে মোটামুটি বিবরণ শুনে নিয়ে, সরাসরি সে এগিয়ে গেল মৃতদেহ যে ঘরে আছে–সেই ঘরে। নীরবে অনুসরণ করলাম আমরা।
একটা মাঝারি প্রকোষ্ঠ। একদিকে লেখবার টেবিল। অপর দিকে কারুকাজকরা সেকেলে কাঠের আলমারিতে সাজানো বিস্তর কেতাব। আর একদিকে দেওয়ালের গা ঘেঁষে সাজানো আরাম কেদারা আর কিউরিও।
টেবিলের ওপরেই মাথা রেখে স্থির হয়ে বসেছিল একটি নিষ্প্রাণ দেহ। কানের ওপর ন্যস্ত মাথার দু-দিকে ছড়িয়ে রয়েছে দুটি হাত। ডান হাতের শিথিল আঙুলগুলো টেবিলের বাছরে ঝুলছে। আর বাঁ-হাতের মুঠিতে ধরা একটি রিভলভার।
মৃতদেহ ছাড়া যে জিনিসটি সবার আগে দৃষ্টি আকর্ষণ করে, তা হল কালির স্রোত। দোয়াতের কালি। আধারটি উল্টেছে টেবিলের ঠিক মাঝখানে। বিভিন্ন শাখাপ্রশাখার স্রোতের আকারে তা বয়ে গেছে চারদিকে। একটি ধারা এসে পৌঁছেছে মৃতদেহের মাথার ঠিক নীচেই।
জয়ন্ত নীচু হয়ে মাথাটা কাত করলে। তারপর সিধে হয়ে তাকালে ইন্দ্রনাথের পানে।
ইন্দ্রনাথও দেখেছিল। ঠোঁটের ডগায় একটা কঁচি লাগাতে-লাগাতে বললে, এই জন্যেই আত্মহত্যার কেসে তলব পড়েছে তোর?
ঠিক তাই। এটা আত্মহত্যাই নয়, খুন।
কী করে? ফস করে বলে ফেলি আমি।
ওহহ, তুই বুঝি দেখিসনি?
কী দেখব?
কেন মাথার নীচে?
দেখেছি, কিছু নেই ওখানে।
কিছু না থাকাটাই তো সমস্যা। তুই কি বলতে চাস, আত্মহত্যা করার পর মৃত ব্যক্তি হাত বাড়িয়ে দোয়াতটি উল্টে দিয়েছিলেন?
অপ্রস্তুত হয়ে যাই আমি।
তাই কি সম্ভব নাকি?
তা না হলে কালির ধারা মাথার নীচেও থাকত, মাথা ঘিরে চলে যেতো না। আচ্ছা ইন্সপেক্টর শিকদার, চিঠিটা কোথায়?
যেখানে ছিল, সেইখানেই রেখেছি, স্যার। ওয়েস্ট পেপার বাস্কেটে। জবাব দিলেন লোক্যাল ইন্সপেক্টর শিকদার।
ঘরের মধ্যে ওয়েস্ট পেপার বাস্কেট ছিল শুধু একটিই, আর তা মৃত ব্যক্তির শূন্যে বেরিয়ে থাকা ডান হাতের শিথিল আঙুলের ঠিক নীচেই।
এক মুখ ধোয়া ছেড়ে ঝুঁকে পড়ল ইন্দ্রনাথ। দোমড়ানো-মোচড়ানো কাগজের স্তূপের ঠিক ওপর থেকেই তুলে আনল একটা কাগজ। গোটা গোটা অক্ষরে কাগজটির ওপরে লেখা শুধু কয়েকটি পংক্তি:
এই শেষ। আর আমি তোমাকে জ্বালাবো না। তারিণী সরখেল।
অর্থাৎ আত্মহত্যার স্বীকারোক্তি। এরপরেও তারিণী সরখেল আততায়ীর হাতে নিহত হয়েছেন বলতে গেলে একটু দ্বিধা হয় বইকি। জয়ন্তকে মৃদু স্বরে এই কথাই বললাম আমি।
জয়ন্ত ঠাট্টা করল না। গম্ভীর মুখে বললে, বেশ, আরো প্রমাণ তোমায় দেখাচ্ছি। ইন্সপেক্টর শিকদার, ডাক্তারের রিপোর্ট কি?
গড়গড় করে মুখস্থ বলে গেলেন ইন্সপেক্টর–
এক, গুলিটা হৃদপিণ্ড ছুঁড়ে বেরিয়ে গিয়েছে। দুই, খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তিন, গুলিটা একটু ওপরের অ্যাঙ্গেল থেকে করা হয়েছে। চার, গতকাল রাত্রে মারা গেছেন ডক্টর সরখেল।
জয়ন্ত বললে, এছাড়াও উনি তদন্ত করে জেনেছেন, ডক্টর সরখেল ল্যাটা ছিলেন না। অর্থাৎ ডান হাত মুক্ত থাকা সত্ত্বেও বাঁ-হাতে রিভলভার ধরার কোনও দরকারই ছিল না তার। কাজে কাজেই স্পষ্ট দেখা যাচ্ছে, ডক্টর সরখেল আত্মহত্যা করেননি এবং আততায়ী টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে ফায়ার করেছিল।
ইন্দ্রনাথ বলে উঠল, আরও আছে। আততায়ী ডক্টর সরখেলের পরিচিতও বটে। কেননা, ঘরের মধ্যে ধস্তাধস্তির কোনও চিহই নেই। টেবিলের কাগজপত্রও সুবিন্যস্ত। আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তেও ডক্টর কিছু বুঝতে পারেননি–পারলে নিশ্চয় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠতেন। তাছাড়া, ওঁর মুখ-চোখেও সেরকম কোনও ভাব দেখা যাচ্ছে না। তাছাড়া আরাম কেদারার ওপর একটা বিলিতি ম্যাগাজিনও পড়ে রয়েছে। অর্থাৎ আততায়ী নিশ্চয় আরাম কেদারায় বসেছিল, সামনের স্তূপীকৃত ম্যাগাজিনের একটি টেনে নিয়ে নাড়াচাড়া করেছিল, হয়তো ডক্টর সরখেলের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজবও হয়েছিল! কেননা, আরাম কেদারার সামনে রক্ষিত ছাইদানে সিগারেটের ছাইয়ের সঙ্গে চুরুটের ছাইও আছে। কিন্তু টেবিলের ওপর রাখা ছাইদানে যেখানে হামেশাই ডক্টর সরখেল বসতেন, সেখানে সিগারেটের ছাই ছাড়া আর কিছু নেই।
অবাক চোখে ইন্দ্রনাথের বক্তিমে শুনছিলেন লোক্যাল ইন্সপেক্টর শিকদার। মুখের ভাবখানা তুমি কোন্ তালেবড় হে! ইন্দ্রনাথ স্তব্ধ হতেই জয়ন্ত তাই হাসি গোপন করে ভারিক্কি চালে বলে উঠল, ইন্সপেক্টর, এঁর নাম নিশ্চয় আপনি শুনেছেন। আমার বিশেষ বন্ধু ইনি–সত্যসন্ধানী ইন্দ্রনাথ রুদ্র। আর ইনি মৃগাঙ্ক চৌধুরী–লেখক, কবি, এবং ইন্দ্রনাথের কাহিনীকার।
যথারীতি লাফিয়ে উঠলেন ইন্সপেক্টর। উচ্ছ্বাসে একটু স্তিমিত হয়ে আসার পর ইন্দ্রনাথ শুধোলে–আপনি ওয়েস্ট-পেপার বাস্কেটটা ভালো করে দেখেছেন?
আজ্ঞে না। আপনারা আসবেন বলে–
আচ্ছা, আমিই দেখছি, বলে উবু হয়ে বসে পড়ে ইন্দ্রনাথ। উপুড় করে দেয় বাস্কেটটা। ভেতর থেকে খুব বেশি কাগজপত্র অবশ্য পাওয়া গেল না। কতকগুলো পরিত্যক্ত ভেষজ সম্পর্কিত লিটারেচার, একটা পুরোনো প্রেসক্রিপশন রেফারেন্স-বুক, আর এটা খবরের কাগজের কাটিং।
ইংরাজি দৈনিকের পাতা থেকে সযত্নে কাঁচি দিয়ে কেটে নেওয়া অংশটা হাতে নিয়ে সিধে হয়ে দাঁড়াল ইন্দ্রনাথ। উল্টেপাল্টে দেখে নিয়ে ছিন্ন পত্রটা তুলে দিলে আমার হাতে।
ভাবলাম, শার্লক হোমসের মতো না জানি আবর্জনা স্তূপ থেকে অতি মূল্যবান সূত্রই আবিষ্কার করে ফেলেছে বন্ধুবর ইন্দ্রনাথ। কাগজটার একদিকে দেখলাম জুতোর পালিশের বিজ্ঞাপন। আর একদিকে শুধু দুটি লাইন:
T. S. FRIDAY NIGHT TEN
MOULIN ROUGE. K. L.
এক নজরেই বুঝলাম, অংশটি পার্সোনাল কলমে বিজ্ঞাপিত হয়েছিল।
নীরবে কাটিংটা তুলে দিলাম জয়ন্তর হাতে। একে একে সবার পর্যবেক্ষণ শেষ হলে পর জয়ন্ত তা নোটবইয়ের ফাঁকে রাখতে রাখতে বললে, ইন্দ্রনাথ,